ক্লিওপেট্রা
ডুবে যাই,
দীঘির কালো জলের মতো
অতল বিষাদে ডুবে যাই বারবার
বারবার ভেসে উঠি।
ভেসে উঠি ধারাজলে,
ভেসে উঠি হলাহলে,
ভেসে উঠি নিত্যকার অনবধানতায়।
কোনও কোনোদিন কথা ধার করি।
‘একটা ঘর ভাঙ্গার পর
আরেকটা ঘর গড়া’…
ধার করা কথা আওড়াই আনমনে
আরেকটা ঘর দূরান্তরে
ডাক দিয়ে যায়,
যে ঘরে কখনও হয়নি যাওয়া।
এক-একটা দিন মন বদলায়।
অদম্য উল্লাসে মেতে
উঠে বলে, ধূর ছাই!
পড়ে থাক আজ যত সামাজিক
নিয়মকানুন, মিঠেমুখ
আর মিছরির ছুরি।
আজ আমি ক্লিওপেট্রা হবো ঠিক।
‘Erernity was in our lips and in our eyes’
অথবা ‘এক নিমেষের অমিত প্রগলভতা’।

অনিন্দিতা – পাঁচ
শিশিরের মতো টুপটাপ ঝরছে অসুখ
ঘন কুয়াশার মতো ঘিরেছে হতাশা
কতোদিন, অনিন্দিতা?
কতোদিন দেখিনি তোমায় বলো!
কতোদিন একটাও চিঠি হয়নি লেখা!
রোদের বিকেল একা ফিরে গেছে
শূন্যতার গাঢ় গন্ধে ভরেছে গ্রীষ্মের সাঁঝ
বেলিফুলগুলো একটাও
বেঁচে নেই আর হারানো খোঁপায়,
ঝরে গেছে আমাদের চাঁপাগন্ধী দিন।
সবুজ যে সুখ সুখ তোতাপাখি সব
উড়ে উড়ে আমাদের কথা বলে যেত
নগরীর প্রতি ঘরে ঘরে
আজ আর তাদের একটাও নেই,
নিস্তব্ধ আকাশ তাই ক্লান্ত অবকাশে।
ফিরে আসবে না জানি প্রিয় অনি
অপেক্ষায় থেকে থেকে শেষযামে
চাঁদ অস্তাচলে ঢলে গেছে
হিমে জমা কুঞ্চিত কপোল আজও তবু
খুঁজে ফেরে তোমারি সে উষ্ণ ওষ্ঠাধর।

নস্টালজিয়া
আবছায়া বিকেলের বাঁকে
আর ঝিমধরা ডাহুকের ডাকে
মনে পড়ে ভুলে যাওয়া বন্ধুর মুখ
মনে পড়ে আধখানা স্বরলিপি
জলছাপ ছবি, চিঠির আলাপ
আর মিছে কোলাহল, আড্ডার সুখ
হুট করে পাল্টানো রোড সিগন্যাল
ট্র্যাফিক সবুজ, কবে উবে গেছে লাল
ছুটির বিকেলে বাড়ি ফেরবার তাড়া
চক্রযানে যেন তবু থমকায় হাত
হঠাৎ হারানো মন, মিছে উৎপাত
ভুলে থাক ভোলা মন, প্রাণের ইশারা।

ইতি মহিষাসুর বধ
“শুনিছ, জামিলের বউ!
নেতা আসিবেক কাল”
“ক্যালা? হামি তো বোলাই নাই তারে!”
“আরে! অবোলা মাইয়াছেইল্যা!
তুমার সোয়ামি মরিছে, হেই লাগি আসিবেক।
তুমাক দেইখবার লাগি!”
“হামাক দেইখবার কিছু তো নাই মেয়াভাই।”
“এত কতা কও ক্যালা বউ! ভাগ্যি মান
নেতা আসিবেক!”
“ভাগ্যি! ভাগ্যি কন মেয়াভাই!
হামার মানুষডা অকালে চলি গেল,
অবুঝ ছাওয়াল কোলে
বেওয়া হনু মুই, এরে কন ভাগ্যি!”
“বড় বেশি কথা ক’বার নাগিছ।
নেতা থাকিবেক মাথার প’র,
টেকা পয়সার টান পড়িবেক না।“
“মোর মাথার প’র আল্লা মে’ভাই,
গতরখাটা মেইয়াছেইলা মুই।
নেতার খ্যাতাফুড়ি, হামার দিক হাত
বাড়ান না য্যান!
দাওখানি শান দি রাখিছি ক’লাম!”
“দুগোচ্ছবের দিন জামিলের পোলাডা
আসি দুয়ারে খাড়া থাকে ক্যালা মাগো?
দেখিছি তার চোখ টলটল!”
“তার মায় যে অসুর বধ করি
ফাঁসি গেছে বাপধন,
মায়রে তার মনে নাই!
তাই হ্যায় দুগ্গা মায়রে দ্যাখপার আহে…”
পুতপুরোহিতকণ্ঠ বেজে ওঠে–
ইয়া দেবী সর্বভুতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমহ:।

কোলাজ
দুটো মোটা বই, এক মাথা হ্যাংওভার (যার ঠিক বাংলা হয় না) আর এক মগ কালো কফি হাতে আর যাই হোক, ঝগড়া ঠিকমতো হয় না। মাথা বলে, ‘উফ, আর পারি না’। কফি বলে, ‘আমি যে ততক্ষণে জুড়িয়ে যাবো!’ আর বই দুটো ফিসফিসিয়ে বলে, ‘ত্তেরি! বাদ দাও না, থাক!’ সুযোগ দিলে অবশ্য বই দুটো আরও অনেক কথাই বলত, কিন্তু মাথা আর কারও কথাই শুনতে নারাজ। এমনকি রিনরিনে মিষ্টি কণ্ঠের ঝংকারও না। মুশকিল হচ্ছে ঝংকার তার নিজের গতিতে চলে, কেউ শুনতে চাক বা না চাক, উত্তর দিক বা না দিক তাতে তার কিছু আসে যায় না।
উপায়ান্তর না দেখে মাথা ঢিলেঢালা শরীরটাকে টেনে ঝুলবারান্দায় নিয়ে গেল। এখানে একটা গা এলানোর চেয়ার আছে, পাশে জবা আর বাগানবিলাসের বনসাই আছে, এমনকি কফির মগটা নামানোর মতো একটা ছোট্ট বেতের টেবিলও আছে। সব মিলিয়ে বলা যায় এই ঝুলবারান্দার নিজস্ব একটা ইমেজ আছে। ছিমছাম, রুচিশীল, গোছানো একটা ইমেজ। ঝংকারের নিজের হাতে গড়া এই ইমেজ সে কিছুতেই নষ্ট হতে দেবে না। মাথা সেটা জানে বলেই টুপটাপ পা দুটোকে এদিকে এনে ফেলেছে। বুদ্ধিটা মন্দ নয়। ঝুলবারান্দার লক্ষণগণ্ডী পার হয়ে ঝংকার ভেসে এলো না, শুধু একঝলক অগ্নিদৃষ্টি পিঠের মাঝে ডাকটিকেটের মতো সপাৎ করে সেঁটে গেল।
কফিতে চুমুক দিতেই মনে হলো অমৃত এত ভালো কিছু নয়, হতেই পারে না। মিষ্টি একটা তরল দুগ্ধপোষ্য শিশুর উপযুক্ত হতে পারে, কিন্তু পূর্ণবয়ষ্ক মানুষের রসনার জন্যে ভিন্ন কিছু স্বাদ প্রয়োজন। ঝংকার সে কথা জানে না তা নয়, কিন্তু ঝংকার ‘ইমেজ’ পছন্দ করে। আরও অনেকের মতো সে চায় দেওয়ালে দেওয়ালে বাঁধাই করা কিছু খণ্ডচিত্র, কিছু মায়ের আদলে, কিছু বন্ধুর কাছে ধার করা, কিছু বা আবার প্রতিবেশির অনুরূপ। খণ্ডিত সব মাজাঘষা ছবি এমব্রয়ডারির মতো জুড়ে নিয়ে সাজানো একটি নিটোল জীবন। অন্তত প্রকাশ্য অংশে তো বটেই। এমব্রয়ডারির উল্টোদিক সবার জীবনেই থাকে, আছে, কিন্তু তাই বলে সেটাই তো আর পূর্ণসত্য নয়!
কফিটা বেশ কড়া হয়েছে আজ, মাথাটা দিব্যি ছেড়ে যাচ্ছে। বইয়ের পাতা খোলা যেতে পারে, অথবা না খুললেও হয়। ঝুলবারান্দায় সকালের মিষ্টি বাতাসটা বেশ লাগছে। সেই কবেকার হারিয়ে যাওয়া একজোড়া চোখ মনে পড়ে যাচ্ছে। চোখজোড়া এমন কিছু সুন্দর ছিল না, ঝংকারের মতো মিষ্টি আর কাজল-মাখাও নয়। বরং দূর্বিনীত আর ধারালো ছিল। কফিটার মতো তেতো। ঝংকৃত স্বরে চোখজোড়া কখনও বলেনি, ‘ভালোবাসি’। বরং মুচকি হেসে উদাস কণ্ঠে বলেছে, “বেশি ভালোবাসা ভালো নয়, কদিন পরেই হাঁসফাঁস লাগবে”। ভুল নয়, লাগেই তো! মানুষ জীবটাকে পাদপীঠে বসালেই মুশকিল, হয় সে দেবতা বনে ওখানেই জুড়ে যায় অথবা খাপ খাওয়াতে পারে না বলে নিচে আছড়ে পড়ে।
মানুষ হলেই সে ভুল করবে, আদর্শলিপির পাতার বাইরে পা বাড়াবে, জীবনটাকে নেড়েচেড়ে দেখবে চারদিক থেকে, উল্টেপাল্টে। সে যে প্রমিথিউসের বংশধর। দূর্বিনীত চোখজোড়া সে কথা জানত। ভালোবেসে বশ মানতে চায়নি বলেই তাকে ঝুলবারান্দায় বাঁধিয়ে রাখা গেল না। ঝংকারকে নিষ্কণ্টক রাজ্যপাট বুঝিয়ে দিয়ে সে অবলীলায় হারিয়ে গেল।
রিনরিন শব্দটা পিঠের কাছে বাজতেই ঘোর কেটে গেল। কফির পেয়ালার পাশে ঠক করে বিস্কুটের পিরিচ জুড়ে গেল। ‘খালিপেটে কফি খাওয়া ভালো নয়’। ঝংকার এখন গুড়ুগুড়ু মেঘ। বিস্কুট অবহেলা করা যাবে না, এমনকি কফির স্বাদটা তাতে বদলে গেলেও। বিস্কুট শেষ হয়ে আসতে আসতে ঠিক বর্ষা নামবে। সুরসপ্তকের সুরগুলো নিয়মে বাঁধা, ভীষণরকম প্রেডিকটেবল। বর্ষা নামলেই মাথাকে হার মেনে ঝুলবারান্দা ছাড়তে হবে। শূন্য কফির পেয়ালা আর না খোলা বই পড়ে থাকবে প্রাকগ্রীষ্মের উদাসী বাতাসের সাথে। দেওয়ালের খণ্ডচিত্রগুলো একটি পরিপূর্ণ কোলাজে মিলে যাবে।
প্রমিথিউস হয় কোটিতে গুটিক, বেশিরভাগ মানুষ হেরার কোকিল হয়েই জীবন পার করে দেয়।

লেখক:
মৌসুমী দাশগুপ্তা
কবি ও গদ্যকার, চট্টগ্রাম, বর্তমানে প্রবাসী