সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানবতাবাদী রবীন্দ্রনাথ

Comments

। সন্দীপ দে  ।

এক মহান মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ। তিনি জন্মেছিলেন এক বিস্ময়কর ও অমিত প্রতিভা নিয়ে। কাব্য, সাহিত্য, ভাষা, শব্দতত্ত্ব, সংগীত, নৃত্য, নৃত্যনাট্য, নাটক, চিত্রকলা প্রভৃতি সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতির প্রতিটি অঙ্গনেই তাঁর বিচিত্র সৃজনী প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর তিনি রেখে গেছেন। রবীন্দ্রনাথের এই সুবিশাল সৃষ্টিসম্ভার সামগ্রিকভাবে সাহিত্য-সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেছে।

এক উচ্চ বিত্তশালী জমিদার বংশে, প্রাচ্য ও প্রাশ্চাত্য শিক্ষায় আলোকপ্রাপ্ত পরিবারে জন্ম নেওয়া রবীন্দ্রনাথের জীবনের বলা যেতে পারে বিস্ময়কর দিক বা বৈশিষ্ট্য ছিল তিনি বিলাস-বৈভবে, মাটি-মানুষের সংস্পর্শহীন উচ্চাসনে বসে সংস্কৃতি চর্চা বা সৃজন কর্মে মগ্ন ছিলেন না। তিনি আপন দেশসহ পৃথিবীর যাবতীয় অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সোচ্চার থেকে তাঁর লেখনী ধারণ করেছেন। পরাধীন ভারতে ব্রিটিশ শাসনে লাঞ্ছিত স্বদেশবাসী থেকে বিশ্বের সমস্ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বপক্ষে মুক্তি, অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার দাবি বজ্রকণ্ঠে ধ্বনিত করেছেন।Rabindranath001

দেশের স্বাধীনতা আন্দোলন যখন দুর্বার হয়ে উঠেছে; যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হিংস্র আক্রমণে দেশের মানুষ আতঙ্কে বিহ্বল ও দিশেহারা এবং তার প্রতিবাদে মানুষ শঙ্কিত ও দ্বিধাগ্রস্ত ― তেমন প্রবল সন্ত্রাস ও বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও রবীন্দ্রনাথ কাব্য সাধনার সৃজনভূমির আসন ছেড়ে নির্দ্বিধায় নেমে এসেছিলেন রাজপথে ক্ষুব্ধ মানুষের সখ্যে। শাসকদের দম্ভ ও স্পর্ধার প্রত্যুত্তরে কবি তাদের অমানুষতা ও নৃশংসতাকে ধিক্কার দিয়েছেন।

আন্দোলনে জনতার মুখরিত সখ্যে

ইতিহাস সাক্ষ্য দেয় মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক এবং নাটু ভ্রাতৃদ্বয় (বলবন্ত রামচন্দ্র নাটু ও হরি রামচন্দ্র নাটু)-কে গ্রেপ্তার, ‘সিডিশন বিল’ বিরোধী আন্দোলন, ভারত রক্ষা আইন, রাওলাট বিল ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তৎকালীন বাংলার গভর্নর জন অ্যান্ডারসনের দমননীতি এবং হিজলির বন্দিনিবাসে স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশ পুলিশের নির্মম গুলিচালনা, আন্দামানসহ নানাস্থানে রাজবন্দিদের মুক্তি আন্দোলন প্রভৃতি নানা ঘটনায়, দেশের দুর্দিনে বিক্ষুদ্ধ জনতার সম্মুখে দাঁড়িয়ে তাঁর তীব্র আপত্তি ও প্রতিবাদের বাণী উচ্চারণ করেছেন।

১৮৯৭ সালে তিলক ও নাটু ভ্রাতৃদ্বয়ের গ্রেপ্তারের পর ‘সিডিশন বিল’ বিরোধী এক জনসভায় রবীন্দ্রনাথ প্রতিবাদ জানিয়ে (‘কণ্ঠরোধ’, সাধনা, বৈশাখ, ১৩০৫) তাঁর ভাষণের এক জায়গায় বললেন:
“একদিন শুনিলাম, অপরাধী বিশেষকে সন্ধানপূর্বক গ্রেফ্‌তার করিতে অক্ষম হইয়া রোষরক্ত গবর্মেন্ট সাক্ষী সাবুদ বিচার-বিবেচনার বিলম্বমাত্র না করিয়া একেবারে সমস্ত পুনা শহরের বক্ষের উপর রাজদণ্ডের জগদ্দল পাথর চাপাইয়া দিলেন।”

‘বন্দেমাতরম্‌’ পত্রিকায় রাজদ্রোহমূলক প্রবন্ধ লেখার অভিযোগে অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হন ১৯০৭ সালের ১৬ আগস্ট। তার এক সপ্তাহ পরে অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে কবি বাংলার যুবশক্তিকে প্রাণিত করে ‘নমস্কার’ কবিতা রচনা (২৪ আগস্ট, ১৯০৭) করেন।

১৯১৬-১৭ সালে ভারত রক্ষা আইনে বাংলাদেশের হাজার হাজার বিপ্লবী তরুণদের গ্রেপ্তার করা হলে অ্যানি বেসান্ত তার প্রতিবাদে সরব হন, সেজন্য ১৯১৭ সালের ১৫ জুন তিনি গ্রেপ্তার হন। কবি এই গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দেন।

১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশ নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালায়। এই গুলি চালনায় অসংখ্য মানুষ হতাহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তাঁর ‘নাইট’ পদবি ত্যাগ করে বড়োলাটের উদ্দেশে ইংরেজিতে এক খোলা চিঠি লেখেন (২৯ মে, ১৯১৯)। সেই চিঠির উপসংহারটুকুর মর্মার্থ ছিল এই:
“…স্বদেশের কল্যাণকামনায় আমি এইটুকু মাত্র করিবার সংকল্প করিয়াছি যে, আমাদের বহু কোটি যে ভারতীয় প্রজা অদ্য আকস্মিক আতঙ্কে নির্বাক হইয়াছে, তাহাদের আপত্তিকে বাণী দান করিবার সমস্ত দায়িত্ব এই পত্রযোগে আমি নিজে গ্রহণ করিব। অদ্যকার দিনে আমাদের ব্যক্তিগত সম্মানের পদবীগুলি চতুর্দিকবর্তী জাতিগত অবমাননার অসামঞ্জস্যের মধ্যে নিজের লজ্জাকেই স্পষ্টতর করিয়া প্রকাশ করিতেছে। অন্তত আমি নিজের সম্বন্ধে এই কথা বলিতে পারি যে, আমার যেসকল স্বদেশবাসী তাহাদের অকিঞ্চিৎকরতার লাঞ্ছনায় মানুষের অযোগ্য সম্মান সহ্য করিবার অধিকারী বলিয়া গণ্য হয় নিজের সমস্ত বিশেষ সম্মান-চিহ্ন বর্জন করিয়া আমি তাদের পার্শ্বেই নামিয়া দাঁড়াইতে ইচ্ছা করি।”…

১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর হিজলি বন্দিনিবাসে গুলি চলে। ২৬ সেপ্টেম্বর কলকাতার মনুমেন্টের পাদদেশে এক বিশাল জনসভায় কবি এই নৃশংস বর্বরতার প্রতিবাদ করে বক্তব্য রাখেন। ভাষণের শুরুতেই তিনি বলেন:
“…এই যে হিজলীর গুলি চালানো ব্যাপারটি আজ আমাদের আলোচ্য বিষয় তার শোচনীয় কাপুরুষতা ও পশুত্ব নিয়ে যা-কিছু আমার বলবার সে কেবল অবমানিত মনুষ্যত্বের দিকে তাকিয়ে।

এতবড়ো জনসভায় যোগ দেওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, মনের পক্ষে উদ্‌ভ্রান্তিজনক, কিন্তু যখন ডাক পড়ল থাকতে পারলুম না। ডাক এল সেই পীড়িতদের কাছ থেকে, রক্ষক নামধারীরা যাদের কণ্ঠস্বরকে নরঘাতক নিষ্ঠুরতা দ্বারা চিরদিনের মতো নীরব করে দিয়েছে।”

১৯৩৩ সালের সেপ্টেম্বর মাসে আন্দামানে বন্দিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে প্রবল আন্দোলন চলতে থাকে। রবীন্দ্রনাথ এই সময়ে ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিতভাবে একটি বিবৃতি দেন। ওই বিবৃতিতে প্রধানত চারটি দাবি উত্থাপন করা হয়। এক, অনশনকারী ৩ জন বন্দির মৃত্যুর কারণ সম্পর্কে উপযুক্ত তদন্ত; দুই, আন্দামান বন্দিদের সমস্ত দাবি ও অভাব-অভিযোগগুলি মেনে নেওয়া; তিন, আন্দামানে নতুন করে বন্দি পাঠানো বন্ধ রাখতে হবে এবং চার, সমস্ত বন্দিকে দেশে ফিরিয়ে আনতে হবে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রবীন্দ্রনাথ ছিলেন ‘The Andaman Political Prisoners Repatriation Committee’, ‘All India Civil Liberties Union’-এর অনারারি প্রেসিডেন্ট এবং বিলেতের ‘National Council for Civil Liberties’-এর সহ সভাপতি।

প্রতিবাদী কবি

স্বদেশেই হোক আর বিদেশেই হোক, পৃথিবীর যে প্রান্তে যখনই মানুষ অত্যাচারিত ও উৎপীড়িত হয়েছেন তখনই কবি তাদের উদ্দেশে সহানুভূতি ও মর্মবেদনা জ্ঞাপন করেছেন এবং অত্যাচারী, উৎপীড়কদের বিরুদ্ধে বজ্রনির্ঘোষে তাঁর তিরস্কার-প্রতিবাদ ধ্বনিত করেছেন।

উপনিবেশবাদ, বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে কবি জীবনভর তাঁর সংগ্রাম জারি রেখেছেন। আবিসিনিয়া, স্পেন, চীন ও চেকোস্লোভাকিয়ায় ফ্যাসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে সেদিন সারা পৃথিবীব্যাপী যে তুমুল আন্দোলন হয়েছিল কবি এদেশে তার পুরোভাগে এসে দাঁড়িয়ে ছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পটভূমিতে এবং ভারতবর্ষের এক বিশেষ রাজনৈতিক পরিবেশে ১৯৩৬ সালের ১০ এপ্রিল জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনে মুন্সি প্রেমচন্দের সভাপতিত্বে গড়ে ওঠে ‘নিখিল ভারত প্রগতি লেখক সংঘ’। এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে ছিল বেশ কয়েকজন মার্কসবাদী বুদ্ধিজীবী এবং কমিউনিস্ট পার্টির সক্রিয় উদ্যোগ। লক্ষ্ণৌ শহরে ‘নিখিল ভারত প্রগতি লেখক সংঘ’ গড়ে ওঠার কিছুদিনের মধ্যেই কলকাতা, এলাহাবাদ, লক্ষ্ণৌ আলিগড়, দিল্লি, লাহোর, বোম্বাই, পুনা, দেরাদুন, ওয়ালটেয়ার প্রভৃতি স্থানে সংগঠনের শাখা গড়ে ওঠে। ১৯৩৬ সালের ১৮ জুন মস্কোতে জীবনাবসান হয় বিশ্বখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির। ১১ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে (বর্তমানে কফি হাউস) গোর্কির স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভা থেকেই আনুষ্ঠানিকভাবে ‘নিখিলবঙ্গ প্রগতি লেখক সংঘ’ গড়ে ওঠে। এরপর ‘নিখিল ভারত প্রগতি লেখক সংঘ’-র কেন্দ্রীয় কমিটির আহ্বান অনুযায়ী ১৬ আগস্ট (১৯৩৬) কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে ‘গোর্কি দিবস’ পালিত হয়। এই সভায় গোর্কির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী পাঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাতে তিনি বলেন, “ম্যাক্সিম গোর্কি স্বীয় মানবপ্রেম ও সাহিত্য-সৃষ্টি দ্বারা বিশ্ব-সাহিত্য ক্ষেত্রে অমর কীর্তি রাখিয়া গিয়াছেন। তাঁহার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিতেছি।”

Rabindranath_Hijli

হিজলি বন্দিনিবাসে গুলিচালনার প্রতিবাদে কলকাতা মনুমেন্ট পাদদেশে বিশাল জনসভায় কবি।

ফ্যাসি-বিরোধী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, বিশিষ্ট ফরাসি সাহিত্যিক, চিন্তাবিদ অঁরি বারবুসের আকস্মিক প্রয়াণের (৩০ আগস্ট, ১৯৩৬) পর রোমাঁ রলাঁর আহ্বানে ১৯৩৬ সালের ৩ সেপ্টেম্বর ব্রাসেলস শহরে অনুষ্ঠিত হয় ‘বিশ্বশান্তি সম্মেলন’। এই সম্মেলনকে স্বাগত জানিয়ে নবগঠিত ‘নিখিল ভারত প্রগতি লেখক সংঘ’র পক্ষ থেকে একটি বার্তা পাঠানো হয়। তাতে প্রেমচন্দ, শরৎচন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়, রামানন্দ চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, জওহরলাল নেহরু, সরোজিনী নাইডু প্রমুখের সঙ্গে সর্বাগ্রে স্বাক্ষর করেন রবীন্দ্রনাথ।

এই সময়কালেই স্পেনের বৈধ রিপাবলিকান সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট ফ্র্যাঙ্কোর সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের পর ১৯৩৬ সালের ২০ নভেম্বর ফ্যাসিস্ট বর্বরতাকে প্রতিহত করার জন্য রোমাঁ রলাঁ বিশ্ববাসীর কাছে আবেদন জানান। বিশ্বের প্রগতিশীল লেখক-শিল্পীরা তারই পরিপ্রেক্ষিতে ‘লিগ এগেইনস্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার’ গড়ে তুলে বিশ্বব্যাপী এক প্রতিবাদ মঞ্চ গঠন করেন। শুধু তাই নয়, ক্রিস্টোফার কডওয়েল, ফ্যালিসিয়া ব্রাউন, র‍্যালফ ফক্স প্রমুখ স্পেনের রণাঙ্গনে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেন এবং অনেকে শহিদ হন।

রবীন্দ্রনাথ তখন কলকাতায়। স্পেনে ফ্যাসিস্টদের অমানুষিক বর্বরতায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত হন। ইনি ফ্যাসিস্ট বর্বরতার তীব্র নিন্দা ও ভর্ৎসনা করে স্পেনের গণতান্ত্রিক সরকারকে সাহায্যের জন্য তাঁর স্বদেশবাসীর কাছে আহ্বান জানান। তিনি তাঁর আবেদনে বলেন:
“স্পেনের জনগণের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্রাঙ্কো বিদ্রোহের ধ্বজা উড়িয়েছে। অর্থ ও জনবল দিয়ে বিদ্রোহীদের সাহায্য করছে আন্তর্জাতিক ফ্যাসিবাদ। স্পেনের গণফ্রন্টের পাশে দাঁড়ান। জনগণের সরকারকে সাহায্য করুন। লক্ষ কণ্ঠে ধ্বনি তুলুন ― প্রতিক্রিয়া, দূর হও।”

এদিকে ১৯৩৭ সালের মার্চ মাসে তৈরি হয় ‘লিগ এগেইনস্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার’-এর সর্বভারতীয় কমিটি। এই কমিটির সভাপতিপদে বৃত হন রবীন্দ্রনাথ ঠাকুর।

কবি তাঁর শেষ জীবনে সবচেয়ে বেশি আঘাত পান গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার সাধনভূমি ইয়োরোপে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উদ্ভবে। তিনি লিখলেন: “…যে য়ুরোপ একদিন তৎকালীন তুর্কিকে অমানুষ বলে গঞ্জনা দিয়েছে তারই উন্মুক্ত প্রাঙ্গণে প্রকাশ পেল ফ্যাসিজম-এর নিদারুণতা। একদিন জেনেছিলুম আত্মপ্রকাশের স্বাধীনতা য়ুরোপের একটি শ্রেষ্ঠ সাধনা, আজ দেখছি য়ুরোপে এবং আমেরিকায় সেই স্বাধীনতার কণ্ঠরোধ প্রতিদিন প্রবল হয়ে উঠেছে।”… (কালান্তর)

সাম্রাজ্যবাদী ও ফ্যাসিস্টদের প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধে সেদিন দেশে যে আন্দোলন শুরু হয়েছিল রবীন্দ্রনাথ শুধুমাত্র তার পুরোভাগেই ছিলেন না, ক্রোধান্বিত কণ্ঠে তিনি সাম্রাজ্যবাদী ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামেরও ডাক দিয়েছেন (২৫ ডিসেম্বর, ১৯৩৭) ―
“নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস,
শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস ―
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।”

উগ্র জাতীয়তাবাদ যে জাতীয় স্বার্থের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ― এই সত্য কবি যত স্পষ্ট করে বুঝেছিলেন, এমন করে সেকালের কোনো রাষ্ট্রনেতাও বোঝেননি। মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে কায়েমি স্বার্থ অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রশ্ন থেকে দৃষ্টি সরিয়ে নেবার জন্য উগ্র জাতীয়তাবাদের বিষ ছড়াতে থাকে এবং সমস্যাক্লিষ্ট মানুষের মধ্যে সাময়িকভাবে হলেও তা মাদকতার সৃষ্টি করে। আজকের ভারতের পরিস্থিতি এর উজ্জ্বল সাক্ষ্য বহন করছে।

১৯৪১ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ। কবি তখন মৃত্যুসজ্জায়। হিটলারের ফ্যাসিস্ট বাহিনীর প্রতিরোধে রাশিয়ার লাল ফৌজের বীরত্বপূর্ণ লড়াইয়ের খবর জানতে উদ্‌বিগ্ন কবি প্রশান্ত মহলানবিশের কাছে বার বার জানতে চাইছেন ― “কী পরিস্থিতি রণাঙ্গনের?” প্রশান্ত মহলানবিশ জানান, “এখনো এগিয়ে চলেছে দস্যু বাহিনী”, কবি ডুবে যান বিষণ্ণতায়।… অবশেষে শেষবারের মতো সংজ্ঞা এলো কবির। চোখে একই স্বপ্ন। কিন্তু প্রশান্ত মহলানবিশের উত্তর এবার ভিন্ন। “সোভিয়েত বাহিনী প্রতিরোধ শুরু করেছে।” রবীন্দ্রনাথ উৎসাহে অধীর হয়ে ওঠেন, বলেন, “পারবে, দানবকে ঠেকাতে ওরাই পারবে।” (তথ্যসূত্র: প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে)

Rabindranath_RomaRola

রোমাঁ রলাঁর সঙ্গে কবি।

প্রগতিকামীদের অনুপ্রেরণা

বিশ্ব সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ-বিরোধী শান্তি আন্দোলনে রবীন্দ্রচেতনার যে উন্মীলন ঘটেছিল এবং তা যে নবপ্রেরণা সঞ্চার করতে পেরেছিল, তা ইতিহাসের পাতায় যেমন উজ্জ্বল হয়ে আছে, তেমনি আজও সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শান্তি ও প্রগতিকামী মানুষদের প্রাণিত করছে।

মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের অপরাজেয় শক্তির প্রতি তাঁর আস্থা জ্ঞাপন করে গেছেন। এই আশাবাদ উচ্চারিত হয়েছে তাঁর শেষ প্রবন্ধ ‘সভ্যতার সংকট’-এ। তিনি লিখেছেন:
“আজ পারের দিকে যাত্রা করেছি ― পিছনের ঘাটে কী দেখে এলুম, কী রেখে এলুম, ইতিহাসের কী অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ! কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর-এক দিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি।

এই কথা আজ বলে যাব, প্রবল প্রতাপশালীরও ক্ষমতা মদমত্ততা আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে”…

এই নিবন্ধের পরিশেষে তিনি উচ্চারণ করলেন ―
“ওই মহামানব আসে
দিকে দিকে রোমাঞ্চ লাগে
মর্তধূলির ঘাসে ঘাসে।
সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
নরলোকে বাজে জয়ডঙ্ক,
এল মহাজন্মের লগ্ন।
আজি অমারাত্রির দুর্গতোরণ যত
ধূলিতলে হয়ে গেল ভগ্ন।
উদয় ও শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব
নবজীবনের আশ্বাসে।
‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’
মন্দ্রি উঠিল মহাকাশে।”

(শান্তিনিকেতন, ১ বৈশাখ, ১৩৪৮)

তথ্যসূত্র:
• ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ; নেপাল মজুমদার।
• রবীন্দ্র-কাব্যে ও ছড়ায় ফ্যাসিবাদ-বিরোধিতা; নেপাল মজুমদার।
• গণতান্ত্রিক ও মানবিক অধিকারের সপক্ষে রবীন্দ্রনাথ; পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ।

লেখক:
Sandeep Dey
সন্দীপ দে, সাংবাদিক ও প্রাবন্ধিক; কলকাতা

*প্রকাশিত লেখার বানানরীতি লেখকের একান্তই নিজস্ব।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট