মৃত্যু তাকে করেছে মৃত্যুঞ্জয়ী

Comments

।। আলভী সীমান্ত ।।

“চলো বদলে যাই” গান শুনে দুই বাংলার কত প্রেমিক-প্রেমিকা নীরবে চোখের জল ফেলেছে তা যেমন অগনিত তেমনি দুই বংলার কত তরুনের গিটারে প্রতিদিন এ গান বাজে সেটাও আমাদের অজানা।

এ গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তিনি গান গেয়ে শুধু শ্রোতাদের অন্তর জয় করেননি; গানে গানে জীবন কেমন তাও শিখিয়ে গেছেন। “সুখেরই পৃথিবী” গানে বলে গেছেন জীবনের অতৃপ্ততা আর গ্লানির কথা। সুখ যে খুবই আপেক্ষিক বিষয় তাই শ্রোতাদের উপলব্ধি করিয়েছেন।

১৯৬২ সালের ১৬ আগষ্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এ শিল্পী। সংগীতই তার ধ্যানধারণা ছিল বলে মাত্র ৬০০ টাকা পকেটে নিয়ে ঢাকায় চলে আসে নিজেকে প্রকাশ করতে। সংগীত জীবনের প্রথম দশ বছর বিভিন্ন ঝড় ঝাপটা পেরিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত গন্তব্যে।

একে একে হিট হতে থাকে তার অ্যালবামও যার ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেন কিংবদন্তী। আইয়ুপ বাচ্চু থেকে বনে যান “এবি” তে। তার প্রথম গান ছিল ‘হারানো বিকেল’, প্রথম ব্যান্ড ‘ফিলিংস’। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন নিজের ব্যান্ড “এলআরবি”।

এ কিংবদন্তী মূলত রক ঘরানার হলেও তিনি নিজেকে বিভিন্ন ভাবে ভেঙে দেখেছেন। গেয়েছেন আধুকিন, প্লেব্যাক, মিস্ক আর সোলো। লিখেছেন এবং সুর করেছেন অজস্র গান। ভোকালিস্ট এবং লীড গিটারিস্ট ছিলেন নিজ ব্যান্ডে। তার গিটারের প্রতিটি সোলো যেন অন্তরের অব্যক্ত কথা বলেছে আর মুগ্ধ করেছে কোটি প্রাণকে, অনুপ্রানিত করেছে লক্ষ তরুণকে।

বাংলাদেশের তরুণ ব্যান্ড দল গুলোর অনুপ্রেরণা ছিলেন তিনি। নতুনদের যেমন ব্যক্তিগত সাহায্য করতেন তেমনি “ডি-রকস্টার” অনুষ্ঠানে বিচারকের দ্বায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বাংলা ব্যান্ড সংগীতের উন্নয়নে করে গেছেন বিভিন্ন কাজ।

আইয়ুব বাচ্চু রকস্টার হলেও কখনো রকস্টারের জীবন যাপন করেননি৷ ব্যক্তি জীবনে তিনি ছিলেন পরিবার কেন্দ্রীক, মাদকমুক্ত ও সহজসরল। ফ্যান্টাসি লাইফ খুব কাছে থেকে দেখেও কখনো আকৃষ্ট হননি। তিনি যেন বাংলা ব্যান্ডের অনন্য গৌরব।

আজ ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সত্যি “রুপালী গিটার ফেলে” চলে গেলেন না ফেরার দেশে। কাঁদিয়ে গেলেন কোটি কোটি ভক্ত-শ্রোতাদের। কিন্তু তাদের মাঝে রেখে গেলেন তার সৃষ্টি গুলো। মৃত্যু তাকে করেছে মৃত্যুঞ্জয়ী।

লেখক পরিচিতি:
আলভী সীমান্ত, বেস গিটারিস্ট ও গীতিকার, যোয়ান

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.