রথো রাফি – কবি, অনুবাদক ও সাংবাদিক। মেঘনা পাড়ের ছোট্টো শহর আশুগঞ্জে জন্ম একাত্তরের ৩১ মার্চ। পারিবারিক নাম মোজাম্মেল হক। নিভৃতচারী, মিতভাষী, অন্তরে অমিত যোদ্ধা কিন্তু বিপ্রতীপ বিনয়ী এবং প্রকাশবিমুখ টগবগে মানুষটি ফুসফুস ও কিডনির অসুখের সাথে যুদ্ধের সমাপ্তি টেনে, সকল শুভাকাঙ্ক্ষীর আশা ও প্রার্থনায় যতি টেনে ২২ অক্টোবর, ২০২৬, জীবনানন্দের প্রস্থান দিনটিতে অনন্ত জীবনের পথে যাত্রা করলেন।
কবিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাঙালীয়ানার সাহিত্য পাতায় আজ প্রকাশ করা হলো কবির সর্বশেষ কবিতাটি, সেইসাথে তাঁর সাম্প্রতিকতম কয়েকটি অনুবাদ কবিতা। – সাহিত্য সম্পাদক
মন ডাকে, আমিও না?
বৃষ্টি পড়ে মাথার ওপর, ছাতার ওপর,
ছাদের ওপর, চাঁদের নিচে, অথচ এ ছাতায়,
দেখো, কাজ হচ্ছে না, ছাদ মানছে না,
চাঁদ ভিজছে না তো। বৃষ্টি পড়ছে, আহ, হৃদয়ে
স্মৃতিতে, ঢেউ উঠছে মনের পুকুরে,
তোমাকে ভীষণ ডাকছে, ওপরে ভেসে
ওঠো ভেনাস, আমি তো শূন্য কলসির
মতো বাজছি তৃষ্ণায় অবিরাম বৃষ্টির
আনুশকা আঙ্গুলে। তুমি কি চাও না
বিন্দু বিন্দু চাঁদ আজ রাতে ঝরে পড়ুক
শরীরে আমার, তোমার আবেশে, এই
বৃষ্টিতে, তুমি কি চাও না ঘামের হীরে
ঝলমল করুক? অন্তত একবার বুঝে
নিই ছাতার অর্থ কি, ছাদের অর্থ কি,
চাঁদের অর্থ কি, বলো হে ভেনাস আমার,
ঝরবে না, এমন একাকি বৃষ্টির রাতে,
অন্তরের ছাতাটি কি, বলো, হবে না তুমি?
বৃষ্টিতে আরও টলমল করছে দুঃখের
নদী, অথচ তুমি উঠছো না ঢেউ ছেড়ে।
যদি দেখতে ভেনাস বৃষ্টিজামার মতো
অন্তর কেমন ভিজে শপ শপ, হায়,
জন্মে মন শরীরে, বাতাসে কতো নড়ে!
১২ অক্টোবর, ২০২৫

বাবার জন্য একটি কবিতা
মূল ~ আলেহান্দ্রা পিসারনিক
আর ঠিক তখনই
মুখে জমে যাওয়া এক হিমশীতল ও নিথর জিভ নিয়ে
তিনি গাইলেন সেই গান যা গাওয়ার অনুমতি তাকে দিয়েছিল অন্যরা
অশ্লীল সব বাগান আর ছায়ার এই পৃথিবীতে
যে ছায়ারা অসময়ে এসে তাকে মনে করিয়ে দিত
তার যৌবনের সেই সব গানের কথা
যেখানে তিনি গাইতে পারেননি নিজের পছন্দের গানটি
গেয়েছিলেন কেবল সেই গান যার অনুমতি ছিল তার
যদিও তার সেই উদাসীন নীল চোখ দিয়ে
সেই উদাসীন মুখ
আর সেই উদাসীন কণ্ঠস্বর দিয়ে।
তারপর শূন্যতার সুউচ্চ মিনার থেকে
তার গান প্রতিধ্বনিত হলো যা কিছু লুকানো তার সেই অস্পষ্টতায়
সেই স্তব্ধকৃত বিস্তৃতির মাঝে
যা চলমান এক শূন্যতায় ভরা ঠিক সেই শব্দগুলোর মতোই যা আমি লিখি।

তোমার অভাব
মূল ~ শু টিং
চীনা থেকে ইংরেজি – ক্যারোলিন কাইজার
সীমানাবিহীন এক বহু-রঙা চার্ট;
বোর্ডে লেখা এক সমীকরণ, সমাধান ছাড়াই;
এক-তারের বীণা যা জপ করে বৃষ্টির দানাকে;
এক জোড়া অকেজো বৈঠা যা কখনোই সাগর পাড়ি দেয় না।
স্থবির হয়ে অপেক্ষমান কুঁড়ি;
চেয়ে আছে দূর থেকে অস্তগামী সূর্য।
যদিও আমার মনে হয়তো বা রয়েছে এক বিশাল মহাসাগর,
শেষ পর্যন্ত যা বেরিয়ে আসে তা হলোঃ দু-ফোঁটা অশ্রু।
হ্যাঁ, এই দৃশ্যপট থেকে, এই গভীরতা থেকে,
কেবল এটুকুই।

এটি কেবলই আরেকটি সাধারণ দিন
মূল ~ প্রীয়াকিত বুরানাসিন
তার চোখগুলো ছিল রক্তবর্ণ, পেটে ছিল গভীর ক্ষত আর হাড়গোড় ছিল ভাঙাচোরা।
এর আগেই তাকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং লাঠি ও পাথর দিয়ে পেটানো হয়েছিল।
জ্ঞান ফেরার পর সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এল আর দেখল সেই চারজন লোক—
যারা তাকে আক্রমণ করেছিল—তারা পালাক্রমে তার নারীর ওপর চড়াও হয়েছে।
সে আর্তনাদ করে উঠল, ‘থামো!’ তারপর, ‘দয়া করে থামো!’ তারপর, ‘ঈশ্বর, ওদের থামাও!’
কিন্তু সবকিছু চলতেই থাকল: নারীর চিৎকার, তার নিজের যন্ত্রণা আর ওপরের লোকটির বিকৃত আনন্দ।
আর কাজ শেষ হলে তারা যে যার পথে চলে গেল।
তুমি কি জানো, পৃথিবীর কোনো কোনো জায়গায় এটি কেবলই আরেকটি সাধারণ দিন?

হলুদ না লাল
মূল ~ প্রীয়াকিত বুরানাসিন
জানতে চেয়েছিলেন, আমি হলুদ না কি লাল।
দীর্ঘ নীরবতার পর অবশেষে আমি বললাম:
“বেশ তো, স্যার। আমার সমগ্র সত্তাকে
মাত্র একটি নির্দিষ্ট রঙের ছায়ায় সংজ্ঞায়িত করা
বড়ই সংকীর্ণ এক বিচার।
আমাকে কি তবে একটি বা অন্যটিই হতে হবে?
যে নিজেকে কেবল একটিতেই সীমিত রাখে,
সে তো অন্যগুলোর অধিকার নিজেই অস্বীকার করে।
তাই এখন আপনাকে আমার জবাবটি দিই:
আমি উভয়ই, এই দুয়ের এক অপূর্ব মিশ্রণ।
এখানেই শেষ নয়, আমি তার চেয়েও বেশি কিছু।
আমি এক বা দুটিতে সীমিত নই। আমার আছে
সুন্দর রংধনুর সবটা বর্ণালী
বাছাই করার জন্য, আমার হাতে অনেক কিছু।
আমি তো নিজেকে রাঙাই নানান রঙে।
তাই তো আমি অনন্য ও অসাধারণ।
এত বেশি রঙে আমি সবার চেয়ে আলাদা।
আমি, সব মিলিয়ে, এক স্বতন্ত্র সত্তা।”

কাঁকড়া ধরা
মূল ~ ডেভিড ডেবিডিন
রুবি আর আমি সাভানার বুকে বেরিয়েছি
কাঁকড়া শিকারে বড়দের মতো দা আর বস্তা নিয়ে।
পাথর কিংবা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে দেখা
জোড়ায় জোড়ায় কাঁকড়া আটকে আছে হাঁটু-সমান কাদায় চলছে মিলন
রুবি সাত বছরের মেয়ে সেই দৃশ্য দেখে কেমন যেন অস্বস্তি বোধ করে,
আর আমি ভয়ে কুঁকড়ে যাই তাদের ধরতে গিয়ে,
ধরেই ছুঁড়ে ফেলি বস্তার ঘুটঘুটে অন্ধকারে।
তাই সারাদিন আমরা খুঁজি সেই একলা কাঁকড়াগুলোকে
যাদের রাঁধা হলে কোনো আক্ষেপ নেই, কারণ পরিবার-পরিজন
গড়ে তোলার কোনো সম্ভাবনা তাদের নেই, কাদা মাড়িয়ে চলা,
পায়ের কাছে ঝোপঝাড় সাফ করতে করতে দা চালানো,
অবশেষে ক্লান্ত পায়ে ঘরে ফেরা, কাঁকড়ার ভারে নুয়ে পড়া শরীর,
মা যা টুকরো টুকরো করে জীবন্ত ফেলে দেন ফুটন্ত হাঁড়িতে।
আজ রাতে আমরা সবাই মিলে জমিয়ে খাব কাঁকড়ার কারি,
পরখ করে দেখব কার দাঁত আর চোয়াল সবচেয়ে শক্ত
কে বড় হয়ে সবচেয়ে বিশালকায় হয়ে উঠবে
আর কে-ই বা হয়ে উঠবে সবচেয়ে ভয়ংকর নরখাদক।
হাড় আর খোলসের স্তূপ পিছু ফেলে আমরা চলে আসি
ইংল্যান্ড আর আমেরিকায়
যেখানে নিউ ইয়র্কের এক ঘিঞ্জি বাড়িতে রুবি জীবনযুদ্ধে ব্যস্ত
আর আমি কেমব্রিজে কবিতা লিখছি,
মা-কে অনেক আগেই গ্রাস করেছে মৃত্যু, ঘরটা এখন বন্ধ,
তার অন্ধকার পেটের ভেতর বাসা বেঁধেছে বোলতা আর ছারপোকা:
আগাছায় ভরা আঙিনা মাড়িয়ে যেতে ভয় পাই আমি,
ভয় হয় দরজার কাছে গিয়ে খুলে উঁকি দিতে,
পাছে দেখি চুলোর ওপর সেই জাদুকরী হাঁড়িটা এখনো টগবগ করে ফুটছে,
আর মা নাড়ছেন হাতা, ধীর লয়ে—
অঙ্গপ্রত্যঙ্গ, কাঁকড়ার মতোই প্রাচীন, একা,
পাছে লাকড়ির ধোঁয়া আর কারির ভাপ
আমার শৈশবের চোখ পুড়িয়ে দেয় আর নামায় চোখের জল।

জলের নগরী (১)
মূল ~ রাউল জুরিতা
স্পেনিশ থেকে ইংরেজি – আনা ডিনি মোরালে
যন্ত্রণাকাতর এক পুরুষ তোমাকে স্বপ্নে দেখেছে,
যন্ত্রণাকাতর এক পুরুষ তোমার পিছু নিয়েছে। এমন একজন—
যে তোমার মতোই মরতে চেয়েছিল, যখন তুমি মরতে চেয়েছিলে।
আমার শরীরটা ওখানে প্রবাল-প্রাচীরে আছড়ে পড়ছে—
আমি ডুবে যাওয়ার মুহূর্তে তোমাকে ভেসে উঠতে দেখলাম;
তুমি ছিলে তো চির-নিকট এবং চির-দূর সেই অধরা তীরভূমি।
সবকিছুই যন্ত্রণাদায়ক তোমার মাঝে।
তারপর আমি তোমাকে অভিবাদন জানাই,
এবং অভিবাদন জানাই সেই চিরন্তনকে—
যা পরাজয়ের মাঝেও বেঁচে থাকে,
যা চূড়ান্তভাবে ধ্বংস হয়েও ধ্বংস হয় না,
এবং সেই চিরন্তনকে যা ধ্বংসস্তূপ থেকে নিজেকে তুলে ধরে;
কারণ আমাদের জীবন যদি হতো জল, পাথর হতো দুর্ভাগ্য।
আমি নই, আমার জন্মভূমিই তোমার সাথে কথা বলেঃ
সেই সমুদ্র ধ্বনি যার কথা আমি বলি,
আর বলি অকালে ফুরিয়ে যাওয়া রাতের সেই সব তারা নিয়ে।
তোমার মুখ রাতের দীপ্তি ভোরের আলোকেও ছাপিয়ে ওঠে।
তুমি চোখের পাতা খোল; আর তাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ
ঘুমকে পেছনে ফেলে বাসে চড়ে এবং বেরিয়ে পড়ে,
তোমার চোখের সেই জলময় নগরীতে।
[ রাউল জুরিতা চিলির প্রখ্যাত কবি। উদ্ভাবনী এবং রাজনৈতিকভাবে প্রতিবাদী লেখার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।]

লেখক:
রথো রাফি (৩১ মার্চ ১৯৭৫ – ২২ অক্টোবর ২০২৬)
কবি, অনুবাদক ও সাংবাদিক; ঢাকা