একবিংশ পর্ব
। আনিস আহমেদ ।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, যিনি হাজার বছরের বাঙালি জাতিকে একটি জাতিরাষ্ট্রে পরিণত করেছিলেন, তিনি তাঁর মাত্র সাড়ে তিন বছরের শাসনকালে স্বস্তি পাননি আদৌ। স্বাধীন বাংলাদেশ নিয়ে তাঁর গর্ব ও আনন্দের পাশাপাশি, তিনি দেখলেন গোপনে লুকিয়ে থাকা স্বাধীনতার শত্রুরা এবং কথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আহ্বায়করা যেমন, তেমনি উগ্রবাদী কমিউনিস্টরা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। বঙ্গবন্ধুর প্রতিশ্রুত বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রচার ও প্রসারেও থেমে থাকেনি। দূর্নীতি, অপ্রত্যাশিত রাজনৈতিক চ্যালেঞ্জ, দূর্ভিক্ষ এবং অকল্পনীয় বিভাজন দেশটিকে এমন এক পর্যায়ে নিয়ে আসে যে গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল বঙ্গবন্ধু অবশেষে বাকশাল গঠন করেন, যা তাঁর নিজস্ব আদর্শভিত্তিক বহুদলীয় গণতন্ত্রের পরিপন্থি পদক্ষেপ। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীবলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক একক রাজনৈতিক দল গঠন করা হয়। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই বঙ্গবন্ধু বাকশাল বা ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ প্রতিষ্ঠা করেন। তাত্ত্বিকভাবে বাকশাল যদিও একটি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা বলে বঙ্গবন্ধু উল্লেখ করেছেন কিন্তু কার্যত তাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলিই কেবল অন্তর্ভুক্ত থাকায় একে একদলীয় শাসনব্যবস্থা বলেই গণ্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকরা। তবে মনে রাখতে হবে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বঙ্গবন্ধু বাকশাল গঠনে বাধ্য হয়েছিলেন।
১৯৭২ সালে বঙ্গবন্ধু দেশের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পরিস্থিতি তাঁকে একদলীয় শাসন ব্যবস্থার পথে নিয়ে যায় প্রধানত দেশের ঐক্য বজায় রাখার লক্ষ্যে। ১৯৭৪ সালে সারাদেশ যখন দুর্ভিক্ষ চলছে তখন কর্নেল তাহের একটি গোপন সশস্ত্র বিপ্লবী-গণবাহিনী গড়ে তোলেন। জাসদ প্রতিটি সেনানিবাসে গড়ে তোলে তাদের বিপ্লবী সৈনিক সংস্থা। ১৯৭৩ সালের জাসদের প্রথম জাতীয় অধিবেশনেই মার্কসবাদ, লেনিনবাদ ও মাওপন্থী চিন্তাধারাকে তাদের আদর্শ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে লক্ষ্যে স্থির করে শেখ মুজিব সরকারকে একটি ‘বুর্জোয়া শোষক শ্রেণি’ সরকার বলে আখ্যায়িত করা হয়। আর সেই সঙ্গে ধর্মীয় উগ্রবাদীরা পাকিস্তানি মনোভাবকে চাগিয়ে তোলার চেষ্টা চালায়। তাই বাকশাল গঠনের পেছনে তিনটি প্রধান কারণ কাজ করছিল, প্রথমত প্রতিকুল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের আর্থ-রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া, দ্বিতীয়ত রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে ঐক্য সৃষ্টি করা আর তৃতীয়ত মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখা। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ যে কেবল সিরাজ সিকদার করেছিলেন তাই-ই নয়, কেউ কেউ তখন ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন এবং পাকিস্তানিদের অনুরূপ মনোভাব পোষণ করেছিলেন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে দেশের আর্থ-রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখার অভিপ্রায়ে বঙ্গবন্ধু বাকশাল গঠনে বাধ্য হয়েছিলেন। বাকশালের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রণীত হলেও, জেলা গভর্নর পদ প্রণয়ন করে বঙ্গবন্ধু এক ধরনের বিকেন্দ্রীকরণও করতে চেয়েছিলেন। স্বাধীনতার ১০ মাসের মধ্যেই নতুন সংবিধান দেওয়া হয় এবং তার ৬ মাস পরে নতুন সংবিধানের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেড় বছরের মধ্যে পরিকল্পনা কমিশন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন সমাপ্ত করে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন অবস্থান নিতে সক্ষম হন এবং আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি পায়। এসব ক্ষেত্রে শেখ মুজিবের ব্যক্তিগত জনপ্রিয়তা, উদ্যোগ ও তাঁর অবস্থানই নিঃসন্দেহে প্রধান ভূমিকা পালন করেছে। এ সব অর্জন সত্ত্বেও বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয় তার প্রেক্ষাপটে তিনি বাকশাল গঠন করেন। এই বাকশালে জিয়াউর রহমানসহ সশস্ত্রবাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তারাও যোগ দেন। সংসদ সদস্যদের মধ্যে মাত্র দু’জন, জেনারেল এম এ জি ওসমানি এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বাকশালে যোগ দেননি।
যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন, হয়ত সাময়িক ভাবেই, সে কথা আমরা জানি। তবে আজ আবার মনে হয় ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু যদি একটি সর্বদলীয় শাসন ব্যবস্থা চালু করতেন, তা হ’লে বাংলাদেশের ইতিহাস হতো ভিন্ন রকমের। সেটা তিনি তখন করেননি কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রতি তাঁর বিশ্বাস ছিল প্রগাঢ়। তিনি এ ধরনের গণতন্ত্রের জন্য সংগাম করেছিলেন দীর্ঘদিন, জেল খেটেছেন প্রায় ১৩ বছর তাই স্বাধীনতার অব্যবহিত পরে তিনি বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সদ্য-স্বাধীন দেশে। কিন্তু সেই সময়ে তিনি যদি সবাইকে নিয়ে সর্বদলীয় সরকার গঠন করতেন কিংবা তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে সরকার গঠন করাতেন তা হলে হয়ত তিনি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ঘৃণ্য চক্রান্তের সম্মুখীন হতেন না। তাঁর সদিচ্ছার মূল্য দিতে পারেনি তাঁর নিজের দল ও দেশের লোক। অথচ তিনি ছিলেন এক বিশাল মাপের নেতা, যাঁকে অস্বীকার করলে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করা হয়।
(পরবর্তী পর্ব ৯ জানুয়ারী, ২০২৬-এ প্রকাশিতব্য)
লেখক:
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১