দহন
এভাবে বন্দি থাকে হাজার ফুল
নূপুরের ঝংকারে হারায় কান্না
গোপন ঘরে চলে মনের দহন।
কে বা খোঁজ রাখে, অবোধ মানবকুল
বিকিকিনির হাটে মন ওঠে না
‘আমি’ ছাড়া কে আর আছে আপন!
মানব জনম ধুঁকে ধুঁকে মরে
কে আপন কে বা পর হিসাব করে,
অলক্ষে ঝরে পড়ে গোলাপ বকুল
শেষ হয় না দহন উঁকি দেয় নতুন মুকুল।

আয়নাদৃষ্টি
যদি অন্ধ হও, নিজের ভুল দেখতে পাবে না
দৃষ্টিহীন মানেই অন্ধ না
একটি আয়না সবার মনেই থাকে
কেউ পর্দা দেয় কেউ খুলে রাখে
হেঁটে তো চলি সবাই
ক’জন পথে চলে?
বর্ণ সাজিয়ে শব্দ সবাই বলে
ক’জনের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকে?
অগাছা ভেবে গাছ উজাড় করছি
বোধোদয় কারই বা হচ্ছে!
বৃষ্টিবিলাসের আড়ালেও কান্না লুকিয়ে থাকে
ক’জনের দৃষ্টি তা দেখতে পারে?
বোধহীন সময়গুলো শেকড় প্রোথিত করে যাচ্ছে
ঘোলাটে চোখে প্রতিফলিত হোক আলো
একটি দৃষ্টি, একটি আয়না জেগে উঠুক সবার মনে।

অঙ্ক
দশ বছর? হয়তো
বিশ বছর? হয়তো না
তিরিশ বছর? কোনো আশাই নেই;
আমিহীন পৃথিবী!
অনুভূতি জেঁকে ধরতেই এক তুমুল ঝড় শুরু হয়
তীব্র বিষাদে মন ছেয়ে যায়, সবকিছু লবণহীন লাগে।
সমুদ্রের গভীর তলদেশের আলোড়ন যেমন উপরিতলকে স্পর্শ করে না
ঠিক তেমনি একটা ভীষণ আলোড়ন সব তছনছ করে দেয়
কিন্তু শরীর টের পায় না
মুষড়ে পড়া হৃদয় ক্লান্ত সাঁতারুর মতো নিথর পড়ে থাকে বালিতে মুখ গুঁজে।
একদিন আয়নাটা পড়ে ভেঙে যায় সকল আশার পরাগ
প্রজাপতির জীবন নিয়ে রচনা হয় না আর দীর্ঘ উপন্যাস।

বারাঙ্গনা রাত
একটি নেশাধরা দিনের শেষে মাতাল রাত্রি নেমে এলে
অসংখ্য গিধড়ের দৃষ্টি খুলে যায়
ওদের এড়িয়ে বনের রাজা সিংহের কাছে গেলে
গায়ে ঝোলানো সাইনবোর্ড সতর্কীকরণ বিজ্ঞাপনের কাজ করে।
রাত্রির গায়ে জ্বলে উঠলে চোখ
কখনো কখনো শাখা সিঁদুর বা নীল কাগজ বিজ্ঞাপন হয়ে ওঠে
একটি নির্জন রাত তবুও জেগে ওঠে
বিদ্রোহ করে ওঠে রাত পোশাক
জুবুথুবু হয়ে এক কোণে পড়ে থাকে ক্লান্ত বাসি রাত,
একটি ভোর অপেক্ষা করে সূর্য ওঠার।

ক্ষুধা
একটি ঘেরাটোপে বন্দি ক্ষুধা জেগে ওঠে আড়মোড়া ভেঙে
শতবছরের ঘুমন্ত গুহাবাসী সদ্যজাত চোখে দেখে দুনিয়া
মানুষ হেরে যায়, ধ্বংস হয় তার ক্ষুধার কাছে
যদি প্রতিটি বাড়ন্ত মানুষের মনে বেঁচে থাকত একটা শিশুর ক্ষুধা!
তবে ওরা বেঁচে যেত
ঘুমুতে হতো না অনন্ত ক্ষুধা বুকে নিয়ে।
জরিপের ফলাফল জানিয়ে গেছে কবি
প্রাপ্তবয়স্ক ক্ষুধার্তের মৃত্যুর হার সবচেয়ে বেশি।

নির্লিপ্ততা
এতটা নির্লিপ্ততা ভালো নয়
আশীর্বাদ নিতেও জানতে হয়
ওই চোখ তো পাথরের
ওখানে গোটা একটা সভ্যতার সমাধি আছে,
মাটি খুঁড়ে কেউ জল পায়, কেউ পানি
এত ধ্বংস তবু রক্তের রং বদলায়নি
আমি গ্রিক ভাস্কর্য
তুমি কলমে খোদাই করে গড়ে তোল উপন্যাস,
কেউ একজন বলেছিল
রাত্রির বুকে আছে দিনের সর্বনাশ।

স্বীকারোক্তি
এক অভিশপ্ত চিৎকারের আর্তনাদ বুকের ভেতর বন্দি পাখির মতো ডানা ঝাপটায়
কখনো জলে ডুব দিয়ে চিৎকার করে ওঠে, শুধু কিছু বুদবুদ বাতাসে মিলিয়ে যায়
সমাহিত আর্তনাদ দল ভারী করলেও কখনো মিছিল করতে দেখিনি
অতীতকে ছিঁড়েখুঁড়ে কাঠগড়ায় নিয়ে দাঁড় করাই, এখানে আমিই বিচারক
জলের ধর্ম নিম্নমুখী, আমি এক অসহায় আসামি, ওই নীলনকশার নকশাকার ছিলাম আমিই।
কেউ আমাকে হাত-পা বেঁধে কুয়োয় ফেলে দিয়েছিল, আমি শুধু অক্সিজেন খুঁজেছি
গা বাঁচাতে বাঁচাতে নিজের সত্তাকে গলা টিপে মেরেছি, কাকের জীবন বড়ো অসহায়
কখনো অলক্ষের ধমকে থমকে গেছে বাতাস, সংকুচিত ফুসফুস জলের নিচে তল খুঁজছে, তবুও
নাক বাঁচাতে পারেনি সেই আর্তনাদ
বিচারক আজও অসহায়, কাঠগড়ায় নিজের বিচার করেই চলছে
দৈববাণী হয়, তুমি নিজেই তোমার কৃতকর্মের জন্য দায়ী।

লেখক:
সুলতানা শিরীন
কবি ও লেখক, ঢাকা, বাংলাদেশ