শনিবার, ২২ জুন, ২০১৯, ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড পেয়েছে অবিশ্বাস্য পাঁচ রানে জয়। কার্লোস ব্র্যাথওয়েটের দুর্দান্ত সেঞ্চুরিটি দলকে জেতাতে পারলো না।
ম্যাচে শেলডন কট্রেল ওয়েস্ট ইন্ডিজকে বল হাতে দিয়ে দুর্দান্ত শুরু এনে দেন। আউট হন মার্টিন গাপটিল ও কলিন মুনরো। সেখান থেকে কেন উইলিয়ামসন ও রস টেইলর ওয়েস্ট ইন্ডিজের গতিতে বাধা দেওয়ার জন্য আক্রমণাত্মক ভাবেই রাজত্ব করেছিলেন। উদ্বোধনী পাওয়ারপ্লে পরে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৩০ রান করলেও উইলিয়ামসন ও টেইলর তাদের ধৈর্যের পুরস্কার অর্জন করেন এবং ২৪.৫ ওভারে ১৬০ রানের বিশাল জুটি গড়েন।
টেইলর ক্রিস গেইলের বোলিংয়ে ৬৯ রানের ইনিংস খেলে জেসন হোল্ডারকে ক্যাচ দেন। উইলিয়ামসন থাকেন স্থির। কিউই অধিনায়ক শেষ পর্যন্ত ১৪৮ রানের কাব্যিক ইনিংস গড়ে আউট হন। শেষ পর্যন্ত ২৯১ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন কট্রেল।
ব্যাট করতে নেমে শুরুতেই বোল্টের বলে আউট হয়ে ফেরেন শাই হোপ। নিকোলাস পুরানকেও ফেরান বোল্ট। জুটি গড়েন গেইল ও হেটমায়ার। জুটিতে খেলায় ফেরে উইন্ডিজ। কিন্তু ৫৪ রান করা হেটমায়ার আউট হলে পরের ২২ রানে আরোও ৪ উইকেট হারায় তারা। ব্র্যাথওয়েট তখন ক্যামের রোচ এবং শেলডন কট্রেলের সাথে জুটি গড়ে একাই দলকে টেনে নিতে থাকেন। ৪৮তম ওভারে ২৫ রান তুলে খেলার মোড় ঘুরিয়ে দিতে চেষ্টা করেন ব্র্যাথওয়েট। তবুও জয় আসেনি। ৪৯তম ওভারের শেষ বলে ব্র্যাথওয়েট আউট হলে ৫ রানের জয় পায় কিউইরা।
এই হারে বিশ্বকাপের সেমিফাইনালের আশা থেকে ছিটকে গেলো উইন্ডিজ।
বাঙালীয়ানা/জেএইচ