অনলাইন নিউজ পোর্টাল, পত্রিকা, রেডিও, টেলিভিশনসহ সকল গণমাধ্যমকে একটি স্বাধীন ওয়েজবোর্ডে নিয়ে আসা হবে। ‘গণমাধ্যম কর্মী ওয়েজবোর্ড’ নামে পরিচিতি পাবে নতুন একটি ওয়েজবোর্ড। এমন প্রস্তাব রেখে ‘গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলী) আইন ২০১৮’ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৫ অক্টোবর, সোমবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আইনের খসড়ায় বলা হয়েছে, এটি হবে স্বাধীন ওয়েজবোর্ড। এটা শ্রম আইনের আওতায় থাকছে না। সাংবাদিকরাও শ্রমিক হিসেবে নয়, গণমাধ্যম কর্মী হিসেবে পরিচিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
আগে গণমাধ্যমকর্মীরা চলতেন ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইন- ১৯৭৪’ এর আওতায়। পরে তাদের শ্রম আইনের অধীনে আনা হয়। শ্রম আইনের অধীনে গণমাধ্যম কর্মীদেরও ‘শ্রমিক’ হিসেবে বিবেচনা করা হত। নতুন আইন পাস হলে গণমাধ্যম কর্মীরা আর শ্রমিক থাকবেন না, তাদের গণমাধ্যমকর্মী হিসেবে অভিহিত করা হবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরও বলেন, “যারা গণমাধ্যমে কাজ করবে তারা শ্রমিক নন, গণমাধ্যমকর্মী। নতুন আইনে শ্রমিক কথাটি থাকবে না। শ্রম আইনে যেখানে শ্রমিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ওখান থেকে বেরিয়ে আসবে। এখানে গণমাধ্যম কর্মীর পরিষ্কার সংজ্ঞা হল-গণমাধ্যমে পূর্ণকালীন সাংবাদিক, কলাকুশলী, প্রশাসনিক কর্মকর্তা অথবা কর্মচারী, নিবন্ধিত সংবাদপত্রের মালিকানাধীন ছাপাখানা এবং বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মী। ছাপাখানা বলতে সংবাদপত্র রিলেটেড ছাপাখানাকে বুঝানো হয়েছে। আইনে ওয়েজবোর্ডের কথা বলা হয়েছে। এটা শ্রম আইনের নয়, স্বাধীন ওয়েজবোর্ড।”

তিনি আরো জানান, “আইনে ১০ ধারায় নতুন একটি প্রস্তাবনাও আছে -তা হল পরিদর্শন কমিটি। পরিদর্শন কমিটির অনুমোদন সাপেক্ষে গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব চাকরিবিধি থাকবে। ৪ ধারায় বলা হয়েছে, কোনো গণমাধ্যমকর্মীর নিয়োগপ্রাপ্তির একবছর সমাপ্তির পর প্রদেয় ভবিষ্যৎ তহবিলে মাসিক চাঁদা দেওয়া শুরু করতে পারবে। যিনি মালিক তিনিও সমানহারে এখানে কন্ট্রিবিউট করবেন।”
ছুটির বিষয়ে তিনি জানান, “ছুটির বিষয়েও এখানে অগ্রগতি আছে। আগে যেটা ১০ দিনের সিএল ছুটি ছিল সেটা এই আইনের ৬ ধারায় ১৫ দিন ঠিক করা হয়েছে। এছাড়া অর্জিত ছুটি আগে ছিল ৬০ দিন সেটা এখন ১০০ দিন হবে। সেটা ১১ দিনে ১ দিন করে জমা হবে। সপ্তাহে আগে ৪৮ ঘন্টা কর্মঘন্টা থাকলেও এ আইনে তা হবে ৩৬ ঘন্টা। এর বেশি করলে ওভারটাইম দিতে হবে বলেও জানান তিনি। এছাড়াও গণমাধ্যমকর্মী তাদের চাকরির মেয়াদের ১৮ ভাগের ১ ভাগ পূর্ণ বেতনে অসুস্থজনিত ছুটি পাবে। গণমাধ্যমকর্মীরা উৎসব ছুটি পাবেন সর্বোচ্ছ ১০ দিন। প্রত্যেক নারী গণমাধ্যমকর্মী ৬ মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। প্রত্যেক গণমাধ্যমকর্মী ৩ বছর অন্তর ৩০ দিন শ্রান্তি-বিনোদন ছুটি পাবে।”
৭ ধারায় চিকিৎসা সুবিধার সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে, প্রত্যেক গণমাধ্যমকর্মী স্বাস্থ্যবীমা সুবিধা পাবে। ৮ ধারায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। ৯ নম্বর ধারায় বলা আছে, সরকার এ আইনর সাথে সামঞ্জস্য রেখে গণমাধ্যমের সাথে জড়িত গণমাধ্যমকর্মী ও কর্মচারীদের ওয়েজ নির্ধারণের জন্য প্রজ্ঞাপনমূলে গণমাধ্যমকর্মী ওয়েজবোর্ড গঠন করবে। বগ১৪ ধারায় বলা হয়েছে, সরকার কর্তৃক অনুমোদিত ওয়েজের নিম্নতর হার সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিকের উপর অবশ্যই পালনীয় হবে।
সচিব জানান, ১৬ ধারায় বলা আছে, যদি কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের নিকট কোনো গণমাধ্যমকর্মীর বকেয়া পাওনা থাকে তাহলে ওই গণমাধ্যমকর্মী স্বয়ং অথবা তার লিখিত ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কিংবা মৃত গণমাধ্যমকর্মীর ক্ষেত্রে তার পরিবারের কোনো সদস্য আদালতে মামলা দায়ের করতে পারবে।
আইনে বলা হয়েছে, গণমাধ্যমকর্মী ও মালিক পক্ষের মধ্যে সমস্যা সৃষ্টি হলে ‘এডিআর’র মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। মালিক পক্ষকে এই আইনের সব বিধান পালন করতে হবে। এর ব্যত্যয় হলে বা লঙ্ঘিত হলে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে। আইনে সুনির্দিষ্ট করে কিছু বলা না থাকলেও জরিমানা অনাদায়ে আদালত কারাদণ্ড দিতে পারেন।
আরও পড়ুন: ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যানকে দুদকে তলব
আইনের ১৯ ধারায় শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনে বর্ণিত ধারা অথবা ধারাসমূহ অথবা এর অধীন প্রণীত বিধি লংঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা করা যাবে।
১৯ এর ৩ এ বলা হয়েছে, সরকার এ আইন লংঘনকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ যেকোনো পর্যায়ে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বন্ধ অথবা স্থগিত রাখতে পারবে।
এই ওয়েজবোর্ডে অনলাইন নিউজ পোর্টাল, পত্রিকা, রেডিও, টেলিভিশনসহ সকল গণমাধ্যমকে নিয়ে আসা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিসভার বৈঠকে ‘সম্প্রচার আইন, ২০১৮’ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে সম্প্রচার মিডিয়া তথা রেডিও, টেলিভিশন ও অনলাইন পত্রিকায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪ অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা করা হবে।
আইনটি নতুন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্টেক হোল্ডারদের সাথে অনেক আলোচনা করে আইনটি তৈরি করা হয়েছে। অনলাইন গণমাধ্যমের সংজ্ঞা, ক্যাবল অপারেটর, ক্যাবল টেলিভিশন চ্যানেল, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের সংজ্ঞা, সম্প্রচারের সংজ্ঞা উল্লেখ করা আছে।
কোন সম্প্রচারকারী বা অনলাইন গণমাধ্যম পত্রিকা কর্তৃক ২৪টির মতো অপরাধ আইনে উল্লেখ রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ইভিএমের দামের পার্থক্য ১১ গুণ