মোহাম্মাদ নাকিবউদ্দীনের কবিতা

Comments

আব্বে হালার ফুর্তিবাজ

নেহারী আর তেহারী
লগে মুহররমের গোলাবী লওরী
শার্টের কলার তুইল্লা ধরি
দিলে রোশনাই চিক্কুর মারি
খুশবু আত্তরে চক্কর সারি
গোলাপি গম্বুজ নবাব বাড়ি
ইসলামপুরে ঘোড়ার গাড়ি
জীবন আনন্দ কনফেকশনারী
হাজির বিরিয়ানি আর ডাইলপুরী
ঝুনুর পোলাও নারিন্দায় ঘুরি
সাকরাইনে মহল্লায় ঘুড্ডিতে উড়ি
মাঠা মাখনা ঝালমুরি
বাকরখানি খাস্তা নিমসুকা ভরি
গেলাসি লাসসি সুড়সুড়ি
গেণ্ডারিয়ায় নাই গেণ্ডারি
চাঁনখারপুলে খুইজ‍্যা মরি
বেচারাম দেওড়ির ঐ বেচারী
মাহুতটুলীর গল্লি ছাড়ি
আরমানিটোলায় লউর পারি
হকির ব্যাটটা হাতে ধরি
হালার সবতেরে দাবড়াইয়া মারি
পাড়ার যত্ত ছেরীছুরী
উঁকি দিয়া কয় যে ভারি
আইয়া পইড়েন তাড়াতাড়ি
রাইতে বেশি কইরেন না দেরী
দিল মে রাইখেন হামোকা বাড়ি
চকে বইয়্যা খাই ইফতারী
তারা মসজিদে ফরয সারি
লুঙ্গি ছাইড়্যা লঙ পরি
ঢং কইর‍্যা গিঠ্ঠু ছাড়ি
চাইলে মাগার হাতেও ধরি
‍আইলে রংবাজ, দুই নম্বরী
সিনা টানটান দেই চিক্কুরি
সানগ্লাসটা রাইতে মারি
রিকশায় চাইপ‍্যা ঘুরিফিরি
কইষ্যা ধরসি জীবন দড়ি
এক জিন্দিগিতে সবই করি
আমি হালায় চাল্লু ব‍্যাটারী

ঈদ সালামি

এই ঈদে চাইছি সালামি ঈদি,
খুব খুব চাই দয়া করে দাও যদি।
আমরা শিশুরা গোটা বিশ্বেরই সন্তান,
মায়ের ভাষায় কথা বলি, গাই নিজের দেশের গান।
চাই লিখতে পড়তে, আনন্দে খেলতে, শুনতে শান্তির বাঁশি,
চাই এক হাতে থাকুক দুরন্ত শৈশব, অন‍্যহাতে শশী-হাসি।
বিষাদ শিশুরা সুরহীন আজ অসুর বড়োদের কাজে,
শান্তি রুদ্ধ, করছে যুদ্ধ, হানাহানি কান্না বাজে।
অহমিকা ফানুস, মারছে মানুষ, মরছে অসহায় শিশু,
গুঁড়িয়ে দিচ্ছে স্বপ্ন, প্রজন্ম, কি নিষ্ঠুর নরপশু!
বড়োরা যদি মজা পাও এত যুদ্ধ যুদ্ধ খেলা!
শিশুদের তাহলে কেন এনেছ, পৃথিবীকে অবহেলা?
মুখে তোমাদের বড়ো বড়ো বুলি,
মুসা, ঈসা, মোহাম্মাদ পিস্ বি অন্ ভুলি,
সালাম, শালোম, ওম শান্তি কলমে,
ঈদের সালামী মম শান্তির মলমে।
ঈদের সালামি হাতজোড়ে এই ঈদে,
যুদ্ধ মিটিয়ে মেটাও পেটের ক্ষিদে।
ইতিহাসে লিখা হবে তোমরা, উন্মাদ উজবুক,
থামাও পাগলামি মেলাও শান্তিকামী, মানুষের বুকে বুক।
চাই সালামি, বড়োদের হাতে শান্তিপতাকা উড়ুক,
চাই সালামি, বড়োদের হৃদয়ে শান্তিপায়রা ডাকুক,
চাই সালামি, বড়োদের সুকর্মে বিশ্বমানবতা বাঁচুক,
চাই সালামি, খিলখিল নিখিল ছোটোদের বিশ্বটা হাসুক॥

হিপোক্রেসি

পৃথিবীর বসতি গুঁড়িয়ে চাঁদে গড়ি-বাড়ি,
অমঙ্গল যুদ্ধ বাঁধিয়ে মঙ্গলে দেই পাড়ি।
সহজ হিসাব ছিল বিশ্বটাকে গড়া,
মানবতার বিজয়অশ্বে প্রজন্মসহ চড়া।
নিখরচা সদিচ্ছায় যেত জীবনকে ভালোবাসা,
ভুবন ভরানো যেত শান্তি-সুখ-আশা।
ডানে-বামে তাকিয়ে আগে ভালোবাসো প্রাণ,
অহম-খড়ম ছুঁড়ে ‍রাখ রহম বহমান॥

না চাইতেই

তুমি না চাইতেই আসি
যেমন শ্রাবণ দিনের জল
মেঘপালকির অপেক্ষায় না থেকে
ইচ্ছেমেঘে চেপে ভেজায় অবিরল
আমি অনুমতিহীন ঢুকে পড়ি শোবার ঘরে
খাটের পাশে বসি আলতো করে
নির্ণিমেষ চেয়ে থাকি যেন অহল্যার পানে
কখন উঠবে সে পাষাণ ভাঙার গানে
না চাইতেই আমি থাকি হৃদয়কন্দরে
ঘুরে বেড়াই শিরায়-উপশিরায়
মনের বারান্দায় অলিতে-গলিতে আর ভালোবাসার বন্দরে
আর আসি চুপিসারে তোমার স্বপ্নে
মিশে যাই নিঝুম নিঃশব্দে
একসাথে দেখি কাশফুল ফুটেছে আজ লাল-নীল-সাদা
নবীনা হরিণী ছোটে কস্তুরী গন্ধে মাদল ছন্দে
কতক্ষণ? জানি না, তবু না চাইতেই আমি থেকে যাই স্বপ্নানন্তে
না চাইতেই আমি এসে থেকে যাই

জীবম্মৃত

এখন আর ঝড় আসে না ঝোড়ো বেগে,
দেয় না কোনো পূর্বাভাস,
ঘাড় ঘুরালেই চারিদিকে দেখি হঠাৎ গাদা গাদা লাশ,
পাথর চাপা ভারী দীর্ঘশ্বাস,
আর ছিন্নভিন্ন, অসহায় আকাশ-বাতাস।
কোত্থেকে এলো? কিভাবে এলো? কেন এলো?
– প্রশ্ন করে না কেউ আর,
অস্বাভাবিক মৃত‍্যু যেন অতি স্বাভাবিক মামুলি ব্যাপার,
রোজকার কারবার,
চায়ের কাপে আয়েশি চুমুক দিতে দিতে টিভির চ‍্যানেল পরিবর্তনে,
সেলফোনে একাঙ্গুলের মোলায়েম টানে,
চটজলদি লাশ ধামাচাপা দেয়া যায় বেশুমার,
জেরবার আখবার!
ইন্দ্রিয়ে সুড়সুড়ি দেয়া কোনো খবরের তলে, কিংবা আনন্দ-যমুনার জলে,
করুণচোখে আটকে থাকে, গায়ে কাঁটা দেয়া খবরগুলো যেন, ক‍্যাকটাস কাঁটার গলে,
জীবন্মৃত নিথর বোধহীন হয়ে বিবশ থাকি আমরা বাস্তবকে ভুলে,
পরাবাস্তব জাবর কাটি, আর সমর-সম্ভোগ শেষে, “আছি তো বেশ” বলি, তৃপ্তির ঢেঁকুর তুলে,
বেঁচে থেকেও অনুভূতিহীন লাশ হয়ে পথ চলি– কানাগলি হেলেদুলে॥

লেখক:
Mohammad Naqibuddin
মোহাম্মাদ নাকিবউদ্দীন
কবি, বিতার্কিক, চিকিৎসক; বাল্টিমোর, যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট