। লুৎফুল হোসেন ।
স্তুতি আর স্থাপনা নয়
প্রজ্ঞা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও আদর্শকে স্থাপন করা চাই বুকের ভিতর
‘বাঙালির ইতিহাস নাই’ বলে উনিশ শতকের কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র যে আক্ষেপ করেছিলেন, তা এখনো প্রাসঙ্গিক?
ইতিহাস থাকুক কি না থাকুক, অতীত তো আছে। ১৯৪৭ সালের ৩ জুন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতভাগের পরিকল্পনা ঘোষণা করেন; সেসময় জুন মাসের প্রথম দিকেই পত্রিকায় খবর বেরোয় যে পশ্চিম পাকিস্তানের নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছেন। কয়েকজন বাঙালি মুসলমান বুদ্ধিজীবীর এর বিরোধিতা করে প্রবন্ধ লেখেন। ১৯৪৭ সালের ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘পাকিস্তান’ রাষ্ট্রটি জন্মের আগেই রাষ্ট্রভাষা আন্দোলনের বীজ এভাবে বপিত হয়েছিল। নতুন রাষ্ট্র পাকিস্তানের বয়স দু’সপ্তা না হতেই ১ সেপ্টেম্বর ১৯৪৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ছাত্র মিলে ‘তমদ্দুন মজলিস’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ১৫ সেপ্টেম্বর তাঁরা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেন। পাকিস্তান নিয়ে এর পেছনে সক্রিয় জনপ্রতিনিধি এবং আমজনতার আবেগ থিতিয়ে আসার অনেক আগেই এভাবে বাঙালি জাতীয়তাবোধের নবযাত্রা শুরু হয়েছিল ভাষার প্রশ্নকে ঘিরে। বাঙালি মুসলমানের মনোজগতে ধর্মীয় জাতীয়তাবোধের দেয়াল ডিঙিয়ে সাংস্কৃতিক জাতীয়তাবোধের বীজটি অঙ্কুরিত হতে থাকে, যার ভিত্তি ছিল ভাষা। ভাষা আন্দোলন ছিল এদেশে সাংস্কৃতিক জাগরণের প্রতীক, যার চরিত্র ছিল অসাম্প্রদায়িক। এ থেকেই জাগ্রত হয় অধিকার বঞ্চিত হবার বিভিন্ন ক্ষেত্রগুলো। দানা বাঁধে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি এবং বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। ‘৪৭ থেকে ‘৭১ অব্দি অসাম্প্রদায়িক, উদার ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এবং স্বাধীকার আন্দোলনের লড়াকুদের লড়াই করতে হয়েছিল দুটি ফ্রন্টে। একটি ফ্রন্ট হলো বাঙালি বুদ্ধিজীবী মানসে গেঁথে থাকা ধর্মাশ্রয়ী পাকিস্তানবাদী ধ্যানধারণার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই, অন্যটি ছিল সাম্য ও প্রগতির প্রাগ্রসর চিন্তাচেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। বিপরীতে সরকারি তথ্য বিভাগ, ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশন, পাকিস্তান কাউন্সিল ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বাঙালি বুদ্ধিজীবীকে পৃষ্ঠপোষকতা দিয়ে পাকিস্তানবাদের পক্ষে লেখানো হতো। আর্থিক সুবিধার বিনিময়ে যারা পাকিস্তানবাদের পক্ষে লিখতেন বা বলতেন তাঁদের মনস্তত্ত্ব জুড়ে ছিল সুবিধাবাদ, ভারতভীতি ও হিন্দুবিদ্বেষ। কিছু মানুষ এইসব সুবিধাভোগের পাশাপাশি পাকিস্তান সৃষ্টির আদি সুর–একটি অখণ্ড ইসলামি রাষ্ট্রের ধারণা সমুন্নত রাখতে মরিয়া ছিল। এরই সূত্র ধরে এদেশের মাটিতে এমন মানুষ বিদ্যমান ছিল যারা খুব সহজে বলতে পেরেছিল, ‘স্যার একটু বাইরে আসবেন? কথা ছিল’। গোটা মুক্তিযুদ্ধের সময় এদেশের শিক্ষক, বুদ্ধিজীবী, মেধাবীদের আমরা হারিয়েছি এদেশেরই কিছু মানুষের বাংলাদেশ বিদ্বেষের কারণে। এরকম কিছু মানুষই পাক হানাদারদের কাছে ধরিয়ে দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের, হানাদারদের হাতে তুলে দিয়েছে তারই চেনা মা-বোনদের।
