। লুৎফুল হোসেন ।
০৩ জুন ২০২৫ তারিখে অধ্যাদেশ নং ২৯, ২০২৫; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সংস্কার প্রচেষ্টায় কতখানি সংস্কার হলো, কতখানি তর্ক-বিতর্কের সৃষ্টি হলো, এর অন্তর্গত উদ্দেশ্যে আপাত দৃশ্যমান সংস্কারের বাইরে কি কি ক্ষেত্রে ভূমিকা বা উদ্দেশ্যবিধানের চেষ্টা ও উদ্যোগ নেয়া হয়েছে– তা গভীর চিন্তা ও উপলব্ধির দাবি ও তাগিদ রাখে।
অধ্যাদেশটির ৩ নং ধারার ১০ম সংজ্ঞায় “বীর মুক্তিযোদ্ধা” অর্থ কি তা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে:
“বীর মুক্তিযোদ্ধা” অর্থ যাঁহারা ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাঁহাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এইরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাঁহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে; এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস (ই.পি.আর), পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হইবেন, যথা:-
(ক) হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারী (বীরাঙ্গনা); এবং
(খ) মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসাসেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও চিকিৎসা-সহকারী;
সংজ্ঞাটি যথার্থ। এখানে উল্লেখ করা অংশ সঠিকভাবেই উল্লেখ করেছে, “বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন” তাঁরা মুক্তিযোদ্ধা। কিন্তু এর মধ্যে ‘তৎকালীন’ শব্দটি ব্যবহারের উদ্দেশ্য কি? যাদের ব্যাপারে এই তৎকালীন শব্দটি ব্যবহার করা হয়েছে তাদের তৎপরবর্তীকালীন কোনো অংশ কি মুক্তিযুদ্ধে তাদের দেশ বিরোধী ভূমিকা ও কর্মিকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছে? ক্ষমা চেয়েছে? যুদ্ধকালীন ন্যাক্কারজনক ও ঘৃণিত এবং ক্ষমার্হ্য অপকর্মের জন্য শাস্তি মাথা পেতে নেয়ার মতো বিবেকের পরিচয় দিতে পেরেছে? তা পারলে এই তৎকালীন শব্দটি সংযুক্ত করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির প্রতি পক্ষপাতমূলক ও উদ্দেশ্যমূলক আচরণ ও অভিব্যক্তির মাধ্যমে কি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে অপমানিত করার প্রয়াস নেয়া হয়নি?
তবু সান্ত্বনা ও সাধুবাদ যে, ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও চিকিৎসা-সহকারীদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি এখানে দেয়া হয়েছে যথার্থভাবে।
এরপর ১২ নং সংজ্ঞায় মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বলা হয়েছে–
“মুক্তিযুদ্ধ” অর্থ ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস্, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ;”
এখানে সুকৌশলে অন্ধ ধর্মভিত্তিক রাষ্ট্রের বাহানায় শোষণ ও বঞ্চনার বিপরীতে নির্বাচনে জয়ী হয়েও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা এবং সামরিক শক্তি প্রয়োগে নিপীড়নের বিপরীতে গণমানুষের আকাঙ্ক্ষার আলোকে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সংঘটিত মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে মুক্তিযুদ্ধের মৌলিক ও প্রধান একটি উদ্দেশ্যকে আড়াল ও নিশ্চিহ্ন করার প্রয়াস নেয়া হয়েছে।
একই বিকৃতি বা মোচড়ের চেষ্টা করা হয়েছে অনুচ্ছেদ ৩ এর উপ-অনুচ্ছেদ ১৪ তে ‘মুক্তিযুদ্ধের লক্ষ্য’কে সংজ্ঞায়িত করতে গিয়ে।
অধ্যাদেশটির সবচেয়ে বিভ্রান্তিকর প্রস্তাবনাটি হলো এর অনুচ্ছেদ ৩ এর উপ-অনুচ্ছেদ ১৫। মুক্তিযুদ্ধের সহযোগী কে, তা সংজ্ঞায়িত করতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রসঙ্গে ইতিপূর্বে উপধারা ১০ এর সাথে সাংঘর্ষিক বয়ানে বাক্য বিন্যাসিত হয়েছে। যা স্রেফ ভুলবশত বা অনিচ্ছাকৃত নয়।
এই উপধারায় বলা হয়েছে–
(১৫) “মুক্তিযুদ্ধের সহযোগী” অর্থ যাঁহারা ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করিয়া বীর মুক্তিযোদ্ধাগণকে উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করিবার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্তিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্নবর্ণিত যেসকল বাংলাদেশের নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করিয়াছেন, যথা:-
(ক) যেসকল বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখিয়াছিলেন এবং যেসকল বাংলাদেশি নাগরিক বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করিয়াছিলেন;
(খ) যেসকল ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত এবং উক্ত সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্স বা অন্যান্য সহকারী হিসাবে দায়িত্ব পালন করিয়াছিলেন;
(গ) মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর প্রবাসী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) সহিত সম্পৃক্ত সকল এম. এন. এ (Member of National Assembly) বা এম. পি. এ (Member of Provincial Assembly) যাঁহারা পরবর্তীকালে গণপরিষদের সদস্য (Member of Constituent Assembly) হিসাবে গণ্য হইয়াছিলেন;
(ঘ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকল শিল্পী ও কলা-কুশলী এবং দেশ ও দেশের বাহিরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দায়িত্ব পালনকারী সকল বাংলাদেশি সাংবাদিক; এবং
(ঙ) স্বাধীন বাংলা ফুটবল দল;
এখানে ‘খ’ এর বর্ণনা অনুযায়ী ধরলে তো ফিল্ড হাসপাতালের সকলেও মুজিবনগর সরকারের অধীন ছিলেন না বিধায় ব্যাখ্যায় বিতর্কিত হয়ে ওঠেন।
একই ভাবে (গ) উপ-ধারার বর্ণনা অনুযায়ী আবারও ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন ও বিতর্কের অবতারণা হয়।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই মুক্তিযোদ্ধা সনদ নিতে যান নাই কোনোকালে। আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সাংসদ হয়ে মুক্তিযোদ্ধা সনদে সাক্ষর করার মতো দায়িত্বও পালন করেছেন। একাত্তরে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার। পরবর্তীতে এই সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়ে যায় কয়েক দশকে বাড়তে বাড়তে। শীর্ষ দৈনিকে এমনও সংবাদ প্রকাশিত হয়েছে যে, ৫৫ হাজার মুক্তিযোদ্ধার জন্ম একাত্তরের পরে। যথাসময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নে ব্যর্থতাই আজ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রভাবদুষ্ট হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির স্বার্থ সংরক্ষণের মতো অনাকাঙ্ক্ষিত প্রেক্ষিত, আলোচনা ও স্পর্ধার ভিত্তি প্রতিষ্ঠিত করে। ‘তৎকালীন’ শব্দের মারপ্যাঁচে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, খোদ পাকিস্তান ক্ষমা চাইলেও তাদের দোসর, যারা আজ অবধি এই দেশের ফসল, জল ও বাতাসে বেঁচেও আজ অবধি ক্ষমা চাইতে নারাজ তাদের ঘৃণ্য মদদ দেয়। আপন অস্তিত্ব রক্ষায় সকল বিকৃতি এড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস এবং মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা যতখানি আবশ্যক, এই অধ্যাদেশের বিভ্রান্তিকর ও স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি পক্ষপাতমূলক উচ্চারণগুলো শুধরে নেয়াও ততখানি জরুরি ও অত্যাবশ্যক।
একাত্তরে পাকিস্তানি হানাদারদের সহযোগী ছাড়া এদেশের আপামর জনসাধারণ সকলেই মূলত মুক্তিযোদ্ধা। অধ্যাদেশ জারি করে নতুন কথা বলতে চাইলে সেখানে সবার আগে বলা উচিত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং একই মত ও আদর্শের ধারাবাহিকতা নিয়ে এদেশে বাস করা সকল রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর নিকেশ কীভাবে হতে পারে সেই প্রস্তাবনা।
সহজ অনুমেয় সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছতেই শুধু এই অধ্যাদেশ জারি ব্যাপারটা স্রেফ এটুকুই, তা নয়, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সাধারণের কাছে গ্রহণযোগ্য করে তুলবার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া চালাবার একটা হাতিয়ার এই অধ্যাদেশ।
মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে, নিজের সম্বলটুকু খাইয়ে দিয়ে, শত্রুর হাত থেকে বাঁচাতে লুকিয়ে রেখে এবং নানাবিধ ভাবে সহায়তা করে জীবন বিপন্ন করেছেন এদেশের লাখো লাখো দেশপ্রেমিক নাগরিক। তাঁরা কি মুক্তিযুদ্ধের অংশ নন? এঁদের অনেকে এর ফলশ্রুতিতে নিজে বা পরিবারশুদ্ধ হানাদারদের হাতে প্রাণও দিয়েছেন। বিপরীতে এদের প্রাণ নিতে সহায়তা করেছে যা রাজাকার, আলবদর, আলশামস ও অন্যন্য মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি ও গোষ্ঠী তাদের ঝাণ্ডাধারী যারা আজও সেইসব ঘৃণ্য অমার্জনীয় অপরাধের জন্য ক্ষমা চাওয়ার অনুশোচনায় ভোগে না, তাদের জন্য কি বিধান দিচ্ছে এই অধ্যাদেশ? তা দেয়ার মতো যুতসই কোনো প্রস্তাবনা ও বক্তব্য না থাকলে এই অধ্যাদেশ জারির মাধ্যমে আসলে কি উদ্দেশ্য হাসিল হলো তা সর্বসাধারণ মনে আজ সবচেয়ে প্রখর প্রশ্ন হয়ে জাগছে।
সেইসাথে এই সত্যগুলোও জাতির সামনে আসা প্রয়োজন, কারা এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ, যেখানে এর অধীনস্থ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতো একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অধিদপ্তর কি হাওয়ায় মিলিয়ে যাবে নাকি তারও কিছু হবে সে সংক্রান্ত একটি শব্দেরও উল্লেখ ছিল না, এমন অসম্পূর্ণ ও ভ্রান্ত অধ্যাদেশ জারির পেছনে ভূমিকা রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে বারংবার প্রশ্নবিদ্ধ করছে, নিষ্ফল অর্থহীন কর্মকাণ্ড হিসেবে, প্রতিভাত করতে চাইছে? রাতের আঁধারে অধ্যাদেশ জারির অভিযুক্ততায় ব্রাকেটবন্দি করতে চাইছে? এর পেছনে অদক্ষ ও অযোগ্য দায়িত্বপ্রাপ্তরাই দায়ী না কোনো শক্তি এর পেছনে কাজ করছে।
০৬ জুন ২০২৫
