এ যেনো রূপকথা! অবিশ্বাস্য জয়ে লিভারপুল দেখিয়ে দিলো কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। বার্সেলোনার সাথে দুই লেগে ৪-৩ গোলে এগিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে গতবারের রানার্স-আপরা।
বার্সেলোনার মাঠে ৩-০ গোলে প্রথম লেগ হেরেছিলো ইংলিশ ক্লাব লিভারপুল। তারপরও ফাইনালে ওঠার ব্যাপারে দলকে উজ্জীবিত রেখেছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। এ নিয়ে অনেক কটুক্তিও সহ্য করতে হয়েছিলো তার। অ্যানফিল্ড স্টেডিয়ামে দ্বিতীয় লেগে তাদের বিপক্ষে বাজি ধরা লোক ছিল হাতে গোনা। দিন শেষে শেষ হাসি হাসলো তারাই, পেলো স্মরণীয় এক জয়।
ডিভোক ওরিগি ও জর্জিনিও উইনালডামের জোড়া গোলে ৪-০ তে জিতে টানা দ্বিতীয় বার ফাইনালে লিভারপুল। প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। প্রথমার্ধে তারা এগিয়ে ছিলো ১-০ ব্যবধানে। দ্বিতীয়ভাগে ৩ মিনিটের ভিতর ২ গোল দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। খেলা শেষের মিনিট দশেক আগে বহুল প্রতীক্ষিত চতুর্থ গোল করলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। আর এই পরাজয়ে গতবারের মতো এবারও প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগ হেরে বিদায় নিলো মেসির বার্সেলোনা।
বাঙালীয়ানা/এসএস