পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার ২০১৭ সালের মামলায় গ্রেফতার করে মানবাধিকার এক্টিভিস্ট ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত।
বুধবার, ১৫ মে, ২০১৯, সকালে খাগড়াছড়ির এক পুরনো মামলায় বনানী থানা পুলিশ এই আইনজীবীকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।
ঢাকা বারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ও সাখাওয়াত হোসেনসহ কয়েকজন আইনজীবী ইমতিয়াজ মাহমুদের পক্ষে জামিন আবেদন করেন।
শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় ইমতিয়াজের বিরুদ্ধে ৫৭ ধারার এ মামলা করেন। তার অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেইসবুকে ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন।
সে সময় এ মামলায় গ্রেফতার হলেও পরে সুপ্রিম কোর্ট থেকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পান ইমতিয়াজ।
বনানী থানার ওসি বিএম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, “তার নামে খাগড়াছড়ি থেকে একটা ওয়ারেন্ট এসেছে। বুধবার সকালে ওই ওয়ারেন্টে তাকে বনানীর বাসা থেকে আমরা গ্ররফতার করেছি।”
তবে আদালতে জামিন শুনানিতে ইমতিয়াজের আইনজীবী বলেন, “চার্জশিট দাখিল পর্যন্ত তিনি হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। হয়ত কোনো একটা কাগজ আদালতে না পৌঁছানোর কারণে এরকমটি হয়েছে। আমরা তার জামিন চাচ্ছি।“ ইমতিয়াজের আইনজীবী বলেন, “কোথাও একট ভুল হচ্ছে।”
এসময়ে বিচারক বলেন, “২০১৯ সালের ২১ জানুয়ারী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর চার্জশিটও বোধহয় চলে এসেছে।” একথা বলে বিচারক জামিন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইমতিয়াজ মাহমুদ একজন প্রগতিশীল লেখক, মানবাধিকার এক্টিভিষ্ট, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের আইজীবী।
বাঙালীয়ানা/এসএল