মেরি অলিভারের কবিতা

Comments

বিভার মুন – এক বন্ধুর আত্মহত্যা

যখন কোথাও জীবন
ভেঙে ফেলে কাচের জানালা,
আর চারদিক থেকে
আসতে থাকে নানান স্বরের খবর,
তুমি বলো: আমার বোঝা উচিত ছিল।
তুমি বলো: সচেতন থাকা উচিত ছিল আমার।

সেই শুক্রবারে ওকে
এত ক্লান্ত দেখিয়েছিল—
একজন পাহাড়ে ওঠা বৃদ্ধের মতো,
সাদা পথের ধ্বংসস্তূপে
হাঁটছিল যেন, শোনার চেষ্টা করছিল
বরফের উপরের চিড়ধ্বনি,
তার পরা জুতার নিচে।

তুমি বলো: শুনেছিলাম কিছু সমস্যা ছিল,
কিন্তু আমাদের সবারই তো কিছু না কিছু থাকে।
তুমি বলো: আমি আর কীই বা করতে পারতাম?
আর বাকিদের সঙ্গে চলে যাও
তাকে কবর দিতে।

সেই রাতে, তুমি বিছানায় ঘুমের চেষ্টায়
চাঁদ ওঠা দেখতে দেখতে ভাবো—
আরও একবার উপলব্ধি করো,
কি ক্ষুদ্র এক রুপালি মুদ্রা
অন্ধকারের বিপরীতে সে চাঁদ,
আর বাকি সবকিছু
এক অব্যাখ্যেয় রহস্য।আর তুমি কিছুই জানো না—
শুধু জানো,
চাঁদের আলো অপার সৌন্দর্য নিয়ে আসে—
নির্বাক সাদা নদীর মতো
গাছের শূন্য ডালে এসে মিলছে সেই আলো।
আর কোনো এক জায়গায়, কোনো এক মানুষের কাছে,
জীবন ধাপে ধাপে
অসহ্য হয়ে উঠছে।

বার্তাবাহক

আমার কাজ হলো এই পৃথিবীকেই ভালোবাসা।
এখানে সূর্যমুখীর বীজ, সেখানে পানিপাখি—
মিষ্টতার সমান বাছাইকরণ।
এখানে বড় হওয়া খামির, সেখানে নীল আলুবোখারা।
এখানে বালি-তলি খৌ, যেন অন্তরঙ্গ গান গায়।
আমার বুট ছেঁড়া? আমার কোট ফাটা?
আমি কি আর তরুণ নই, প্রায়ই অসম্পূর্ণ?
তবুও বলি —
যাই নেতিবাচকতা,
কাজেই আমি মন রাখবো সেই কাজে,
যা হলো স্থির থাকা ও বিস্ময়ে শেখার কাজ।ফিবি পাখি, ডেলফিনিয়াম ফুল,
বাধভূমি আর সেই একলা ভেড়া—
এই সবই বরণে আনন্দ, কারণ
প্রয়োজনীয় সব উপাদান এখানে।
কৃতজ্ঞতা প্রধান—
মন ও হৃদয় হাতে পেয়ে,
এই দেহবস্ত্র নিয়ে,
মথ ও পাখিকে
বারবার আনন্দের ঘোষণা দিই—
আমরা কী করে চিরকাল বাঁচি।

যাত্রা

একদিন অবশেষে তুমি জেনে গেলে
তোমারই পথ কোনটি,
এবং পা বাড়ালে সেখানে—
যখন চারদিক থেকে ভেসে আসছিল
ভুল পরামর্শের কোলাহল।

ঘরের ভেতর ধোঁয়া আর কম্পন,
পায়ের কাছে ভয়ের জ্বালা—
তবু থামাওনি তুমি নিজেকে।

“আমার জীবন পাল্টে দাও!”
একেকটি কণ্ঠ তীব্র আকুতি জানাল,
তুমি শুনলে, তবু স্থির রইলে—
কারণ তুমি জানো,
তোমার করণীয় কেবল একটাই।
আর যদি জলোচ্ছ্বাস গ্রাস করে নেয়
তাদের ভাঙা ভিত্তি,
তবুও তুমি একে একে ছেড়ে দিলে
তাদের দুঃখের ভার,
যেন ছায়া ঝরে পড়ে শরতের গাছ থেকে।
রাত ছিল গভীর,
পথে ছড়িয়ে ছিল শাখা, ছায়া, ভগ্নচিহ্ন—
তবু ধীরে ধীরে পিছনে ফেলে এলে সব,
এবং মেঘের আড়াল সরিয়ে
শুনতে পেলে সেই কণ্ঠ—
নিজস্ব, অপরিহার্য, অবিচল—
যা বহুদিন ধরে তোমার ভেতরে
ধ্বনিত হচ্ছিল নীরবে,
এবং যা বলছিল শুধু একটিই কথা:
“তুমি সেই জীবনই রক্ষা করবে,
যা তুমি নিজে বাঁচাতে পারো।”

শীতের তারার ঝাঁক

আহ, পৃথিবী,
তুমি আমাদের জন্য কত পাঠ সাজিয়ে রাখো—
পাতাহীন শীতেও,
ছাইছোপে ঢাকা শহরেও।
এখন ভাবছি—
শোকের কথা,
তাকে অতিক্রম করার কথা।
আমার বুটজোড়া যেন
মাটি ছেড়ে উড়তে চায়,
আমার হৃদপিণ্ড
ধুকপুক করে ওঠে।আমি আবার ভাবতে চাই
ঝুঁকিভরা, মহান কোনো কিছুর কথা।
আমি হতে চাই হালকা, হাসিখুশি—
অসম্ভব সৌন্দর্য্যে ভরা,
কোনো কিছুকেই না ভয় পাওয়া,
ঠিক যেন আমার ডানা আছে।

কালো জলের অরণ্যে

এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে 
তোমাকে শিখতে হবে 
তিনটি কাজ— 

ভালোবাসতে হবে যা মরণশীল
তা আঁকড়ে ধরতে হবে 
নিজের অস্থিমজ্জায় অনুভব করে যে
তোমার জীবন তাঁর উপরই নির্ভর করছে;
আর যখন সময় হবে ছেড়ে দেওয়ার,

তখন ছেড়ে দিতে জানতে হবে।

লেখক:
Mary Oliver
মেরি অলিভার
আমেরিকান কবিতার আকাশে মেরি অলিভার (Mary Oliver) এমন এক দীপ্ত নক্ষত্র, যার আলো একাধারে কোমল ও অনিবার্য। তার কবিতায় প্রকৃতি কেবল পটভূমি নয়—এটি এক জীবন্ত চরিত্র, যেখান থেকে তিনি আত্মার গভীরে পৌঁছানোর সেতু নির্মাণ করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিক উত্তরাধিকার, ওয়াল্ট হুইটম্যানের মুক্তকণ্ঠ মানবপ্রেম, এবং এমিলি ডিকিনসনের অন্তর্মুখী গভীরতা—সব মিলিয়ে অলিভারের কাব্যভুবন এক অনন্য সংমিশ্রণ।

প্রকৃতি, আত্মা ও মানবমনের কবি মেরি অলিভারের জন্ম ১৯৩৫ সালের ১০ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক ছোট শহরে। ১৯৫০ সালের মাঝামাঝি অলিভার অল্প সময়ের জন্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি ও ভাসসার কলেজে পড়াশোনা করেন। কিন্তু ডিগ্রি শেষ করেননি।

অলিভারের কবিতা নিছক বর্ণনা নয়, বরং এক অন্তরাত্মার যাত্রা—প্রকৃতির ক্ষুদ্রতম অনুষঙ্গে তিনি খুঁজে পান নিত্যনতুন আধ্যাত্মিক ইঙ্গিত। ড্রিম ওয়ার্ক (১৯৮৬) হাউজ অফ লাইট (১৯৯০), হোয়াই আই ওকে আর্লি (২০০৪), অ্যা থাউজেন্ড মর্ণিংস (২০১২), এবং ব্লু হর্সেস (২০১৪) –এর মতো গ্রন্থে তিনি বারবার মনে করিয়ে দেন, জীবনের সৌন্দর্য কেবল বৃহৎ দৃশ্যপটে নয়, বরং ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুতেও লুকিয়ে আছে।

