অষ্টম পর্ব
। আনিস আহমেদ ।
পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হলেন বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের তাতেই সব শেষ হয়ে যায়নি, বরঞ্চ তখন থেকেই শুরু হলো প্রকৃত ও প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ। ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের আগেই শুরু হয়ে যায় সশস্ত্র সংগ্রাম কারণ বঙ্গবন্ধু কখনও প্রতীকি কখনওবা প্রত্যক্ষভাবে সেই সংগ্রমের কথা বলে গেছেন তাতে গোটা জাতি অনুপ্রাণিত হয়েছে।
৭ই মার্চের ভাষণে যখন তিনি বলেন , “আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে”। ভাষণের শেষের দিকে তিনি দ্ব্যর্থহীন কন্ঠে বলেন , “..কিন্তু যদি এ দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে–শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্।”
কাজেই কেউ কেউ যখন বলেন যে মুজিব মুক্তিযুদ্ধের সময়ে ছিলেন না কাজেই তাঁর কোন অবদান নেই তাঁরা ভুলে যান যে বাঙালির অধিকারের সপক্ষে বঙ্গবন্ধু বার বার যে সব কথা বলে গেছেন এবং জনগণকে যে ধরণের সুস্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন তার চেয়ে বড় কি হতে পারে! প্রত্যক্ষ যুদ্ধে তাঁর শারিরীক অনুপস্থিতিতে বাঙালি এক মূহুর্তের জন্যেও মনে করেনি যে তিনি নেই। তদানীন্তন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠই ছিল আমাদের স্বাধীনতা অর্জনের প্রধান প্রেরণা।
এই লড়াই যে থামানো যাবে না সে কথা জানতেন সকলেই । তদানীন্তন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ িএ ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হন এবং তিনি সরকার গঠনের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন । ১০ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় যার ভিত্তি ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতারই ঘোষণা। তারপর অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকেই, তাঁর অনুপস্থিতিতেই, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপ-রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের মন্ত্রীসভায় সদস্য হন সৈয়দ মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক মুক্তিযুদ্ধকে বানচাল করার ষড়যন্ত্রে্র সঙ্গে জড়িত ছিল এবং পরবর্তীতে সে কথা উপলব্ধি করেই বিচক্ষণ নেতা তাজউদ্দীন আহমেদ, মুশতাককে কোণঠাসা করেছিলেন, নইলে মুক্তিযুদ্ধ সফল হতো না। ১১ই এপ্রিল তদনীন্তন কর্ণেল এমএ জি ওসমানিকে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রধান হিসেবে নিযুক্তি দেওয়া হয়। ওই একই দিন তাজউদ্দীন আহমেদ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দেন। এরপর ১৭ এপ্রিল ১৯৭১ পূর্ব ঘোষণা মোতাবেক কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল ৯ টা থেকেই সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়। দেশি বিদেশি প্রায় ৫০ জন সাংবাদিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেলা ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। সেই সময়ে বাংলাদেশ সরকারি ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে। সন্দেহ নেই যে এ ব্যাপারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দারুণ এক বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন বঙ্গবন্ধুকে তাঁর অনুপস্থিতিতে রাষ্ট্রপতি পদে ঘোষণা দিয়ে। এ কেবল বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দীন আহমেদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনই নয় এতে আরও একটি দিক প্রমাণিত হয় যে মুক্তিযুদ্ধের ব্যাপারেও বিশ্বব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর একটি প্রতীকি সমীকরণ সাধন করে।
আজ যারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন ভূমিকা ছিল না বলে প্রলাপ বকেন তারা কি বুঝতে পারেন না পুরো যুদ্ধটাই হয়েছে বঙ্গবন্ধুর নামে। মেহেরপুর জেলার এক সময়কার বৈদ্যনাথতলার নাম যে মুজিবনগর রাখা হয় সেতো কেবল আনুষ্ঠানিক কারণে নয়, তার প্রধান কারণ ছিল আবারও বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সঙ্গে অন্তত প্রতীকি অর্থেও সম্পৃক্ত করা। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর’। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী, যদিও সরকার পরিচালিত হতো কোলকাতা থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু।
পাকিস্তানের ২৩ বছর সময়কালে বঙ্গবন্ধু ১৩টি বছর কাটিয়েছেন কারাগারে। আর জেলখানায় কাটানোর প্রধান কারণ ছিল তিনি বাংলাদেশের জনগণের জন্য বিভিন্ন দাবি জানিয়েছিলেন। পাকিস্তানিরা যে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করে, মৃত্যুদন্ডের দিকে নিয়ে যাচ্ছিল সে কথা কি বাঙালি ভুলে যাবে। একাত্তরের যুদ্ধের সময়েও দেশদ্রোহিতার অভিযোগে পাকিস্তানের ক্যান্টনমেন্টের সামরিক আদালতে যে তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল সে কথাও কি আমরা ভুলে যাবো? মৃত্যুদন্ড যে তারা কার্যকর করতে পারেনি তার কারণ পাকিস্তান ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল আন্তর্জাতিক চাপের মুখে। যুদ্ধে তাদের পরাজয়, সরকার পরিবর্তন এবং আন্তর্জাতিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তানিরা বঙ্গবন্ধুর মৃত্যুদন্ড কার্যকর করেনি।
কিন্তু দুঃসাহসী এই মানুষটি জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং প্রায় নিশ্চিত ভাবেই আমরা তাঁকে একাত্তরেই হারাতাম। আমাদের দূর্ভাগ্য যে একাত্তরে পাকিস্তানিদের হাত থেকে বেঁচে আসা এই বিশাল ব্যক্তিকে পঁচাত্তরে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর এর অন্যতম প্রধান কুশীলব ছিল খন্দকার মুশতাক যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা লাভ করেছিল, মুক্তিযুদ্ধের আরেকজন সফল নায়ক তাজউদ্দীন আহমেদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সরল মনে বিষ ঢেলেছিল। বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমেদের মধ্যে দূরত্ব তৈরির সেই কথা থাকছে আগামি পর্বে ।
(পরবর্তী পর্ব ১০ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিতব্য)
লেখক:

আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১