বিশ্লেষণে বঙ্গবন্ধু – পর্ব ১৭

Comments

সপ্তদশ পর্ব

। আনিস আহমেদ ।

অনেকেই বলেন যে বঙ্গবন্ধু নিয়ে আমার এই বিশ্লেষণাত্মক নিবন্ধে প্রশংসার দিকটাই বেশি, সমালোচনার দিকটা কম। কথাটা ভুল নয় কিন্তু বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু, যিনি একটি জাতিকে, জাতিরাষ্ট্রে পরিণত করেন, তাঁরতো প্রশংসাই হবার কথা অপরিসীম। তবু এ কথাও সত্যি যে বঙ্গবন্ধুতো আর ফেরেশতা ছিলেন না আর ফেরেশতাদেরওতো ভুল হয়, তাই তাঁরও বেশ কিছু ভুল ত্রুটি ছিল। আজকের এই পর্বে আমি সেই দিকগুলো তুলে ধরবো তবে সেই সাথে সেই সব ভুলত্রুটির কারণগুলিও ব্যাখ্যা করা দরকার এবং কোন অবস্থার প্রেক্ষাপটে তিনি এই ভুলগুলি করেছিলেন তারও বিশ্লেষণ প্রয়োজন।

প্রথম যে ভুলটি তিনি করেছিলেন তা হলো বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ আর সেটি হয়েছিল তাঁর ইচ্ছে অনুযায়ী। মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর প্রত্যক্ষ অনুপস্থিতিতে মুজিবনগর সরকার তাঁকে রাষ্ট্রপতির মর্যাদা দিয়েছিল। বাংলাদেশে ফেরত আসার পরও সামান্য সময়ের জন্য তিনি রাষ্ট্রপতির পদ মর্যাদায় ছিলেন কিন্তু অব্যবহিত পরেই তিনি প্রধানমন্ত্রী হতে চাইলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তাঁর এই সিদ্ধান্তটি যে সঠিক ছিল না পরবর্তী অবস্থার পরিপ্রেক্ষিতে সেটাই মনে হয়েছে। যেমন ভাবে মহাত্মা গান্ধী রাজনৈতিক ক্ষমতায় যাননি কিংবা নেলসন ম্যান্ডেলা খুব অল্পদিন পরই ক্ষমতা ত্যাগ করেছিলেন এবং উভয়ই দলমত নির্বিশেষে সম্মানিত হয়েছেন, তেমন ভাবেই বঙ্গবন্ধু দল-মতের ঊর্ধে উঠে সমগ্র বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে উঠতে পারতেন কিন্তু এখন মনে হয় সে পথে তিনি যাননি। কিন্তু কেন? একী কেবল তাঁর ক্ষমতার লোভ ছিল, নাকি অন্য কিছু? আমি এটিকে তাঁর ক্ষমতার লোভ বলবো না বরঞ্চ বলবো গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ। সত্তুরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় যে একাত্তরের মুক্তিযুদ্ধকে অর্থবহ করে তুলেছিল তারই ধারাবাহিকতায় তিনি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর ভুলটা এখানেই যে অবিভক্ত পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না কারণ সেই নির্বাচনটি হয়েছিল অবিভক্ত পাকিস্তানের সংবিধানের আওতায়। সত্যবটে যে সত্তুরের নির্বাচনই, একাত্তরের মুক্তিযুদ্ধকে বৈধতা প্রদান করেছিল এবং সেই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ভুল তকমা পায়নি বরঞ্চ তা বিশ্বব্যাপী স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ হিসেবেই স্বীকৃতি পেয়েছে। তবে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন প্রেক্ষাপটতো সম্পূর্ণ ভিন্ন। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যদি মুক্তিযুদ্ধের সমর্থক সকল দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করতেন এবং এমনকী তিনি নিজেও যদি সেই সরকারের প্রধান হতেন তা হলে ইতিহাসটা ভিন্ন হতো। যদিও আমার মনে হয়, জাতীয় সরকারের প্রধানের দায়িত্ব না নিয়ে, তাঁর বরঞ্চ রাষ্ট্রপতি পদে বহাল থাকাটাই যথার্থ হতো।

দ্রুতই নিজেকে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করার পেছনে কিছুটা তাঁর মনস্তাত্বিক সমস্যা কাজ করেছে আর কিছুটা মুশতাকের প্ররোচনা। নয় মাসের মুক্তিযুদ্ধে তাঁর প্রত্যক্ষ অনুপস্থিতির কারণে তিনি যে কিছুটা প্রান্তিক অবস্থানে চলে গেছেন সেই রকম একটা মনোভাব তাঁর মধ্যে কাজ করেছিল। অথচ তিনি এটা উপলব্ধি করতে পারেননি যে তাঁর শারিরীক অনুপস্থিতি সত্ত্বেও মানসিকভাবে প্রতিটি বাঙালির মনে তিনি উপস্থিত ছিলেন এই ন’মাসও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর বজ্রকন্ঠ প্রতিটি বাঙালিকে উজ্জীবিত করেছে। তাঁর মনে একটি ভ্রান্ত ধারণা কাজ করেছিল যে মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব বোধ হয় তাজউদ্দীন আহমেদই নিয়ে গেলেন। একটা অসমর্থিত কথা প্রায়শই তাজউদ্দীন কন্যা বলে থাকেন যে বঙ্গবন্ধু কোন দিন তাজউদ্দীন আহমেদকে জিজ্ঞেস করেননি সেই নয় মাস যুদ্ধকালীন ঘটনার কথা। বঙ্গবন্ধুর এই মনোভাবের পেছনে কাজ করেছিল খন্দকার মুশতাক আহমেদ। খন্দকার মুশতাক যেহেতু নিজে বাংলাদেশের স্বাধীনতা চায়নি বরঞ্চ কোলকাতায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট দপ্তরে গিয়ে পাকিস্তানের সঙ্গে নিস্পত্তির কথা বলেছিল এবং নিবেদিত প্রাণ তাজউদ্দীন, মুশতাকের এই ষড়যন্ত্রের কথা টের পাওয়ায় সরকারি ভাবে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও মুশতাককে ভারতের বাইরে পাঠাননি সেহেতু ক্ষুব্ধ অথচ চতুর মুশতাক এই বলে বঙ্গবন্ধুর কান ভারি করার চেষ্টা চলিয়ে গিয়েছিল যে তাজউদ্দীন আহমেদ বঙ্গবন্ধুকে প্রান্তিক অবস্থানে রাখতে চাইছেন। অথচ বাস্তব সত্য হচ্ছে এই যে তাজউদ্দীন আহমেদ কেবল যে মুক্তিযুদ্ধের সময়ে আর তার পরবর্তীতেও বঙ্গবন্ধুকে সম্মান ও ভক্তির স্থানে রেখেছিলেন তাই-ই নয় বরঞ্চ বঙ্গবন্ধু হত্যার পরও তিনি ছিলেন সেই চার নেতার অন্যতম যাঁরা বঙ্গবন্ধু বিরোধী সরকারে যোগ না দিয়ে, প্রাণ বিসর্জন দিয়েছিলেন। অথচ স্বাধীন বাংলাদেশে ফিরে এসে, মুশতাকের কান-কথায় বঙ্গবন্ধু নিজেই প্রধানমন্ত্রী হতে চাইলেন, মূলত দেশের প্রধান নির্বাহী শাসক হবার ইচ্ছায়। এই ঘটনায়, এমনকী পরবর্তীতে নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে যদি জাতির জনকের মর্যাদায় অধিষ্ঠিত থাকতেন, তা হ’লে আজ আমরা ইতিহাসের এই অপ্রত্যাশিত টানাপাড়েনের সম্মুখীন হতাম না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার এমন সাহস কেউ দেখাতো না, বঙ্গবন্ধুকে অপমানিত করার দুঃসাহস কেউ দেখাতে পারতো না।

(পরবর্তী পর্ব ১২ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)

লেখক:
Anis Ahmed
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১ 
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট