গণভবনের মধ্যেই একটি বাড়ি। সেই বাড়িতে স্ত্রী-কন্যাদের নিয়ে থাকতেন কর্নেল জামিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাত তিনটা-সাড়ে তিনটার দিকে বেজে উঠল লাল ফোনটা। লাল ফোন মানে সরাসরি বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলা যায় যে ফোনে। ফোন ধরলেন কর্নেল জামিলের স্ত্রী আনজুমান আরা।
‘হ্যালো!’
‘তুই জামিলকে দে।’ বঙ্গবন্ধুর গম্ভীর কণ্ঠ।
আনজুমান আরা একটু ভয় পান। কর্নেল জামিল বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেন, আনজুমান আরা টেলিফোনের কাছেই দাঁড়িয়ে থাকেন। জামিল বঙ্গবন্ধুকে বললেন, ‘স্যার, আপনি ভয় পাবেন না। আমি এখনই আসছি। ঘর বন্ধ রাখুন। কেউ খুলতে বললেও খুলবেন না।’
যে কালরাতে ষড়যন্ত্র করা হয়েছিল, নগরীকে ঘিরে ধরেছিল অনিশ্চয়তা। দেশের নেতৃত্ব অচল হয়ে পড়েছিল। কিন্তু কর্নেল জামিল তাঁর দায়িত্ব থেকে সরে আসেননি। তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে বঙ্গবন্ধুকে রক্ষার নির্দেশ দেন এবং তৎক্ষণাৎ ৩২ নম্বর রোডের বাড়ির দিকে ছুটে চলেন। তার আগে শান্তভাবে নিজের পিস্তল খাপে রেখে স্ত্রী-সন্তানদের বলেন, বঙ্গবন্ধুর বিপদ। কীভাবে আমি না গিয়ে পারি! জিপে চড়ার আগে স্ত্রীর প্রতি তাঁর শেষ কথা ছিল, আমার কন্যাদের খেয়াল রেখো। অন্ধকার ভেদ করে গাড়ি চলে যায় ৩২ নম্বর রোডের বাড়ির দিকে। সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছালে পিজিআর কনভয় কর্নেল জামিলকে থামায়। তিনি কারণ জানতে চান। তাঁকে বলা হয়, সামনে সেনা ইউনিট রয়েছে এবং গোলাগুলি চলছে। তিনি সেনাদের সামনে এগোনোর জন্য বোঝাতে চেষ্টা করেন। সময় ফুরিয়ে যাচ্ছে বুঝতে পেরে তিনি জিপে চেপে বসেন এবং নিজে গাড়ি চালিয়ে ৩২ নম্বর রোডে যাওয়ার চেষ্টা করেন। গুলি করা হয় কর্নেল জামিলকে। গাড়ির ভেতর লুটিয়ে পড়েন তিনি। শাহাদতবরণ করেন কর্নেল জামিল, যিনি অন্যদের মতো বঙ্গবন্ধুকে রক্ষার শপথ নিয়েছিলেন।

কর্নেল জামিল অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। স্বাধীনতাযুদ্ধের সময় কর্নেল জামিল পাকিস্তানে জিম্মি অবস্থায় ছিলেন। একজন সেনা কর্মকর্তা হিসেবে তাঁর আন্তরিকতা এবং পেশাদারত্বে মুগ্ধ হয়ে স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাঁকে তাঁর সামরিক সচিব নিযুক্ত করেছিলেন। নীতি ও কর্তব্যের প্রতি অবিচল আনুগত্য কর্নেল জামিলকে দান করেছে শহীদের মর্যাদা। যে রাতে অনেক সাহসী মানুষ দ্বিধা-দ্বন্দ্বে ভুগেছেন, সে রাতে কর্নেল জামিল একচুলও টলেননি তাঁর কর্তব্যবোধ থেকে। সাহসিকতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন কর্নেল জামিল। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন কর্তব্যবোধকে।
১৫ আগস্ট রাতে জানা গেল, জামিলের লাশ পড়ে আছে সোবহানবাগ মসজিদের পাশে। লাশ বাড়িতে আনতে দেবে না। ক্যান্টনমেন্টে নিয়ে যাবে। দেখলে ওখানে গিয়েই দেখতে হবে।
আনজুমান আরার ছোট ভাই তপন ওর এক বন্ধু খোকনকে নিয়ে জামিলের লাল গাড়িটা থেকে লাশ নামান। একটি ল্যান্ডরোভারে তোলেন। সেনাবাহিনীর কিছু সদস্য জামিলের স্ত্রী-সন্তানদের নিয়ে গেল ক্যান্টনমেন্টে। আনজুমান আরা দেখলেন, ল্যান্ডরোভার থেকে জামিলের ফরসা দুটো পা বেরিয়ে আছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। কাফনের কাপড় কোথায় পাওয়া যাবে? জা’য়ের কাছে ছিল একটি সাদা চাদর, সেটা দিয়েই কাফন হলো। খালেদ মোশাররফের স্ত্রী আজমির থেকে এনেছিলেন লোবান, আতর। সেগুলো দিয়ে গোসল দেওয়া হলো।
ওই সেনা সদস্যরা জানালেন, শেষবারের মতো কর্নেল জামিলের লাশ দেখতে দেওয়া হবে না। তাঁদের কথা, কান্নাকাটি করা চলবে না। আনজুমান আরা বললেন, কাঁদবেন না। তবু দেখবেন স্বামীর লাশ।

সাদা চাদরে ঢাকা কর্নেল জামিলের লাশটি নিথর পড়ে আছে। গোসল দেওয়ার পরও সাদা চাদর ছাপিয়ে বুক ভরে গেছে কাঁচা রক্তে। মুখের মধ্যে কাপড় গুঁজে কান্না সংবরণ করার চেষ্টা করেন আনজুমান আরা ও তাঁর সন্তানেরা। জামিলকে নিয়ে যাওয়া হয় বনানীর সেনা গোরস্তানে।
২০১০ সালে কর্নেল জামিলকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবি দেওয়া হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচানোর জন্য যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন, তার স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।
তথ্যসুত্রঃ
১. ১৫ আগস্ট ও কর্নেল জামিল – জাহীদ রেজা নূর
২. কর্নেল জামিল: অন্ধকারে অবিচল আত্মদান – এনায়েতউল্লাহ খান
