স্বাধীনতা, সে আমার … …

Comments

স্বাধীনতা দিবসে কবিতাঞ্জলি

এইখানে
গোলাম কিবরিয়া পিনু

আমাদের আবার দাঁড়াতে হবে
এইখানে
একাত্তরে—
কতটুকু রক্ত ছিল যুদ্ধে?
কতটুকু কান্না ছিল যুদ্ধে?
কতটুকু দুঃখ ছিল যুদ্ধে?
কতটুকু পণ ছিল যুদ্ধে?
কতটুকু ত্যাগ ছিল যুদ্ধে?
কতটুকু আশা ছিল যুদ্ধে?
কতটুকু স্বপ্ন ছিল যুদ্ধে?
আমাদের আবার দাঁড়াতে হবে
এইখানে
একাত্তরে—
নত হতে হতে কোনখানে?
পিছে যেতে যেতে কোনখানে?
ভুলে যেতে যেতে কোনখানে?
ভীরু হতে হতে কোনখানে?
আমাদের আবার দাঁড়াতে হবে
এইখানে
একাত্তরে—
অঙ্গীকারে শানিত হতে হবে
সাহসে সাহসী হতে হবে
আমাদের আবার দাঁড়াতে হবে
এইখানে
একাত্তরে—
একাত্তরে বেঁচে থাকবে জীবন
একাত্তরে বেঁচে থাকবে শিশুরা
একাত্তরে বেঁচে থাকবে কল্যাণ
একাত্তরে বেঁচে থাকবে স্বপ্নেরা
একাত্তরে বেঁচে থাকবে অতীত
একাত্তরে বেঁচে থাকবে আগামী
আবার আমাদের দাঁড়াতে হবে
এইখানে
একাত্তরে—

স্বর্ণ স্বদেশ প্রিয় কনিষ্ঠ ভাই
ফেরদৌস নাহার

খুব ভোরবেলা আমার কনিষ্ঠ ভাইকে
বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হলো
ওর দু’চোখের কোণ বেয়ে শিশির ঝরেছিল কি-না
কোনোদিন জানব না,
সেদিনের সেই ভোর…

আমার মা বলতেন– সন্তানেরা সবচেয়ে প্রিয়
আর আমরা বলতাম– মা!

আমি উনিশ একাত্তরের দিনগুলো মনে করতে পারি
স্মৃতির সুউচ্চ স্বর্ণশিখরে এখন শকুনের হামলা
আমি মনে করতে পারি একাত্তরের দিনগুলো

আমার ভাই, যে আমার বন্ধুর মতো
যার হাতে ছিল বিরুদ্ধ স্রোতের পতাকা
যার কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে স্লোগান
আমি তাকে হারিয়েছি
আসলে হারিয়েছি কি-না
আজ আর মনে করতে পারি না

ছোটোভাই, একবার এসে দেখে যা
তোর স্বপ্নের সোনালি স্বদেশে
কোন জুজুবুড়ির শাপিত নিশ্বাস
ছারখার করে যায় সাজানো সংসার
কার হাতে ঘুরে মরে সত্যের চাকা
কার পায়ে পিষে যায় মানুষের আত্মা
বিশ্ববেহায়ার রূপ ধরে
কে এখন ধর্মকে অস্ত্র করে তোলে
কার ছায়ায় বেড়ে ওঠে একাত্তরের ঘাতক
কার পাপে দীর্ঘ হয় বিপ্লবের পথ
একবার দেখে যারে ভাই…

আজন্মের বিশ্বাস নিয়ে
পথে পথে খুঁজে মরি সোনামুখী ভাই

আমি জানি
এদেশের ঘরে ঘরে আজও জন্ম নেয়
সাহসী ভাই এবং মায়াবতী বোন
আজও ডাক দিলে ছুটে আসে তারা
একসাথে তুলে নেয় সময়ের অস্ত্র
ঢেলে দেয় রক্তের সুচারু ধারা!

আমার যে ভাই গেছে স্বাধীনতার পথে হেঁটে হেঁটে
যার বুক ফেটে গেছে বেয়নেটের খোঁচায়
তার মতো কে আছো বলো আজ
যাকে দেখে সিংহ-পুরুষ বলে ডাক দিতে পারি!

আমার মা বলতেন– সন্তানেরা সবচাইতে প্রিয়
আর আমরা বলি– স্বদেশ!

সেদিন পতাকা উড়েছিলো
নাসরীন জাহান

গাভী যখন ছটফট করছিল,
কলার পাতা বিছিয়ে দিয়েছিল কেউ সূর্যাস্ত জুড়ে,

যখন গুলি কেবল গুলির শব্দ সূর্যাস্ত ভেঙে দিচ্ছিল,
হুল্লোড় কেবল হুল্লোড়,

কারো বাড়িতে ছিল রক্ত বিছানো,
কারো বাড়িতে বিধবা বিছানো,
ক্ষতদাগ ছিল দেয়ালে দেয়ালে,
গর্জানো কণ্ঠ আকাশে আকাশে।

চারপাশে রোদ ঘুর্ণিমত্ত
সাপেরা খুঁজছে গভীর গর্ত।
কত মাস গেল রে?
নয় মাস।

বুড়ি হেসে বলে– এক্ষুনি বাচ্চা আসবে।

কার্তিকের শেষে হঠাৎ করে ফাতনার কাঁপন।
বুকের মধ্যে ধরাস ধরাস মধুর যাপন!
নদীর চর ফেটে একী অদ্ভুত চিত্র?
মানচিত্র?
লাশের পর লাশের পাহাড়,
শুকনো পাতার খড়খড়
ঝড়,

ধ্বংসযজ্ঞ সাবানের স্রোত, থেমে গেলে ঝড়
দাঁড়িয়ে পড়ল রোদ,

চিৎকার করে এসেছিল কারা?

লেবুবাগানের পেছনে পেছনে, অদ্ভুত রোদ
ছায়া উঠোনে ঘুর্ণ-ঘুরপাকময়।

দিগন্ত ভেঙে ছুটে আসছিল কারা?
স্বাধীন পতাকায় উড়েছিল যারা।

নকল পুরাণ
শামীম আজাদ

ঘুম আসে না
উদ্বিগ্ন থাকি সারারাত
ক্ষণে ক্ষণে খাবলা মারছে
এ-সে-যারা-তারা
কোনোদিনও নৈতিকতা নিয়ে
ভাবে নাই যাহারা ।

বাতাসে বত্রিশটি পোড়া দাগ
হাতে হাতে উদিত নকল পুরাণ
ম্যানহোলে আদর্শ লিপি
কাঁদছে নির্বোধ অভিমান
কী করে এ উগ্রতা থামাই
আমরা?

তাঁহাদের নাম মনে পড়ে
একদিন যাঁরা–
আমাদের সম্ভ্রম নিয়ে চিন্তিত হয়ে
বহু যুদ্ধমাস কাটিয়ে
আমাদের নাম পাল্টে
নতুন নামকরণ করতে করতে বলেছিলেন “তোমার হলো শুরু
আর আমার হলো সারা।”
এখন কী জবাব দিই তাঁদের
আর কীইবা উত্তর পেতে পারি আমরা?

বৈষম্য
ফরিদ আহমদ দুলাল

মনোপলি মৌসুমে এখন শহরে সড়ক একমুখী সব
ক্রমাগত চলে সর্বত্র একপাক্ষিক সরব উৎসব!
কাগুজে চিন্তার স্বাধীনতা বলবৎ আছে ঘোষণায়
পুতুল নাচের নেপথ্য-কৌশল প্রকাশ্যে নাচায়;
দ্বিপাক্ষিক বৈঠকে তোমার আদ্যপান্ত অধিকার
আমার যৌক্তিক দাবী অবিরাম শুনি মান্যতার
মনোপলি মৌসুমে জীবন যতটা প্রকাশ্য, গুপ্ত ততটাই
বিশেষ পক্ষের হাতে হাতে থাকে সুতোর নাটাই
অন্যপক্ষ নীলাকাশে উড়ি রঙিন আনন্দ-ঘুড়ি
মেঘ ছুঁয়ে আমাদের প্রকাশ্য স্বাধীন ওড়াউড়ি;
মেটিকুলাস ডিজাইনে গণিতের সহজাত সাম্য
সাম্যের সংসারে সমঅধিকার প্রত্যেকের কাম্য;
নাটাই-সুতোর নিয়ন্ত্রণ অধিকার যার হাতে
সর্বৈব সে ঈশ্বরের প্রতিনিধি বাণী পান প্রাতে
তার ইচ্ছায় অলঙ্ঘ্য দৈববাণী আসে অবকাশে
“ঐক্যবদ্ধ থাকো সবাই সংকটে আস্থা রাখো আমার আশ্বাসে
সম্পদ সমবণ্টনে মনোযোগী হও তুমি মাথা নাও লেজ ওকে দাও
কারো আপত্তি থাকলে তাকে লেজ দিয়ে তুমিই না-হয় মাথা নাও!”
দৈব বাণীর সৌন্দর্য মহিমায় বলি- “তথাস্তু! তথাস্তু!
আমাদের অলিক প্রশান্তি দাও, যাকে খুশি দাও বস্তু!”
বিশ্বাসীরা এভাবেই প্রভুদের কাছে পায় ভাগ
কৃতজ্ঞচিত্তে গ্রহণ করে প্রভুর করুণা স্বাধীনতা-অনুরাগ।

এসো, আগামীদিনের গল্প বলি এসো
ফেরদৌস নাহার

শূন্যতার মাঝে বেড়ে ওঠার একধরণের
শক্তি আছে জেনো
এখন পৃথিবী সেই অপরিমেয় শক্তিতে
শূন্যতা অতিক্রম করছে

স্বাধীন সত্তার পাশাপাশি
দ্বিধা বিভক্ত একদল স্বাধীনতার প্রশ্ন তুলে
এখনো তর্কে মাতোয়ারা!
এ-কেমন পৃথিবী বলো
অবাঞ্ছিত জন্ম রোধ আছে
শুধু অবাঞ্ছিত মৃত্যু রোধ নেই
যার যেখানে মানায় ভালো
সে কেবল বেমানান আসনে গিয়ে বসে
যার যেখানে থাকার কথা
তাকে কেবল ছুঁড়ে ফেলে দেওয়া
কাংখিত মানুষেরা অপরিচিত হয়ে হয়ে যায়

এ-কেমন পৃথিবী বলো
স্বাধীনতার শত্রুরা অবলীলায়
সময়ের টুটি চেপে
কী ভীষণ চাতুর্যে নিজেদের পঙ্কিলতা
ধুয়ে মুছে সাফ করে নেয়
ধর্ম আর রাজনীতির বিষাক্ত রঙ্গলীলায়
আফিম আর বিষ ঢেলে দেয়
বেজন্মার কারুকাজে শিল্পের মোহন ছাঁচে
পরোক্ষ ব্যবসা করে যায়
তাদের বেহায়া বুকে ছুরি মারার পরিবর্তে
নিজেই নিজের বুকে ছুরি মারি আজ!

এ-কেমন জন্ম বলো
স্বদেশে আত্মা জুড়ে শয়তানের হোলিখেলা
এইজন্মে দেখে যেতে হলো!
এ-কেমন পৃথিবী বলো
ভোর হবার আগেই দেখি
নতুন অন্ধকার তাকে গ্রাস করে নিলো

এসো, আগামীদিনের গল্প বলি এসো
দুধে ভাতে বেড়ে ওঠার গল্প বলি এসো

অনির্বচনীয়
শামীম আজাদ

কখনো দীঘল রাতে
ঘুম সেরে জানালার চাঁদহীন চোখে চেয়ে পানি মেখে জল হয়ে যাই।
ভেসে আসে আশেপাশে
মানুষের দীর্ঘশ্বাস, ছাই
অবসন্ন প্রহরের পালক খসে যায়
শরীরের অস্থিগুলো হয়ে যায় নাই।

চারিদিক ভরা কীট ও কুলাঙ্গারে,
নখে ত্বকে গিটে গিটে
তবু তাহারই উপর বসা এক ছায়া
করে করুণা, দেয় মানবিক মায়া
শাস্তি নয়, অনুশোচনা নয়,
নয় পরকালে পেলব দ্রাক্ষা-বাসনা।
সে সুতীব্র মিষ্ট ঘ্রাণের উৎস
দৃশ্যমান হয় না, তবু টের পাই।
আলতো ছুঁয়ে আছে তা, থাকে
পিতার সুপ্ত প্রত‍্যাশা।
আশ্বস্ত হই, অবশিষ্ট সম্পদ কুড়াই
গলে যাওয়া লক্ষী হাতজোড়া আমার
এখনও পয়মন্ত–
এখনো পাথর হয় নাই।।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট