‘মওলানা ভাসানীর নাম
আমাদের মিলিত সংগ্রাম’
একটি কবিতা লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। সে পঞ্চাশের দশকের কথা। সত্তরে ঘূর্ণিদূর্গত বিধ্বস্ত দক্ষিণাঞ্চল ঘুরে এসে ভাসানী পল্টন ময়দানে বিশাল জনসভায় বক্তৃতা করলেন আবেগাপ্লুত হয়ে। তাঁর বর্ণনা শুনে সভায় উপস্থিত কবি- সাংবাদিক শামসুর রাহমান লিখলেন- ‘সফেদ পাঞ্জাবী’ কবিতাখানি। এই মওলানা ভাসানী সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল ইয়াহিয়া খানের ‘লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার’-এর নির্বাচন বর্জন করেছিলেন। কিন্তু কেন বর্জন করলেন, তার কোন সত্যনিষ্ঠ বক্তব্য কেউ বলেন না। তবে তাঁর বিরুদ্ধে প্রচারের জন্য ‘ভোটের আগে ভাত চাই, নইলে এবার রক্ষা নাই’ শ্লোগানের কথা বলেন অনেকেই এবং তাঁর সমালোচনা করে তাঁকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বিরুদ্ধে দাঁড় করান। এ শ্লোগানে মওলানা ভাসানী পশ্চিম পাকিস্তানের টোবা টেক সিং এলাকায় বক্তৃতা করে বাংলার জনগণের প্রত্যাশা পূরণের কথা বলতে গিয়ে কবি আল্লামা ইকবালের কবিতার উদ্ধৃতি দিয়েছিলেন কিন্তু তিনি এটির উল্লেখ করে কি বোঝাতে চাইলেন তার উল্টো ব্যাখ্যা করেছিলেন পূর্ব বাংলার আওয়ামী রাজনীতিবিদেরা। এখানে যে কপটতার আশ্রয় নেয়া হয়েছিল তা কেবল সত্যকে গোপন করে মওলানা ভাসানীকে ‘জনগণ বিরোধী’ প্রমাণের জন্যই যে করা হয়েছিল তা কেউ কোনভাবেই উচ্চারণ করেনি। সত্যটা হলো, সামরিক শাসনের অবসান ঘটানোর বৃহত্তর স্বার্থে মওলানা ভাসানী চেয়েছিলেন, মুজিব নির্বাচনে পূর্ণ বিজয় লাভ করুক। এটা বিরুদ্ধ প্রচারকারীরা স্বাভাবিক কারণেই চেপে যায়।
একটা কথাতো অস্বীকার করা যাবে না যে, মওলানা ভাসানীই পূর্ববঙ্গে মুসলিম লীগ রাজনীতির বিরুদ্ধে প্রথম বিরোধিতা করে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি করেছিলেন এবং তারই নাম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই কৃতিত্বময় নেতৃত্ব মওলানা ভাসানীর, এতো ইতিহাস সাক্ষ্য দেয়। কেউ কেউ শহীদ সোহরাওয়ার্দীকে এই কৃতিত্ব দিতে চান। কিন্ত সময় সাক্ষ্য দেয়, শহীদ সোহ্রাওয়ার্দী তখন করাচীতে ‘নেহরু হাউজ’-এ বাস করছিলেন এবং গঠন করেছিলেন ‘জিন্না মুসলিম লীগ’। ১৯৪৯ সালের ২৩ শে জুন ঢাকার রোজ গার্ডেনে আতাউর রহমান খানের সভাপতিত্বে বিরোধীদলের যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, সেখানেই ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয় এবং মওলানা আব্দুল হামিদ খাঁ ভাসানী প্রতিষ্ঠাতা সভাপতি হন।
উল্লেখ্য, আওয়ামী মুসলিম লীগের প্রথম কমিটি-র নাম যখন লেখা হচ্ছিল তখন মওলানা সাহেবের ‘মুজিবর’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের দাবী-দাওয়া নিয়ে সংগ্রাম করতে গিয়ে গ্রেফতার হয়ে জেলে ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে টাঙ্গাইলের শামসুল হকের নাম লেখার পর দুজন যুগ্ম সম্পাদক হিসেবে এক নম্বরে শেখ মুজিবর রহমান ও দু নম্বরে খোন্দকার মুশতাক আহমদের নাম লেখেন। তা দেখে সেখানে উপস্থিত মুশতাক আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হুজুর, আমি আপনার সামনে বসা, অথচ মুজিবের নাম আগে লিখলেন’। ভাসানী তখন বিরক্তি প্রকাশ করে তাকে ধমক দিয়ে বলেন, ‘জানো না মুজিবর জেলে, তাই তার মুক্তির জন্যেও তার নাম আগে থাকবে। আর তুমি কি পারবা ওর মত অর্গানাইজার হইতে’?
আমার ধারণা, স্বার্থবাদিতার হিংসা তখনই জন্ম নিয়েছিল আর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ঘৃণা কপটতার আশ্রয়ে শেখ মুজিবের বন্ধু বলে ভাবটা দেখিয়ে চলেছিলেন এবং তার চরম পরিণতিতে ১৫ই আগষ্ট ১৯৭৫-এর সপরিবারে হত্যাকান্ডের মাধ্যমে খন্দকার মুশতাক তার ইচ্ছা চরিতার্থ করেছিলেন রক্তাপ্লুত সিংহাসনে বসে। মওলানা ভাসানীর বিরুদ্ধে আরেকটি অপপ্রচারে বলা হয়, তিনি নাকি বলেছিলেন, ‘ডোন্ট ডিসটার্ব আইয়ুব’। এমন কোন প্রামাণ্য দলিল বা তাঁর বক্তব্য-মন্তব্য কোথাও কেউ দেখাতে পারেন না। এখানেও সেই রাজনৈতিক স্বার্থবাদিতা এই অপপ্রচার কাজ করেছে। তাতে হুজুরের কোন ক্ষতি হয়নি কারণ তিনি এমন কথা বলেনইনি। এ কেবল রাজনৈতিকভাবে তাঁকে খাটো করবার অপপ্রয়াস।
এগুলোর কোন প্রয়োজন ছিল না কিন্তু একটি বিশেষ মহল এমনই অপপ্রচার আজও চালিয়ে যাচ্ছে। মওলানা যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ে যে প্রবল ভূমিকা রেখেছিলেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। শেরে বাংলার অনীহা ছিল, ছাত্র সমাজের প্রতিনিধিরা তাঁকে বাধ্য করেছিলেন যুক্তফ্রন্টে আসতে। শহীদ সোহরাওয়ার্দী অবশ্যি প্রচুর শ্রম দিয়ে দিন রাত শহরে বন্দরে ছুটে বেড়িয়েছেন। যাই হোক, যুক্তফ্রন্ট যখন মুসলিম লীগকে গো-হারা হারিয়ে বিজয় অর্জন করলো সাধারণ সব মানুষের সমর্থনে, তখন কেন্দ্রের মুসলিম লীগ সরকার এ বিজয় মেনে নিতে পারলো না এবং মাত্র তিন সপ্তাহ পরে শেরে বাংলার নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে দেশের ভারত শাসন আইনের ৯২-ক ধারা মোতাবেক গভর্নরী শাসন জারি করলো পূর্ব বঙ্গে। শুরু হলো বেধড়ক গ্রেফতার। শেরে বাংলা হলেন নজরবন্দি। মওলানা ভাসানী তখন বার্লিন শান্তি সম্মেলনে খোন্দকার মোহাম্মদ ইলিয়াস ও সাংবাদিক ফয়েজ আহমদকে নিয়ে যাবেন কিন্তু ভিসা না পাওয়ায় তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এ ছিল এপ্রিল মাস। শান্তি সম্মেলনের অন্যতম উদ্যোক্তা আইরিন জুলিও কুরি(কুরি দম্পতির কন্যা) মওলানা ভাসানীকে দুঃখপ্রকাশ করে জানিয়েছিলেন , ‘আপনি লন্ডনে অপেক্ষা করুন, আগামী নভেম্বরে স্টকহোমে যে সম্মেলন অনুষ্ঠিত হবে আপনাকে তাতে যোগদানের অনুরোধ জানাচ্ছি’। এরপর মওলানা ভাসানী ইউরোপের কয়েকটি দেশ ঘুরে অবশেষে ষ্টকহোমে শান্তি সম্মেলনে পৌঁছেছিলেন এবং গুরুত্বপূর্ণ এই সম্মেলনের একটি অধিবেশনে সভাপতিত্বও করেন। পূর্ব পাকিস্তানের গভর্নর মেজর জেনারেল ইস্কান্দার মির্জা ঘোষণা করলো, ‘মওলানাকে পাকিস্তানে ঢুকতে দেয়া হবেনা। যদি ঢোকার চেষ্টা করে তাহলে এমন এক সৈনিককে দিয়ে তাকে গুলী করা হবে, যার নিশানা ব্যর্থ হবে না’। এদিকে শেরে বাংলা এ কে ফজলুল হককে বাধ্য করা হলো স্বরাষ্ট্রমন্ত্রীত্ব গ্রহণ করতে। এতো ৫৫-৫৬ সালের কথা। হঠাৎ দেখলাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী মোহাম্মদ আলী মন্ত্রিসভায় আইনমন্ত্রী হ’য়ে যোগ দিলেন। একটা ভালো কাজ তিনি করলেন, ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র উপস্থাপন করলেন এবং এতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করলেন। কিন্তু বৈষম্যের প্রশ্নে ০+০=০ থিয়োরী দিয়ে ‘সুগার কোটেড পীল’ পূর্ব বাংলাকে খাওয়ানোর চেষ্টা করলেন। তাঁর এ অপকৌশল পূর্ববঙ্গবাসী সহজেই বুঝতে পেরেছিলেন। এতে শহীদ সাহেবের লাভ হলো। রাজনীতির অপকৌশলে তিনি প্রমোশন পেয়ে প্রধানমন্ত্রী বনে গেলেন। আর তাঁর দল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রস্তুতি গ্রহণ করলো ১৯৫৭ সালের ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি সন্তোষে আওয়ামী মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক ও কাউন্সিল হবে। হলোও তাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উপস্থিত থেকে ডাকলেন বৈঠক। মওলানা ভাসানী স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি এবং সামরিক জোট ‘সিয়াটো’, ‘সেন্টো’ ত্যাগের প্রস্তাব উত্থাপন করলেন। দাবী জানালেন ‘পাক-মার্কিন সামরিক চুক্তি’ বাতিলের। মতবিরোধ হলো প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সাথে। এইসময়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি সন্তোষ-কাগমারীতে ‘পূর্ব পাকিস্তান কৃষ্টি সম্মেলন’ আয়োজন করে মওলানা সাহেব বিশ্বের অগণিত লেখক-সাহিত্যিক রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রায় ২০০ প্রতিনিধি বিদেশ থেকে যোগ দিয়েছিলেন কাগমারী সম্মেলনে। কী বিশাল আয়োজন ঐ গাঁওগেরামে! ভাবতে অবাক লাগে এত অতিথি, রাজনৈতিক নেতা, শিল্পীদল, লেখক-সাহিত্যিক-এদের থাকা খাওয়ার ঠিক কি আয়োজন হয়েছিল। সংগঠক ভাসানীর বিপুল যাদুকরী স্পর্শ গোটা চত্বর ও যোগদানকারী সকলকে মুগ্ধ করেছিল। কোন খুঁত ছিল না কোথাও। সেই সম্মেলন ‘কাগমারী সম্মেলন’ নামে ইতিহাসে পরিচিত। মওলানা ভাসানী তাঁর জাদুকরী কৃতি দিয়ে যে উৎসবের আয়োজন করেছিলেন আজ ছয় দশক পার হোয়ে গেলেও কোন রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠন আজ পর্যন্ত তেমন কোন উদ্যোগ গ্রহণ করতে সাহস দেখাতে পারেনি। রাজনীতি আর সংস্কৃতি যে ওতোপ্রোতভাবে সম্পৃক্ত মওলানা ভাসানী তাই প্রমাণ করে গেছেন। আমরা আজও তার কাছে যেতে পারিনি। কেউ এমন উৎসব করার ভাবনাও ভাবেনি।
আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ও ওয়ার্কিং কমিটির বৈঠকে সংগঠনকে ‘অসাম্প্রদায়িক’ করতে চেয়েছিলেন মওলানা সাহেব, দাবী করেছিলেন সামরিক জোট ত্যাগ ও চুক্তিবাতিল এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি না পেয়ে ১৭ই মার্চ ১৯৫৭ তিনি দল থেকে পদত্যাগ করলেন। কী অসাধারণ সাংগঠনিক ক্ষমতা তাঁর, ২৬শে জুলাই তিনি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছিল ঐ জাতীয় কনভেশন। সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘সীমান্ত গান্ধী’ খান আব্দুল গফফার খান, তাঁর সহযোদ্ধা আব্দুস সামাদ আচকজাই, জিয়ে সিন্ধ্ আন্দোলনের নেতা আব্দুল মজিদ সিন্ধী, গণতান্ত্রিক নেতা জি এম সৈয়দ। পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক ওসমানী নতুন দলের সেক্রেটারী জেনারেল হয়েছিলেন। এসেছিলেন লাহোরের প্রখ্যাত আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ আলী কাসুরী; আরও অনেক রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, ছাত্র ও শ্রমিক নেতারাও। অধিবেশনের সময় দৈনিক মিল্লাত অফিসকে কেন্দ্র ক’রে রূপমহলের কনভেনশনকে ভাঙার অপচেষ্টা ও মাইকে নানাপ্রচার করা হয়েছিল। রিক্সায় বসে একটি বীমা কোম্পানীর জনসংযোগ অফিসার মীর মোশাররফ হোসেন এই প্রচার করছিলেন অনবরত। কিন্তু কোন কিছু ঘটাতে পারেননি।
অধিবেশন শেষে বিকেলে পল্টনে হলো জনসভা। তাতে যোগ দিতে নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল জনস্রোত চলেছে জনসন রোড ধরে বাহাদুর শাহ্ পার্কের দিকে। সামনে খান আব্দুল গফ্ফার খান, মওলানা ভাসানী ও অন্যান্যরা। হঠাৎ একটি ঢিল এসে পড়ল গফফার খানের গায়ে। ত্বরিৎ আমাদের মন্টু খান ভাই গিয়ে দাঁড়ালেন ওর পাশে একটা ছাতা হাতে। মিছিল নবাবপুর রোড ধরে পৌঁছলো পল্টনে। বিশাল সমাবেশ। এ ছিল ঢাকা মহানগরের নেতা ইয়ার মোহম্মদ খানের কৃতিত্ব। কিন্তু তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের মহানগর প্রধান। যোগ দিয়েছেন নতুন দলে। এই না দেখে ওর পুরনো দল ক্ষেপে গেল। জনসভা ভাঙার জন্য নেতা কর্মীরা প্রাণপন চেষ্টা করলেন কিন্তু হা হতোষ্যি। ভাঙতে পারলেন না। মানুষ এতে আরো ক্ষুব্ধ হ’য়ে ভাঙার দলকেই তাড়া করলো। জনসভা হলো ঠিক মতই। তবে দৌড়াদৌড়ি যে হয়নি, তা বলা যাবে না।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুব শিগগিরই ছড়িয়ে পড়ল পাকিস্তানব্যাপী। পূর্ববঙ্গের সাধারণ সম্পাদক মাহমুদ আলী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যোগ দিলেন। জনপ্রিয় হ’য়ে উঠল দল। সর্বত্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ বিরোধী ব্যক্তিরা যোগ দিলেন দলে দলে। এই ১৯৫৭ সালের ৮ই ফেব্রুয়ারি সন্তোষের জনসভায় মওলানা ভাসানী বক্তৃতা করতে গিয়ে পূর্ববাংলার দাবী না মিটলে ওয়ালেকুম আস্ সালাম জানিয়েছিলেন পশ্চিম পাকিস্তানীদের। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কিন্তু একবছর পরেই পাকিস্তানের প্রধান সেনাপতি মেজর জেনারেল আইয়ুব খান কয়েকজন জেনারেলের সহযোগিতায় রাষ্ট্রের সর্বময় ক্ষমতা দখল করলেন। জারি হলো সামরিক আইন দেশব্যাপী। রাজনৈতিক দল, পার্লামেন্ট নিষিদ্ধ হলো। কিন্তু সামরিক জান্তা যখন ক্ষমতার স্বাদ পেয়ে স্থায়ী হতে চাইলো তখন আবার রাজনীতি চালু করে দিলো। কারণ জেনারেল আইয়ুব মুসলিম লীগের দলীয় কোন্দলের সুযোগ নিয়ে নিজেই ‘কনভেনশন মুসলিম লীগ’ প্রতিষ্ঠা করে ক্ষমতাকে প্রহসনের নির্বাচনে স্থায়ী করে ফেললো। দশ বছর ক্ষমতায় রাজত্ব করলো। এ সময় চীনের সাথে সম্পর্ক্য স্থাপিত হলে মওলানা ভাসানী ও তাঁর দল ন্যাপ কিছুটা সহৃদয়তা দেখাচ্ছিল সামরিক জান্তার প্রতি। অবশ্যই বিরোধী আন্দোলনে থেকেই। এই কারণে মওলানা ভাসানীর বিরুদ্ধে আইয়ুব খানের পক্ষে নমনীয় মনোভাবের কথা উঠেছিলো। কিন্তু যে ভাবেই হোক মওলানাতো সামরিক শাসন মেনে নিতে পারেন না এবং জেনারেল আইয়ুবকে কেন ‘ডিসটার্ব’ না করার কথা বলবেন! তিনি আইয়ুবের সাথে দেখা করে কতিপয় দাবী আদায় নিয়ে তাকে চাপ দেন। এই সুযোগে যারা ন্যাপ ও ভাসানীর রাজনীতি করতেন না তাঁরা ঐ অপপ্রচার চালায় যে মওলানা আইয়ুবকে বিব্রত না করার নীতি নিয়েছেন। অর্থাৎ ষাটের দশকে রাজনীতি ফের চালু হলে ভাসানী ন্যাপ ১৪ দফা প্রণয়ন করে জনগণের মধ্যে ফেরার চেষ্টা করেন। এ সময় বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কালো অধ্যায়ের সূচনা হয়। সোভিয়েত ইউনিয়ন ও গনচীনের মধ্যেও মতাদর্শিক যে বিরোধ দেখা দিয়েছিলো তাতে কমিউনিষ্ট পার্টি চীন ও রুশপন্থী- দুই পক্ষে বিভক্ত হয়ে যায়। ফলে ন্যাপ জনগণের কাছে যেতে ব্যর্থ হয়। ন্যাপের বিভক্তি ভাসানী ও মোজাফ্ফর – দুই দলে ভাগ হয়ে গেলে সাংগঠনিক শক্তি হ্রাস পায় এবং জনগণের আস্থাও কমে যায়। ফলে আওয়ামী লীগের ৬ দফার চেয়ে অনেক বেশী জনসম্পৃক্ত হয়েও গ্রহণযোগ্যতা পেলো না। শেখ মুজিবুর রহমান তাঁর ৬ দফা নিয়ে জনগণের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলেন। কারণ মওলানা ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল সাংগঠনিকভাবে। তাই শেখ মুজিবও এ দাবীনামা নিয়ে স্থানে স্থানে বক্তৃতা করতে করতে কখনও গ্রেফতার আবার সাময়িক মুক্তি আবার গ্রেফতার এমনি পরিস্থিতিতে অপ্রতিরোধ্য নেতায় পরিণত হলেন।
দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক নেটওয়ার্ক এবং শেখ মুজিবের আবেগতাড়িত বক্তৃতা ৬ দফাকে জনপ্রিয়তার সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেল। প্রগতিশীল রাজনৈতিক মহল বিশেষ করে চীনপন্থীরা এই ৬ দফাকে ‘সি আই এ’-র দলিল বলে বর্ণনা করে সমালোচনা করেছিলেন। কিন্তু এই প্রচার স্বত্বেও শেখ মুজিবুর রহমান তাঁর সাংগঠনিক দক্ষতা ও প্রচন্ড রাজনৈতিক ঋদ্ধ বক্তব্যের মাধ্যমে জনসাধারণের কাছে ৬ দফাকে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য করে তুলেছিলেন। সামরিক জান্তার শত নিপীড়ন সত্বেও মানুষ কায়মনঃবাক্যে পরিবর্তন চাইছিলেন। তাই আইয়ুব গিয়ে জেনারেল ইয়াহিয়া এলে যে নির্বাচন দিয়েছিল তাতে পশ্চিমা গোষ্ঠীর কাছে শেখ মুজিব গ্রহণযোগ্য না হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁকেই সমর্থন জানালেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। এই সামরিক জান্তার নির্বাচনে মওলানা ভাসানী ও তাঁর দল গেল না। কিন্তু মওলানার চিন্তা ছিল শেখ মুজিব এককভাবে জয়ী হোক তবে সার্বভৌম ও স্বায়ত্বশাসিত পূর্ববাংলার দাবী প্রতিষ্ঠিত হবে। তাই তিনি নির্বাচন বর্জন করেছিলেন। বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে দিল না পশ্চিমা চক্র। কপটতার আশ্রয় নিয়ে ‘গোলটেবিল বৈঠক’ ডাকলেন জেনারেল ইয়াহিয়া। ব্যর্থ হলো তাও। অর্থাৎ তাদের সৈন্য ও গোলাবারুদ আমদানীর জন্য জাহাজ পৌঁছনো পর্যন্ত সংলাপ চললো। ব্যর্থ হলে এবং রি-ইনফোর্সমেন্ট সম্পন্ন হলে ওরা বাংলার তাবৎ মানুষের বিরুদ্ধে গণহত্যা শুরু করে দিল। এবার বাংলার আপামর শ্রমিক, ছাত্র-যুবক, কৃষক যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ।
মওলানা আব্দুল হামিদ খাঁ ভাসানী পূর্ববাংলার স্বায়ত্বশাসন দাবী করে ‘ওয়ালেকুম আসসালাম’ জানালেও গোলটেবিল ব্যর্থ হলে ২৩ মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে বললেন, শেখ মুজিব এবারের আন্দোলনে নেতৃত্ব দেবেন এবং তাঁর পক্ষে সমর্থন ঘোষণা করলেন। ২৫ শে মার্চ রাতে পাকিস্তানী সামরিক দস্যূদলের হত্যাযজ্ঞ শুরু হলে মওলানা ভাসানী টাঙ্গাইলের সন্তোষ থেকে নৌকা নিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে সিরাজগঞ্জে পৌঁছে কৃষক সমিতির সাইফুল ইসলাম ও শ্রমিক নেতা মুরাদুজ্জামানকে নিয়ে রৌমারি সীমান্ত হয়ে কলকাতা পৌঁছে গেলেন। ভারত সরকার তাকে সকল নিরাপত্তা দিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করলো। মুক্তিযুদ্ধের শেষার্ধে স্বাধীন বাংলা বেতারের দায়িত্বে থাকা এম এন এ টাঙ্গাইলের আব্দুল মান্নান আমাকে বললেন, ‘এখনতো কোন নেতা নেই, মওলানা সাহেবের একটা বক্তৃতা বা সাক্ষাৎকার রেকর্ড করে আপনারা প্রচার করুন তাহলে মানুষের মনোবল অটুট থাকবে’। মান্নান ভাই বিএসএফকে বলে ব্যবস্থা করলেন। সৈয়দ হাসান ইমাম ও আমি গভীররাত অব্দি চিন্তা করে প্রশ্ন ঠিক করলাম। ভোরে জীপ এলো, সাথে বিএসএফ-এর সহকারী পরিচালক মি. চ্যাটার্জি। গেলাম পার্ক স্ট্রিটের ‘কোহিনুর বিল্ডিং’-এ লিফটের গোড়া থেকে সাইফুল ভাই আমাদের নিয়ে গেলেন। আমরা তিনজন গেলাম হাসান ইমাম ও আমার সাথে রেকর্ড করার জন্য ইঞ্জিনিয়ার শরফুজ্জামানও ছিলেন। দেখি হুজুর বসে একটি খাটে। বসতে বললেন। ভালমন্দ জিজ্ঞাসা করে বললেন, ‘কি যন্ত্র এনেছো, খোল’। হুজুর ফতুয়ার পকেট থেকে কাগজ বের করলেন। তারপর গড়গড় করে আট মিনিট লেখা বক্তব্য পড়ে গেলেন। শেষ হলে বললেন, ‘বন্ধ করো’। তারপর শুরু করলেন মতিলাল নেহরু আর সুভাষ বোসের কথা। এদিকে আমি আর হাসান ইমাম হা করে তাকিয়ে আছি একে অপরের দিকে। গভীররাত অব্দি যা কসরৎ করে এলাম সাক্ষাতকার নেয়ার জন্য। একি হলো। যা যা শুধোবো সবই প্রকাশ পেল তাঁর লিখিত বক্তব্যে। কতটা দূরদর্শী এই অভিজ্ঞ ‘মজলুম জননেতা’, তাই প্রতিভাত হলো আমাদের সামনে। অসহায়ের মতন সময় কাটলো। আমরা ফিরে এলাম। প্রচার করলাম তাঁর বক্তব্য। সত্যিই কী প্রজ্ঞা তাঁর বক্তব্যে, ভাবলাম আবারও।
মুক্তিযুদ্ধ এগিয়ে চলেছে। আমরা বিজয় অর্জন করেই চলেছি। সীমান্ত থেকে খবর পেলাম হুজুরের বক্তব্য প্রচারে অবরুদ্ধ বাংলার সব মানুষের মনে দৃঢ়প্রত্যয় যেন নতুন করে বাসা বাঁধছে। এমন সময় শুনতে পেলাম জাতিসংঘের লবিতে নাকি আলোচনা হচ্ছে মওলানা ভাসানী যে কোন সময় লন্ডনে এসে হঠাৎ করেই হয়তো একটা ‘বিপ্লবী সরকার’ গঠনের ঘোষণা দিয়ে দেবেন। তাই ভাসানীকে ‘গৃহবন্দী’ কিংবা নজরবন্দী করতে হবে। হলোও তাই। কোহিনুর বিল্ডিং থেকে হুজুরকে নিয়ে যাওয়া হলো দেরাদুনে স্বাস্থ্য নিবাসে রাখার জন্য। কী অদ্ভুত! যে মানুষটি মুক্তিযুদ্ধে সর্বাত্মক সমর্থন দিয়ে বিদেশের কাছে সকল সহযোগিতার আহ্বান জানাচ্ছেন, তাকেই অবশেষে কুটিল ভারতীয় রাজনীতির কুটিল চক্রান্তের বদৌলতে মুক্তিযুদ্ধে বিজয়ের মুহুর্ত পর্যন্ত বলতে গেলে গ্রেফতার হয়েই থাকতে হয়েছিল।
হ্যা এটা ঠিক ন্যাপ নেতা রংপুরের মসিউর রহমান যাদু মিয়া এসেছিলেন মওলানা ভাসানীর সাথে দেখা করতে। হুজুর তাঁকে বিদেয় করে দিয়েছিলেন। তাঁর অনুসারী ন্যাপ নেতা ও কর্মীরা অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপরও কে বা কারা মওলানা ভাসানী সম্পর্কে এই মিথ্যা গুজব রটিয়েছিল আমরা জানি না। হায় মুক্তিযুদ্ধ! হায় সততা। হুজুর কিন্ত ভারতেই ছিলেন শেষ পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে এবং নজরবন্দিতেই। তারপরও বয়োজেষ্ঠ্য এই নেতাকে বিড়ম্বিত জীবন সহ্য করতে হয়েছে। তিনি কিন্তু এতে বিন্দুমাত্র বিচলিত কিংবা মুক্তিযুদ্ধ ভিন্ন অন্য কোন কথা ভাবেননি। মুক্তিযুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অংশগ্রহণকারী সকলকে নিয়ে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করেছিল এবং মওলানা ভাসানী ছিলেন তার প্রধান। সরকারের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীতো ছিলেনই। কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, কংগ্রেসের মনোরঞ্জন ধর ও ন্যাপের অধ্যাপক মোজফ্ফর আহমদ ছিলেন এর সদস্য।
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর মজলুম জননেতা মওলানা ভাসানীও বন্দীদশায় থেকে ২৩ জানুয়ারি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে ফিরেছিলেন। কিন্তু পরম পরিতাপের বিষয় বাংলাদেশ সীমান্তে তাকে স্বাগত জানানোর জন্য কোন সরকারি নেতা কর্মী কিংবা মন্ত্রী কেউ ছিলেন না।
মওলানা ভাসানী মুক্তিযুদ্ধোত্তর বাংলায় ‘হক কথা’ নামে যে পত্রিকা প্রকাশ করে রক্ষী বাহিনী ও সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করতেন তাকে সহজভাবে নেয়নি বা এখনও নেয়না আওয়ামী লীগ। যে ‘মুজিবর’ তাঁর সন্তানতুল্য ছিলেন তিনি তাঁকে যত সমালোচনাই করুন না কেন, মুজিব মাঝে মাঝেই হুজুর এর জন্য জীপ বোঝাই করে নানা ফলমূল, লুঙ্গি, পাঞ্জাবী ও টুপি কিনে পাঠাতে ভুলতেন না। শেখ মুজিব জানতেন কখন কি মওলানা সাহেবের প্রয়োজন। এ ছাড়াও নানা সময় তাঁর ‘মুজিবর’ খবর রাখতেন হুজুরের কোন প্রয়োজন আছে কিনা। মুজিবর মওলানাকে শুধোলেন, ‘আপনার কি প্রয়োজন, কি দরকার তাতো বললেন না’। হুজুর তখন তাঁর সন্তোসে প্রতিষ্ঠিত মওলানা মোহাম্মদ আলী কলেজ জাতীয়করণের অনুরোধ জানালেন। অবশেষে ১৯৭৫-এর ৮ই মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাঙ্গাইলে এলেন। এই উপলক্ষ্যে মওলানা সাহেব তাঁর সন্তোষ দরবারখানার চত্বরে সকলের খাবারের জন্য রান্না চড়ালেন। রান্না হচ্ছে ভাত, তরকারি, নৌকায় রাখা হচ্ছে। এলাকাটি নিরাপত্তা বলয়ে মোড়া। এর মধ্যে হুজুর পুলিশের আই জি ই, এ, চৌধুরীসহ খাবার এলাকা দেখতে গেলেন। খেয়াল করলেন একটি উদভ্রান্ত যুবক ঘোরাফেরা করছে। হুজুর ডিসিকে বললেন, ‘দেশের প্রধানমন্ত্রী আসছেন এইখানে অথচ নিরাপত্তা ব্যবস্থার কোন বালাই নেই। ঐ যে ছেলেটি ঘুরছে ও ভেতরে ঢুকলো কি করে’। ডিসি জবাব দিলেন, ‘ছেলেটি পাগল’। এবারে মওলানা বললেন, ‘ওতো তালের পাগলও হতে পারে’।
তার মুজিবর চখা পছন্দ করেন তাই মওলানা যমুনার চরে দুজনকে ভোররাতে চখা মারতে পাঠিয়েছিলেন। ঘোষকে দই দিতে বলেছিলেন, তাও তাঁর পছন্দ হলো না। ধমকালেন ডিসিকে। সবশেষে মুজিবর খেতে আসতে দেরী করছেন দেখে হুজুর নিজেই চলে এলেন। সভাস্থলে সবাই তঠস্থ। ‘মুজিবর’ হুজুরের জন্য চেয়ার খালি করে দিলেন। পরে বঙ্গবন্ধু হুজুরকে বক্তৃতা করতে বললেন। ‘তুমি না সেরেস্তাদারের পোলা, তোমার জনসভায় চারদিকে এত পুলিশ কেন? একবার পল্টন ময়দানে সোহরাওয়ার্দীর মিটিং-এ পুলিশের আধিক্য দেখে তুমিতো সভা ছেড়ে চলেই গিয়েছিলে। আর আজ তোমার সভাতেই পুলিশ। এমন কেন হলো’?
সভাশেষে মওলানা তার মুজিবর সহকারে মঞ্চ থেকে নেমে এলেন। সামনেই পড়ল মাজার। তিনি প্রধানমন্ত্রীকে জিয়ারত করতে বল্লেন। জিয়ারত করে বঙ্গবন্ধু ফিরেই মওলানার বুকে মুখ গুজলেন। সস্নেহে পিতাপুত্রের পবিত্র আলিঙ্গন দেখে উপস্থিত সকলে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। তারপর চলে এলেন হুজুরের দরবার খানায়। বঙ্গবন্ধুকে বসালেন খেতে। সে কি অদ্ভুত দৃশ্য। আজও ভুলতে পারিনি। দুজনায় বসেছেন। মওলানার হাতে পাখা। একহাতে বাতাস করছেন আরেকহাত দিয়ে পছন্দের খাবার তুলে দিচ্ছেন।
এই তো গুরু-শিষ্যের অভূতপূর্ব স্নেহ, যা দেখল মানুষ চোখ মেলে। বুঝলেন সকলেই মওলানার ‘হক কথা’ যাই বলুক না কেন কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যাই ভাবুক রাজনৈতিক চিন্তায় পিতা-পুত্রের সস্নেহ সম্পর্কতো ঠিকই আছে। কিন্তু এ কী ঘটনা ঘটলো, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার নৃশংস অঘটনের খবর পেয়েও হুজুর কেন কোন প্রতিক্রিয়া জানালেন না? এ প্রশ্ন কিন্তু জনমনে আজও দেদীপ্যমান।
তবু বলবো, মওলানা আব্দুল হামিদ খাঁ ভাসানী এবং বাংলার অবিসম্বাদিত নেতা, জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পারস্পরিক সম্পর্কের হৃদ্যতা আজও ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে, থাকবেও অনাদি অনন্তকাল। আজ ১৭ই নভেম্বর মজলুম জননেতার প্রয়াণ দিবসে দু’জনারই প্রতি সশ্রদ্ধ সালাম জানাই।
লেখক:

কামাল লোহানী, ভাষা সংগ্রামী, শব্দসৈনিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব