বিংশতি পর্ব
। আনিস আহমেদ ।
বঙ্গবন্ধুর এই হিমালয়সম ব্যক্তিত্বকে খাটো করতে কিছু দল ও ব্যক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। বঙ্গবন্ধুর প্রশাসন যাতে ব্যর্থ ও বিফল হয় সে জন্য নানান রকমের বিভেদ ও বিভ্রান্তি শুরু হয়। বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে স্বাধীন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি মাথাচাড়া দিয়ে ওঠে, তারা গঠনমূলক বিরোধীতা নয়, বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে এক ধরণের নেতিবাচক অবস্থানে চলে আসে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্নির্মাণ ও পুনর্গঠনে বাংলাদেশের স্বাধীনতা-উত্তর সরকারের সঙ্গে আন্তরিক সহযোগিতা না করে, তারা বরঞ্চ বিরোধীতা শুরু করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে। বাংলাদেশের জাতীয় চারনীতির অন্যতমটি ছিল সমাজতন্ত্র কিন্তু বঙ্গবন্ধু সমাজতন্ত্রকে গণতন্ত্রের সঙ্গে এক ধরণের সহাবস্থানে রাখতে চাইতেন কারণ তিনি তাঁর রাজনৈতিক জীবনের একেবারে শুরু থেকেই গণতন্ত্রপন্থি ছিলেন এবং তিনি গণতন্ত্রকে কখনই ত্যাগ করতে চাননি। গণতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্রের এক ধরণের ভারসাম্য রক্ষা করে তিনি দেশ পরিচালনা করতে শুরু করেন। সমাজতান্ত্রিক প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবন্ধু বাংলাদেশের অধিকাংশ বড় বড় শিল্প কারখানাগুলির রাষ্ট্রায়াত্ত নিশ্চিত করেন, অপরদিকে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিও অব্যাহত রাখেন। এই দুই প্রক্রিয়ার মিশ্রণ জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদসহ নিজেদের অবিমিশ্র সমাজতান্ত্রিক ধারার দাবিদার বলে অভিহিত দলগুলি মেনে নেয়নি। আমরা এর আগের একটি পর্বে উল্লেখ করেছিলাম যে ১৯৭২ সালেই জাসদ গঠন করা হয়। সিরাজুল আলম খান, এম এ জলিল, আ স ম আব্দুর রব এবং শাহজাহান সিরাজের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বিভক্ত হয়ে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর সশস্ত্র শাখা গণবাহিনী, কর্নেল আবু তাহের এবং হাসানুল হক ইনুর নেতৃত্বে বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং একটি মার্ক্সবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু করে। ১৯৭৩ সালের শেষের দিকে, স্বাধীনতার পর বাংলাদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যার সংখ্যা ২০০০ জনের বেশি ছিল। নিহতদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। গণবাহিনী বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অসংখ্য সদস্যকেও হত্যা করেছিল। এদিকে শ্রেণী শত্রু অভিধায় অভিহিত করে পূর্ব বাংলা সর্বহারা পার্টির সিরাজ সিকদারের মতো মাওবাদীরা সরকার ও জনগণের উপর আক্রমণ শুরু করে।
মাওবাদী হওয়ার কারণে সিরাজ সিকদার, এক সময়ে নিজে মুক্তিযোদ্ধা হ্ওয়া সত্ত্বেও, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেননি। একাত্তরের পর সিরাজ সিকদার পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে “পূর্ব বাংলার বীর জনগণ, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মহান সংগ্রাম চালিয়ে যান” নামক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হাজির করেন। যেখানে আওয়ামী লীগকে জাতীয় বিশ্বাসঘাতক ও বেইমান হিসেবে চিহ্নিত করা হয়। ১৬ ডিসেম্বরকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। দূর্ভাগ্যজনক ভাবে সত্যি হলেও এ কথাটি উল্লেখ করতে হয় যে ইদানিং যে দু একজন ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মেনে নেন না সেই সব ধর্মান্ধ ভারত বিরোধী ব্যক্তির মতো সিরাজ সিকদারের মতো স্বঘোষিত বামপন্থি ব্যক্তিটিও তাই মনে করতেন। এখানে এ কথা উল্লেখ করা প্রয়োজন যে স্বাধীনতা-উত্তর সময়ে এই বামপন্থি ও মার্ক্সবাদী বলে যারা নিজেদের পরিচয় দিয়েছিলেন, তাঁদের ছত্রচ্ছায় স্বাধীনতা বিরোধী কিছু লোক নিজেদের শক্তি অর্জনের চেষ্টা চালায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই ধরনের সংকটপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সেই সময়ে, একদিকে ছিল উগ্র এবং কথিত মার্কসবাদীরা আর অন্যদিকে সংগোপনে শক্তি সঞ্চয় করছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলি। এই পরিস্থিতি আঁচ করে বঙ্গবন্ধু প্রথমেই রক্ষীবাহিনী গঠন করেন, যারা মূলত আধা-সামরিক বাহিনী হিসেবে সক্রিয় ছিল। পরে ১৯৭৪ সালে তিনি জরুরি অবস্থা জারি করেন। এই উভয় পদক্ষেপের জন্য তাঁর বিরোধীরা তাঁর সমালোচনা করেন। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে যে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছিল বাম ও ডানপন্থিরা, তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বঙ্গবন্ধু সরকারের হাতে তখন যে খুব একটা বিকল্প ছিল তা নয়।
গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা রাখার কারণে ১৯৭২ সালে বঙ্গবন্ধু যে জাতীয় সরকার গঠন করেননি কিংবা খন্দকার মুশতাকের ষড়যন্ত্র উপলব্ধি না করেই, তাজউদ্দীন আহমেদের কাছ থেকে তাৎক্ষণিক ভাবেই যে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সেটাকে আমি এখনও বঙ্গবন্ধুর ভুল বলেই মনে করি। কিন্তু তিনি এই ভুল করেছিলেন ক্ষমতার লোভে নয়, নিজের অজান্তেই এক সূক্ষ্ম ষড়যন্ত্রের শিকার হয়ে এবং একটি সংসদীয় গণতন্ত্রের প্রতি গভীর আস্থা রাখতেন বলেই। কিন্তু শেষ অবধি তিনি বাস্তবতার কারণেই সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করতে পারেননি। ১৯৭৪ সালেই বঙ্গবন্ধু দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন। এই জরুরি অবস্থার আওতায় ১৯৭৫ সালের ১লা জানুয়ারি সিরাজ সিকদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী ‘পূর্ব বাংলার সর্বহারা পার্টি’ নামে পরিচিত আত্মগোপনকারী চরমপন্থী দলের নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে পুলিশ গত ১লা জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার করে। সেই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেন এবং তার দলীয় কর্মীদের কিছু গোপন আস্তানা এবং গোলাবারুদ দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে যেতে সম্মত হন। তদানুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে একদল পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানে করে গোপন আস্তানার দিকে নিয়ে যাচ্ছিলো তখন তিনি সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়েন এবং পালিয়ে যেতে চেষ্টা করেন। পুলিশ তার পলায়ন রোধের জন্য গুলিবর্ষণ করে। ফলে সিরাজ সিকদারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।” তবে সরকারি এই ভাষ্যের বাইরে কেউ কেউ মনে করেন যে সিরাজ সিকাদারকে জেনে বুঝেই হত্যা করা হয়।
সিরাজ সিকদারের হত্যা রহস্য নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু এ কথাতো সত্যি যে সিরাজ সিকদার তার গোপন দলে একদল ডাকাতের সমাবেশ ঘটিয়েছিলেন। এদের দ্বারাই তিনি গুপ্তহত্যা, থানা, বন বিভাগ দপ্তর, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদির ওপর হামলা, ব্যাংক লুট, হাটবাজার, লঞ্চ, ট্রেন ডাকাতি, রেললাইন উপরে ফেলে গুরুতর ট্রেন দুর্ঘটনা সংঘটন এবং জনসাধারণের কাছ থেকে জবরদস্তি টাকা আদায়-এ ধরনের উচ্ছৃঙ্খল অপরাধের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলাকে বিঘ্নিত করেছিলেন। অতএব এটাওতো স্বাভাবিক যে তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ব্যাপারে বঙ্গবন্ধুর প্রতি যারা দোষারোপ করেন, তারা পরিস্থিতির নির্মোহ বিশ্লেষণ করতে ব্যর্থ হন। বঙ্গবন্ধু ছিলেন এক মানবিক গুণসম্পন্ন অসাধারণ নেতা। দূর্ভিক্ষসহ জনগণের যে কোন দুঃখ দূর্দশার সময়ে, তিনি কান্না জড়িত কন্ঠে বলেছেন:
“নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই,
আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই”।
(পরবর্তী পর্ব ২ জানুয়ারী, ২০২৬-এ প্রকাশিতব্য)
লেখক:
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১