একাত্তরের মার্চের শুরুতেই ঢাকায় দায়িত্বরত মার্কিন কনস্যুলেট জেনারেল আর্চার ব্লাড ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে পাঠানো এক বার্তায় বলেন, ‘ঘূর্ণিঝড়ের (১২ নভেম্বর ১৯৭০) আগে পাকিস্তানের ঐক্য বজায় থাকার সম্ভাবনা ছিল ৫০ : ৫০। নির্বাচনের পর এ সম্ভাবনা ২৫ : ৭৫ অনুপাতে হেলে পড়ে। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পর ঐক্যের সম্ভাবনা এখন ০ : ১০০’। মার্কিন কনস্যুলেট জেনারেল বাঙালির যে ভবিতব্য বুঝেছিলেন কিছুসংখ্যক বাঙালি তা বুঝতে নারাজ ছিল। এমনকি তারা এমন সত্যের বিরুদ্ধেই অবস্থান করছিল।
৭ মার্চ রেসকোর্সে আয়োজিত স্মরণকালের বৃহত্তম জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গায়ে জ্বর নিয়ে ১৯ মিনিটের যে তাৎপর্যপূর্ণ ভাষণ দেন তার শ্রোতারা ছিল তাঁর জ্বরের চেয়ে বহুগুণ উত্তপ্ত। সেই ভাষণে একদিকে তিনি আলোচনার দরজা খোলা রাখেন, অন্যদিকে যুদ্ধপ্রস্তুতির ডাক দেন। বাঙালির প্রধান নেতা হিসেবে তাঁর দায় ছিল জনমনস্তত্ত্বের পক্ষে থাকা, আবার দায়িত্ব ছিল অনাবশ্যক হঠকারিতার পথে গিয়ে বাঙলার সাত কোটি মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে না দেয়ার। অমন বিচক্ষণ ঐতিহাসিক ভাষণদাতা এই বঙ্গবন্ধুর দলই আওয়ামী লীগ। ইতিহাস না থাকুক এই অতীতেরই অংশীদার বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ।
তবু ‘বাঙালির ইতিহাস নাই’ বলেই আমরা এমন কিছু জীইয়ে রাখতে পারিনি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক চেতনায় যে আমার উত্তরপুরুষ তাই আজ যথার্থ জানে না চিনে না রাজাকার কি, মুক্তিযোদ্ধা কি। ইতিহাস নাই বলেই আজ বঙ্গবন্ধুর বাংলাদেশে একটা ইউনিয়ন পর্যায়েও নেতৃত্বের পদ নিতে যোগ্যতার মাপকাঠি টাকা, জাতীয় পর্যায়েও নেতৃত্ব ও পদের যোগ্যতা টাকা। টাকা দিয়ে রাজাকাররা সহজে দখল করে ফেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ আর নেতৃত্ব। জনমানুষের সাথে, শিকড়ের সাথে যোগাযোগ হারায় বৃক্ষের শীর্ষ শাখা ও পত্রপল্লবেরা। শিকড়ের অভিমান তাঁদের জানা হয় না, কষ্ট-দুর্ভোগ, চাওয়া-পাওয়া, ভালোবাসা-অভিমান, কিছুই জানা হয় না। একই বৃক্ষের অংশ হয়েও যেন তারা একে অন্যের অচেনা। অমন যখন বাস্তবতা তখন তো ‘স্যার একটু বাইরে আসবেন’ গোত্রের সহজ পোয়াবারো। ওরা সহজেই মুখোমুখি দাঁড় করিয়ে দেয় শিকড় আর বৃক্ষশাখাকে। অকারণে ঝরে পড়ে সতেজ সবুজ পাতারা।
হোলি আর্টিজানের পর গোটা জাতি শঙ্কায় ছিল, অমন যদি আরো হয়, হতে থাকে! অবিশ্বাস্য হলেও মেধাবী কিছু তরুণকে কেমন করে ঘোরগ্রস্ত রোবটের মতো মানুষ পরিচয় থেকে দূরে সরিয়ে কি ভয়ঙ্কর কাণ্ডই না ঘটালো অজ্ঞাত কোনো অদৃশ্য অপশক্তি! কার গেল? যার গেছে সে তো আজো নীরবে নিভৃতে কাঁদে। সেই কান্না থামাবার সাধ্য নিশ্চিতভাবে কোনো মানুষই ধারণ করে না।
২০১৪ ও ২০১৮ এর আভাসের পরও অকস্মাৎ আবার কোটা আন্দোলনের নামে ছাত্র-জনতাকে মাঠে নামিয়ে আন্দোলনের পোশাকে যে হট্টগোল তুমুল হলো, তার সাথে দু-দুটা মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দেয়া, এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা পুড়িয়ে দেয়া; সেতু ভবন, বিআরটিএ, ডাটা সেন্টার, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সদর দপ্তর, বিটিভি পুড়িয়ে দেয়া, থানা লুট, জঙ্গী কয়েদীর জেলখানা ভাঙা; অগুন্তি মৃত্যুর বীভিষিকাময় কান্না ও বেদনা, আরো যা কিছু হলো—তাতে কার গেল? রাষ্ট্রের আর জনতার, অন্য কারো নয়। ঘুণাক্ষরেও কেউ কী কিছুমাত্র ধারণা করতে পেরেছিল অকস্মাৎ এক কোটা আন্দোলনকে ঘিরে গোটা দেশের এমন হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হবে? এতগুলো অনাকাঙ্ক্ষিত অমূল্য প্রাণের মৃত্যু ঘটবে? এক সপ্তা স্থবির থেকে দেশ সামগ্রিকভাবে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে?
সঙ্গত কারণেই কয়েকটি প্রশ্ন জাগে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কিছুই জানতে পারেনি? এর আগের বারের ঘটনা কি ইতিহাসের পাতায় ঠাঁই না পেলেও অতীত থেকে মুছে গেছে? রাষ্ট্রীয় স্থাপনা আর কেপিআই এমন অরক্ষিত থাকবে? হ্যাঁ, একটা কথা পাশাপাশি উঠে আসে, রাষ্ট্রের রক্ষক তো শুধু সরকার হলেই হবে না জনগণকেও হতে হবে। কিন্তু জনগণের চেতনায় সেই বোধ আর দায় জাগ্রত হবে কীভাবে? যদি আমরা আমাদের ইতিহাসকেই জাগিয়ে না রাখি, বাঁচিয়ে না রাখি? আমি যদি রাজাকারের গলায় হাত দিয়ে হাঁটি, তাকে দাওয়াত দিয়ে মুরগির রান পাতে তুলে খাওয়াই তো আমার সন্তান কী করে বুঝবে—তাকে কেন বা কতটা সতর্ক থাকতে হবে রাজাকারদের কাছ থেকে? ত্যাগী কর্মী নেতাদের বাদ দিয়ে যদি টাকার বিনিময়েই পদ পদবী আর নেতৃত্ব বিলিয়ে দিতে থাকি তো রাজনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাটা কী দাঁড়ায় আমার সন্তান, আমার উত্তর প্রজন্মের সামনে? এর দায় তো কিছুমাত্রও আমার উত্তর প্রজন্মের নয়, স্রেফ আমার। আমি তাকে চিনতে দিইনি ভালো-মন্দ, আমি তাকে বুঝতে দিইনি শত্রু-মিত্র, আমি তাকে শিখাইনি ন্যায়-অন্যায়, নাগরিক দায়-নাগরিক দায়িত্ব। অতীত থেকে শিক্ষা নিলে এমনটা হবার কথা নয়। আমাদের গর্বের রাষ্ট্রীয় অর্জন, আমাদের অমূল্য উত্তরপ্রজন্ম এভাবে বলি যাবার কথা নয়।
কথা হলো আজকের বর্তমানই আগামীর অতীত। আমি-আমরা কি আজও বুঝবো আমার-আমাদের ভুল? নাকি ভুল অস্বীকার করে, ভুলকেই আঁকড়ে ধরে, আরো ভুলের গভীরে নিমজ্জিত হবো, হতে থাকবো, হতেই থাকবো; আমাদের জাতিসত্তা বিলীন হয়ে উবে না যাওয়া পর্যন্ত! অতীতকে স্বচ্ছতার ভিতর দিয়ে ব্যবচ্ছেদ করলে ব্যাখ্যা করলে প্রশ্নটা জেগে উঠবেই, দেশের মানুষের টাকায় কেনা গুলি দেশের সন্তানের গায়ে কেন বেঁধে? কখন বেঁধে? দুষ্কৃতকারী ছাত্র-জনতার ঢাল ব্যবহার করে এত সহজে কেমন করে বিভ্রান্ত করে জনতাকে, রাষ্ট্রকে?
ঠেকাতে হলে ইতিহাসকে বাঁচান, জাগিয়ে রাখুন, বক্তৃতা শুধু মাইকে না বাজিয়ে এর পেছনের ইতিহাস—সামনের ইতিহাস মানুষকে বুঝতে শিখান, বোধের ভিতর অতীতের ত্যাগ আর মহিমার মশাল জ্বালান, চেতনাকে শব্দে মুড়িয়ে না রেখে প্রদীপের সলতে বানিয়ে প্রজন্মের হাতে তুলে দিন। মুজিবের নামে স্থাপনা না করে তাঁর প্রজ্ঞা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও আদর্শকে স্থাপন করুন এদেশের মানুষের বুকের ভিতর। কথায়, ক্ষমতায় আর অর্থের দাপটে ঝড় না তুলে জ্ঞান-প্রজ্ঞা-দেশপ্রেমের কাছে সত্যিকার অর্থে নতজানু হোন। শাদা-কালো, রঙধনুর সাত রঙ—সব সত্যিকারের আদলে দেখতে দিন, জানতে দিন, বুঝতে দিন আপনার সন্তানকে, উত্তর প্রজন্মকে। নচেৎ নিজ হাতে তাকে অন্ধকূপে নিক্ষেপ করে হত্যা করুন আপনার জীবন থাকতে। কেননা তা না হলে অন্ধ কূপে ডুবে মরার চেয়ে অনেকগুণ ভয়াবহ হবে আমার-আপনার উত্তর প্রজন্মের ভবিষ্যৎ। এতে কোনো ভুল নেই।
আলাউদ্দিনের চেরাগ ঘষে জন্ম হয়নি বাংলাদেশের, অকস্মাৎ স্বপ্নে পাওয়া মুফতের দেশও বাংলাদেশ না। ইংরেজদের ডিভাইড এণ্ড রুলের মন্ত্রে ধর্মীয় বিভেদের ভিত্তিতে দেশভাগের তন্ত্র কিংবা ক্ষমতার দখল নিতে দুই ধর্মভিত্তিক নেতা-নেতৃত্বের রাষ্ট্র-পরিচালক হবার কাঙ্ক্ষায় দেশটাকে দুইভাগ করার মতোন স্বার্থ ঘিরেও বাংলাদেশের জন্মনি। আপন অস্ত্বিত্ব, মায়ের ভাষা, শোষণ-বঞ্চনার বিপরীতে দাঁড়িয়ে আপন অধিকার অর্জনের শক্তি আর সাংস্কৃতিক ঐতিহ্যের ভিতে দাঁড়িয়ে আপন জাতিসত্তার শিকড় থেকে জন্ম এই বাংলাদেশের। দেশের ভিতরে ও বাইরে শত্রু আমাদের ছিল, আছে, থাকবে। নিজ পরিচয়, অতীত ঐতিহ্য আর ইতিহাস জাগ্রত থাকলে সকল শত্রুই মাথা নত করে থাকবে বাংলাদেশের ভিতরে ও বাইরে। সেই শক্তির বীজমন্ত্রকে হত্যা না করে সমুন্নত রাখুন। আপন-পর, শত্রু-মিত্র, ভুল-শুদ্ধ চেনাটা সহজ রাখুন আপামর জনতার জন্য, উত্তরাধিকারের জন্য। আমাদের বিজয় ধারাবাহিকতায় অগ্রযাত্রা প্রতিদিন সূর্যোদয়ের মতো সত্য অনিবার্য ও অনির্বাণ থাকবে।
লেখক:

লুৎফুল হোসেন, কথাসাহিত্যিক, সাহিত্য সম্পাদক, বাঙালীয়ানা