সুনন্দ অধিকারীর কবিতা

Comments

কল্পনায়

সে আমার কেউ নয়
আবার সে-ই আমার সব কিছু।
আলাপ হয়েছিল কী ক’রে
আজ তা ভুলে গেছি –
মধ্যে আমাদের সন্ধি হয়েছিল কি কোনো?
অথচ সেই আজ শয্যায় আমার
পরম নিশ্চিন্তে ঘুমনো।
তবে আমার দুর্ভাগ্য যে,
আমি কোনোদিন তুলি ধরিনি।

আবার এটাই যে সৌভাগ্য পরম
সে’কথাও মানি।
এই মুহূর্তে তার স্তনবৃন্তের একটিতে
জোনাকি; ও অন্যটিতে প্রজাপতি
কল্পনায় এঁকে চলেছি আমি।

দ্বিজ

অগুনতি নক্ষত্র পূর্বেই প্রজ্জ্বলন
                        সব তারা নিভন্ত
নির্দিষ্ট দিন অন্তর প্রতি।
অথচ ক্লেশ সহ্য করেও সব
সে’সব দিনগুলোয় পর্যন্ত রাখতে বাধ্য
মুখে হাসি। এবং
বাইরে ও ঘরে কোথাও কাজের
রাখা চলে না খামতি।
তবে গোপন রাখতে চেষ্টা করি
সে’কথা এমনকি
প্রিয় পুরুষের কাছেও।
তবে চাহিদা উঠলে তার
সেদিন তো অভাব যোগান
অগত্যা তখন মুখ খুলি।
মুখ ভার হয়ে যায় তার–
কারণ সে কী?
অভিমান না আধিপত্যবাদ?
যদিও ঘোর অন্ধকার–
তবু বুঝি।
তাই আমরাই কি আজও ‘রানার’ নই সেই?
পুরুষের বোঝা টেনে টেনে
                         অজুহাতে সহস্র…
ক্লান্ত হই
        ক্লান্ত হই
                ক্লান্ত হই…
একি বিধাতার দণ্ড?
নাকি আমরাই প্রকৃত দ্বিজ!                               
ধারণ না করেও উপবীত।

বিরহভার

‘কবিতা’ নামক একজনের সঙ্গে দ্যাখা হয়েছিল ঠিকই।
তবে সেদিন আবহাওয়া কুয়াশাচ্ছন্ন–
দৃশ্যমানতা খুবই কম;
এমনকি তীব্র শীতের কারণে
আপাদমস্তক ঢাকা ছিল তার।

তবু দেখতেই তাকে
আমার ছলকে উঠল রক্ত;
এবং মুশকিল হল তখন ওই তীব্র শীতেও
শরীরে ফোঁটা এক সুতো পর্যন্ত রাখার।
কিন্তু ঠিক তখনই কোথা থেকে একটা নৌকো এসে
দাঁড়িয়ে গেল সামনে আমার।

সেই যে বিচ্ছিন্ন হলাম
আজও বয়ে চলেছি সেই বিরহভার! 

ভিতরের মানুষ

ভিতরের মানুষ ভিতরেই থাকে।
কিন্তু কতটা ভিতরে?
সে কি পারে স্পর্শ করতে পাতাল?
কেননা স্পর্শ করতে পারলে তা
উল্টোপিঠই তার দিকচক্রবাল! ঠিক যেমন
ঝিনুক থেকে বেরিয়ে আসা মুক্তোগুলোই
নক্ষত্র হয়ে অলংকৃত করে আকাশ…!

ভিতরের মানুষ ভিতরেই থাকে
কিন্তু কতটা ভিতরে সে?

শেষ পাতা কটি

বৈদ্য না হয়েও আমি
সে নারীর নাড়ি পরীক্ষা করেছিলাম।
না। হাতে আমার ঘড়ি ছিল না সেদিন
হৃদয়স্পন্দন সঙ্গে আমার;
কেবল মিলিয়ে দেখেছিলাম!
আকাশে মেঘ ছিল–
ছিল অর্ধবৃত্তাকার চাঁদ,  
প্রজাপতিদের ঘিরে ছিল
জোনাকিদের নাচ…!
নৌকাও ছিল একটা বাঁধা, ঘাট।

কিন্তু কী?
পরিণতি তার আজও অজানা
নৌকো নোঙর তুলে ছিল কিনা
কেননা–হারিয়ে ফেলেছি আখ্যানটির
শেষ পাতা কটি….

লেখক:
Sunanda Adhikari
সুনন্দ অধিকারী
কবি, কলকাতা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট