শীতের মেলা : লিটল ম্যাগাজিন পর্ব

Comments

।। কলকাতা ডেস্ক ।।

শীতকাল এলেই প্রতিবছর কলকাতা ও শহরতলীর আশেপাশে এমনকি বেশ কিছু মফস্বল অঞ্চলেও বিভিন্ন মেলা ও উৎসব শুরু হয়। কাঁথাশিল্প থেকে মাদুর, বই থেকে পটশিল্প সব কিছুই স্থান পাই এই সমস্ত মেলায়। আজকের গল্পটা মফস্বলের কিছু বইমেলার।

আমরা সকলেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার কথা জানি। এই মেলার বিশ্ব জোড়া নাম। জগত জোড়া খ্যাতি । কিন্তু কলকাতা ছাড়াও যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মফস্বল অঞ্চলে বই সংক্রান্ত বিভিন্ন মেলা বা উৎসব গড়ে উঠেছে সে সম্বন্ধে কোনো খবরই প্রায় আমরা জানি না। আজ এরকমই দুটো মেলার গল্প বলব। তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলা ও বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা । দুটো মেলাতেই পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে থেকে নানান লিটল ম্যাগাজিন এসে যোগ দেন।

তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলা এবারে সপ্তম বর্ষে পা দিল। ছ’বছর অতিক্রম করে এবারে তারা আবারও লিটল ম্যাগাজিনের এক বিপুল সম্ভার সাধারণ মানুষের সামনে হাজির করেছিল। “এক্ষণ”, “কবিতা পাক্ষিক” এর মতো অনেক প্রবীন লিটল ম্যাগাজিনকে যেমন এই মেলায় দেখা গেছে, ঠিক তেমনই “বোধশব্দ”, “মাস্তুল”-এর মতো অনেক নবীন লিটল ম্যাগাজিন ও এই মেলায় অংশগ্রহণ করেছেন।

তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলা কমিটি প্রতি বছরই এই মেলার আয়োজন করে থাকে। ১৬ থেকে ১৮ নভেম্বর তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রাচীন লিটল ম্যাগাজিন পাঠকদের সঙ্গে তরুণ লিটল ম্যাগাজিন পাঠকরাও মেলায় ভিড় করেছিল।

বাংলা ভাষায় যে সমস্ত লিটল ম্যাগাজিন এখনও তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদেরকে মফস্বলের সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেওয়াই এই মেলার অন্যতম মূল উদ্দেশ্য।

বয়সের দিক থেকে দেখলে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলার থেকে বেশ কিছুটা নবীন। ছোট্ট-ছোট্ট পায়ে এগোতে এগোতে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা এবারে সবে তৃতীয় বর্ষে পা দিয়েছে। বয়সে নবীন হলেও এই মেলার সম্ভারও কিছু কম না । বর্ধমান লিটল ম্যাগাজিন মেলাতেও পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে থেকে নানান লিটল ম্যাগাজিন এসে যোগ দেন। লিটল ম্যাগাজিনের এক বিপুল সম্ভার ছাড়াও এই লিটল ম্যাগাজিন মেলার অন্যতম মূল আকর্ষণ ছিল নিয়মিত নবীন ও প্রবীণ কবিদের কবিতা পাঠের আসর। এই কবিতা পাঠের আসরে অনামী নবীন থেকে আলোকিত প্রবীণ সকলেই মেলা প্রাঙ্গণ আলোকিত করেছেন। এছাড়াও লিটল ম্যাগাজিন মেলায় আগত পাঠকদের জন্য ছিল আরেক বিশেষ আকর্ষণ। বিভিন্ন নবীন ও প্রবীণ চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী। কবিতা পাঠের আসরে, চিত্র প্রদর্শনী এই সমস্ত সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে দিয়েই গত ২৩ থেকে ২৫ নভেম্বর বর্ধমান টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো, বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা কমিটি আয়োজিত তৃতীয় বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা। এই মেলাতেও লিটল ম্যাগাজিন পাঠকদের উৎসাহ নজর কেড়েছে। প্রবীণ পাঠকদের পাশাপাশি নবীনদের ভিড়ও দেখার মতো ছিল । সাহিত্যের অন্যতম ধারা হিসেবে লিটল ম্যাগাজিনের প্রচার এই মেলার মাধ্যমে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে ফুটে উঠেছে।

আসলে লিটল ম্যাগাজিন যে শুধুমাত্র কোনো মেলার বিষয় নয়, আসলে যে এটা একটা সংস্কৃতি, একটা সংগ্রাম সেটাই মফস্বলের এই সমস্ত মেলা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়।

বাঙালীয়ানা/এমবিএ

মন্তব্য করুন (Comments)

comments

Share.