আগুন হবে অগ্নিশিখা
জ্বলে যাওয়া হৃদয়, ছাই চাপা শোক
শুকিয়ে যাওয়া মাটি, জল ভেজা চোখ
মানুষ আমার দেশ আমার পৃথিবী আমার
টাকার লোভ ক্ষমতার লোভ জিগাংসার লোভ
এতো হানাহানি এতো বর্বরতা, রক্তের স্রোত
তবু ধরণী হয় না দুই ভাগ, আকাশ হয় না চৌচির
তর্জনী উঠানো কণ্ঠ বলে না “আসছে মুক্তির দিন”
আবার নুতন করে নতুন সংগ্রামের তবে শুরু
চাপ চাপ রক্তের বুকে আবার ফুটবে রক্তজবা
আসছে ফাগুন, ফোটাবে শিমুল পলাশ গাঁদা ফুল
আবারও লড়বে, ছাই হয়ে জ্বলবে আগুন আবার
আবার আগুন হবে অগ্নিশিখা, দখিনা বাতাস!
আবারো আগুন হবে অগ্নিশিখা সুবাতাস–

তঞ্চকতা
আমি রেখে দেবো বুকের মাঝে
যেখানে যত পোড়া কলিজা আছে
জ্বলন্ত মাংসের টুকরোগুলো
আজীবন লেগে থাক হৃৎপিণ্ডে।
পোড়া কলিজা কিছু জমা থাক
সরকারি কোষাগারে
কিছু মাংসের পিন্ডি থাক
রিজার্ভ ব্যাঙ্কের ভান্ডারে
বন্ধু হারানোর ব্যাথা বোঝে না
এইসব সুবিধাভোগী লোক
এরা চায় বন্ধুত্ব শব্দটা মরুক।
বোনহারা ভাই, হারানো আত্নজন
আগুনেরই গোলায় তারা আপনজন।
অসহায় হয়ে দেখি নিস্তব্ধ নিষ্পলকে
আবার একবার উজাড় হলো পৃথিবী
যা লেখা ছিল না নসীবে
তার ফয়সালা হলো এত সহজে!
আবার একবার উজার হলো পৃথিবী
প্রেমহীন প্রেমের ধ্রুব তারা ধরণী
সেজদা দিয়ে তাকিয়ে থাকি
বর্তমান হয়ে গেছে স্মৃতি
বার্তা হয়তো ছিল ভুল
অতীতকে ধরে রাখা ভুলের মাশুল
জোড়া হৃদয়ের সুর তানপুরা
আকাশ ঝরা ফুলের আগুন।
কিছুটা সময় স্বপ্ন যাদুর আনাগোনা
এরপর সরে যাওয়া ফিরে পাওয়া চলে যাওয়া
এবং নতুন করে পৃথিবীর দুই ভাগ হওয়া।
নেই সেই পৃথিবী নেই সেই বিশ্ব
আমারই মতো নিঃস্ব সে আজ নিঃস্ব
কি ভুল, কার ভুল কেন এতো ভুল?
আবার দিতে হবে ভুলের মাশুল।
অসহায় হয়ে দেখি নিঃস্তব্ধ নিষ্পলকে
আবার একবার উজাড় হলো পৃথিবী
যা লেখা ছিল না নসীবে
তার ফয়সালা হলো এতো সহজে।

সোহাগ সিঁদুর
গিয়েছিলাম ভূস্বর্গে, মেহেদি রাঙানো হাতে স্বর্গ দর্শনে
রুপালি আলোর ঝলকানি আর সূর্য সাক্ষী হবো বলে
কি অপূর্ব সৌন্দর্যে প্রকৃতি ছন্দের তুষার সবুজ
ধূমায়িত চায়ের কাপে মধু-চন্দ্রিমা চন্দন মধুর।
কে জানতো মরুভূমির আচমকা ঝড়ে
রচিত হবে লাল বালির কবর!
একটি ট্রিগার মাত্র একটি, সিঁদুর ছুঁয়ে বয়ে গেলো রক্তের সাগর
খুনির কী ধর্ম ছিল? খুনির কী জাত ছিল?
খুনিরা আজীবন ধর্মহীন॥

রক্তবীজাসুর
পৃথিবী জুড়ে
যুদ্ধের ডঙ্কা
কখন বেজে উঠবে শেষ সাইরেন
যুদ্ধ তো হলো কত, ভাষার যুদ্ধ এক এবং একটি
“আমার ভাই’র রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি “
তবে ওরা কারা ন্যায় বিচার যাদের কাছে “ইনসাফ “
ওরা কারা বিপ্লবকে “ইনকিলাব” বলে দেয়?
জয় বাংলা না বলে এরা জিন্দাবাদের গান গায়
নয়া “আজাদীর” কথা বলে আর স্বাধীনতা ছিঁড়ে খায়।
মজলুম শব্দের উচ্চারণ জবান হয়ে ওঠে
রক্তের ভাষা বাংলাকে বারবার অপমান করে।
ওরা প্রাণ দিল বলেই তো গান গাই আমি
ফুলে ফুলে ভ্রমরা ফাগুন এসেছে নামি॥

ভাষা মৃত্তিকা
আমি সেই মৃত্তিকা, দেশমাতা
যার বুকে লুটিয়েছিল প্রাণ, আপন করে জড়িয়েছিলো বুকে
দু’হাত দিয়ে আগলে রেখেছিল ভাষা সত্তাকে
যুদ্ধের বিভীষিকায় মরনের সামনে
একটি মুহূর্ত হয় নাই যার মাথা নত
গর্বে উঁচু ছিল শির– মৃত্তিকা
সেই ভাষা সৈনিকরা, তোরা কি ক্লান্ত?
আয় তোরা আয় কোলে, ছুঁয়ে দেখ এক পলকে
এখনও মাটি হলো না উর্বর এখনও মাটি কাঁদে আর কাঁপে
এখনও ভাষা হাহাকার করে বিমাতার তীব্র ভাষার স্রোতে
এখনো ভাষা মৃত্তিকা অপমানে ডুবে আছে তার জীবন বোধে।

লেখক:
শ্রেয়সী শিখা মণি
কবি, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক কর্মী; ফ্লোরিডা