শেকৃবির সবুজের সমারোহ উন্মুক্ত হচ্ছে

Comments

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের দেয়াল ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। মাঠের দক্ষিণ-পশ্চিম প্রান্তে পুরোনো দেয়ালের বেশ খানিকটা ভেঙে গ্রিলের তৈরি সীমানাবেষ্টনী বসানোর কাজও শেষ হয়েছে। তাই মাঠের ভেতরের ফসলের নান্দনিক দৃশ্য রাস্তা থেকেই চোখে পড়ছে এখন।

দুই বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দেয়াল সরানোর এই উদ্যোগ নেন তৎকালীন মেয়র আনিসুল হক। তিনি ঢাকার দেয়ালগুলো যথাসম্ভব উন্মুক্ত রাখার পক্ষে ছিলেন। যাতে ঠাসবুনটের এই শহরে অন্তত চোখের আরামটুকু পেতে পারে নগরবাসী।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘দেয়ালটি সরিয়ে নেওয়ার ব্যাপারে মেয়র আনিসুল হক প্রথমে আমাদের কাছে প্রস্তাব রেখেছিলেন। তাঁর প্রস্তাব অনুসারে আমরা নিজেরাই গ্রিলের বেষ্টনীর নকশা তৈরি করি। সেই নকশা অনুসারে এটি বাস্তবায়নের কাজ করছে সিটি করপোরেশন।’
বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দীন বলেন, দায়িত্ব নেওয়ার শুরুতেই মেয়র আনিসুল হক যখন আকাশ ঢেকে দেওয়া বিলবোর্ডগুলো অপসারণের উদ্যোগ নিলেন, তখন তাঁকে ঢাকার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানের দেয়ালগুলো সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুসারে তিনি পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, দেয়াল কখনো মানুষকে নিরাপত্তা দিতে পারে না। বরং এসব দেয়ালই অপরাধমূলক কর্মকাণ্ডের আড়াল হয়ে ওঠে। সীমানাবেষ্টনী হওয়া উচিত স্বচ্ছ, যাতে এপার থেকে ওপারে দেখা যায়। ঢাকার এ রকম আরও কয়েকটি দেয়াল সরিয়ে নিতে পারলে শহরটাকে উন্মুক্ত মনে হবে। যে উন্মুক্ততা প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক তৈরি করে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের নিরেট দেয়ালটি পুরোপুরি উঠে গেলে পথচারীদের দৃষ্টিসীমা বিস্তৃত করার সুযোগ থাকবে বহুদূর পর্যন্ত, আর বিভিন্ন মৌসুমে গবেষণা মাঠের ফসলের সমারোহ শহরবাসীকে দেবে সবুজ অভিজ্ঞতা।

বাঙালীয়ানা/এজে

মন্তব্য করুন (Comments)

comments

Share.