। কাজী ইসলাম।
না এই সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন ‘নয়। এ সুলতানার স্বপ্ন এক অতি সাধারণ বাঙালি রমণীর অসাধারণ সংগ্রামের,স্বপ্নের ও স্বপ্নভঙ্গের গল্প! এবং এক বাঙালি তরুণের স্বপ্নের গল্প, সে স্বপ্ন ব্যর্থতায় পরিণত হওয়ার গল্প। এ আমার বাংলাদেশের গল্প।
রাজিয়া সুলতানা, বয়স সাতাত্তর, বর্তমান সাকিন জ্যামাইকা নিউ ইয়র্ক। হোয়াটস্ অ্যাপে পাঠানো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকেন সুলতানা। ছবিটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে সুলতানার ভাইয়ের নাতি সুমন। সুমন কলেজে পড়ে। ছবিটি সাতটা বাঁধানো কবরের ভাঙচুর করা, খুঁড়ে ফেলা অবস্থার ছবি। সাতটা কবরের একটা আব্দুল হাকিমের, শহীদ আব্দুল হাকিম যাঁকে বলা হতো, রাজিয়া সুলতানার স্বামী ছিলেন যিনি। কবর সাতটি নিজ উদ্যোগে দশ বছর আগে বাঁধিয়ে ছিলেন রাজিয়া সুলতানা। খুব যত্নে, ভালোবাসা ঢেলে! সুমন জানিয়েছে, ”৫ আগস্টের পর দেশের অনেক জায়গায়ই শহীদ মুক্তিযোদ্ধাদের কবর ভেঙে ফেলা হচ্ছে, নাহয় সমাধি ফলকগুলো আলকাতরা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে, বিভিন্নভাবে অসম্মান করা হচ্ছে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত যেকোনো কিছু হামলার শিকার হচ্ছে অনেক জায়গাতেই। হাকিম দাদার কবরটাতে তেমন হামলা হয়েছে।”
লোকটা তো তাঁর ছয় বছরের দাম্পত্য জীবনে পুরো এক জীবনের ভালোবাসা দিয়ে গেছেন তাঁকে, যে ভালোবাসার পুঁজির জোরে বৈরী পরিবেশে পাড়ি দিয়েছেন সংসার সমুদ্র। ছবিগুলোতে দেখা যাচ্ছে কবরগুলোর বাঁধানো অংশই শুধু ভেঙে ফেলা হয় নি, কবরগুলো কোন এক পাশবিক আক্রোশে খুঁড়ে ফেলা হয়েছে।এবং তার মধ্যে আবর্জনা ঢেলে দেয়া হয়েছে। পুরনো ছেঁড়া জুতো পর্যন্ত।
খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল রাজিয়া সুলতানার। এবং অল্প বয়সেই তিন বাচ্চার মা হয়ে গিয়েছিলেন। জীবনকে পরিপূর্ণ মনে হতো। স্বামী একটু লাজুক ধরনের মানুষ ছিলেন। বড়ো ভালোমানুষ ছিলেন। অমন একটা ভালোমানুষের ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে একটা জীবন তো পাড়ি দেয়াই যায়। এবং তাই দিয়েছেন রাজিয়া সুলতানা।
আব্দুল হাকিম কাজ করতেন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে। ছোট একটা চাকরি। পোস্টিং ছিলো মহকুমা সদরে। শান্ত নিস্তরঙ্গ মফস্বলের জীবন। ছোট্ট একটা টিনশেড বাড়ি ভাড়া করে পেতেছিলেন সংসার। তিন ছেলেমেয়ে স্বামী নিয়ে পরিপূর্ণ জীবন ছিল রাজিয়া সুলতানার। তরুণী বধূটি মনে মনে ভাবতো বেহেশত কি এর চাইতে বেশি সুখের!
মানুষের সুখের জীবন কি কোন কারনে প্রকৃতির অপছন্দ! নইলে স্বর্গ থেকে কেন আদি পিতা-মাতা বিতাড়িত হবেন!
তখন একাত্তর সাল, বাংলাদেশে তখন বসন্ত, তখন শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া- রাধাচূড়ার প্রকৃতিতে আগুন জ্বালাবার, রাঙিয়ে দেবার কাল। আর বাতাসে গনগনে আগুনের উত্তাপ। রাজনীতির উত্তাপ। সুলতানা কখনো সংসারের বাইরে কিছু নিয়ে মাথা ঘামাননি। কিন্তু আব্দুল হাকিমকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হতো। খবরের কাগজ পড়তে পড়তে বলতেন, ”কি যে হবে সুলতানা, পশ্চিমাদের মতিগতি ভালো ঠেকছে না!” মফস্বল শহর। সেখানেও মিছিল মিটিং টের পাওয়া যেতো। আব্দুল হাকিমের কোন কোনো বন্ধু বা অফিসের সহকর্মী বাসায় এলে আলোচনা টুকরো টুকরো কানে আসতো। মুজিব-ইয়াহিয়া-অসহযোগ-স্বায়ত্বশাসন- স্বাধীনতা-সংগ্রাম। একটু ভয় ভয় লাগতো সুলতানার।
তখন উত্তাল দেশ। ঢাকায় মুজিব-ইয়াহিয়া বৈঠক চলছে। কিন্তু দেশের মানুষের মন মনে হয় স্বাধীনতার জন্য তৈরি হয়ে গেছে। কদিন আগে বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিয়ে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। সে জনসভায় যোগ দিতে আব্দুল হাকিম ক’জন বন্ধুর সঙ্গে ঢাকা গিয়েছিলেন সুলতানার সেটা ভালো লাগেনি! কি দরকার এসবে জড়ানোর! পাশের বাসার ভাবী বলছিলেন রেসকোর্সে সেদিন বোমাবর্ষণ হতে পারে। ভয়ে বুক কাঁপছিল সুলতানার। হাকিমকে যাবার আগে বলেছিলেন “তোমার কিছু হলে বাচ্চাদের, আমাকে কে দেখবে!” হেসে বলেছিলেন হাকিম, ”আমার কিচ্ছু হবেনা! তোমাদের জন্যই আমি বেঁচে থাকব!” তখনই মানত করেছিলেন সুলতানা, হাকিম নিরাপদে ফিরলে তিনটা নফল রোজা করবেন।
হাকিম ফিরেছিলেন এবং সুলতানা মানতের নফল রোজাগুলো পালন করেছিলেন।
কিন্তু হাকিম তো শেষ পর্যন্ত কথা রাখলেন না! বলেছিলেন তার জন্য, বাচ্চাদের জন্য সে বেঁচে থাকবে!
সারাদেশের উত্তাপে সুলতানাদের মফস্বল শহরটাও টগবগ করে ফুটতে থাকে! কতোরকম গুজবে সয়লাব দেশ।
২৬ তারিখ সকালে “ঢাকা বেতারকেন্দ্র“ যেটা রেডিও পাকিস্তানের বদলে বেতার কর্মীরা নামকরণ করেছিলেন সেটা বন্ধ হয়ে খানিকক্ষণ পরে আবার রেডিও পাকিস্তান হিসেবে চালু হয় এবং একজন উর্দুভাষী বাংলায় সামরিক আইনের বিধিগুলো প্রচার করতে থাকে। সবাই বুঝতে পারে ঢাকায় গুরুতর কিছু ঘটেছে। দুপুরে প্রথম আকাশবানী থেকে মানুষ জানতে পারে ঢাকায় “গৃহযুদ্ধ“ শুরু হয়েছে!
বিকেলে জানা গেল শহরের ইপিআর-এর বাঙালি সৈন্যরা আকস্মিক আক্রমণ করে পাকিস্তানি সৈন্যদের বন্দি করেছে! দিনে দিনে সারাদেশের প্রতিরোধ যুদ্ধের কথা জানা গেল। এবং সে প্রতিরোধ ভেঙেও গেল মাসখানেকের মধ্যে।
সুলতানার শহরে ঢাকা থেকে পাকিস্তানি সৈন্যরা এসে গেল নারকীয় তাণ্ডব করতে করতে। শহর থেকে আট মাইল দূরে হাকিমদের গ্রামের বাড়িতে ঠাঁই হলো সবার। উৎকন্ঠার দিন, আতঙ্কের রাত!
মে মাস নাগাদ আব্দুল হাকিম বাধ্য হন চাকুরীতে যোগ দিতে। অসচ্ছল যৌথ পরিবার। অনেকগুলো মুখের আহার যোগাতে হয় হাকিমকে। সুলতানা বাচ্চাদের নিয়ে গ্রামেই থাকেন। রবিবার ব্যাংক বন্ধ। শনিবার বিকেলে হাকিম বাড়িতে আসেন।
সুলতানা বুঝতে পারেননি হাকিম মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বোঝা উচিত ছিলো।
হঠাৎ একদিন রাতদুপুরে ১০-১২ জনের দল হাজির। তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এসেছে। গেরিলা যোদ্ধা। হাকিম তাদের দেশের ভেতরের সংযোগ, অভিভাবক! তাদের থাকা খাওয়ার ব্যবস্থার দায়িত্ব হাকিমের। তারা মাঝে মাঝেই দুর-দুরান্তে অপারেশন করেন । আশপাশের গ্রামে ছড়িয়ে ছিটিয়ে তাদের শেল্টারের ব্যবস্থা করেন হাকিম।
তারিখটা আজও মনের কোঠায় জ্বলজ্বল করে সুলতানার। ১ অক্টোবর। ছেলেগুলো কোথা থেকে অপারেশন করে ভোর রাত্রে ফিরে আসে। পাশের গ্রামে তাদের শেল্টারে। হাকিম তাদের দেখভাল করেন।
সকালেই পাকিস্তান সেনারা গ্রাম ঘেরাও করে। ক্লান্ত মুক্তিযোদ্ধারা ঘেরাও ভেঙে বেরিয়ে যাবার চেষ্টা করে, দলের ছয়জন মারা যায়, সঙ্গে থাকা হাকিমও! বাকি ছেলেগুলো ধরা পড়ে, তাদের আর কোনো খোঁজ কখনো পাওয়া যায়নি।
সাতটা লাশ পড়েছিল বাড়ির আঙিনায়। সুলতানার শ্বশুর দেবররা গ্রামে নিয়ে এসে সমাহিত করেন। জানা যায় গ্রামের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মতলুব আলী পাকিস্তানিদের খবর দিয়েছিলো।
সুলতানার পরিষ্কার কিছু মনে নেই। কেমন একটা ঘোর লাগা অবস্থা! এখনও মনে করতে পারেননি সেদিন কি হয়েছিল, কি দেখেছিলেন, কি করেছিলেন! শুধু মনে আছে পরেরদিন সাতটা কাঁচা কবর দেখেছিলেন। কে যেন বলেছিল একদম পূর্ব দিকেরটা আব্দুল হাকিমের! জ্ঞান ফেরার পর কে যেন ছোট মেয়েটাকে তার কোলে তুলে দিয়েছিল। মেয়েটা তখনও মায়ের দুধ ছাড়েনি। হয়তো মেয়েটিকে স্তন্যদান করানোর জন্যই প্রকৃতি সুলতানাকে একধরণের জীবনীশক্তি দান করে। বেঁচে থাকতে যা যা করতে হয়, ঘোরের মধ্যে সেগুলো করতে থাকেন সুলতানা।
নির্বিকার মহাকাল তার যাত্রা অব্যাহত রাখে।
একদিন আনন্দ-উল্লাসের ধ্বনি ভেসে আসে। দেশ স্বাধীন হয়েছে।
সেদিন সন্ধ্যার পরও অনেকক্ষণ আব্দুল হাকিমের বাড়িতে কোনো আলো জ্বলেনি! শোক ও সন্তাপের অন্ধকারে নিমজ্জিত ছিলো বাড়িটা। গ্রামে আনন্দ উদযাপনের উদ্দাম অনুষ্ঠান হচ্ছিল।
ক’দিন পর বেশ কজন বড়সড় মাপের নেতা এসে দেখা করে গেলেন, অনেক আশ্বাসবাণী শোনালেন। তারপর কোনদিন আর তাঁর দেখা পাননি রাজিয়া সুলতানা।
শহরের বাড়িটা ছেড়ে দিতে হয়। দিনে দিনে তিনবেলা অন্নের সঙ্গে তীর্যকভাবে জুটতে থাকে অবহেলা! অসচ্ছল পরিবারে স্নেহ ভালোবাসাও দুর্মূল্য! বাবার বাড়ির পাট অনেক আগেই শেষ, বাবা-মা গত হবার সঙ্গে সঙ্গেই। ভাইরা একদিন দেখা করে গিয়েছে। ব্যস।
আব্দুল হাকিমের অফিসের পিওন রমজান আলী মাঝেমাঝে আসে। বসে থাকে দাওয়ায়। টুকটাক কুশল বিনিময় করে। কবে নাকি তার মেয়ের বিয়ের সময় আব্দুল হাকিম আর্থিক সহায়তা করেছিলেন। রমজানের কাছেই প্রথম শোনেন সুলতানা। আব্দুল হাকিম কখনো বলেননি। রমজান আলী বাচ্চাদের জন্য হাতে করে নিয়ে আসে টুকিটাকি, কখনো এক ঠোঙ্গা গুড়ের মুড়কি, কখনো ক’টি নকুল দানা, কখনো ক’টি পাকা পেয়ারা। স্নেহের সে দানে চোখ ভিজে যায় সুলতানার। আজকাল অল্পতেই চোখে ঢল নামে।
শ্বশুর মহকুমা শহরে যাতায়াত করে কোন সরকারি দপ্তর থেকে কিছু আর্থিক সহায়তা পান। যেটা সুলতানা কখনো চোখে দেখেননি। অসম্মান অবহেলায় দুঃসহ হতে থাকে সুলতানার অবস্থা।
রমজান একদিন তাঁকে ব্যাংকে যেতে অনুরোধ করে। একদিন গেলেন সুলতানা। আব্দুল হাকিমের সহকর্মীরা বড় সম্মান দিয়েছেন সেদিন, বড় সহমর্মিতা দেখিয়েছেন। ম্যানেজার সাহেব নিজেই একটা দরখাস্ত লিখে সুলতানার সাক্ষর নিলেন। সুলতানার জন্য ব্যাঙ্কে কোন চাকরির ব্যবস্থা করা যায় কিনা। সরকার শহীদদের পরিবারের জন্য বেশ কিছু সহায়তামূলক উদ্যোগ নিয়েছে। ততদিনে ন্যাশনাল ব্যাংক সোনালী ব্যাংক হয়ে সরকারের নিয়ন্ত্রণে। ম্যানেজার সাহেবের চেষ্টায় চাকরি হয় সুলতানার, টাইপিস্টের পদে! “স্যার আমি তো টাইপিং জানি না।” ম্যানেজার হাসেন। “জয়েন করেন, শিখে নেবেন। শেখার ব্যবস্থা করে দেব!” আহা তখন বাংলাদেশের মানুষেরা এমন ছিলো? সত্যি?
পায়ের নিচে দাঁড়াবার মতো জমিন খুঁজে পান সুলতানা। শহরে ছোটো একটা বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে উঠে আসেন। এখানেও রমজান আলী সহায়। সত্যিই পাশের জেলা শহরে যেয়ে টাইপিং শেখার সুযোগ করে দিয়েছিলেন ম্যানেজার সাহেব! ভুল হতো প্রথম প্রথম। শোধরানোর সুযোগ দিতেন ম্যানেজার সাহেব, সহকর্মীরা।
রূঢ় বাস্তবতার সঙ্গে পরিচয় হতে থাকে পদে পদে।
ম্যানেজার সাহেব বদলী হয়ে গেলে একটু অসহায় বোধ করেন সুলতানা। নতুন ম্যানেজার সাহেব একটু রূঢ় মনে হয়। একদিন ছোট একটা ভুলে বাঁকা হেসে বলেন, ”আপনাকে তো কিছু বলা যাবে না, আপনি তো আবার শহিদের স্ত্রী!” আব্দুল হাকিমের সহকারী একজন দাঁতে দাঁত চেপে বলে, ”শালা এক রাজাকারের বাচ্চা। এক আওয়ামী নেতার সঙ্গে লাইন করে নির্বিঘ্নে আছে। ওর রাজাকার বাপ ছ’মাস জেলে ছিলো।”
একদিন বজ্রাঘাত হয়। রেডিয়োতে ঘোষণা বঙ্গবন্ধু নিহত!
পরেরদিন ম্যানেজার সবাইকে উল্লাসভরে মিষ্টি খাওয়ায়। অন্য সবার মুখ থমথমে! অনেকেই মিষ্টি খায় না। সুলতানা দেখতে পান ক্যাশিয়ার ভদ্রলোক মিষ্টি নর্দমায় ফেলে দেন। তাঁর কাউন্টারে প্লেটে করে মিষ্টি পাঠিয়েছিলেন ম্যানেজার। ক্যাশিয়ার ভদ্রলোক মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি পেয়েছিলেন।
বাংলাদেশটা যেন ধূসর হতে থাকে, আর উজ্জ্বল হতে থাকে পাকিস্তানি ধারা। তবে অন্তঃসলিলার মতো বহমান থাকে বাঙালি ও বাংলাদেশের সুস্থ ধারা।
বাচ্চারা স্কুলে যায়। তিনবেলা খেতে পায়!
একদিন বড়ছেলে কাঁদতে কাঁদতে বাসায় আসে। ক্রিকেট খেলায় পাকিস্তান দলকে সমর্থন না করায় তার বন্ধুরা তাকে মেরেছে।
ছেলেকে বুকের মধ্যে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন সেদিন সুলতানা। তাঁর ছেলে এমন একটা বিষয়ে মার খাবে স্বাধীন বাংলাদেশে!
ছেলে সেদিন বলেছিল, ”বড় হয়ে আমি এদেশে থাকবো না মা, তোমাকেও নিয়ে যাবো সঙ্গে!’
সুলতানাকে বদলী করা হয় বেশ দূরের এক জেলা শহরের শাখায়। বুঝতে পারেন ম্যানেজারের কূটকৌশল, একজন শহীদের স্ত্রীকে হেনস্থা করার কোন সুযোগ হারাতে চান না ম্যানেজার সাহেব। সুলতানা উচ্চবাচ্য করেননি। নতুন জায়গায় নতুন উদ্যমে জীবন শুরু করেন। সব চাইতে কষ্টকর কোন আত্মীয়-স্বজনকে কখনো সহায় হিসেবে কখনো পাননি। চালিয়ে যেতে থাকেন তাঁর একাকী জীবনের যুদ্ধ। স্বস্তির বিষয় ছেলেমেয়েরা পড়ালেখায় ভালো ও মনোযোগী। সুলতানাও প্রাইভেটে পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করতে থাকেন। বিএ পাশও করেন একসময়। ব্যাংকে প্রমোশনও পেতে থাকেন একটু একটু করে। তিনি তখন সিনিয়র অফিসার। তখন আবার ক্ষমতায় আসে রাজনীতির পাশা খেলায় জিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কিন্তু অবাক হন সুলতানা। খুব তফাৎ পান না আগের জমানার থেকে।
ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে। লেখাপড়া শেষে নিজেরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। তিনজনই বিদেশে। নিজেরাই নিজেদের মেধার জোরে স্কলারশিপ জোগাড় করে গিয়েছে। তারপর থিতু হয়েছে সেখানে। তিনজনই সংসারী।
আবার ক্ষমতায় আসে বিরোধী পক্ষ। এবার সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিয়ে। আবারও হেনস্তার শিকার হতে হয় বিভিন্নভাবে। ততদিনে দেখেন সহকর্মীরা বেশিরভাগ একেবারে বাংলাদেশের বিরোধী। কথায় বার্তায় তাদের পাকিস্তানের জন্য আহাজারি। ক্রিকেট খেলার ধারবিবরণী শুনে পাকিস্তানের পক্ষে একেকজনের কি উদ্দাম সমর্থন! একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে অনৈতিকভাবে ঋণ দিতে অস্বীকার করায় তাঁকে সাসপেন্ড করা হয়। উনি একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যায় সরাসরি যুক্ত হিসেবে স্বাধীনতার পরেই তথ্য প্রমাণসহ জাতীয় দৈনিকগুলোতে তাঁর নাম ছবিসহ প্রকাশিত হয়েছিল। দীর্ঘদিন পলাতক ছিলেন। পঁচাত্তরের পরে উদয় হন এবং ক্ষমতার বলয়ে কেন্দ্রের কাছাকাছি স্থান করে নেন।
সুলতানা এর মধ্যে মাঝে মধ্যে ছেলেমেয়েদের কাছে বিদেশে গিয়েছেন কয়েকবারই। ইচ্ছে হয়নি কখনো থেকে যাওয়ার। দেশে রাজনীতির জোয়ার ভাটা চলতে থাকে। কিন্তু পাকিস্তানি ধারার স্রোত প্রবলভাবে অনুভব করা যায়।একসময় ছেলেমেয়েদের প্রবলচাপে শেষ পর্যন্ত মনস্থির করেন ছেলের কাছে যাবার।
ধীরে ধীরে বিদেশে ছেলের সংসারে নিজেকে মানিয়ে নিয়েছেন। বছরে দুবছরে দেশে যান, আব্দুল হাকিমসহ সাতটা কবর সুন্দর করে বাঁধিয়েছেন। কবরগুলো দেখভাল করার জন্য একজন লোক রেখেছেন। গতবছর দেশে গিয়ে দেখে এসেছেন মতলুব আলীর পরিবারের দোর্দণ্ড দাপট। তার এক নাতি উপজেলা চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দলের নেতাও বটে।
বিদেশে বসেই দেশের সংবাদ রাখেন। দেখেন একাত্তরের বাংলাদেশ কেমন করে হারিয়ে যাচ্ছে দিনে দিনে। যদিও দীর্ঘদিন ধরে কথিত ‘মুক্তিযুদ্ধের শক্তি‘ ক্ষমতায়!
একদিন টিভিতে দেখেন বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ায় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উল্লাস। এক ছাত্রী বললো “বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও এত খুশি হতাম না যতটা ভারত হারাতে হয়েছি”। খুব অবাক হন সুলতানা, ভারত হারাতে আনন্দিত হতেই পারে কেউ, কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার চাইতেও সে আনন্দ বেশি হবে! বিভ্রান্ত বোধ করেন। এরা কারা? এই তরুণ তরুণীরা?
সন্তানদের বিদেশে আসার আগে শর্ত দিয়েছিলেন, তাদের কথা দিতে হবে তিনি মারা গেলে তাঁকে যেন তারা দেশে নিয়ে তাদের বাবার কবরে সমাহিত করে। তিনি বলেছিলেন, ”তোমাদের বাবাকে এ পৃথিবীতে আমি মাত্র ছয় বছর পেয়েছি। মৃত্যুর পরে অনন্তকালের জন্য তাঁর সঙ্গে মিলিত হতে চাই!”
দূর বিদেশে বসে তিনি দেখছিলেন উত্তাল বাংলাদেশ। বুঝতে পারছিলেন না কি হচ্ছে। ছেলে একদিন টিভি দেখতে দেখতে বলল, ”হাসিনার পতন হলে দেখবে দেশটা পুরোপুরি তালেবান হয়ে যাবে, এমনকি পাকিস্তানও হয়ে যেতে পারে!”
দেখলেন সুলতানা, সরকারের পতন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, ভাষ্কর্যের মাথায় বসে অশ্লীলতার চূড়ান্ত রূপ, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ছবি ছিঁড়ে ফেলা যে ভাষণের সময় আব্দুল হাকিম সেই জনসভায় উপস্থিত ছিলেন! একে একে যেন পুরো বাংলাদেশ হুড়মুড় করে ভেঙে পড়ছে। কোনো এক দানব দুমড়ে মুচড়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে দেশটাকে। স্তব্ধ হয়ে টিভির সামনে বসে দেখতে থাকেন। খ্যাতনামা মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা মঈনউদ্দিন খান বাদলের সমাধি খুঁড়ে আগুন দেবার ছবি দেখেন। সেদিন সন্ধ্যায় ছেলে নেটে একটা ভিডিও ক্লিপ দেখায়। পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা. মাহরাং বালুচ এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের জনসভার কথা মনে পড়লো সুলতানার। মাহরাং বলছেন, ”ইয়ে বঙ্গাল নাহি হ্যায় ইয়ে বেলুচিস্তান হ্যায়, হাম কভি নাহি ভুলেঙ্গে আপনো শহিদোকো!”
ক’দিন ধরে প্রায় কারো সঙ্গে কথা বলেন না সুলতানা।
আজকে সুমনের পাঠানো আব্দুল হাকিমদের উপড়ানো সমাধি সাতটার ছবি দেখেন । সুমন জানিয়েছে কাণ্ডটি ঘটিয়েছে রাজাকার মতলুব আলীর নাতি!
আজকে আর কাঁদলেন না সুলতানা। পাথরের মতো মুখ করে অনেকক্ষণ ধরে ছবিগুলো দেখলেন। রাত্রে চুপচাপ খেয়েদেয়ে শুয়ে পড়লেন। পরের দিন রবিবার, ছুটির দিন। বাকি দু’ছেলেমেয়েকে আসতে বললেন দুপুরে।
সুলতানা ছেলেমেয়েদের বললেন, ”তোমাদের বলেছিলাম আমি মারা গেলে আমাকে দেশে নিয়ে তোমাদের বাবার কবরে আমাকে সমাহিত করতে। ভেবেছিলাম মৃত্যুতে তোমার বাবার সঙ্গে মিলবো, এবং অনন্তকাল বাংলাদেশে তোমার বাবার সঙ্গে থাকবো। আজ দেখছি আমার বাংলাদেশ হারিয়ে গেছে, তোমার বাবার কবর লাঞ্ছিত, অসম্মানিত। আজ বলছি ঐ অমানুষদের দেশে আমাকে নেবার দরকার নেই। এখানেই কোথাও রেখে দিও আমাকে। আর পারলে কখনো তোমাদের বাবার কবরের একমুঠো মাটি এনে আমার কবরে ছড়িয়ে দিও! তোমাদের বাবার কবরের মাটির সঙ্গে মাটি হয়ে আমি মিলবো!”
দীর্ঘদিন পরে ডুকরে কেঁদে ওঠেন সুলতানা বেগম। তিন ছেলেমেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে তাদের মাকে।
রাজিয়া সুলতানা বেঁচেই ছিলেন স্বামীর সঙ্গে বাংলাদেশের মাটিতে মিশে মিলিত হবার স্বপ্ন নিয়ে, যে আব্দুল হাকিম এক স্বাধীন ভূমির বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে জীবন দিয়েছিলেন।
চুয়ান্ন বছর পর দুটো স্বপ্নই অলীক হয়ে গেল! একটা এক মৃতজনের আরেকটা একজন জীবিতের।
সেদিন রাত্তিরে কাটা কাটা ঘুমের মধ্যে সুলতানা স্বপ্নে দেখেন বেলুচ নেতা মাহরাং বেলুচের জনসভা, রাজিয়া সুলতানা ঘুমের ঘোরে শুনতে থাকেন, ”- – হাম কভি নাহি ভুলেঙ্গে আপনো শহিদোকো!”
আরো দেখেন সাতটা ভাঙা কবর যেন অজানা কোন ঢেউয়ের দোলায় দুলছে।
স্বপ্নের মধ্যে ধ্বনি প্রতিধ্বনিতে শুনতে থাকেন, ”- – হাম কভি নাহি ভুলেঙ্গে আপনো শহিদোকো! কভি নাহি ভুলেঙ্গে- কভি নাহি ভুলেঙ্গে- -।
কিন্তু রাজিয়া সুলতানা একবারও আব্দুল হাকিমের মুখটা দেখতে পান না – স্বপ্নের মধ্যে !
(“ইয়ে বঙ্গাল নাহি হ্যায় ইয়ে বেলুচিস্তান হ্যায়, হাম কভি নাহি ভুলেঙ্গে আপনো শহিদোকো!” – “আমরা বাঙালি নই এটা বেলুচিস্তান, আমরা আমাদের শহিদদের কখনও ভুলবো না”।- লেখক)
লেখক:
কাজী ইসলাম
মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও দন্ত চিকিৎসক; নিউইয়র্ক