। দূর্বা মিত্র ।
দু’নম্বর ফাইলটা সই করে আউট ট্রে-তে রেখে উঠে দাঁড়ায় সৌমাভ। জানলার কাছে গিয়ে গ্রিল ধরে শরীরটা ধনুকের মতো বাঁকিয়ে তোলে। একবার সামনে ঝুঁকে বুটের মাথা ছুঁয়ে এক ঝটকায় পিছনে বেঁকে চক্রাসন করে আবার উঠে দাঁড়ায়। ৩২ এও ২৩ এর মতোই নমনীয় তার শরীর – তীক্ষ্ণ দৃষ্টি – প্রখর বুদ্ধি। প্রচার বিমুখ গোয়েন্দা অফিসার সৌমাভ সান্যাল। লালবাজারে ঢুকে বাঁ-দিকের গোয়েন্দা দফতরের দোতলার একটা কোণের ঘরে আস্তানা। জানলাটা ভিতরমুখী। চমৎকার ফুল-বাগিচা তার সাথে অজস্র গাড়ি আর বাইক।
সৌমাভ টেবিল এ ফিরে ৩ নম্বর ফাইলটা তুলে নেয়। খুলে একটু অবাক হয়। রাস্তায় পড়ে থাকা এক পাগলের বেওয়ারিশ লাশের ফটো। ওর টেবিল এ কেন এলো? সাস্পেক্টেড হোমিসাইড হলো ওর স্পেশালিটি!
দু-তিন পাতা উল্টে সৌমাভ স্থির দৃষ্টিতে তাকায়। লালবাজারের অত্যাধুনিক কম্পিউটার ইন্টারফেস একটা পাতা ফ্লোট করেছে। বছর দশেক আগে একটা মিসিং পার্সন’স ডায়েরি থেকে পাওয়া ফিংগারপ্রিন্টস এই লাশের সাথে মিলিয়ে যাওয়া দেখাচ্ছে!
চেয়ার বাঁদিকে ঘুরিয়ে ডেস্কটপে লগ-ইন করে সৌমাভ। বেওয়ারিশ লাশের ডিটেলস খুব সংক্ষিপ্ত। দশ বছর আগের ডিটেলস খুব কিউরিয়াস!
রোলান্ড রো কলকাতায় খুব উচ্চবিত্ত এলাকা। সেখানে এক অভিজাত ও বিত্তশালী পরিবারের বড়ো ছেলে নিখোঁজ। বাবা-মা নেই। দুই ভাই। ছোটো ভাই নিখোঁজ রিপোর্ট করে গেছেন। ফটো, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট এর কপি, খাওয়ার জলের গ্লাস থেকে তোলা লেটেন্ট ফিঙ্গার প্রিন্ট – সব ডিটেলস মজুদ। শুধু নন ক্লোজারে লেখা – not yet found.
আজ দশ বছর বাদে এই ফাইলটা ফ্ল্যাগ ইন হয়েছে। ফাইলের সব তথ্য স্মার্টফোনে নিয়ে নেয় সৌমাভ। একাই জিপসি জীপ্ চালিয়ে পৌঁছয় রোলান্ড রো।
বাড়িটা চারতলা। বাইরে দিয়ে কাচে মোড়া ক্যাপসুল লিফ্ট। নিচে দারোয়ান আর একটা বিশাল জার্মান শেফার্ড কুকুর। পুলিশের জীপ্ দেখে দারোয়ান এগিয়ে আসে। সৌমাভ বলে ছোটো ভাইয়ের সাথে দেখা করবে। দারোয়ান ইন্টারকম তুলতে যায় – সৌমাভর একটা রদ্দা পড়ে তার কব্জিতে। ছিটকে উঠে লিফটের দরজা খুলে ৩ নম্বরের বোতাম টিপে দেয়।
লিফট ওপরে গিয়ে খোলে লিভিং-ডাইনিং এরিয়াতে। একটা দেওয়াল পুরো কাচের। একটা সাদা আরামকেদারায় খবরের কাগজ আর ফলের রসের গ্লাস হাতে অতি সুপুরুষ এক ব্যক্তি। সাদা কার্পেটে নিঃশব্দে হেঁটে সৌমাভ নিজের আইডিটা খবরের কাগজের ওপর মেলে ধরে।
কাগজের ওপারে দেবদূতের মতো মুখশ্রী – গাঢ় নীল একজোড়া চোখ – সৌমাভর চোখে এসে পড়ে। কাগজ ভাঁজ করে সামনের সোফা দেখিয়ে জিগেস করে “চা না কফি? দাদার খোঁজ পাওয়া গেলো বুঝি?”
সৌমাভ চোখ না সরিয়ে সোফায় বসে – “coffee will be fine, thank you! no milk or sugar please.”
“বলুন – আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি?”
“দাদা নিখোঁজ হবার আগের একমাসের তথ্য ও তত্ব দিয়ে।”
“দশ বছর বাদে আবার কেন? সব তো তখন বলেছিলাম।”
“আরেকবার নাহয় বললেন – ক্ষতি তো কিছু নেই।”
” বেশ শুনুন। ওই সময়ে আমি সবে বিদেশ থেকে ফিরেছি – পোস্ট গ্রাড শেষ করে। গবেষণা করেই জীবন কাটাবার ইচ্ছে ছিল। মা-বাবা চলে যাবার পরে দাদাই সব কিছু দেখতো। বাড়ি, ফ্যাক্টরি, শোরুম। সব মিলিয়ে দেড়শো লোক কাজ করতো। আমাদের ব্যবসা ছিল বল বেয়ারিং তৈরির। দাশনগরে ফ্যাক্টরি, এখানে বাড়ি, চাঁদনী তে ছোটো শো-রুম।
আমি একটা ছোটো জায়গা কিনি রাজপুরে। কেমিকাল ল্যাবরেটরি বানাই। সারাদিন কাটিয়ে রাতে ফিরতাম – কখনো রাত কাটিয়েও ফিরতাম।
বাড়ি চালাতো পুরোনো কাজের লোকেরা। কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি।
আমার রাজপুরের জায়গা দেখে দাদাও শখ করে আরেকটু ভেতর দিকে একটা ছোটো পুকুরওলা একতলা বাড়ি কিনেছিলো। ওর খুব মাছ পোষার শখ ছিল – যেটা এই শহরের মধ্যে সম্ভব ছিল না। কাজ সামলে সময় পেলেই ওই বাড়িতে চলে যেত। পুকুরে ছিল লোকাল আর বড়ো মাছ – বাড়ির ভেতর বিভিন্ন ঘরে কাচের বাক্সে বিদেশি ও দুর্লভ মাছ। একটা আধবুড়ো লোক ছিল – সেও মাছ পাগল, দাদাকে ভগবান মানতো।”
এতদূর বলে ঋতবান কফি এগিয়ে দেয় সৌমাভকে – নিজেও নেয় – তবে দুধ চিনি মিশিয়ে।
সৌমাভ বলে – “এবার হারিয়ে যাবার দিনের কথায় আসুন।”
কয়েক মুহূর্ত নীল চোখ জোড়া থেমে থাকে সৌমাভর মুখে। ঘুরে যায় কাচের জানলার ওপারে নীল আকাশের সীমানায়।
“সেদিন আমি শেষ রাতে বাড়ি ফিরেছিলাম। এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ি। বেলা এগারোটায় ঘুম ভাঙে পুরোনো বেয়ারার ডাকে – দাদা বাড়ি ফেরেনি – রাজপুরের বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করে বাবুলাল হাউমাউ করে কাঁদছে – বাড়ি বাগান পুকুর – দাদা কোথাও নেই।
সারাদিন আর রাত আমি সব চেনা জায়গায় ফোন করি। এক দূর-সম্পর্কের কাকা থাকেন শান্তিনিকেতনে। তিনিও এসে পড়েন। কোনো খোঁজ পেলাম না। পরের দিন লালবাজারে গিয়ে ডায়েরি করি।”
“আগের দিন সত্যবান রাজপুরে কখন গেছিলেন?”
“বাবুলাল বলেছে – ফ্যাক্টরি থেকে সোজা ওখানে যান। রাতে পরোটা মাংস বানিয়ে বাবুলাল বাড়ি চলে যায়। সকালে ফিরে দেখে দরজা গেট সব খোলা – দাদা কোথাও নেই।”
“আপনি সেদিন ওখানে কতক্ষণ ছিলেন?”
নীল চোখ ঘুরে আসে সৌমাভর মুখে – “আমি সকাল দশটায় ঢুকি – বেড়িয়েছিলাম রাত আড়াইটে হবে। আমার এলাকা থেকে তিনবার ঘুরে দাদার এলাকা – কিছুই দেখার উপায় নেই।”
“সম্পত্তির ভাগ কীভাবে করা ছিল?”
“সমান ভাগ ছিল আমার আর দাদার।”
“একজনের অবর্তমানে?”
অনেকক্ষণ চুপ থেকে উত্তর আসে – “তখন বর্তমান বংশধর ১০০% পাবে।”
উঠে দাঁড়িয়ে সৌমাভ হাত বাড়ায় অপর পক্ষের দিকে – “ধন্যবাদ। বাড়ির লোকজনের সাথে কথা বলতে চাই – বাড়িটা দেখতে চাই। ও হ্যাঁ – রাজপুরের দুজনের বাড়িতেই যাবো একবার। পারলে আজই।”
ঋতবান – “কি ব্যাপার বলুন তো? দশ বছর বাদে হঠাৎ এতো কৌতূহল? সাত বছরের মাথায় তো শ্রাদ্ধ করাও হয়ে গ্যাছে।”
– “আর সম্পত্তি হস্তান্তর?”
– “তাও তো বছর দুয়েক হলো আদালতের কাজ শেষ।”
– “আমাদের কাজ শেষ হয়নি এখনো। যা বললাম – তার ব্যবস্থা করুন।”
– “বাড়ি ঘুরে দেখতেই পারেন। কাজের লোকেদের সবই বদলানো হয়েছে – দশ বছর লম্বা সময়। রাজপুরে আমার বাড়ির ঠিকানা লিখে দিচ্ছি – গুরুপদ আছে – ফোন করে দিচ্ছি। ও-ই আপনাকে দাদার বাড়ি নিয়ে গিয়ে চাবি খুলে দেবে।”
– “কেন? বাবুলাল কোথায়? দাদার লোক?”
– “দাদা যাবার বছর খানেক বাদে সে টাকা-পয়সা বুঝে নিয়ে চলে যায় – আর কোনো খবর পাইনি।”
– “ঠিক আছে আমি ছাদ থেকে শুরু করছি।”
পাঁচতলা বাড়িটা ছাদ থেকে বেসমেন্ট পর্যন্ত ঝকঝক করছে – কোনো সাজানো হোটেলের মতো। কাজের লোকেরা সবাই প্রায় নতুন – দু পাঁচ বছর হলো কাজ করছে। সবাই শুনেছে বড়দা আর নেই। পুজোর ঘরের এলকোভে মা-বাবা-দাদার ছবিতে রোজ নতুন মালা, ধূপ, জল দেওয়া ঠাকুর মশাইয়ের নিত্যপুজোর অঙ্গ।
নিচে নেমে সৌমাভ অফিসে ফোন করে বলে রাজপুর থানায় যোগাযোগ করতে। একটা জীপ্ ওর সাথে বাড়িগুলোতে গেলে ভালো হয়।
রাজপুর পৌঁছতে এক ঘন্টা লাগলো। প্রথমে ঋতবানের আস্তানা। লোকাল থানা থেকে আসা মানুষটি বেশ অবাক হয়েছেন। এবাড়ি সম্পর্কে কোনো কৌতুহল কেন হলো লালবাজারের গোয়েন্দা দফতরের?
সৌমাভ একটু হেসে গুরুপদর সাথে ভেতরে ঢোকে। একতলা বাড়ি। কেমিকাল ল্যাবের মতো সাজানো। পেছনে রাত কাটাবার আর ছোট্ট রান্না করার জায়গা। দোতলায় ছাদে মরশুমি ফুলের বন্যা।
গুরুপদ বছর পাঁচেক হলো কেয়ারটেকার হিসেবে আছে। বেশি কথা বলে না – মাথাও ঘামায় না। তবে সত্যবানের পুরোনো লোক বাবুলালকে চেনে। এক-দেড় ঘণ্টা লাগবে তাকে নিয়ে ফেরত আসতে।
সৌমাভ বসে পড়ে – বাবুলালকে আনতে বলে। ওকে নিয়েই সত্যবানের বাড়ি যাবে।
সে বাড়ি অযত্নে অনাদরে নিতান্ত হতদরিদ্র চেহারায় দাঁড়িয়ে। গুরুপদ ও বাবুলাল কষ্ট করে জং ধরা তালাগুলো খোলে। পুকুর একেবারে মজে গেছে। বাড়ির ভেতর আবর্জনার স্তুপ। সামনে বসা, খাওয়া, থাকার জায়গা পেরিয়ে পেছনে একটা পেল্লায় হল ঘর। বোঁটকা পচা গন্ধ। হরেক সাইজে আর শেপের কাচের একুয়ারিয়াম।
বাবুলাল কেঁদে ফেলে – “দাদাবাবু ঘণ্টার পর ঘণ্টা এঘরে কাটাতো – মাছেদের যত্ন করতো নিজের ঘরের বাচ্চার মতো।
সৌমাভ ঘুরে দাড়ায়ে – “সেই দিন বা রাতে কি হয়েছিল?”
– “নতুন কিছু তো না সাহেব। দাদাবাবু একটা করে ঢাকনা খুলে জল পাল্টানো – ওষুধ – খাবার দেওয়া করছিলেন। আমি রুটি মাংস সালাদ সন্দেশ আনলাম। বললেন টেবিলে রেখে গেট টেনে দিয়ে চলে যেতে। পরদিন সাতটায় এসে দেখি – গেট দরজা সব খোলা – খাবার আধ খাওয়া – দাদাবাবু কোথাও নেই। আমি সব জায়গা খুঁজে ছোড়দার বাড়ি খবর দি গিয়ে। ওরা শহরে খবর দেয়।”
সৌমাভ ঘুরতে ঘুরতে শুনছিলো। কিছু প্রশ্ন করছিলো। ওর চোখ পড়ে একটা কাচের আলমারির ওপর। পাল্লা টানতেই খুলে যায়। নানা রকম শিশি বোতল প্যাকেটের স্তুপ। সব কটা গ্লাভস পরা হাতে নিয়ে দেখতে থাকে। বাবুলাল এগুলো সম্বন্ধে বললো শুধু মাছের ওষুধ আর খাবার – এ ছাড়া কিছুই জানে না।
নিচে তাকের বাঁ-কোণে একটা মুখ খোলা প্যাকেট দেখে অবাক হয়। বড়ো একটা জিপলক প্লাষ্টিক প্যাকেটে ভরে বাইরে এসে জীপে ওঠে। স্থানীয় অফিসারকে বলে বাড়ি সীল করে চাবি নিজের কাছে রাখতে। অফিসে ফিরে প্যাকেটটা পাঠায় ফরেনসিকে। অন্য ফাইলের সদ্গতি করে বাড়ি ফেরে।
পরের দিন আগেই দৌড়োয় ফরেনসিকে। ডাক্তার জয়কেতু রায় একটা ফাইল দিয়ে তার ব্যাখ্যা করেন।
প্যাকেটে পাওয়া গ্যাছে অ্যামোনিয়াম নাইট্রেট। একটু গরম করলেই তৈরি হয় বাতাসের চেয়ে ভারী নাইট্রাস অক্সাইড। এই গ্যাস শুঁকলে মানুষ সিদ্ধির নেশার মতো হাসতে শুরু করে বলে এর নাম লাফিং গ্যাস। মাত্রা ছাড়া গ্যাস শুঁকে ফেললে ব্রেন সেল ড্যামেজ শুরু হয়ে যায়। ৭/১০ দিন সমানে শুঁকলে ওই ড্যামেজ স্থায়ী হয়ে যায় – পাগল হয় মানুষ – স্মৃতি লোপ পায়।
সৌমাভ ফাইল নিয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসে। রাগে মাথার পেছনটা দপদপ করে তার। নিজের জীপে উঠে আরেকটা জীপ্ আসতে বলে রোলান্ড রো পৌঁছয়। লিফ্ট ছেড়ে সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠে।
বেডরুমের দরজা বুটের লাথিতে খুলে কলার ধরে তুলে আনে ঋতবানের ঘুমন্ত শরীর। সিঁড়ি দিয়ে টেনে নামিয়ে খালি পায়েই পেছনের জীপে তুলে দেয়। ড্রাইভারকে বলে কাঁটাপুকুর মর্গে যেতে – পুলিশ কর্মীদের বলে ঋতবানের হাত-পা চেপে ধরতে। নিজে জিপসিতে হুটার চালু করে। দশ মিনিটে পৌঁছয়ে মর্গে। ঋতবানকে টেনে নামিয়ে মর্গে ঢুকিয়ে কর্মচারীকে একটা স্লিপ দেয়। কোনো জবাব দেয় না ঋতবানের কোনো প্রশ্নের।
একটা সাদা চাদর ঢাকা ট্রলি নিয়ে আসা হয় সামনে। ঋতবানের দু-হাত চেপে ধরে রাখতে বলে মুখ থেকে চাদরটা সরায় সৌমাভ। ঋতবানের সুন্দর নীল চোখ বীভৎস দেখায় – বমি করে ফেলে নিজের গায়েই।
সৌমাভ কড়া গলায় জিজ্ঞেস করে – “চিনতে পারেন ঋতবান?”
কোনোমতে ঘাড় নাড়ে – “হ্যাঁ, আমার দাদা সত্যবান। আমি বুঝতে পারছি না – দাদা তো দশ বছর আগেই ………” – “শাট আপ ইউ স্কাউণ্ড্রেল। অ্যামোনিয়াম নাইট্রেট গরম করে নাইট্রাস অক্সাইড বানিয়ে – সেটা একটু একটু করে শুঁকিয়ে দাদাকে নেশা ধরানো – তারপর শেষদিন ওভারডোজ দিয়ে পুরো পাগল করে – কোনো দূর জায়গায় ছেড়ে আসা হয়েছিল। শুধু সম্পত্তির জন্যে মানুষ এতো নিচে নামতে পারে? আজ দশ বছর ধরে মানুষটা কীভাবে ছিলেন তা ভাবতেই চোখে জল আসে। ফিঙ্গারপ্রিন্ট না মিললে আমরা দুটো কেস মেলাতেই পারতাম না। সনৎ – ঋতবানকে লালবাজারে আনো – আমি ওর জামাই আদরের ব্যবস্থা করছি।”
লেখক:
দূর্বা মিত্র
কবি ও গদ্যকার, কলকাতা
ফিচার ফটো: Pixabay থেকে সংগ্রহীত ছবি থেকে।