বিশ্লেষণে বঙ্গবন্ধু – পর্ব ৫

Comments

পঞ্চম পর্ব

। আনিস আহমেদ ।

যেমনটি গত পর্বেই বলেছিলাম যে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে তদানীন্তন পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পাকিস্তানের সামরিক সরকার জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে টাল-বাহানা শুরু করে। পাকিস্তানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল, পাকিস্তান পিপলস পার্টি, যারা আওয়ামী লীগের চাইতে অর্ধেকেরও কম আসনে জয়লাভ করে, তারাও তখন আগ্রহী হয়ে ওঠে ক্ষমতা দখলের জন্য যদিও অবিভক্ত পাকিস্তানে তখন সরকার গঠনের একমাত্র বৈধ অধিকার ছিল আওয়ামী লীগের। ভুট্টো সামরিক শাসক ইয়াহিয়ার সঙ্গে লারকানায় বৈঠক করে এ ব্যাপারে অযৌক্তিক ও অবৈধ দেন দরবার শুরু করেন। অস্বাভাবিক রকমের বিলম্ব করে প্রথমে জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয় ৩রা মার্চ ঢাকায় যদিও প্রথমে আওয়ামী লীগ জানিয়েছিল এই অধিবেশন ১৫ ফেব্রুয়ারি ডাকা হোক। তবে বঙ্গবন্ধুকে জানানো হয় যে ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির ইচ্ছা অনুযায়ী অধিবেশন ডাকা হচ্ছে ৩রা মার্চ। আওয়ামী লীগের তরফ থেকে এই অধিবেশনে যোগদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়; এমনকী পশ্চিম পাকিস্তান থেকেও কিছু সদস্য এই অধিবেশনে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছান। হঠাৎ ১লা মার্চ দুপুর ১টার দিকে রেডিও পাকিস্তানের এক ঘোষণায় জানানো হয় যে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই ঘোষণা জেনারেল ইয়াহিয়ার কণ্ঠে নয়, বরঞ্চ রেডিওর এক ঘোষকের কণ্ঠে প্রচার করা হয়। ড. কামাল হোসেন তাঁর বই Bangladesh Quest for Freedom and Justice ‘এ জানান যে পূর্ব পাকিস্তানের গভর্নর এসএম আহসানের মাধ্যমে জানানো হয় যে অধিবেশন স্থগিত করা হলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে পারে।

তা সত্ত্বেও ১ লা মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার এই ঘোষণায় সমগ্র বাংলাদেশ জ্বলে ওঠে। বিশেষত ঢাকা শহরে লোকজন তাঁদের কর্মস্থল ত্যাগ করে রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান ও ইন্টারন্যাশনাল ইলেভেনের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচ জনসাধারণের উষ্মার মুখে বন্ধ করে দেওয়া হয়। রেডিওর এই ঘোষণার পর পরই, বিকেল ৩টায় বঙ্গবন্ধু আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদদের নিয়ে ঢাকার পূর্বাণী হোটেলে এক বৈঠক করেন। বৈঠকের পর জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, “কেবলমাত্র একটি সংখ্যালঘিষ্ঠ দলের আপত্তির কারণে সংবিধান প্রণয়নের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলো এবং জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আমরা বলবো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, আমরা এটিকে চ্যালেঞ্জ না করে পারি না। একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে কি না এরকম একটি প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বিচক্ষণতার সঙ্গে বলেন, ‘অপেক্ষা করুন’। ওই বৈঠকের পর বঙ্গবন্ধু ৬ দিনের একটি কর্মসূচী ঘোষণা করেন যার মধ্যে ছিল ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ গোটা দেশে সাধারণ ধর্মঘট পালন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের শুভবুদ্ধির উদয় না হলে, দেখবেন এক নতুন ইতিহাস তৈরি হবে। বঙ্গবন্ধুর এই কথাটি অত্যন্ত ইঙ্গিতবহ এবং আমরা দেখলাম যে প্রকৃতপক্ষে এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। এদিকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের নেতারা এবং বিভিন্ন পেশাজীবীগোষ্ঠী পৃথক পৃথকভাবে জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন স্থগিত করার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরে সন্ধ্যাবেলায়, মুজিব এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আতাউর রহমান খান, মোজাফফর আহমেদ, মাওলানা শাহ নুরানি প্রমুখ নেতাদের সঙ্গে আলোচনা করেন। বঙ্গবন্ধুর সঙ্গে এক বৈঠকে যোগ দিতে মওলানা ভাসানীকে আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগের এক প্রতিনিধিদল টাঙ্গাইলের সন্তোষে যান। অতঃপর ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দেন যার পরিপূর্ণ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে আমার একটি লেখায়।

পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন ইয়াহিয়া খান একতরফাভাবে অনির্দিষ্টকালের জন্যে মূলতবি করে দেওয়ার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, বাঙালি জাতীয়তাবোধের উন্মেষের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল তাঁর নিজের জন্যেই এক বড় চ্যালেঞ্জ। পরবর্তী কর্মসূচি যে কঠিন এবং তা থেকে যে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই সে কথা তাঁর জানা ছিলো। অতএব জনগণের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা যেমন তাঁর লক্ষ্য ছিল, তেমনি লক্ষ্য ছিল সেই কর্মসূচির চূড়ান্ত উদ্দেশ্যও তুলে ধরা। এই দ্বিবিধ লক্ষ্যকে সামনে রেখেই তাঁর সাতই মার্চের ভাষণ। বিশেষত এই ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন, কী করছেন না সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক অত্যন্ত গুরুভারও তাঁর প্রশস্ত কাঁধে পড়েছিলো। বাঙালির ইতিহাসের সবচেয়ে সন্ধিক্ষণে দেওয়া এই ভাষণ একদিকে যেমন ইতিহাসেরই ফল, অন্যদিকে তেমনি ইতিহাস নির্মাণেরই উপাদান, সেটা আমাদের মনে রাখা দরকার। এই ভাষণে তিনি ১৯৪৭- উত্তর পূর্ব বাংলার মানুষের বঞ্চনার ধারাবাহিক ইতিহাস তুলে ধরেছেন, একাত্তরের পরিস্থিতির কথা বলেছেন এবং একই সঙ্গে সামনের দিনগুলিতে বাংলাদেশের মানুষকে কি করতে হবে সে কথাও জানিয়েছেন। সাতই মার্চের এই অসাধারাণ ভাষণটি ছিল interactive, অর্থাৎ তিনি গুরুত্বপূর্ণ বাক্যগুলো উচ্চারণ করে যে বিরতি দিয়েছেন তাতেই তিনি তাঁর অগণিত শ্রোতা দর্শকদের কাছ থেকে সদর্থক সাড়া পেয়েছিলেন।

বঙ্গবন্ধুর সেই চূড়ান্ত ঘোষণা,  ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম’। মুক্তি ও স্বাধীনতা শব্দ দুটিকে নিয়ে বঙ্গবন্ধু আবার বিচক্ষণতার সঙ্গে এক ধরনের রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছেন। দুটি শব্দ পরস্পরের কাছাকাছি হলেও, বাঙালির মননে এ দুটি শব্দের কেবল মাত্রাগত নয়, প্রকৃতিগত পার্থক্য ও রয়েছে। মুক্তি শব্দটি সে সময়ে emancipation বলে অনূদিত হচ্ছিল বাংলাদেশের পত্র-পত্রিকায় কারণ freedom শব্দটি ব্যবহার করলে আইনগত প্রশ্ন উঠতে পারতো এবং পাকিস্তান সরকার সহজেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনতে পারতো। বাংলায় তেমনি মুক্তি শব্দের প্রায়োগিক মূল্যমান স্বাধীনতা শব্দের মূল্যমানের চেয়ে সামান্য লঘু। একটি অভিন্ন রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকেও মানুষ মুক্তি চাইতে পারে। এই মুক্তির একটি রূপরেখা বঙ্গবন্ধু তাঁর ভাষণের প্রথম দিকেই উল্লেখ করেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তির কথা। আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে তখনকার বিশ্বে যে সমাজতান্ত্রিক প্রভাব ছিল, তার প্রেক্ষাপটে মুক্তি শব্দের প্রয়োগ ছিল, স্বাধীনতা শব্দের প্রয়োগের চেয়ে কিছুটা লঘু। বঙ্গবন্ধু তাই তাঁর ভাষণের বহু জায়গায় এই মুক্তি শব্দটি ব্যবহার করেছেন নানাবিধ অর্থে, মূলত বাঙালির গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কিন্তু স্বাধীনতা শব্দটি ব্যবহার করেছেন কেবল একবার। তিনি জানতেন যে ঐ সব অর্থে মুক্তি শব্দটি প্রয়োগ করা হলে পাকিস্তানি শাসকদের আপত্তি থাকলেও, অন্তত বাঙালিদের দেশদ্রোহী হবার অপরাধের জন্য তারা কোন বৈধ যুক্তি খুঁজে পাবে না। কিন্তু শেষের লাইন, ঐ আবার কবি জন ডান এর মতোই বঙ্গবন্ধু একটি metaphysical conceit এর আশ্রয় নিলেন। তিনি মুক্তি ও স্বাধীনতার মধ্যে একটি সমীকরণ সাধন করে, স্বাধীনতাকামী বাঙালিদের প্রতীকীভাবে বুঝিয়ে দিলেন যে তিনি আসলে পুরো ভাষণেই স্বাধীনতার কথাই বলেছেন অথচ তাঁর প্রতিপক্ষের কাছে এর সহজ ব্যাখ্যা হতে পারতো যে যখন তিনি স্বাধীনতা বলছেন, তখন তিনি কেবল মুক্তির কথাই বলছেন, সেখানে রাষ্ট্রিক সার্বভৌমত্বের ওপর কোন আঘাত হানা হচ্ছে না। বঙ্গবন্ধু অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তাঁর শ্রোতা দর্শকরা বুঝে ফেললেন যে তিনি মুক্তির অন্তরালে স্বাধীনতার কথাই বললেন। প্রসঙ্গত বলি, ওই বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার মধ্যে এই অধমেরও সৌভাগ্য হয়েছিল সেই ঐতিহাসিক ভাষণ শোনার।

(পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)

লেখক:
Anis Ahmed
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১ 
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট