সপ্তম পর্ব
। আনিস আহমেদ ।
মার্চের এই অসহযোগ আন্দোলন চলার সময়ে ২৩শে মার্চ ছিল পাকিস্তান দিবস। সাধারণত প্রতিবছর এই দিনে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হতো কিন্তু ১৯৭১ সালের ২৩শে মার্চ পূর্ব পাকিস্তানের কোথাও পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়নি, উড়েছে সগৌরবে সর্বত্র বাংলাদেশের পতাকা, লাল সবুজ এই পতাকার মধ্যে তখন ছিল সোনালী রঙ্গের মানচিত্র, আমার সোনার বাংলার পরিচায়ক। অতএব তদানীন্তন পূর্ব পাকিস্তান যে দ্রতগতিতে বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে সেটা পরিস্কার বোঝা গেল এবং বঙ্গবন্ধু যে এই রূপান্তরের, এই রূপরেখার রূপকার তাতে কোন সন্দেহের অবকাশ ছিল না।
সেই সময়ে যাঁরা তাঁকে প্রত্যক্ষ ভাবে সহায়তা করেছেন, বিশেষত নীতি নির্ধারণে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ড.কামাল হোসেন, ড. রেহমান সোবহান, ড.নুরুল ইসলাম, ড.মোশাররফ হোসেন প্রমুখ। আলোচনা যখন বোধগম্য কারণেই ব্যর্থ হলো, এবং পাকিস্তানের সামরিক শাসক ইতোধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করলো, তখন পাকিস্তানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানের সামরিক শাসকরা বাঙালির উপর নৃশংস নিপীড়ন ও হত্যাযজ্ঞ আরম্ভ করে। পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে আলোচনার খসড়া আসার কথা ছিল ড. কামাল হোসেনের কাছে সেটা না আসায় ২৫শে মার্চ দিনের বেলা থেকেই পরিস্কার হয়ে ওঠে যে পাকিস্তানিরা বাঙালিদের উপর এবার সশস্ত্র অভিযানে নামবে। ২৫শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বাড়িতে শীর্ষস্থানীয় বাঙালি নেতাদের ধানমন্ডিতে তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এই নেতাদের মধ্যে ছিলেন তাজউদ্দীন আহমেদ, তদানীন্তন কর্ণেল এমএজি ওসমানি প্রমুখ। তাদেরকে পাকিস্তানের সামরিক বাহিনীর অভ্যন্তর থেকে পাওয়া সংবাদ জানানো হয় যে ওই রাতেই পাক সেনারা বাঙালিদের উপর হামলা চালাবে। বঙ্গবন্ধু তখন সকলকেই সরে যেতে বললেন। কেউ কেউ বলেছেন যে তিনি বলেন যদি প্রয়োজন হয়, তা হলে তারা সীমান্ত পার হতে পারেন। তখন তাজউদ্দীন আহমেদসহ অনেকেই শেখ মুজিবকেও পালিয়ে কিংবা লুকিয়ে যেতে বলেন। বঙ্গবন্ধু সে কথায় রাজি হন নাই। অনেকে এই বিষয়টি নিয়ে সমালোচনা করে এবং বলার চেষ্টা করেন যে শেখ মুজিব প্রকৃত অর্থে স্বাধীনতা চাননি। এই ধরণের কথা কষ্ট কল্পিত, তিনি যদি স্বাধীনতা নাই-ই চাইতেন তা হলে মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্বশাসন নিয়ে সংগ্রামে লিপ্ত হলেন কেন? কেন তাঁর কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে ছয় দফা প্রস্তাবের পূর্ণাঙ্গ ও নিঃশর্ত বাস্তবায়ন সবচেয়ে বেশি গুরুত্ব পেল?
বঙ্গবন্ধু সম্ভবত কয়েকটি কারণে অন্যান্য নেতার সঙ্গে দেশত্যাগে কিংবা পালিয়ে যেতে সম্মত হননি। বঙ্গবন্ধুর কাছে প্রধানত তাঁর জনগণের নিরাপত্তাটা প্রধান হয়ে দাঁড়ায়। তিনি নিজেই তখন বলেছিলেন, “আমি যদি এখন লুকিয়ে যাই, তারা আমাকে খুঁজে পেতে ঢাকা শহরকেই পুড়িয়ে ছাই করে দিবে”। জনগণের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসার কারণেই তিনি চেনা শত্রুর মুখোমুখি হয়েছিলেন এবং পরবর্তীতে তাঁর ফাঁসির কাষ্ঠে ঝোলার আশংকাও ছিল। বিখ্যাত সাংবাদিক সাইমন ড্রিং ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তাঁর একটি লেখা “Tanks Crush Revolts in Pakistan” এ নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাঁর এ রকম দৃঢ়তার প্রশংসা করেন। এই দৃঢ়তা ও দুঃসাহসের প্রশংসা করেছেন ইতিহাস গবেষক আফসান চৌধুরীও। আফসান চৌধুরী অবশ্য এর সঙ্গে আরও কয়েকটি যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন শেখ মুজিব যদি ভারতে পালিয়ে যেতেন তা হলে পাকিস্তান সরকারের সেই আগেকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে পাকিস্তানের অভিযোগের সত্যতা প্রমাণিত হতো। এটিও তাঁর এক ধরণের কৌশল ছিল কারণ এমনটি হলে হয়ত মুক্তিযুদ্ধের সমর্থক তাঁর ভক্তরা বিমুখ হতেন এ কথা ভেবে যে তা হলে পাকিস্তানিরাই ঠিক বলেছে। তাছাড়া তাঁর সহযোগীরা পাকিস্তান ও তার দোসরদের আক্রমণের মুখে পালাচ্ছেন কিন্তু নেতা হিসেবে তিনি যদি পালিয়ে যেতেন তবে তা বিদ্রোহ হিসেবে গণ্য করতো , কেবল পাকিস্তান নয়, বিশ্বের অনেক দেশ। আফসান চৌধুরী আরেকটি কথা বলেছেন যে ভারতের প্রতি বঙ্গবন্ধু সম্পূর্ণ আস্থা স্থাপন করতে পারছিলেন না; ভারত কী সত্যি সত্যিই বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধে লিপ্ত হবে, এ নিয়ে তাঁর মনে সংশয় ছিল। সংশয়টা যে অমূলক তা কিন্তু নয়, ভারত সরকার দীর্ঘ সময় নিয়েছে এ সিদ্ধান্তে পৌঁছাতে। তাঁর সহযোগীদের ভারতে পালিয়ে যাওয়া আর তাঁর পালিয়ে যাওয়ার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। আরেকটি বিশ্লেষণে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু ভেবেছিলেন হয়ত পরিস্থিতি এমন এক স্তরে পৌঁছুতে পারে যখন পাকিস্তান সরকার তার সঙ্গে আপস আলোচনায় বসতে চাইতে পারে। ঘটনা ও ব্যাখ্যা যাই হোক না কেন বঙ্গবন্ধুর পালিয়ে না যাওয়া তাঁর লড়াইয়ের কৌশল ও তাঁর সৎ সাহসের প্রমাণ দেয়।
তবে পাকিস্তানিদের হাতে আটক হবার আগেই তিনি টেলিগ্রামের মাধ্যমে চট্টগ্রামে তাঁর স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। ২৫শে মার্চ দিবাগত রাত আনুমানিক ১২:২০ মিনিটে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নানকে ঢাকায় ইপিআর আর পুলিশ ব্যারাকে পাকিস্তান বাহিনীর আক্রমণের কথা উল্লেখ করে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বার্তা পাঠান। মুজিব তাঁর বার্তায় লেখেন, “এটি হয়ত আমার শেষ বার্তা হতে পারে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানেই থাকুন, আপনাদের হাতে যাই থাকুক না কেন, আপনারা দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। দখলদার পাকিস্তান বাহিনীর শেষ সৈন্যটি বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না হওয়া অবধি এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া অবধি আপনারা লড়াই চালিয়ে যান”। ২৬শে মার্চ চট্টগ্রাম বেতার থেকে এম এ হান্নান দু’বার এই বার্তাটি পড়ে শোনান। পরে তদানীন্তন মেজর জিয়াউর রহমান ২৭শে মার্চ এই ঘোষণাটি ইংরেজিতে পড়ে শোনান। তিনি ইংরেজিতে এই ঘোষণাটি এ ভাবে পাঠ করেছিলেন, “I, Major Ziaur Rahman, on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby declare that the independent People’s Republic of Bangladesh has been established. I call upon all Bengalis to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our motherland. By the grace of Allah, victory is ours”.
অনেকে এটিকে জিয়াউর রহমান প্রদত্ত ঘোষণা বলে ব্যাখ্যা করেন। কিন্তু প্রকৃতপক্ষে হান্নান সাহেবের কাছে যে ঘোষণাটি বঙ্গবন্ধু পাঠিয়েছিলেন, সেটি পরিমার্জিত করা হয় এবং সেই পাঠটি পরিবেশন করেন জিয়াউর রহমান। তবে এটা স্বীকার করা উচিত যে জিয়াউর রহমানের এই ঘোষণার আবেদন ছিল অনেক বেশি। পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করেন, তখন তা বাঙালির মনে সাহস জোগায়। জিয়াউর রহমানের এই ঘোষণাপাঠ শোনার সৌভাগ্য আমারও হয়েছিল।
এ কে খন্দকার, যিনি মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, তিনি বলেন যে শেখ মুজিব বেতারে এই ঘোষণা দেননি কারণ তিনি জানতেন যে তিনি গ্রেপ্তার হলে পাকিস্তানের সেনাবাহিনী এটিকে তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে হাজির করবে। তাজউদ্দীন আহমেদের কণ্যাও তাঁর বইয়ে এ কথাই বলেন।
বঙ্গবন্ধুর ৩২ নম্বর রোডের বাড়ির এক প্রতিবেশি জানান যে রাত ১:১০ মিনিটে পাক সেনারা এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে সেনানিবাসের দিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর, তাঁর বাড়ির জিনিষপত্র ভাঙচুর করে, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যায় এবং স্বাধীন বাংলার পতাকা গুলি করে নামিয়ে আনে। শুরু হয়ে গেল হত্যাযজ্ঞ।
(পরবর্তী পর্ব ০৩ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিতব্য)
লেখক:

আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১