বিশ্লেষণে বঙ্গবন্ধু – পর্ব ৯

Comments

নবম পর্ব

। আনিস আহমেদ ।

বঙ্গবন্ধু যখন পাকিস্তানের সেনানিবাসে বন্দি এবং তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে যখন বাংলাদেশের প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখনও সেই প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র শুরু করে। তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত এই মুক্তিযুদ্ধ যাতে কোন ক্রমেই সফল না হয়, মুশতাক সেই প্রচেষ্টাই শুরু করে। কিন্তু তাজউদ্দীন আহমেদের বিরুদ্ধে খন্দকার মুশতাকের এই ক্ষোভের কারণ কি ? আসলে এই ক্ষোভ কেবল মাত্র তাজউদ্দীন সাহেবের বিরুদ্ধে নয়, ক্ষোভ ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধেও আর সেই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আলোকে তাজউদ্দীন আহমেদের বিচক্ষণ নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ যাতে কোন ক্রমেই সফল না হয় সে ব্যাপারে খন্দকার মুশতাক ছিল সক্রিয়। তবে মুশতাকের এই কূটিল কর্ম ও বৈরিতার পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে, সেটা এখানে উল্লেখ করা প্রয়োজনীয় । শেখ মুজিব ও খন্দকার মুশতাক আ্ওয়ামী লীগের প্রথম দিকে দলটির যুগ্ম সম্পাদক পদে ছিলেন কিন্তু পরে যখন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও তাঁর কর্মদক্ষতার কারণে তাঁকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেন, ঠিক তখন থেকেই মুশতাকের মনে মুজিবের বিরুদ্ধে ঈর্ষার সুত্রপাত। তবে মুশতাক ছিল এক ধূর্ত ব্যক্তি। সে প্রকাশ্যে তার ক্ষোভ বা উষ্মা ব্যক্ত করেনি, সে কেবল সুযোগের অপেক্ষায় ছিল যে কখন প্রতিশোধ নেয়া যায়। পরবর্তীতে শেখ মুজিব যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলটির নেতৃত্ব গ্রহণ করেন তখন তিনি আবার তাজউদ্দীন আহমেদের মতো একজন প্রতিভা-দীপ্ত, নিবেদিত প্রাণ ব্যক্তিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেন। বিষয়টি মুশতাককে বিস্মিত করে, সে বুঝতে পারে যে সে তাজউদ্দীন আহমেদের উচ্চতায় কোনদিন উঠতে পারবে না। কিন্তু এবারও সে নিজের ক্ষোভকে নিজের কূটিল সত্ত্বার আড়ালে লুকিয়ে রাখে। একাত্তরের মার্চ মাসে যখন স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতিতে জনগণ উত্তাল আন্দোলনে লিপ্ত তখন মুশতাক নিজেকে খানিকটা প্রান্তিক অবস্থানে রেখেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তেমন সক্রিয় ভূমিকা পালন করেনি। তখন তাজউদ্দীন আহমেদের সঙ্গে ড. কামাল হোসেন, তাজউদ্দীন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখরা বঙ্গবন্ধুকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেন।

কোলকাতায় স্বাধীন বাংলা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে খন্দকার  মুশতাক আহমেদ অন্যরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। কোলকাতায় যুক্তরাষ্ট্রের কনসুলেট দপ্তরের কাছ পাঠানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক টেলিগ্রামে এই তথ্য পাওয়া যায় যে মুশতাক গোপনে কোলকাতায় যুক্তরাষ্ট্রের কনসুলেট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছিল। অন্য আরেকটি তথ্যে জানা যায় যে মুশতাক, বাংলাদেশের প্রবাসী সরকারের পররাষ্ট্র সচিব মাহবুবুল আলম চাষীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট দপ্তরে গিয়ে এই আর্জি জানায় যে পাকিস্তানের সঙ্গে যে কোন ভাবেই হোক একটা নিস্পত্তি করাতে যুক্তরাষ্ট্র যেন সাহায্য করে। যুক্তরাষ্ট্র পরিস্কার ভাবে মুশতাককে কোন রকম আশ্বাস দেয়নি তবে কুটনৈতিক ভাবে বলে যে পাকিস্তানের সঙ্গে একটা আপোষ রফা হতেই পারে, শান্তি স্থাপনের লক্ষ্যে। খন্দকার মুশতাক পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশান করার প্রস্তাব পেশ করে এবং এর বিনিময়ে কৌশলে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়ার প্রচ্ছন্ন দাবিও জানায়। এ ব্যাপারে ইয়াহিয়া খানের সঙ্গে যোগাযোগ করার প্রসঙ্গটিও উঠে আসে । যুক্তরাষ্ট্র জানায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্র পরিষ্কার কোন সিদ্ধান্ত দেবে না। শান্তির  বিষয়টি আলোচনা হতে পারে নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরের মাধ্যমে ।

সৌভাগ্যবশতঃ মুশতাকের এই ষড়যন্ত্রের কথা তাজউদ্দীন আহমেদ জানতে পারেন ভারতের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে। মুশতাক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে কনফেডারেশনের নামে পাকিস্তান নামের রাষ্ট্রে প্রত্যাবর্তন করতে চায় এত বড় বিশ্বাসঘাতকতা স্বাধীন বাংলা সরকারের স্বয়ং একজন পররাষ্ট্রমন্ত্রী করতে পারে সেটা কল্পনাতীত ব্যাপার। এই অপরাধের জন্য রাষ্ট্রদ্রোহিতার জন্য মুশতাককে মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে তাকে বিচারের সম্মুখীন করার কথা। কিন্তু এ ক্ষেত্রে তাজউদ্দীন আহমেদ আবার তাঁর বিচক্ষণতার পরিচয় দেন। স্বাধীন বাংলা সরকারের মধ্যে যাতে কোন রকম বিভেদ সৃষ্টি না হয় এবং তাতে মুক্তিযুদ্ধ যাতে ব্যাহত না হয়, সে জন্য তাজউদ্দীন আহমেদ মুশতাকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাহ্যত কোন রকম ব্যবস্থা নেননি। তবে আবারও তাজউদ্দীন আহমেদ বিচক্ষণতার পরিচয় দেন যখন তিনি খন্দকার মুশতাক আহমেদকে বিদেশে সফর করতে দেননি, জাতিসংঘের অধিবেশনে যোগদানও করতে দেননি। বাংলাদেশের পক্ষে বিদেশে কাজ করে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি চৌধুরী জেনেভায় মানবাধিকার কমিশনের একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু ২৫শে মার্চ ছাত্র হত্যার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। তারপর বাংলাদেশের প্রবাসী সরকারের দূত হিসেবে তিনি জেনেভা থেকে লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দেশে কূটনৈতিক সংযোগ স্থাপন করেন।

অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমেদের সঙ্গে মুশতাকের প্রত্যক্ষ সংঘর্ষের সুত্রপাত এখানেই। যদিও আমি এর আগেই বলেছি যে সে একাধারে বঙ্গবন্ধু ও তাজউদ্দীন সাহেব উভয়ের বিরোধীতা করে এসেছেন, যার প্রমাণ পাওয়া যাবে পঁচাত্তরের ১৫ই আগস্ট। তবে বঙ্গবন্ধুকে প্রকৃত কারণ না জানিয়ে অন্য কথা দিয়ে তাজউদ্দীনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কান ভারি করেছিল মুশতাক মুক্তিযুদ্ধের পরে যে কারণে জাতির জনকের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর একটা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত দূরত্ব সৃষ্টি হয়েছিল এক সময়ে। তবে সেই কারণে বঙ্গবন্ধুকে সামান্যতমও খাটো করে দেখার কোন সুযোগ নেই। মুক্তিযুদ্ধের নয় মাসে তাঁর শারিরীক উপস্থিতি ছিল না, কিন্তু তাঁর আদর্শিক উপস্থিতিই মুক্তিযুদ্ধের সব চেয়ে বড় চালিকা শক্তি ছিল।

(পরবর্তী পর্ব ১৭ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিতব্য)

লেখক:
Anis Ahmed
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১ 
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট