জাহাঙ্গীর হোসেন মারা গেছেন ২০১৭ সালের ২৫ ডিসেম্বর। মৃত্যুর নয় মাস পর তিনি ‘গায়েবি মামলা’র আসামি হয়েছেন। মামলার এজাহারে পুলিশ বলেছে, যশোরের চাচুড়া গ্রামের জাহাঙ্গীর দলবল নিয়ে ট্রেনের বগিতে আগুন দিয়েছেন, রেললাইনও উপড়ে ফেলেছেন।
ঝিকরগাছার মজিবুল এলাহীর বাড়ি উপজেলার মোবারকপুর গ্রামে। চার বছর ধরে তিনি বিদেশে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের ওপর ককটেল ছুড়ে মেরেছেন। এই অভিযোগে গত ৩০ আগস্ট তাঁর বিরুদ্ধে পুলিশ মামলা ঠুকেছে। শুধু জাহাঙ্গীর বা মজিবুলই নন, সেপ্টেম্বর,২০১৮ থেকে যশোরের ৯টি থানায় এমন ৩৮টি গায়েবি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির ৭০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০ জনকে।
বিএনপির দাবি অনুসারে সারা দেশে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর,২০১৮ পর্যন্ত ৩ হাজার ৭৩৬টি ফৌজদারি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ৩ লাখ ১৩ হাজার ১৩০ জনকে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও আছে। এসব মামলার এজাহারের বিবরণ প্রায় একই ধরনের।
এদিকে বিএনপির তিন আইনজীবীসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া গায়েবি মামলার বিষয়ে একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। ৮ অক্টোবর,২০১৮ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। শুনানিকালে কয়েকটি এজাহার পর্যবেক্ষণ করে আদালত বলেন, এ ধরনের মামলা করার ফলে পুলিশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।
২৩ সেপ্টেম্বর,২০১৮ বিএনপির তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া রিটটি করেন। তাঁদের মধ্যে খন্দকার মাহবুব ও নিতাই রায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সানাউল্লাহ বিএনপির আইনবিষক সম্পাদক।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘এসব মামলার অভিযোগ একই ধরনের। জব্দ করা যে আলামতের কথা বলা হচ্ছে, সেগুলোও একই। খন্দকার মাহবুব হোসেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী। তিনিও নাকি পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছেন।’ রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, ‘তিনি (খন্দকার মাহবুব) তো শুধু আইনজীবীই নন, একটি রাজনৈতিক দলের পদেও আছেন। তাঁদের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে তাঁরা কর্মীদের উসকানি দিয়েছেন।’
একপর্যায়ে আদালত বলেন, ‘আপনি এটা কী বললেন? আইনজীবী হলে কি রাজনীতি করা যাবে না? আইনে কোনো বিধিনিষেধ আছে? আইনজীবীরাই তো আগে রাজনীতিতে বেশি যুক্ত ছিলেন। আপনারা যদি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেন, তাহলে এ ধরনের মামলা হতো না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান। আদালত বলেন, ‘কাল (মঙ্গলবার) আদেশের জন্য রাখছি। এর আগে আপনার বক্তব্য উপস্থাপন করবেন।’
রিট দায়েরের পর জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, এজাহারে উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে ওই ধরনের ঘটনা না ঘটা সত্ত্বেও জ্যেষ্ঠ আইনজীবীসহ ঢালাওভাবে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘কল্পিত’ মামলা হচ্ছে। এসব মামলা সঠিক হয়েছে কি না, তা অনুসন্ধানে উচ্চপর্যায়ের স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
বাঙালীয়ানা/এইচকে
