বিশ্লেষণে বঙ্গবন্ধু – পর্ব ২২

Comments

শেষ পর্ব

। আনিস আহমেদ ।

বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পাকিস্তানের কারাগারে ফাঁসির মঞ্চ থেকে বেঁচে ফিরে এসেছিলেন, যিনি তদানীন্তন পাকিস্তানে বাঙালির অধিকার নিয়ে সংগ্রাম করেছিলেন, যিনি বাঙালির দাবিকে স্বায়ত্ত্বশাসন লাভ থেকে ক্রমান্বয়ে স্বাধীনতা অর্জনে রূপান্তরিত করেছিলেন এবং সাড়ে সাত কোটি বাঙালির মুক্তি ও উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন, সেই হিমালয় মাপের ব্যক্তিকে তাঁর নিজের দেশের কোন মানুষের হাতে সপরিবারে প্রাণ বিসর্জন দিতে হবে সে বিষয়টি কেবল তাঁর কাছে কল্পনাতীত ছিল তাই-ই নয়, মুষ্টিমেয় ঘাতক ছাড়া কোন বাঙালি ভাবতেই পারেনি এই নির্মম সত্যটি। হয়ত অনেক বিশ্লেষকই বঙ্গবন্ধু হত্যার নানান কারণ উপস্থাপন করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, তারাই এই হত্যাকান্ডের প্রধান কুশীলব যদিও এই হত্যকান্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কয়েকজন কথিত মুক্তিযোদ্ধাও ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সমর্থকের মোড়কে ঢাকা ছিল তাদের স্বাধীনতা বিরোধী অপ-তত্ত্ব। বিষয়টি আরও পরিস্কার হয়ে ওঠে যখন বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সুকৌশলে কোণঠাসা করা হয়। বাংলাদেশ বেতার হয়ে যায় রেডিও বাংলাদেশ, জয় বাংলা হয়ে যায় বাংলাদেশ জিন্দাবাদ। বঙ্গবন্ধু অবশ্য তাঁর জীবনকালে কখনই এ কথা বিশ্বাস করেননি যে তাঁকে কখনই তাঁর নিজের দেশের কোন লোক হত্যা করবে। আবেগে আপ্লুত বঙ্গবন্ধু কখনই ভাবতে পারেননি কিংবা বলা যায় ভাবতে চাননি যে তিনি সেই দেশের মানুষের হাতে প্রাণ হারাবেন যে দেশের স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছেন, জেল খেটেছেন অন্তত ১৩ বছর। বঙ্গবন্ধু সকল দলকে একই ছায়াতলে এনে দেশকে একতাবদ্ধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করার যাত্রা শুরুর অল্পদিনের মধ্যেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে ওঠে।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রধান কুশীলবদের কথা সকলেই জানেন। কর্নেল (সেই সময়ে মেজর) সৈয়দ ফারুক রহমান, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ কে এম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, এস এইচ এম বি নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসার ছিল তারা বিদেশি গোয়েন্দা ও মোশতাক চক্রের কাছ থেকে ইঙ্গিত পেয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মেজর জেনারেল জিয়াউর রহমানের মধ্যেও, বঙ্গবন্ধুর বিরুদ্ধে এক ধরনের অসন্তুষ্টি কাজ করছিল যেহেতু বঙ্গবন্ধু রাজনৈতিক বিবেচনায় জিয়াউর রহমানের পরিবর্তে মেজর জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধানের দায়িত্ব দেন। তবে জিয়া ছিলেন অত্যন্ত ধূর্ত এক মানুষ, বঙ্গবন্ধুর সামনে তিনি তাঁর প্রতি অশ্রদ্ধ হননি কখনই বরঞ্চ বঙ্গবন্ধুর বাবা শেখ লুতফুর রহমানের মৃত্যুর দিন, তিনি ৩২ নম্বরের বাড়িতে উপস্থিত থেকে সমস্ত কর্মকান্ড তদারকি করেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জেনারেল জিয়ার পরোক্ষ সম্পৃক্ততার কথা অনেকেই বলেছে, ঘাতকদের কেউ কেউও বলেছে। তবে সব চাইতে বড় কথা হলো বঙ্গবন্ধুর ঘাতকদের কয়েকজনকে জিয়াউর রহমান কূটনৈতিক দায়িত্ব দিয়ে বিদেশে পাঠান এবং তাদের বিচার যাতে না করা হয় সে জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। তবে এই যড়যন্ত্রের সুত্রপাত আরও আগে।

তারই অংশ হিসেবে প্রথমে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু নিজেই এই ষড়যন্ত্রের স্বরূপটি বুঝতে পারেননি। খন্দকার মুশতাক আহমেদ, যে কিনা বহু বছর আগে থেকে বঙ্গবন্ধুকে এবং পরবর্তীতে তাজউদ্দীন আহমেদকে পছন্দ করতো না, সেই মুশতাক বঙ্গবন্ধুর কথিত হিতাঙ্খী হিসেবে তাজউদ্দীন আহমেদকে কোণঠাসা করার ক্ষেত্রে সুক্ষ ভাবে মূখ্য ভূমিকা পালন করে। বঙ্গবন্ধুর নিজেও তাজউদ্দীন আহমেদকে এক পর্যায়ে কিছুটা অবমূল্যায়ন করেন। সাধারণ মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কেউ কেউ এমনটিও প্রচার করেন যে যেহেতু তাজউদ্দীন আহমেদ নয় মাস ভারতে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন, তিনি ভারতপন্থি লোক। তাজউদ্দীন আহমেদকে সমাজতন্ত্রী বলে আখ্যায়িত করেন কেউ কেউ। বিশ্বব্যাংকের তৎকালীন প্রধান রবার্ট ম্যাকনামারা সঙ্গে তদানীন্তন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদের বৈঠক সফল হয়নি। কাজেই বঙ্গবন্ধুর সরকারের উপর তাজউদ্দীন আহমেদকে সরিয়ে দেয়ার বিষয়ে একটা পশ্চিমা চাপও ছিল। আবার খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর কান ভারি করার চেষ্টা চালিয়েছিল গোড়া থেকেই যে তাজউদ্দীন সাহেব এক সময়ে বঙ্গবন্ধুর প্রতিদ্বন্দ্বি হয়ে উঠবেন। এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন দূর্ভাগ্যবশত শেখ ফজলুল হক মণিও। মণি মনে করতেন তিনি এক সময়ে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হিসেবে পরবর্তী নেতৃত্ব গ্রহণ করবেন। ভাগ্যের এমনই নির্মম পরিহাস যে মুশতাক সমর্থকরা এক ঢিলে দুই পাখি মারলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময়ে শেখ ফজলুল হক মণিকেও তাঁর অন্তঃসত্বা স্ত্রীসহ হত্যা করে ঘাতকরা। মণি নিজেও তাজউদ্দীন আহমেদ সম্পর্কে এক ধরনের হীনমন্যতা বোধে ভুগতেন। আমি মনে করি তাজউদ্দীন আহমেদকে প্রান্তিক অবস্থানে নিয়ে গিয়ে বঙ্গবন্ধু ভুল করেছিলেন কারণ তাজউদ্দীন আহমেদসহ চার নেতা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেন যে তাঁরা বঙ্গবন্ধু প্রতি অবিচল শ্রদ্ধা পোষণ করে গেছেন আমৃত্যু।

নিজের জনগণের উপর বঙ্গবন্ধুর আস্থা ছিল এতটাই যে বিদেশি গোয়েন্দা ও কূটনীতিকরা তাঁকে, তাঁর জীবনের ঝুঁকি ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে যখন সতর্ক করে দিয়েছিলেন, তখন বঙ্গবন্ধু সে সব কথার কোন পাত্তাই দেননি, বঙ্গবন্ধু যেন এ ব্যাপারে সব যুক্তিকেই অগ্রাহ্য করে গেছেন। ১৯৭৫ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান দায়িত্বে ছিলেন রমেশ্বর নাথ কাও । তিনি ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এই ষড়যন্ত্রের কথা অবহিত করেন এবং তাঁর অনুমোদনক্রমে ঢাকায় এসে বঙ্গবন্ধুকে এ কথা জানান। তিনি লিখেছেন, “শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার শেষ বৈঠকের এক পর্যায়ে তাঁকে বঙ্গভবনের বাগানে একান্তে কিছু সময় দেওয়ার অনুরোধ করি। সেখানেই তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রসঙ্গে আমাদের জানা তথ্য সম্পর্কে তাঁকে জানাই। তিনি হাত নেড়ে বলেন, ‘তারা আমার নিজের সন্তানের মতো, তারা আমার ক্ষতি করবে না।’ ১৯৭৫ সালের মার্চে আর এন কাও ‘র’-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আবারও বঙ্গবন্ধুর কাছে পাঠিয়েছিলেন। কাও লিখেছেন, “তিনি শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ও অশ্বারোহী ইউনিট তাঁর প্রাণনাশের চক্রান্ত করছে, এ কথা তাঁকে জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত শেখ মুজিব সব সতর্কতা অগ্রাহ্য করেছিলেন। “তৎকালীন গণভবনের উপসচিব ও যুগ্ম সচিব মনোয়ারুল ইসলাম পঁচাত্তরের প্রথম দিকে কমনওয়েলথ মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কানাডার রাজধানী অটোয়ায় গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোও তাকে সতর্কবার্তা দেন। মনোয়ারুল ইসলাম বিষয়টি মুজিবকে জানালে তিনি (মুজিব) বলেন, “শেখ মুজিব জীবনের ভয়ে সৈন্য আর পুলিশের পাহারায় জনগণ থেকে দূরে থাকবে, সেখানে কেউ আসার সাহস পাবে না, এমন জীবন তো আমি চাই না।”

নিজের জনগণের প্রতি এই অগাধ বিশ্বাসই তাঁর জীবনের জন্য কাল হয়ে উঠলো। বিদেশে অবস্থানরত তাঁর দুই কন্যা প্রাণে রক্ষা পেয়েছেন কিন্তু তাঁর পরিবারের বাকি সকল সদস্যসহ বঙ্গবন্ধু তাঁর প্রাণ বিসর্জন দিলেন এ দেশের মানুষের হাতে। তবু বঙ্গবন্ধু অমর থেকে গেলেন বাঙালির কাছে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশেরই প্রতিষ্ঠাতা পুরুষ হিসেবে। দূর্ভাগ্যবশত আজ যাঁরা বঙ্গবন্ধুর অবমূল্যায়ন করে, বঙ্গবন্ধুর জাদুঘর ভেঙ্গে ফেলে তারা কেবল বঙ্গবন্ধুর সঙ্গে নয়, গোটা বাংলাদেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে। তারা কি জানে না মহাত্মা গান্ধী , জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন এখনও বেঁচে আছেন তাদের নিজ দেশের রাষ্ট্রীয় আয়োজনের সকল পর্যায়ে। আর বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। যে কোন দেশে যে কোন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে কিন্তু জাতির প্রতিষ্ঠাতা পুরুষকে, জাতির জনককে কোন ক্রমেই অসম্মান করা যায় না। বঙ্গবন্ধু বেঁচে আছেন কেবল ইতিহাসের পাতায় নয়, বাংলাদেশের মানুষের হৃদয়ে।
বঙ্গবন্ধুই বলবেন চিরকাল:

উদ্বেগে, উৎকণ্ঠায়
নই আমি একটুকুও নিরাশ
বার বার ফিরে আসবো আমি
হবো একাত্তরের নিঃশ্বাস।

সমাপ্ত

লেখক:
Anis Ahmed
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১ 
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট