শামসুল বারী উৎপলের কবিতা

Comments

বদলে যাওয়া পৃথিবী

কী সব কথা গিলে খায় রৌদ্রজ্জ্বল দিন,
আমি অপেক্ষায় থাকি সুর তোলা নীল দোপাট্টার।
উড়ন্ত বালিহাঁস খোঁজে না সমুদ্দুর
খোঁজে বুকের কার্নিশে বেড়ে ওঠা ব‍্যবিলন
অতঃপর স্বপ্নের ভেতর আসে রাত,
আসে দুঃখ-ছোঁয়া ঘুমের বিলাস
বিবর্ণ বাতাসে ওড়ে দলছুট পাখিদের ঘ্রাণ,
সৈকতজুড়ে নেমে আসে অন্ধকার;
শিরীষ শাখায় জমে আমাদের অপ্রাপ্তির
ঘুণধরা গল্পগুলো।
কী আর এমন ক্ষতি হোত
একটা চুমুই বদলে দিতো ভূমন্ডল,
রাজনীতি আর পৃথিবী।

অযুত শব্দে

অযুত শব্দের ভিড়ে
উঁকি দেয় জ‍্যোৎস্না,
উঁকি দেয় মৃত‍্যু যুদ্ধ যন্ত্রণা
আমি ম্লান জ‍্যোৎস্নার কাছে
আঁধারের শেকলে বন্দিত্ব ঘুচাতে চেয়ে
ব‍্যর্থ হয়েছি বারংবার,
তোমার চোখে চোখ রেখে
মুগ্ধতার কথা বলতে গিয়ে
বলে দিয়েছি অপ্রাপ্তির যন্ত্রণা,
ক্ষুধা ও হত‍্যাযজ্ঞের কথা,
এঁকেছি কষ্টের ব‍াঙ্ময় ক‍্যানভাস
শেকলের ঝঙ্কার।
অযুত শব্দের ভিড় ঠেলে
সুযোগ‍্য শব্দ দিয়ে ঠিক ঠিক বলে দেবো
আমাদের কথা, আমার কথা
সত‍্যি সত‍্যি একদিন,
অকস্মাৎ…

রাত্রির কালিতে লেখা

রাত্রির কাছে ফিরে যাবো একদিন
স্নিগ্ধ ছায়ার স্বর্ন উঠোন
জলমগ্ন পদ্মপাতার নীহারিকা সকাল
আর ভুবনমোহিনী সুন্দরের বিম্বিত সুর
ফেলে যাবো স্বর্গের অরণ্য জ্যোৎস্না,
তুমিও অগণিত মৃত্তিকার পাহাড় অতিক্রম করে
বিপ্লবী উদ্ভাবনে একদিন ছুঁয়ে দেবে সর্বোচ্চ আকাশ,
তোমার তারুণ্যে
কেউ কেউ খুঁজে পায় ঋদ্ধ সাম্রাজ্য
বিজয়ীর জৌলুস, কালোত্তীর্ণ সনদ
তুমি এবং আমি এবং আমি এবং তুমি
আমরা দু’জনই ঝরিয়েছি কর্মক্লান্ত লোনাজল
মস্তিষ্কের ক্ষরণে সাজাতে চেয়েছি দোঁআশ মানচিত্র;
অথচ বাষ্পায়িত ধূলিকণা
একদিন আপেক্ষিক তত্ত্বের নাভিমূল থেকে
ফিরে যাই রাত্রির কাছে
হকিন্সের ব্ল্যাকহোল জগতে,
অগোছালো পড়ে থাকে ঝলমল পাহাড়
বাসন-কোসন, বায়বীয় ঘর গেরস্থালি,
অতঃপর
রাত্রির কালিতে লেখা হয় দিবসের ইতিহাস;
তুমিই কেবল সৃষ্টির আলোকিত দরোজায়
দিবসের অংশ হয়ে যাও,
আর আমি
জটিল সমীকরণ শেষে
ফলাফল শূন্য মিলিয়ে যাই
হকিন্সের ব্ল্যাকহোল জগতে।

তুমি এবং আমি এবং আমি এবং তুমি
কিংবা আমাদের ব্যবহৃত মস্তিষ্ক ভিন্নতায় আর
সময়ের অনৈতিক ফলাফলে
দিন ও রাত্রির কাব্যে লেখা হয়
সৃষ্টি আর ধ্বংসের বিপরীত ইতিহাস।

মাধবী উপাখ্যান ৬২

ভুল করে গিয়েছিলাম
তোমার বাড়ির আঙিনায়
জলজ্যান্ত কাঁটায় বিদ্ধ পৃথিবী
রক্তাক্ত শরীর শক্তিহীন অসাড়,
আমি আর বাড়ি ফিরতে পারছি না।

মাধবী উপাখ্যান ৬৩

ডুবে যাক সূর্য কৃষ্ণগহবরে
তারারা হারিয়ে যাক আঁধারের উপত্যকায়,
বিভক্ত হোক পৃথিবী
ভূকম্পনের বিনাশী ধ্বংসযজ্ঞে,
জীবনগুলো ছেয়ে যাক মৃত্যু কালবেলার
অসমাপ্ত গল্পে।

ক্লান্তিহীন ঠায় দাঁড়িয়ে থাকবো অপেক্ষায়
মাধবী,
আমি স্বর্গ চাই না
তোমাকেই চাই।

মনন

দরজায় টোকা দিই
কেউ নেই আজ আর
অথচ একদিন ওপাশেই ছিলে তুমি;
রাজনীতি আর অর্থনৈতিক মন্দায় নষ্ট মনন
বেহিসেবি হৃষ্টপুষ্ট ইচ্ছেগুলো হাঁটু গেড়ে বসে
কী সব লিখে চলে অক্ষরবিহীন পংক্তিমালা,
এখন কেবল সুদৃশ্য আঁধার
গিলে খায় পূব থেকে পশ্চিম।

আজকাল কেউ আর থাকে না সেখানে,
বসবাস কেবল সেই চিহ্নগুলোর,
দৃশ্য ও অদৃশ্যের মধ‍্যাঞ্চল জুড়ে
চাঁদ ঢাকা উঠোনে খিলখিল হাসে
শূন্য আ‍য়ুরেখা,
দরজায় টোকা দিই…

লেখক:
Shamsul Bari Utpal
শামসুল বারী উৎপল
কবি ও গল্পকার; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট