মিউনিখ চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। ২৭ জুন, ২০১৯, তারিখে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি অংশ নেবে সিনেকোপ্রা কম্পিটিশনে।
জানা যায়, এই বিভাগে চলচ্চিত্রটিকে লড়তে হবে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে অংশ নেওয়া প্রশংসিত একাধিক ছবির সাথে। বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, অস্ট্রেলিয়ার সিডনিতে থেকে উৎসবে অংশ নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
এর আগে মস্কো ও সিডনিতে প্রদর্শিত হয়েছে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি। রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার জিতেছে। অন্যদিকে এ সপ্তাহেই অনুষ্ঠিত সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়েছে। সেখানে প্রশংসিত হয়েছে ছবিটি। ২৫ জুন, ২০১৯ এ চলচ্চিত্রটি দেখানো হবে লন্ডনের বারবিকান আর্ট সেন্টারে।
মিউনিখ চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’ দেখানো হবে ২৯ জুন, ৩০ জুন ও ১ জুলাইতে।
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটিতে অভিনয় করাছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, এলি পুসো – স্ট্যাসি, সেলিনা ব্ল্যাক – চিয়ারা, রাহাত রহমান, নাদের চৌধুরী, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন প্রমুখ।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ছবিটি হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে কিনা সে সম্পর্কে জানান, “এটা হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুননির্মাণ না। চরিত্রেরাও আলাদা। মাত্র সাত দিনে ছবিটির শুটিং শেষ হয়। বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় ছবিটি ডাবিং করা হয়।
ইতোমধ্যেই চলচ্চিত্রটি রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার ও কমেরসান্ত পুরস্কার জিতে নিয়েছে। ছবিটির প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন।
জানা গিয়েছে, উৎসবে একই বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসকি পুরস্কার জেতা এলিয়া সুলেইমান পরিচালিত ‘ইট মাস্ট বি হেভেন’, একই উৎসবে আঁ সারতেঁ রিগার বিভাগে সেরা চলচ্চিত্র ব্রাজিলের পরিচালক করিম আইনুজের ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিডাইস গুজমাও’, ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে নির্বাচিত ছবি ‘দ্য অরফানেজ’, উৎসবের প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্র ‘দ্য হুইসলারস’ ও ‘দ্য ট্রেইটর’। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে আরও আছে যুক্তরাষ্ট্রের সানড্যান্স চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘গাজা’।
বাঙালীয়ানা/জেএইচ