। মণিকুন্তলা গুপ্ত ।
স্বনামধন্য নাট্যকার প্রয়াত মনোজ মিত্রের ৮৭তম জন্মদিন স্মরণে বরণে অনন্য হয়ে রইলো বিগত ২২ ডিসেম্বর সন্ধ্যায় তপন থিয়েটারে বালি নোটো নাট্যগোষ্ঠীর স্মৃতিতর্পণে। অন্যতম নাট্যব্যক্তিত্ব পঙ্কজ মুন্সী ও রাম মুখোপাধ্যায় তাঁদের ভাষণে মনোজ মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ নাট্য সান্নিধ্য ও আন্তরিক ব্যক্তিগত সংযোগের কথা উল্লেখ করলেন। উভয়ের ভাষণেই নাট্যকার মনোজ মিত্রের অসামান্য কৃতিত্বের অকুণ্ঠ প্রশংসা ছাড়াও মানুষ হিসেবে ও একজন প্রকৃত মানবদরদী ব্যক্তিত্বের মূল্যায়ন ছিল। আর ছিল রসিক মনোজের অকৃত্রিম চারিত্রিক বৈশিষ্ট্য যা তার প্রায় প্রতিটি নাটকে প্রতিফলিত হয়েছে। নির্মল হাস্যরসের উৎসারও দেখেছি তার ‘সাজানো বাগান’, ‘নরক গুলজার’ বা ‘কেনারাম বেচারাম’ নাটকে। আবার হাস্য রসের অন্তরালে দেখেছি সূক্ষ্ম ও গূঢ় মানব জীবনের পর্যবেক্ষণ ও হৃদয় নিংড়ানো অশ্রুজল ও কৌতুকমিশ্রিত শ্লেষ ও বিদ্রুপের কষাঘাত।

রাম মুখার্জির বক্তব্যে জানলাম যে তিনি সুন্দরমের সদস্য ছিলেন ও বেশ কয়েক বছর সেখানে অভিনয় করেছেন। তাঁর কণ্ঠে নাটকের দুটি গান ছিল আমাদের উপরি পাওনা। ৮৫ বছর বয়সে তাঁর উদাত্ত গলায় গাওয়া গান আমাদের মন ভরিয়ে দিয়েছিল।
এর পরে ছিল নোটো নাট্য গোষ্ঠীর প্রাণপ্রতিমা ময়ূরী মিত্র ও প্রাণপুরুষ অমর চট্টোপাধ্যায়ের কন্ঠে পরিবেশিত রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘রক্তকরবী’ শ্রুতিনাটক। রক্তকরবী নাটকের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই উদযাপন যেমন যথার্থ শ্রদ্ধাঞ্জলি তেমনই সময়ের নিরিখে খুব প্রাসঙ্গিক এই নাটককে শ্রুতিনাটক হিসেবে বেছে নেওয়া। দুই শিল্পীরই মনোজ্ঞ পাঠের সঙ্গে খোলা গলায় গাওয়া গান যে অবিমিশ্র রসায়ন সৃষ্টি করেছিল তা দর্শকদের হৃদয় একটি চিরস্থায়ী আবেদন সৃষ্টি করতে পেরেছে আমি নিশ্চিত। কিশোর, অধ্যাপক, বিশুপাগল, রাজা বিভিন্ন চরিত্রের কণ্ঠে স্বরক্ষেপণে অমর চট্টোপাধ্যায়ের মুন্সীয়ানার পরিচায়ক। তবে কিশোরের কণ্ঠে অমর চট্টোপাধ্যায়ের ভাবগম্ভীর গলা একটু যেন প্রশ্নচিহ্ন তোলে। তবে সময়ান্তরে আরো অভিনয়ের সঙ্গে সঙ্গে এই অসংলগ্নতা কেটে যাবে কণ্ঠের মায়াজাল বিস্তারের জাদুকাঠির সঞ্চালনার অভিজ্ঞতায়।

আর কিন্নরকণ্ঠী ময়ূরীর গানে ও সংলাপে নন্দিনী জীবন্ত হয়ে উঠেছিল। বলা বাহুল্য দুজনের অন্তরঙ্গ পাঠে ও গাওয়া গানের অবিমিশ্র রসায়নে যান্ত্রিকতার বিরুদ্ধে মানবিকতা ও প্রাণশক্তির অকুণ্ঠ জয়গান মূর্ত হয়ে ওঠে।
এবার শিশুনাটক ‘ভূত পুতুলির দেশে’ এর এক অসাধারণ মঞ্চায়ন দেখলাম। এই নাটকটি আগে কখনো অভিনীত হয়নি। প্রথম পান্ডুয়ায় রামমোহন মঞ্চে অভিনীত ও প্রশংসিত হয়। দ্বিতীয় অভিনয় হয় গতকাল ২২শে ডিসেম্বর তপন থিয়েটারে। এদিন নাটকটি তুমুল প্রশংসা প্রমাণিত হয় দর্শকদের ঘন ঘন উচ্ছ্বসিত করতালিতে। ‘রক্তকরবী’ শ্রুতিনাটকটির পর ‘ভূত পুতুলির বেশে’ নাটকটির নির্বাচন আমার কাছে অত্যন্ত অর্থবহ মনে হয়েছে। ‘রক্তকরবী’ একটি প্রতীকী নাটক ও সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক। ‘ভূত পুটুলির বেশে’ নাটকটিও নামেই শিশুনাটক কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে অনেক গুরুগম্ভীর গভীর সামাজিক সমস্যার কথা যা প্রতীকায়িত রয়েছে নানা চরিত্রের মাধ্যমে।

এটা লক্ষ্য করা গেছে মনোজ মিত্র তার নাটকে নানা অশরীরী অস্তিত্ব অর্থাৎ ভূত প্রেত ব্যবহার করতেন, যাদের মাধ্যমে তিনি সামাজিক অন্যাযের প্রতি আঙুল তুলে রাজনৈতিক সচেতনতার পরিচয় দিতে চেয়েছিলেন। অবক্ষয়িত সমাজের নানা ত্রুটি-বিচ্যুতিকে ব্যঙ্গ বিদ্রুপের তীক্ষ্ম বাণে জর্জরিত করে চরিত্রায়নে তার নৈপুণ্য অবিসংবাদিত। ‘ভূত পুতুলির বেশে’ নাটকটিতে রাজনৈতিক ও মানবিক প্রেক্ষাপটে ভূত প্রেতের অর্থবোধক আবির্ভাব।
সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের হাসি কান্নাকে রূপ দিতে তাই ভূতেরা কখনো নীতিবাদী ভালো মানুষের রূপ ধরে ফিরে আসত। তাই তাঁর নাটকে প্রশ্নোত্তরে মন্ত্রী, অমাত্যদের অবলীলায় বলতে শুনি ‘আমরা দেখি সবই আবার প্রয়োজনে দেখিও না’ – এ তো এই সময়েরও রাজনৈতিক অসঙ্গতি, দুর্নীতি বা নৈতিক অবক্ষয়ের দিকে আঙুল তোলা, যা সময়ের অনেক আগেই পূতিগন্ধময় সমাজের ললাটদর্শন ।

নাটকের শিল্পগুণ নির্ধারিত হয় কুশীলবদের সম্মিলিত অভিনয়ে, সেদিক থেকে এই নাটকের team work
প্রশংসার দাবি রাখে। বড়োদের সাথে ছোটোদের পাল্লা দিয়ে অভিনয় মন কেড়ে নেয়। বিশেষ করে রাজকুমারী ও পুরোহিতের stage free অভিনয় শিশুশিল্পী দুজন আগামীর সফল অভিনেতার প্রতিশ্রুতি দিয়ে যায়। বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুটিকে দিয়ে সুন্দর অভিনয় করিয়ে নেওয়া নোটো নাট্য গোষ্ঠীর কৃতিত্ব। সার্বিক সাবলীল অভিনয়, সংলাপ, আবহ, সঙ্গীত দিয়ে গাঁথা ‘ভূত পুতুলির বেশে’ এক অনন্য বিনিসুতোর মালা ।
নাটকের প্রতি অনুরাগ কতটা হৃদয়ের দাবিদার হলে দিনের পর দিন শহর থেকে শহরান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে ছুটে অভিনয় করে যাওয়া যায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। এহেন নিষ্ঠাকে হার্দিক অভিবাদন জানাই। আর নাট্যানুমোদী ব্যতিরেকে সবাইকে অনুরোধ করবো সবাই নাটকটি দেখুন, না দেখলে শিল্পচর্চা ও নাটকের
প্রতি ভালবাসাটি অনাদৃত থেকে যাবে ।
ছবি: অতনু ঘোষ
লেখক:
মণিকুন্তলা গুপ্ত