মৃত্যুঞ্জয়

Comments

। মোজাম্মেল হোসেন।

বিশ্বের ইতিহাসে পরিকল্পিত গুপ্ত বা প্রকাশ্য হত্যাকান্ডের শিকার রাষ্ট্রনেতার সংখ্যা কম নয়। তাঁদের মধ্যে আমাদের জাতির পিতা বা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একবার নয়, অনেকবার ‘হত্যা’ করা হয়েছে এবং এখনও হচ্ছে, হয়তো আশু ভবিষ্যতেও হবে। তবে প্রতিবারই প্রমাণ হয় যে, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়।

দেশের রাজনৈতিক উত্থান-পতনে, সরকার পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে কতবার যে বঙ্গবন্ধুকে পুনঃহত্যার অপচেষ্টা হলো, তাঁর ছবি সরকারি অফিসের দেয়াল থেকে নামানো হলো, তাঁর রাষ্ট্রীয় মর্যাদা বাতিল করে ফরমান জারি হলো, কিন্তু আবার তাঁর ছবি ফিরে আসে, তাঁর রাষ্ট্রীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা পায়। তাঁর ছবি, তাঁর ভাস্কর্য, তাঁর ম্যুরাল ভেঙে ফেললে, মুছে নিশ্চিহ্ন করে দিলেও জনগণের মন থেকে তাঁকে সরানো যায় না। দেয়াল থেকে তাঁর ছবি সরালে কী হবে, সারা দেশ জুড়ে ব্যপৃত তাঁর অদৃশ্য ছবি।

রাজনৈতিক হত্যার নজির দুর্লভ নয়, তবে এমন নজির কি খুঁজে পাওয়া যায় যাঁকে ঘাতকরা শুধু হত্যা করেই ক্ষান্ত থাকতে পারে না, ঘুমাতে পারে না, কয়েক দশক পরেও তাঁর স্মৃতিচিহ্ণগুলো, এমনকি কোথায় তিনি জন্মেছেন, কোথায় তিনি বাস করতেন, কোথায় তিনি চিরশয়ানে শায়িত সবকিছু মুছে ফেলতে, ভেঙে ফেলতে ঘাতকরা উন্মাদ হয়ে ওঠে? বিস্ময়ের সঙ্গে ভাবতে হয়, ঘাতকদের এই জিঘাংসার উৎস কোথায়?

বর্তমান যুগে যাবতীয় তথ্য ও সঞ্চিত জ্ঞান যে আধারে জাদুর মতো মুহূর্তে পাওয়া যায় সেই ইন্টারনেটে কিছু সাইটে বিখ্যাত ব্যক্তিদের এসাসিনেশন বা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে হত্যার তথ্য পাওয়া যায়। তাতে খ্রীষ্টপূর্ব যুগের রোমান সম্রাট জুলিয়াস সিজার থেকে শুরু করে সপ্তম শতাব্দীর ইসলামের খলিফা হযরত উমর (রাঃ) ও মধ্যযুগের নানা দেশের রাজা-বাদশাহ্‌ হয়ে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি এবং সর্বশেষ ২০২২ সালে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে পর্যন্ত কত শত নামই না পাওয়া যায়।

আমাদের দক্ষিণ এশিয়া বুঝি রাজনৈতিক হত্যাকান্ডে একটি চ্যাম্পিয়ন এলাকা। প্রাচীন-মধ্যযুগে বরং কম, সে তথ্যের দরকারও নেই, বিংশ-একবিংশ শতাব্দীর শুধু শীর্ষতম ব্যক্তির নামগুলোই এক লহমায় মনে পড়বে, বাংলাদেশে বঙ্গবন্ধু (সঙ্গে আরও স্মরণ করুন কারাগারের নিহত তাজউদ্দীনসহ ৪ নেতা) ছাড়া জিয়াউর রহমান, ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পাকিস্তানে লিয়াকত আলী খান, জিয়াউল হক, বেনজীর ভুট্টো, সিংহলে বন্দরনায়েকে, মিয়ানমারে অং সান, নেপালে রানীসহ রাজা বীরেন্দ্র সপরিবারে।

সবার মৃত্যুই বেদনাদায়ক। তবে এঁদের মধ্যে বঙ্গবন্ধুই নিহত হওয়ার পরেও চলমান রাজনীতির গতিপথে অবিরাম প্রাসঙ্গিক।

রাজনৈতিক নেতা ছাড়া বিখ্যাত তারকা, বড় ব্যবসায়ী, অপরাধ জগতের মানুষও হত্যাকান্ডের শিকার হন। যেমন বিটলস সঙ্গীতকার জন লেনন, গণগায়ক ভিকতোর হারা, কৃষ্ণাঙ্গ মুসলিম নেতা ম্যালকম-এক্স, ভারতের সঙ্গীত ব্যবসায়ী গুলশান কুমার বা ডাকাত সর্দারনী ফুলন দেবী প্রমুখ অনেক নাম করা যায়।

বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বিবিসির ইতিহাস ম্যাগাজিন ‘হিস্ট্রি এক্সট্রা’ ওয়েবসাইটে একটি তালিকা রয়েছে যার শিরোনাম ‘৫০ হত্যাকান্ড যা বিশ্বকে বদলে দিয়েছে’। বহু শতাব্দী থেকে বেছে নেওয়া তালিকাটি বর্ণানুক্রমিক বা কালানুক্রমিক নয়; অর্থাৎ সম্পাদকরা গুরুত্ব অনুযায়ী সাজিয়েছেন। সেই তালিকায় পাঁচ নম্বরে বঙ্গবন্ধুর নাম। এক নম্বরে আছেন কলাম্বিয়ান ফুটবলার আন্দ্রে এসকোবার, যিনি ক্রীড়াজগতের জুয়াড়িদের হাতে খুন হন। বঙ্গবন্ধুর আগে চার নম্বরে আছেন দশম শতাব্দীর বাইজেন্টাইন সম্রাট ২য় নিকেফোরোস ফোকাস।

এই তালিকায় বঙ্গবন্ধুর ছবিসহ মাত্র তিন বাক্যের পরিচয়ে লেখা আছে, ‘…তাঁর মৃত্যুর পরে দেশটি বহু বছরের জন্য ক্যু, অনেক পাল্টা ক্যু ও অস্থিতিশীলতায় পতিত হয়। হত্যাকান্ডের পেছনে সিআইএর হাত থাকা সম্পর্কে গুজব রয়েছে।’

এই নিবন্ধে বঙ্গবন্ধুর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে দুঃখের বিষয় ‘জেড’-প্রজন্ম বা জেন-জি বলে কথিত ১৩ থেকে ২৮ বছর বয়সীদের কাছে বঙ্গবন্ধুর প্রকৃত পরিচয় এখন অনেক ঝাপসা। আরও দুঃখজনক যে, এটা ঘটেছে গত ১৬ বছর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনে বঙ্গবন্ধুকে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ প্রভৃতি বিশেষণে অতিমানব হিসেবে প্রচারের ঢক্কানিনাদ ও তার আড়ালে অপশাসনে দলীয় লোকদের দুর্নীতিসহ প্রচুর অপকর্ম দেখার এই প্রজন্মের অভিজ্ঞতার ফলে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত এবং নারীর সামাজিক অগ্রগতির মতো নজরকাড়া উন্নয়ন সম্ভব করলেও রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত রাখতে সুশাসনকে জায়গা দেননি। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর সরকার ও দলের যে ব্যবধান হয়েছে তা তিনি বুঝতে পারেননি। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এর পূর্ণ সুযোগ গ্রহণ করেছে। গত বছর জুলাই-আগস্টে বিক্ষুব্ধ জেন-জি ছাত্র-তরুণদের চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন দমাতে সরকার অতিরিক্ত পুলিশি শক্তি ব্যবহার করলে ব্যাপক রক্তপাত ঘটে এবং আন্দোলন সরকার উৎখাতের অভ্যুত্থানে পরিণত হয়। শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

শেখ হাসিনার সাম্প্রতিক দেড় দশকের শাসনকাল অজনপ্রিয় হলেও তরুণ প্রজন্ম জানে যে বাংলাদেশের জনগণের ভাষা-সাংস্কৃতিক স্বাধীকার, গণতন্ত্র, স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও শেষাবধি স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামে বঙ্গবন্ধুই ছিলেন প্রধান নেতা এবং তিনিই আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতা। আজকের রাজনৈতিক পরিস্থিতিতে যতই বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হোক, তরুণ সমাজেকে জানতেই হবে যে, কেন স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের শিকার হলেন এবং শত্রুরা কেন তাঁকে বার বার ‘হত্যা’ করছে এবং তা-ও পেরে উঠছে না। এই শত্রুরা কারা?

দৈহিকভাবে মানুষকে একবারই বিনাশ করা যায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট দেশের সেনাবাহিনীর কর্মরত ও সাবেক কয়েকজন অফিসারের একটি চক্রান্তকারী গ্রুপ দেশের প্রথম রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করে। তাঁরই মন্ত্রিসভার সদস্য বিশ্বাসঘাতক আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ সামরিক শাসন জারি করে নিজে প্রধান সামরিক আইন প্রশাসক হন। এই হত্যাকা- যে মূলগতভাবে স্বাধীনতা-বিরোধী ও পরাজিত পাকিস্তানী শাসকদের মতের অনুসারী গাদ্দার শ্রেণীর লোকদের দ্বারা সাধিত হয়েছে তা স্পষ্ট হয় রেডিওতে মুজিব নিহত হওয়ার ঘোষণাদানকারী মেজর ডালিম যখন তাৎক্ষণিকভাবে ‘জয় বাংলা’র পরিবর্তে প্রথম ‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করেন। সেই থেকে জাতি এখনো ‘জয়’ ও ‘জিন্দা’য় বিভক্ত হয়ে আছে। মোশতাকের সরকার ‘বাংলাদেশ বেতার’কে রেডিও পাকিস্তানের অনুরূপ ‘রেডিও বাংলাদেশ’ নামকরণ করেছিলেন। তিনি পাজামা, আচকান ও টুপিকে রাষ্ট্রীয় পোশাকও ঘোষণা করেছিলেন যা পরে বাদ দেওয়া হয়।

১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত একুশ বছর জোরেশোরে জিয়াউর রহমানের বিএনপি ও হালকাভাবে এরশাদের জাতীয় পার্টির সরকার বঙ্গবন্ধুকে বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছিল। এ সময় জাতির পিতাকে আড়ালে রেখে বা মিথ্যা প্রচারে তাঁর ভাবমূর্তি মলিন করার চেষ্টা করে তরুণ প্রজন্মের মন থেকে তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর দল, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে সেই সন্ধ্যায় বেতারে, বিভিন্ন জায়গায় মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বেজে উঠলে সারা দেশের তরুণরা এই অশ্রুতপূর্ব বজ্রকণ্ঠের তেজোঃদীপ্ত ভাষণ শুনে উদ্বেলিত হয়। বঙ্গবন্ধু সমহিমায় রাষ্ট্রীয় ও সরকারি মর্যাদায় অনুষ্ঠানিকভাবে ফিরে আসেন। ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস ঘোষণা করা হয়।

পাঁচ বছর পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে স্বাধীনতা-বিরোধী ধর্মীয় সাম্প্রদায়িক দল জামায়াতে ইসলামীকে মন্ত্রিসভায় নিয়ে সরকার গঠন করলে আবার সরকারি নির্দেশ জারি হয় সরকারি অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণের ও ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস বাতিল করার। আশ্চর্যজনকভাবে এই বছর থেকে ১৫ই আগস্ট বিএনপি নেত্রী সদ্যসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন শুরু হয়। এটা আগে হয়নি। এবং বিভিন্ন দলিলে খালেদা জিয়ার বিভিন্ন জন্মদিনের উল্লেখ পাওয়া যাওয়ায় এ নিয়ে একটি তিক্ততা সৃষ্টি হয়। উৎসব করে তাঁর নব আবিষ্কৃত জন্মদিন পালন জাতীয় শোকদিবসকে খাটো করার ইচ্ছাকৃত তৎপরতা বলে চিহ্নিত হয়। এভাবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রেষারেষি বাংলাদেশের রাজনীতিতে জনগণের কাছে দীর্ঘদিনের অনাকাঙ্খিত দিক হয়ে রয়েছে এবং তা জাতীয় ঐক্যকে দুর্বল করছে।

আমাদের দেশ একই ভাষাভাষী, একই ভূখন্ডে একই ইতিহাস, একই সংস্কৃতি, একই অর্থনৈতিক অভিজ্ঞতায় বেড়ে ওঠা, ধর্ম ও কিছু উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যসহ বিভেদের বড় কোনো উপাদান না থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য কেন শিথিল থাকে, কেন রাজনৈতিক বিভেদ বড় হয়ে বার বার সহিংসতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে এবং মীমাংসা করতে হবে।

মুক্তিযুদ্ধে আমাদের সর্বাত্মক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুষ্টিমেয় স্বাধীনতা-বিরোধী রাজাকার-আলবদর ছাড়া পুরো জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বলে আমরা বর্ণনা করি এবং সে-রকম ভাবতে ভালবাসি। কিন্তু এই ধারণাটি আবার ঝালাই করা প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা-বিরোধী শক্তি যতটুকুই থাকুক তারা পরবর্তীকালে বেড়েছে কি-না, শক্তি সঞ্চয় করেছে কি-না, স্বাধীনতাকেন্দ্রিক এই মতাদর্শগত বিরোধই আমাদের ছিন্নভিন্ন করে দিচ্ছে কি-না তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। ১৯৭৫-এ আওয়ামী লীগের ভেতর থেকেই মোশতাক খুনি বেরিয়ে আসেন। মুক্তিযুদ্ধকালেও মোশতাকের ভূমিকা সন্দেহজনক ছিল। স্বাধীনতার ঊষালগ্নে আওয়ামী লীগ ভেঙে জাসদ সংগঠিত হয়ে বিভেদের বিরাট ফাটল সৃষ্টি করে। স্বাধীনতার পরমুহূর্ত থেকেই বঙ্গবন্ধুর সরকারকে থানা লুট, ব্যাংক লুট, পাটের গুদামে আগুন প্রভৃতি মোকাবেলা করতে হয়েছে। এর প্রধান রাজনৈতিক শক্তি ছিল স্বাধীনতা-বিরোধী জামায়াত প্রভৃতি ধর্মান্ধরা ও এবং ‘শ্রেণী সংগামের’ নামে অতিবাম গোপন দলগুলি। জাসদও ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ আওয়াজ দিয়ে সশস্ত্র গণবাহিনী গড়ে তুলেছিল। এখনো নানাভাবে এই শক্তিগুলিকে এক জায়গায় আসতে দেখা যাচ্ছে।

সারা দুনিয়াতেই স্বাধীনতাকামী জাতীয়বাদী নেতা বা জাতীয় মুক্তি সংগ্রামের নেতাদের বিশেষ করে ১৯৫০-৭০এর দশকে হত্যা ও সরকার উৎখাতের পেছনে সাম্রাজ্যবাদকে দেখা যায়। তা কংগোর লুমুম্বা, গুয়াতেমালারর আলবেঞ্জ গুজমান ও আর্জেন্টিনা-কিউবার চে গুয়েভারা, ইন্দোনেশিয়ার সুকর্ন, চিলির আলেন্দেসহ লাতিন আমেরিকার এবং ইরানের মোসাদেকসহ মধ্যপ্রাচ্যের একগুচ্ছ নেতার নাম করাই যায়। বঙ্গবন্ধু হত্যার পেছনে সিআইএ ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারের ভূমিকা আছে কি-না তা অনুসন্ধান করেছেন অ্যান্থনি মাসকারানহাস ও লরেন্স লিফসুজের মতো প্রখ্যাত সাংবাদিকরা। ১৯৭৪ সালে সদ্যস্বাধীন বাংলাদেশের দুর্দিনে আমেরিকার সাহায্যের গমবাহী জাহাজ সমুদ্রে মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে দুর্ভিক্ষ অনিবার্য করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৭১-এ বাংলাদেশের স্বধীনতার বিপক্ষে পাকিস্তানকে অস্ত্র সরবরাহকারী সবচেয়ে বড় আন্তর্জাতিক শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২৪-এর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় আঘাত এসেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি-স্মারকগুলোর ওপর। এ সবকিছু সারা দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাসিনার চেয়ে বঙ্গবন্ধুকে বেশি আক্রমণ করা হচ্ছে। স্বাধীনতা-বিরোধীদের চাপে পড়ে এবং আওয়ামী লীগের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা করেছিলেন। ফর্মের দিক থেকে একদলীয় হলেও বঙ্গবন্ধুর কথিত ‘দ্বিতীয় বিপ্লবের’ কর্মসূচি ছিল মেহনতী মানুষের স্বার্থানুকূল সাম্যের আদর্শের কর্মসূচি। বঙ্গবন্ধু নিহত হয়ে যাওয়ায় বাকশাল পরীক্ষিত হতে পারেনি এবং তাঁর কন্যার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বাকশাল ব্যবস্থা পরিত্যাগ করে। তথাপি ইতিহাসের ঐ ক্ষণস্থায়ী তাৎপর্যহীন বাকশালের কথা তুলে শেখ মুজিবকে ‘ফ্যাসিবাদের আইকন’ বলে চিহ্নিত করা ও ১৯৭২-এ প্রণীত দেশের সংবিধান বাতিলের অপচেষ্টা চলছে। এটা করা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে দেশকে ঠেলে দেওয়ার জন্য। আবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সরকারি অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারিত হয়েছে কোনো সরকারি নোটিস ছাড়া। এমনকি ‘বেসরকারিভাবেই’ বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু বাড়ি ও স্মৃতি জাদুঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো অতীতের চেয়ে বেশিই করা হয়েছে। এমনকি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ৩২ নম্বরের মতো গুঁড়িয়ে দেওয়ার বেসরকারি হুমকি দেওয়া হয়েছে। এই পরিবেশে এসেছে বঙ্গবন্ধু হত্যার মর্মান্তিক স্মৃতিবিজড়িত শোকাবহ ১৫ই আগস্ট। যে ঘটনা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে তা হলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারিভাবে ঘোষণা করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই ১৫ই আগস্ট কোনো কর্মসূচি পালন করা হলে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাধা দেওয়ার বা শাস্তি দেওয়ার। বঙ্গবন্ধুর যে বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানেই ছড়ানো ইটগুলোকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারা বসানো হয়েছে। সামাজিক মাধ্যমে মানুষ লিখছে যে ব্যক্তিগতভাবে শোক অনুভব করা ও ঘরে-মসজিদে-মন্দিরে দোয়া-প্রার্থনা করতে তো কেউ বাধা দিতে পারে না। যে মানুষটির বাড়ি ভেঙে ফেলে ভাঙা ইট পাহারা দিতে বাহিনী বসানো হয়েছে সেই মানূষটি যে মৃত্যুঞ্জয়ী।

লেখক:
Muzzammil Husain Monju
মোজাম্মেল হোসেন
সাংবাদিক, কলামিস্ট, প্রাক্তন সম্পাদক, দৈনিক সমকাল; ঢাকা

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট