রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন সাত জন। তাছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
সোমবার, ১৮ মার্চ, ২০১৯, সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইমারি শিক্ষক ও সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেন, পোলিং অফিসার আবু তৈয়ব, আনসার ও ভিডিপির সদস্য আল আমিন, মিহির কান্তি, বিলকিস বেগম ও জাহানারা বেগম এবং বাসের হেল্পার মন্টু চাকমা। আহতদের সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের কংলাক এলাকায় ভোট গ্রহণ ও গণনা শেষে গাড়িতে করে ফিরছিলেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট গ্রহণকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাঘাইছড়ির ৯ কিলো নামক এলাকায় পৌঁছালে সন্ধ্যা পৌনে সাতটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় গাড়িতে থাকা লোকজনের প্রায় সবাই গুলিবিদ্ধ হন। এতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাঙালীয়ানা/জেএইচ