পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার ২০১৭ সালের মামলায় বুধবার, ১৫ মে, ২০১৯, গ্রেফতার মানবাধিকার এক্টিভিস্ট ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদ জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক আস সামস জগলুল হোসেন শুনানি শেষে এই জামিন দেন।
ইমতিয়াজ মাহমুদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আসাদুজ্জামান খান, সাখাওয়াত হোসেনসহ অন্যরা। অপরদিকে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানির শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় ইমতিয়াজ মাহমুদের জামিন মঞ্জুর করেন।
বুধবার, ১৫ মে, ২০১৯, সকালে খাগড়াছড়ির এক পুরনো মামলায় বনানী থানা পুলিশ এই আইনজীবীকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।
ইমতিয়াজ মাহমুদ একজন প্রগতিশীল লেখক, মানবাধিকার এক্টিভিষ্ট, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের আইজীবী।