তার ড্রিম ওয়ার্ক কাব্যগ্রন্থে ব্যক্তিগত ক্ষত, আত্ম-উন্মোচন ও প্রকৃতির নিরাময়শক্তি মিশে গেছে। এখানে অন্তর্ভুক্ত দ্য জার্নি কবিতায় তিনি দেখান কিভাবে একজন মানুষ ভুল পরামর্শের কোলাহল পেরিয়ে নিজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর খুঁজে পায়। এটি আত্ম-উদ্ধারের এক শক্তিশালী রূপক। হাউজ অফ লাইট গ্রন্থে প্রকৃতির সঙ্গে আত্মার সংলাপ সবচেয়ে মসৃণভাবে প্রকাশিত হয়েছে। দ্য সামার ডে কবিতায় তিনি অস্তিত্বের প্রশ্ন তোলেন- “টেল মি, হোয়াট ইজ ইট ইয়্যু প্ল্যান টু ডু উইথ ইউর ওয়ান ওয়াইল্ড এন্ড প্রেশাস লাইফ?” যা পাঠককে নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে। হোয়াই আই ওক আর্লি গ্রন্থে ভোর, আলো, ও প্রকৃতির প্রতিদিনের বিস্ময়কে উদযাপন করা হয়েছে। এটি আধ্যাত্মিক কৃতজ্ঞতা ও প্রাণের উচ্ছ্বাসে ভরপুর। মেসেঞ্জার কবিতায় তিনি নিজেকে প্রকৃতির দূত রূপে কল্পনা করেন, যার কাজ আনন্দ ও বিস্ময় ছড়িয়ে দেওয়া। অ্যা থাউজেন্ড মর্নিংস বইয়ে মৃত্যুচেতনা, সময়ের প্রবাহ, এবং জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য ধরা দিয়েছে সরল অথচ গভীর ভাষায়। আই গো ডাউন টু দ্য শোর কবিতায় তিনি সাগরের সঙ্গে নীরব সংলাপে অংশ নেন, যা জীবনের অনিত্যতাকে মেনে নেওয়ার এক কাব্যিক রূপ।ব্লু হর্সেস গ্রন্থে অলিভার শিল্প, ভালোবাসা, এবং প্রকৃতির মধ্যকার রহস্যময় সম্পর্ক অনুসন্ধান করেছেন। আই ডন্ট ওয়ান্ট টু লিভ অ্যা স্মল লাইফ কবিতায় তিনি জীবনকে পূর্ণতা ও সাহসিকতায় বাঁচার আহ্বান জানান।

অলিভারের চিন্তাদর্শন একাধারে সরল ও গভীর—তিনি বিশ্বাস করেন, জীবনের অর্থ উদ্ঘাটিত হয় ধীর পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি থেকে। তাই তার কবিতা একদিকে প্রকৃতির দিগন্ত খুলে দেয়, অন্যদিকে পাঠককে নিজের ভেতরের সত্য খুঁজে পেতে আহ্বান জানায়।

কবিতার জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৭০ সালে পেয়েছেন শেলী মেমোরিয়্যাল এওয়ার্ড। ১৯৮০ সালে গুগেনহাইম ফাউন্ডেশন ফেলোশিপ, ১৯৮৪ সালে ‘আমেরিকান প্রিমিটিভ’-এর জন্য পুলিৎজার পুরস্কার, ১৯৯২ সালে ‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েম’-এর জন্য ‘ন্যাশনাল বুক এওয়ার্ড ফর পোয়েট্রি’, ১৯৯৮ সালে ‘ল্যাননান লিটারেরি এওয়ার্ড’-সহ পেয়েছেন আরো নানা পুরস্কার আর সম্মান। ১৯৯৮ সালে ‘আর্ট ইন্সটিটিউট অফ্‌ বোস্টন’, ২০০৭ সালে ‘ডার্টমুথ কলেজ’, ২০০৮ সালে ‘টাফটস্‌ ইউনিভার্সিটি’, ২০১২ সালে ‘মার্কেট ইউনিভার্সিটি’ থেকে ‘অনাররি ডক্টরেট’ দেওয়া হয় তাঁকে।

বাংলা অনুবাদক:
Ali Siddiqui
আলী সিদ্দিকী
কবি, লেখক, সম্পাদক; পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট