বিশ্লেষণে বঙ্গবন্ধু – পর্ব ১৮

Comments

অষ্টাদশ পর্ব

। আনিস আহমেদ ।

একথা বলাই বাহুল্য যে কোন রকম ক্ষমতার লোভের কারণে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশের নির্বাহী প্রধান হিসেবে অনেকটাই স্বতঃপ্রবৃত্ত হয়েই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তা কিন্তু নয়। যদিও আমি এর আগের পর্বে লিখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তাঁর এমন একটি মনোভাব যে তিনি বোধ হয় বিচ্ছিন্ন হয়ে পড়বেন বাংলাদেশের নির্বাহী কার্যক্রম থেকে এবং এমন মনোভাব পোষণের পেছনে যে মনস্তত্ত্ব কাজ করেছিল বলে মনে করা হয় তা হলো মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন এবং কার্যনির্বাহী নেতৃত্বে চলে এসেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ; আর এ বিষয়ে তখন যেমন তেমনই পরেও সুকৌশলে ইন্ধন যুগিয়েছিল খন্দকার মুশতাক। তবে এই মনস্তাত্ত্বিক কারণটির চাইতেও বড় কারণ ছিল সত্তুরের নির্বাচিত দলের প্রধান হিসেবে তিনি জনগণের সেবার দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে দায়িত্বের পাশাপাশি দায়ও যে থাকে সেই কথাটি বঙ্গবন্ধু বুঝতে পারেননি। বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ছিল; বার বার বলেছেন বাংলাদেশের মানুষ তাঁকে ভালোবাসে। সেই ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি যে শত্রু-মিত্র নির্বিশেষে সকলকে একই ভাবে ভালবেসেছিলেন সেটাই তাঁর কাল হয়ে দাঁড়ালো। যেমনটি একাত্তরের শহীদ সাংবাদিক সেলিনা পারভিনের ভাই বিশিষ্ট লেখক ও চিকিত্সক শেলী সাহাবুদ্দিন তাঁর এক মন্তব্যে যথার্থই লিখেছেন যুদ্ধাপরাধীদের ও মৌলবাদীদের ছাড় দেয়া ছিল বঙ্গবন্ধুর মস্ত বড় ভুল।  

আজকের বাংলাদেশ প্রমাণ করে যে পাকিস্তানপন্থী ও মৌলবাদীদের অঙ্কুরেই বিনাশ করা উচিত ছিল। কেবল তাই-ই নয় বঙ্গবন্ধুর মানবিক অনুভূতি এতটাই সুকোমল ছিল যে, যে কারারুদ্ধ অপরাধীদের পরিবার যাতে কোন ভাবেই কোন রকম কষ্টের শিকার না হয়, সে জন্য তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তান আমলে কনভেনশন মুসলিম লীগের সদস্য এবং মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতিক ফজলুল কাদের চৌধুরীকে বাংলাদেশের স্বাধীনতার পর যখন জেলখানায় বন্দি করা হয়, তখনও বঙ্গবন্ধু ব্যক্তিগত ভাবে তার পরিবার পরিজনের খোঁজ খবর নেন । পরে অবশ্য ১৯৭৩ সালে কারাবন্দি অবস্থাতেই ফজলুল কাদের চৌধুরী মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু আমলে যুদ্ধাপরাধীদের কোন বিচার হয়নি কারণ ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ জন প্রকৃত যুদ্ধাপরাধীকে শুধু ছেড়েই দেননি, তাদের সহযোগী আলবদর, রাজাকার, আল-শামস বাহিনীর দালালদেরও জেল থেকে মুক্ত করে দেন। তাদের জন্য ঘোষণা করেন সাধারণ ক্ষমা। প্রধানমন্ত্রী শেখ মুজিব স্বাধীনতার দ্বিতীয় বার্ষিকীতে জেল থেকে মুক্তি দেন ৩০ হাজার দালালকে। তিনি ঘোষণা করেন—জনগণ যাতে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা ও ধ্বংসযজ্ঞ ভুলে গিয়ে নতুনভাবে শুরু করে, সেটাই তিনি চান। বঙ্গবন্ধু এও বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে কীভাবে ক্ষমা করতে হয়।’ এই ক্ষমা প্রদানে তাঁর যে মহানুভবতার প্রমাণ পাওয়া যায় তা যেমন অনস্বীকার্য , তেমনি এ সিদ্ধান্ত ছিল অপরিণামদর্শী।

 

বঙ্গবন্ধু গোড়াতে যে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন তারই সুযোগে আওয়ামী লীগের একটা অংশ বেরিয়ে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে জাসদ নামের দল গঠন করেছিল ১৯৭২ সালের অক্টোবরে। আর কেবল  জাসদ নামের রাজনৈতিক দল গঠনই নয় বরঞ্চ তার পাশাপাশি গণবাহিনীও গঠন করা হলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তথাকথিত বিপ্লব ঘটানোর আকাঙ্খা থেকে। বঙ্গবন্ধুর সামনে দ্বিবিধ চ্যালেঞ্জ দেখা গেল । একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে সৃদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো আবার অন্যদিকে উগ্রবাদি দলগুলোর মোকাবিলা করা। সর্বহারা পার্টির মতো অতিবাম বা চরমপন্থীরা বিভিন্ন অঞ্চলে শ্রেণীশত্রু খতমের নামে নৈরাজ্য সৃষ্টি করলো। বিভিন্ন জায়গায় হত্যা, সন্ত্রাস, বাড়ি-ঘর লুট, দেশের সম্পদ লুট চললো আর এই অরাজকতার সঙ্গে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী লোকজনও যোগ দিল যাদেরকে বঙ্গবন্ধু “চাটার দল” বলে ক্ষোভের সঙ্গে  উল্লেখ করেছিলেন তাঁর এক ভাষণে, যারা চেটেপুটে সব কিছু নিয়ে যায়। প্রসঙ্গত আওয়ামী লীগ নেতা নূহ আলম লেনিন এই চরমপন্থিদের সম্পর্কে আরও বলেন, “তখনকার জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আক্রমণ চালায়। তখন সরকার নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো উপক্রম হয়”।

এই সময়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের দূর্নাম করার লক্ষ্যে কিছু গুজব ছড়ানো হয়। একটি গুজব ছিল বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে ডাকাতির জন্য গিয়েছিলেন এবং তাই পুলিশ তাকে গুলিবিদ্ধ করে। ঘটনাটি তা নয়। প্রকৃত ঘটনা ছিল এ রকম যে শেখ কামাল ও তাঁর অনুসারি ছাত্রলীগের কয়েকজন কর্মী খবর পান যে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির সদস্যরা বাংলাদেশ ব্যাংকের পেছনের ডোবা দিয়ে এসে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল। এই খবরটি পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের কাছেও ছিল। শেখ কামাল তাঁর অনুসারিদের নিয়ে সিরাজ শিকদারের লোকদের প্রতিহত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে গেলে পুলিশ তাদেরকে সিরাজ শিকদারের লোকজন ভেবে গুলি চালায়। এই গুলিতে শেখ কামাল আহত হন। খবরটি মূহুর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ে আর সেই সঙ্গে এই গুজব যে বঙ্গবন্ধু পুত্র ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন। পুরো বিষয়টি বঙ্গবন্ধুর জন্য বিব্রতকর ছিল, নাহ ব্যাংক ডাকাতির ভূয়া অভিযোগের কারণে নয়, বঙ্গবন্ধু ক্ষুব্ধ হন এই  কারণে যে পুলিশ থাকতে কামাল কেন সেখানে গেলেন। রাগ করে বঙ্গবন্ধু তাঁর গুলিবিদ্ধ চিকিৎসারত পুত্রকে হাসপাতালেও দেখতে যাননি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে গুজবের ডালপালা ছড়াতে থাকে।

আসলে বঙ্গবন্ধু রাজনৈতিক কৌশলে যতখানি সিদ্ধহস্ত ছিলেন তার চেয়ে বেশি তাঁর মনে ছিল মানবিক মূল্যবোধ আর সেই কারণেই তিনি বিভিন্ন মেরু থেকে আসা শত্রুদের প্রতি ক্ষমাশীল ছিলেন, আর দূর্ভাগ্যবশত তারই মূল্য দিতে হয়েছিল এই মহাপুরুষকে যিনি বাঙালি জাতির জন্য এনেছিলেন এক স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্র।

(পরবর্তী পর্ব ১৯ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)

লেখক:
Anis Ahmed
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১ 
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট