রীতা শবনম লিপির কবিতা

Comments

মৈনাট ঘাট

মৈনাট ঘাট জলধি এপার-ওপার।
সেদিন ফেরার পথে
মরে গেছে বিকেলের আলো
সন্ধ্যা আসি আসি
আমারে কিনেছিলো যে
শূন্য কড়িতে
রাখিলাম হাত–তাহারি হাতে
আমারে ছুয়েঁ গেল মিষ্টি বাতাস
হেমন্তের শেষে।
উপলের বুকে ভেঙে ভেঙে পড়ে
উচ্ছল ঢেউ।
রাতের কালো ধীরে ধীরে
নেমে এলো নদীটির বুক জুড়ে
যন্ত্রযানের একঘেয়ে চিৎকারে
ভেঙে গেল ঘুম,
আহা নদী কী ঘুমায়!
ঘুমিয়েছিলো সে কবে?
জন্মাবধি বহে নিরবধি
সাগরের পানে
মোহনা ডেকেছে তারে
শুধু বারে বারে
সাগরের সঙ্গমে।
রেখেছি হাত আরো কতবার
তার দুটো হাতে
ছুঁয়ে গেল মন সন্ধ্যাতে এমন
ঠিক এই নদীটির পাড়ে।
আমারি নদী অবিরাম চলে
বুকে ছলছল
এসেছিলো সে আমারি সাথে
মৈনাট ঘাটে
রাখলাম হাত জানি না কতবার
তাহারি হাতে।
ডেকে গেল বুকে
জানিনে কী সুখে
হলদে পাখিটি।
মুঠো মুঠো সোনা রয়েছে বোনা
ঢেউয়ে ঢেউয়ে তার
উঠেছে চাঁদ শুক্লপক্ষে আজ
সোনা সোনা ঢেউ অবিরাম তাই।
আমরাও ছুটেছি
রেখে হাতে হাত
স্বপ্ন স্বপ্ন রাতে
ক্লান্ত চোখে
উষ্ণ ঠোঁটে খেলা করে যায়
জমাট বেঁধে থাকা
সন্ধ্যার বাতাস।

প্রতীক

পৃথিবী পুরোনো হয় একটু একটু
সময় গড়িয়ে চলে মহাকালে
সমাধিতে শ্যাওলা জমে
আর পুরোনো ঘাস
সেদিন কোলাহল করেছিল যে পাখি
শহরের প্রান্তে বৃদ্ধ কবরস্থানে
তারাও একটু বৃদ্ধ
তাদের সন্তানেরা এসে গেছে
এখন তোমার বনভূমি তাদের
দখলে।
প্যাঁচা দম্পতি প্রাচীন গাছের ডালে
সুখী পরিবার
জুলজুল চোখে চেয়ে থাকে
সারা বনভূমি
ঝিঁঝির অবিরাম ডাকে
নিস্তব্ধতা আরও ঘনীভূত হয়
গভীর অন্ধকারে জোনাকির আলোয়
অন্ধকার আরও গাঢ় হয়
হঠাৎ ডানা ঝাপটে উড়ে যায়
রাত জাগা কোনো পাখি।
তোমার বুকে এখন একটা
হাসনাহেনার গাছ
ফুলে ফুলে শোভিত
যখন জ্যোছনা ঝরে পড়ে
অথবা কৃষ্ণপক্ষের রাত
সারা বনভূমি ফুলের গন্ধে
ব্যাকুল
প্রতীক তখন শুধু তুমি ঘুমাও
কী গভীর ঘুম তোমার!
কখনও ভাঙে না।
বয়স বাড়ে তোমার অগ্রজদের
অনুজেরাও বড় হয়
তুমি কিন্তু থেমে গেছ
তুমি থেমে গেছ তোমার সুন্দর
তারুণ্যময় যৌবনদীপ্ত সময়টাতে
কোনো এক সন্ধ্যায়
ঝরঝর বৃষ্টিমুখর দিনে
তোমার বন্ধুদের চায়ের আড্ডাতে
সময়ের স্রোত সাঁতরে
স্মৃতির ঝাঁপিতে উঠে এলে
দাঁড়ালে ঠিক বারান্দা ঘেঁষে
কদম গাছটার তলে
মুখে টোল ফেলে মিষ্টি হাসলে
বললে, কেমন আছ!
চালসে চোখে চেয়ে মুগ্ধ সবাই
তুমি তেমনই তরুণ!
একটা দীর্ঘশ্বাস
বুক বিদীর্ণ করে ভারী করল বাতাস।
পৃথিবীর বয়স আরও একটু বাড়ে
পাখিদের প্রজন্মের পর প্রজন্ম আসে
কদাকার লোমশ শুয়োপোকা
জন্ম দেয় বর্ণময় প্রজাপতি
শুধু তুমি সেই প্রতীক
আমাদের প্রতীক
লাজুক
মিষ্টি
সুন্দর
আর মেধাবী।
কখনও তুমি মলিন হও না
পুরনো হও না
বড়ো হও না
কখনো প্রেমিক হও না
পিতা হও না
মায়ের আঁচল ধরে মিষ্টি হেসে
কখনো বলো না
চুলগুলো সব ধূসর তোমার
মন্দ কিন্তু লাগছে না মা!
প্রতীক তুমি আজ আর একা নও
তোমার পূর্বপুরুষ আজ তোমার কবরে
পাশে দাদি ঘুমায়।
চেয়ে দেখো ভালো করে
নিস্তব্ধ ওই বনভূমি তোমার দখলে
বিস্তীর্ণ ওই সমাধিক্ষেত্রে
তোমারই পরিবারবর্গ
তোমার পূর্বপুরুষেরা
তোমার উত্তর পুরুষেরাও
একদিন বিলীন হবে ওখানে।
তুমি ঘুমাও শান্তিময় অমলিন ঘুম।

যে জীবন ধূসর

জীবনটা আজ ধূসর বর্ণহীন
থেমে গেছে স্বাভাবিক আনন্দ
চাপা এক আতঙ্ক সর্বব্যাপী
গ্রহ নক্ষত্র অনন্ত অন্তরীক্ষ
আমাদের মনোযোগ
আমাদের মনোযোগ যান্ত্রিক জীবন
আমাদের মনোযোগ কৃত্রিম জীবন
অবহেলায় যে জীবন করেছি যাপন
একবারও ভাবিনি
কখনো ভাবিনি আমরা
কত নাজুক সে কত অসহায়
কত ছোটো, কত নশ্বর
হায় অসহায় জীবন
তুমি দেখেছ কত যুদ্ধ
মধ্যপ্রাচ্যে আফ্রিকায়
আফগানিস্তান ইরাক ইরান
ফিলিস্তিন লেবানন।
আফ্রিকায় জীর্ণ শিশু
শীর্ণ তরুণ ক্ষুধিত নারী
বৃদ্ধ আর ভুলুণ্ঠিত মানবতা
ফিলিস্তিন ঘরে ঘরে মৃত্যুর
মিছিল।
তেলআবিব তোমার সুরক্ষা
প্রাচীর আজ কম্পমান
আমেরিকা তুমিও অসহায়
তোমার ভাণ্ডারে কত অস্ত্র
পেরেছো কি মারতে!
ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে।
তোমার ঘরে ঘরে আজ
মৃত্যু উদযাপন!
মহা শক্তিধর তুমিও নিরুপায়।
কতবার পৃথিবী দিয়েছে বিসর্জন
কেঁদেছে নদী কেঁদেছে সাগর
আকাশ কেঁদেছে
বাতাস করেছে হাহাকার
সর্বংসহা মাটি
পুড়ে হয়েছো ধূসর অনুর্বর
তবু তুমি করেছো ক্ষমা
হয়েছো শ্যামল দিয়েছো জীবন
ক্ষমা করো নদী
ক্ষমা করো সাগর
আকাশ তুমি উদার হয়ে
ক্ষমা করে দাও
বাতাস তুমি বিশুদ্ধ হও
আর আমাদের বিশুদ্ধ করো
ভূতল শুষে নাও বিষ
অনাচার আর যত অপরাধ।
আমাদের রঙিন সে জীবন
ফিরিয়ে দাও
আমরা বাঁচি নির্ভিক ভাবে
আমরা বাঁচি আনন্দ নিয়ে
হাসি আর গান হোক
আমাদের সাথি।

শহরটাকে মনে পড়ে

আমার নিজের একটা শহর ছিল
কবে যে সে হারিয়ে গেল
সেই শহরে সবুজ ছিল
নদী ছিল পাখি ছিল
গাছ ছিল ফুল ছিল
স্বপ্নে গড়া পাহাড় ছিল
পাহাড় ছুঁয়ে আকাশ
আকাশ ছুঁয়ে দিগন্ত ছিল
আর
ভালো ভালো মানুষ ছিল
কেউ খারাপ কি ছিল?
হয়তো ছিল
শৈশব ছিল কৈশোর ছিল
যৌবন ছিল
একটুখানি অভাবও ছিল
চঞ্চল একটু স্বভাবও ছিল
সব নিয়ে সে হারিয়ে গেল
ফিরেও এলো আবার কখন
বুকের মাঝে হৃদয় ছুঁয়ে
থেকেও গেল সারাজীবন
সেই শহরে স্বপ্ন ছিল
স্বপ্ন দেখার মন ছিল
প্রিয় প্রিয় বন্ধু ছিল
দুষ্ট মিষ্টি কিশোর ছিল
মুগ্ধ চোখের তরুণ ছিল
প্রেম কি ছিল?
হয়তো ছিলো
সব নিয়ে সে হারিয়ে গেল
আবার কখন ফিরে এলো
মনের মাঝে থেকেও গেল
শহর জুড়ে রোদ ছিল
রোদের মাঝে হাঁটা ছিল
হাঁটতে হাঁটতে অনেক দূর
আকাশ জুড়ে মেঘ ছিল
ঝমঝমিয়ে বৃষ্টি ছিল
প্রতিবাদের মিছিল ছিল
আনন্দের উৎসব ছিল
সব নিয়ে সে হারিয়ে গেল
আবার সে ফিরেও এলো
স্মৃতির মাঝে থেকেও গেল
অকারণে ঝটলা করে
খুশিমনে গল্প ছিল
ঝগড়া ছিল?
হয়তো ছিল
অভিমানে গাল ফুলিয়ে
দূরে দূরে থাকা ছিল
আড়ি ছিল ভাবও ছিল
সব নিয়ে সে হারিয়ে গেল
আবার কখন ফিরে এলো
দু’চোখ জুড়ে থেকেও গেল
খুব দুপুরে রোদের তেজে
ভাসছে যখন চারিধার
মনের দুয়ার খুলে কখন
বেরিয়ে এলো শহর আমার
ছায়া ঢাকা কলেজ রোডের
পাশটি ধরে এগিয়ে গেলে
ডান পাশে যে গলিটা
সে গলিটার শেষ মাথায়
ছোটো একটা মাঠ আছে
মাঠের পাশে গাছ আছে
গাছে গাছে ফড়িং আছে
একা আমি ধরছি ফড়িং
এরই মাঝে কখন যেন
বন্ধু ক’জন জুটে গেল
কলিংবেলের তীব্র শব্দ
স্বপ্ন আমার ভেঙ্গে গেল
আমার শহর তখন আবার
মনের মাঝে ঢুকে গেল
ঘন মেঘে আকাশ কালো
আকাশ ভেঙ্গে বৃষ্টি এলো
মনের মাঝেও বৃষ্টি পড়ে
বৃষ্টিতে সে শহর ভেজে
বৃষ্টি যখন থেমে এলো
শহর তখন চলে গেল
বিকেল বেলায় ধূসর আলোয়
মাঝে মাঝে শহর আসে
নদী আসে পাহাড় আসে
গাছের ছায়ায় গল্প আসে
ফড়িঙগুলো বুকের মাঝে
ছটফটিয়ে শুধুই মরে
রাতের বেলা অল্প আলো
জ্যোছনা যখন ঝরে পড়ে
বাতাস মৃদু গান করে
শহরটা খুব মনে পড়ে।

বৃষ্টি থামার পরে

বৃষ্টি থেমে গেল
নিস্তব্ধতা নেমে এলো রাত জুড়ে
শুক্লপক্ষের এ রাতে
ঘষা কাচ আলো
যৌবনবতী গাছের পাতার
ফাঁক গলে
বাঁশবাগানের ডগা ছুঁয়ে
নেমে এলো মাটির বুকে

নীরবতা ভেঙে ডাহুক বৌয়ের
একটানা ডেকে চলা
কচুরিপানার ওপর
ছানা পোনা নিয়ে
একটু সংসার

বাতাস ঘন ভারী
থেমে থেমে চঞ্চল হয়ে ওঠে
আলোছায়ার আঁকিবুকি
অশরীরী নৃত্য
ঝিঁঝিঁপোকার একটানা তানে
ভেসে যায় ঝোঁপঝাঁড়
বুড়ো কবরস্থান
পোড়ো জমিদার বাড়ির সিংহ দুয়ার
ক্ষতবিক্ষত শরীর
খেয়াঘাটের নৌকাগুলো
বাঁধা পড়ে পাড় ঘেঁষে

সারা বন জুড়ে জমাট অন্ধকারের
বুক চিরে জোনাকির আলো
বন আরো ভেজা হয়ে ওঠে
অন্ধকার আরো ভারী

টুপ টুপ করে ঝরে পড়ে
এখানে সেখানে পাতা ছুঁয়ে
ডাল ঘেঁষে
টিনের চাল বেয়ে
রূপালি জলের কণা।

দেবদারু গাছের মগডালে
সারারাত ডেকে চলে যে পাখি
বিরতির পর
সেও উঠেছে জেগে।

বৃষ্টি ভেজা ফসলের মাঠ
সবুজ গাছ
মাথা উঁচু করে তীব্র
অহংকারে
ডোবা জলাশয়ে সোনা ব্যাঙের
অভিসার
অবিরাম চিৎকারে

পুকুর পাড়ে তরুণ তালগাছ
ধুয়েমুছে মৌন গম্ভীর
মাঝে মাঝে বাতাসের
হঠাৎ আলিঙ্গনে
শিহরিত আর
বাবুইয়ের বাসা দুলে ওঠে
একটুখানি কাঁদে
সদ্যজাত শিশু তাদের।

চাঁদের মুখ ঢেকে যায়
মাঝে মাঝে মেঘের
অবগুণ্ঠনে
উৎসুক চোখে চেয়ে থাকে
পৃথিবীর বুকে

আড়মোড়া ভেঙে
জেগে ওঠে সব
নতুন সকালে।

লেখক:
Rita Shabnam Lipi
রীতা শবনম লিপি
কবি; যশোর, ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট