ষষ্ঠ পর্ব
। আনিস আহমেদ ।
সাতই মার্চের যে ঐতিহাসিক ভাষণের কথা গত পর্বে উল্লেখ করেছি, সেই ভাষণটিই ছিল কৌশলগতভাবে স্বাধীনতা ঘোষণা। দ্ব্যর্থবোধক মুক্তি শব্দকে যখন তিনি স্বাধীনতা শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করেন এবং মুক্তিকে স্বাধীনতার সমার্থক করে তোলেন তখন সেটাই ছিল কৌশলগতভাবে স্বাধীনতা ঘোষণা। সাতই মার্চের ভাষণের আগে তাঁর উপর মূলত ছাত্রদের তরফ থেকে প্রচন্ড চাপ ছিল যে তিনি রমনা রেসকোর্সের ওই ভাষণে স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু খোলাখুলি ভাবে তা করেননি। কারণ তখন সেটা করলে ওইখানেই হাজার হাজার লোক প্রাণ হারাতো, আমিও আজে এখানে থাকতাম না। বঙ্গবন্ধুও যে বিচ্ছিন্নতবাদী এক ব্যক্তি পাকিস্তানের এই অপপ্রচারও তখন সত্য বলে প্রমাণিত হতো। কাজেই বঙ্গবন্ধু যে সেদিন সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি সেটি তাঁর রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক। বঙ্গবন্ধু যখন তাঁর ভাষণে বলেন, “ভায়েরা আমার, আপনারা সবই জানেন ও বোঝেন।“ তখন তিনি পাকিস্তানের সেই তেইশ বছরের ইতিহাস তুলে ধরেন যে ইতিহাস কেবলই বাঙালির বঞ্চনার ইতিহাস, যার মধ্যে ১৯টি বছর বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে কারাবন্দি ছিলেন। সাতই মার্চের ভাষণে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অসহযোগ আন্দোলনের ডাক। সেখানেও তিনি প্রায়োগিক বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। কোন কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং জরুরি কোন প্রতিষ্ঠানগুলিকে খোলা রাখতে হবে সে বিষয়ে ওই ভাষণে তিনি পরিষ্কার ভাবে দিক-নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এই ভাষণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল পরোক্ষভাবে যুদ্ধের প্রস্তুতির বিষয়টি। পরিস্কার ভাষায় তিনি বলেন, “আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর (কাছে) আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে ….. ।” পাকিস্তানিদের উদ্দেশে তিনি বলেন, “সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না…. এ দেশের মুক্তি না হলে খাজনা-ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো… মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা’আল্লাহ”। বঙ্গবন্ধুর ভাষণের এ সব অংশ বিশ্লেষণ করলেই বোঝা যায় যে বঙ্গবন্ধু অবিভ্ক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য নয় বরঞ্চ বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামই করেছেন। আজ যারা দলীয় রাজনীতির কারণে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে সারাক্ষণ সংশয় প্রকাশ করেন তাঁরা কি তাঁর স্বাধীনতাপুর্ব নিরলস সংগ্রামের সময় ও স্বাধীনতা ও মুক্তির পক্ষে তাঁর নির্ভীক উচ্চারণগুলিকে বিশ্লেষণ করে দেখেছেন কোন দিন। বঙ্গবন্ধুর এই ভাষণটি ঢাকা রেডিও থেকে সরাসরি প্রচার করতে দেওয়া হয়নি। রেডিওর বাঙালি কর্মকর্তাদের প্রতিবাদের মুখে, পরের দিন রেডিও পাকিস্তান ঢাকা থেকে প্রচারিত হয়। সমস্ত ঘটনায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বুঝলো তাদের সামনে বিপদ রয়েছে। জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চে ডাকা জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার পর, বাংলাদেশে প্রচন্ড প্রতিবাদের মুখে তিনি আবার ২৫শে মার্চ অধিবেশন ডাকেন কিন্তু শেখ মুজিবুর রহমান সেই অধিবেশনে যোগ দিতে সম্মত হননি। এতেও প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু অন্য লক্ষ্যের দিকে এগোচ্ছিলেন। সুতরাং যারা বলেন যে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তারা পুরো আন্দোলনের গুরুত্বটা অনুধাবন করেন না।
বঙ্গবন্ধু যখন ২৫শে মার্চ ইয়াহিয়ার ডাকা জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেন তখন ইয়াহিয়া ও ভুট্টো উভয়েরই টনক নড়ে। একাত্তরের ১৫ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় এলেন। তার সফরসূচি নিয়ে ছিলো কঠোর গোপনীয়তা।কোলকাতার বেতারে ইয়াহিয়া খানের করাচি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার খবর প্রচার হলেও রেডিও পাকিস্তান এ বিষয়ে ছিলো নীরব। বিমানবন্দরে প্রেসিডেন্টের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাতেরও কোন ব্যবস্থা ছিলো না।কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনি উপেক্ষা করেই প্রেসিডেন্ট হাউসের সামনে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল করে। ১৬ই মার্চ প্রেসিডেন্ট ভবনে বৈঠকে বসলেন ইয়াহিয়া-মুজিব। রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে দুই শীর্ষ নেতা ছাড়া আর কেউ নেই। বৈঠক চললো প্রায় আড়াই ঘণ্টা।বৈঠকের বিষয়বস্তু তখনো অজানা।দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠক শেষে শেখ মুজিবকে বেশ গম্ভীর দেখাচ্ছিলো বলে রিপোর্ট করে ইত্তেফাক।আলোচনা ফলপ্রসূ হয়েছে কি-না, সে বিষয়ে শেখ মুজিব সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি।তবে তিনি জানান, আলোচনার মধ্যেই আন্দোলন অব্যাহত থাকবে। এখানে লক্ষ্য করার বিষয় যে একদিকে বঙ্গবন্ধু যখন বাঙালিদের অন্তত মানসিক ভাবে প্রস্তুত করছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার কোন বিকল্প নেই, অন্যদিকে ঠিক তেমনি পাকিস্তানের সামরিক সরকারও বাঙালিদের উপর আঘাত হানার জন্য তৈরি হচ্ছিল। ইতোমধ্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানও ঢাকায় এসে পৌছান। কিন্তু দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক কোন আলোচনাই সফল হয়নি। অবশ্য এই আলোচনায় সমাধান অসম্ভব ছিলো বলেই মনে করেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।তিনি বলেন, “কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোন দলিল কিন্তু আমরা কখনো পাইনি। পাকিস্তানিরা মূলত: আলোচনার একটা ভান করেছিলো। শাসনতন্ত্র নিয়েও কথা বলেছিলো। তবে বঙ্গবন্ধু শুরু থেকেই ৬-দফার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে চেয়েছিলেন।” কাজেই এই ৬-দফা প্রস্তাবের কোন দফা বাদ না দেওয়ার ব্যাপারে বঙ্গবন্ধু যে অটল ছিলেন তাতে আবারও এই আলোচনার সময়েও বঙ্গবন্ধুর গতি প্রকৃতি বোঝা যাচ্ছিল। ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেনের মতে, বঙ্গবন্ধু আলোচনায় সংবিধান কেমন হবে সে বিষয়ে ছয় দফার উপরই গুরুত্ব আরোপ করেছিলেন। ২৩ মার্চ তারিখেই এ বিষয়ে একটি খসড়া হস্তান্তর করা হয় ইয়াহিয়ার উপদেষ্টাদের কাছে। চব্বিশ তারিখে চূড়ান্ত বিবৃতি কী হবে সেটা আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেনকে টেলিফোন করে জানানোর কথা ছিলো পাকিস্তানি পক্ষের। সে রকম কোন বার্তা আসেনি পাকিস্তানি পক্ষের কাছ থেকে। এ দিকে আলোচনা যখন চলছিল তখন পশ্চিম পাকিস্তান থেকে শিপিং করপোরেশনের জাহাজে করে পূর্ব পাকিস্তানে অস্ত্র ও সৈন্য আনার খবর প্রকাশ হয় এবং রংপুর, সৈয়দপুর ও জয়দেবপুরে অসহযোগ আন্দোলনে থাকা সাধারণ মানুষের ওপর সেনাসদস্যদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আলোচনার আড়ালে পাকিস্তানিরা মূলত: রণসাজে সজ্জিত হয়েছে।
প্রশ্ন উঠতেই পারে যে তা হ’লে শেখ মুজিব এই কালক্ষেপণের আলোচনায় অংশ নিলেন কেন। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী বলেন, “এখানে শেখ মুজিবেরও কৌশল ছিলো। তিনি আলোচনা অংশ নিয়েছিলেন। কিন্তু আলোচনা ভেস্তে যাওয়া, যেটা ইয়াহিয়া খানের পূর্ব পরিকল্পনা ছিল, সেটাতে শেখ মুজিবের কোন দায় আসেনি।” আফসান চৌধুরী বলেন, “ফলে যখন মিলিটারির হামলা শুরু হলো, তখন খুব সহজেই বিশ্ব সম্প্রদায়ের সমর্থন তিনি পেয়েছেন। যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিলো।” একই মত ড. সৈয়দ আনোয়ার হোসেনেরও। তিনি বলেন, “শেখ মুজিবের লক্ষ্য ছিলো বিশ্ববাসীর কাছে এই বার্তাটি পৌঁছে দেয়া যে, তিনি বিচ্ছিন্নতাবাদী নন। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ্য দলের নেতা। এবং তিনি আলোচনার মাধ্যেই সমস্যার সমাধান চান।” অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “কিন্তু বঙ্গবন্ধু জানতেন, পাকিস্তানি শাসকরা তার একটি শর্তও মানবে না। সেজন্য আগে থেকেই ৭ই মার্চের ভাষণেই তিনি বাঙ্গালিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।” অতএব আলোচনায় অংশগ্রহণ করে বঙ্গবন্ধু যেমন প্রমাণ করেছেন যে তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা নন তেমনি তাঁর কোন শর্তের ব্যাপারে আপোষ না করে, তিনি প্রমাণ করলেন যে বাংলাদেশের স্বাধীনতাই তাঁর একমাত্র লক্ষ্য।
(পরবর্তী পর্ব ২৬সেপ্টেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)
লেখক:

আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১