৭ নভেম্বর ১৯৭৫: ইতিহাসের অস্থিরতম দিন

Comments

১৯৭৫ সালের ৭ নভেম্বর। চরমতম এক অস্থির সময় পার করছিল বাংলাদেশ। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় তারই এক পরিণতি ছিল ৭ নভেম্বর।

অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের আশঙ্কায় দিনযাপন করছিলেন তৎকালীন রাজনীতিবিদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৯৭৫ সালের ১৫ আগস্টের শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এর সাথে যুক্ত মেজরদের সাথে নিয়ে খন্দকার মোশতাক আহমেদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন। তবে খন্দকার মোশতাক সামনে থাকলেও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সেনা কর্মকর্তারা ছিলেন প্রবল ক্ষমতাশালী।

সেসময় জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হলেও শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন মেজর সেনানিবাস থেকে বঙ্গভবন সবকিছুই নিয়ন্ত্রণ করছিলেন।

এর আড়াই মাস পরেই নভেম্বরের প্রথম সপ্তাহেই যে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানটি হতে যাচ্ছিল তার প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল ক্ষমতার এই রক্তাক্ত পালাবদলের মধ্য দিয়ে।

অভ্যুত্থানের কারণ নিয়ে বেশ কিছু ব্যাখ্যা থাকলে সেনাবাহিনীর তৎকালীন অনেক কর্মকর্তা মনে করেন, ১৫  আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, তার ফলশ্রুতি হচ্ছে নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান।

নভেম্বরের ৩ তারিখের প্রথম কয়েকটি প্রহরে বাংলাদেশের ইতিহাসের দুটি ঘটনা ঘটে- একটি অভ্যুত্থান এবং ঢাকা কারাগারে একটি হত্যাকাণ্ড। মধ্যরাত পার হবার পরই খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন ঘেরাও করার জন্য যায় একটি ইনফ্রেন্টি ইউনিট, রেডিও স্টেশন দখল করে নেয় আরেকটি সেনাদল। তখন আকাশে যুদ্ধবিমান ও বঙ্গভবন ঘিরে এত বেশি সেনা সমাবেশ হয়েছিল যে ভেতরে থাকা মেজর ডালিম এবং মেজর নুরসহ সেনা কর্মকর্তারা আর পাল্টা কোন পদক্ষেপ নিতে পারেনি। তবে সেনাবাহিনীর রশীদ-ফারুক তাদের অনুগত একটি দলকে দিয়ে ঢাকা কেন্দ্রিয় কারাগারে হত্যা করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীকে।

কর্নেল রশীদ, মেজর ডালিম, মেজর নুরদের সাথে খালেদ মোশারফের দিনভর নানা দেন-দরবারের পর সেদিন রাতে একটি বিমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সেনা কর্মকর্তাদের একটি বিমানে থাইল্যান্ডে চলে যেতে দেয়া হল। তখনও মোশতাক, জেনারেল খলিলরা জেহত্যার খবর গোপন রাখতে সমর্থ হয়। জেল হত্যাকাণ্ডের খবর সেনা অফিসারদের কাছে পৌঁছোয় ৪ঠা নভেম্বর সকালের দিকে।

৩ নভেম্বরের পরের কয়েকটি দিন কার্যকর দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনীকে।

ঢাকা তখন গুঞ্জন আর গুজবের নগরী। সেনানিবাসের ভেতরে এক চাপা উত্তেজনা ভর করেছে সবার মধ্যে। ৬ নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। সেই লিফলেট যারা পেয়েছিলেন, তারা আঁচ করতে পেরেছিলেন যে রাতে ‘কিছু একটা’ ঘটতে যাচ্ছে।

ঢাকা সেনানিবাসে তখন মেজর হিসেবে কর্মরত ছিলেন সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, যিনি পরে মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ একটি লিফলেট তার হাতে পৌঁছায়। সেই লিফলেটে সেনাবাহিনীর অফিসারদের হত্যার ইঙ্গিত ছিল পরিষ্কার। সে লিফলেটে লেখা ছিল, সৈনিক-সৈনিক ভাই-ভাই, অফিসারদের রক্ত চাই।

রাত ১২টা বাজতেই গুলির শব্দে প্রকম্পিত হয়ে উঠে ঢাকা সেনানিবাস। ব্যারাক ছেড়ে সৈন্যরা দলে দলে ক্যান্টনমেন্টের ভেতরে রাস্তায় নেমে আসে। প্রত্যক্ষদর্শী বর্ণনায় জানা যায়, সেনানিবাসের ভেতরে তখন ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছিল। গুলির তীব্রতা এতই বেশি ছিল যে, কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না।

৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্নেল মো. আবু তাহের সঙ্গে ছিল তার নেতৃত্বাধীন গণবাহিনী। কর্নেল তাহেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার ছোট ভাই আনোয়ার হোসেন, যিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সেই সময়টিতে আনোয়ার হোসেন ঢাকায় জাসদের গণবাহিনীর প্রধান ছিলেন।

আনোয়ার হোসেনের ভাষ্যমতে, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের চিন্তা ছিল কর্নেল তাহেরের। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর রাত পর্যন্ত অসংখ্য সভা হয়েছে। মূলত সেনাবাহিনীর সৈনিকদের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের সেসব সভা অনুষ্ঠিত হয়। এ সমস্ত সভায় সৈন্যরা একটি ১২ দফা দাবি প্রস্তুত করে। তাদের লক্ষ্য ছিল খালেদ মোশারফকে পদচ্যুত করা।

৭ নভেম্বরে পাল্টা অভ্যুত্থানের পরিকল্পনা সম্বন্ধে আনোয়ার হোসেন বর্ণনা দেন। তার বর্ণনায়- “কর্নেল তাহের পরিকল্পনা করেছিলেন অভ্যুত্থানে অংশ নেয়া সৈন্যরা অস্ত্র হাতে রাস্তায় বেরিয়ে আসবে। তিনি সৈন্যদের বলেছিলেন- প্রত্যেকে কয়েকটি অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে আসবে। সেই অস্ত্রে বাইরে অপেক্ষমাণ আমাদের শ্রমিক ও ছাত্ররা সশস্ত্র হবে”।

কর্নেল তাহের সৈনিক জনতার অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন এভাবেই। তার লক্ষ্য ছিল- অভ্যুত্থানের পর একটি বিপ্লবী কমান্ড কাউন্সিল হবে, রাজবন্দিদের মুক্ত করা হবে এবং দেশে একটি সাধারণ নির্বাচন দেয়া হবে – সাক্ষাৎকারে জানিয়েছিলেন আনোয়ার হোসেন।

সেই সশস্ত্র পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মেজর জেনারেল খালেদ মোশারফের বন্দিদশা দশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। কর্নেল তাহেরের পরিকল্পনায় এবং জাসদের সম্পৃক্ততায় সে অভ্যুত্থানে জিয়াউর রহমানকে মুক্ত করার পেছনে জাসদ এবং বিপ্লবী সৈনিক সংস্থার কিছু রাজনৈতিক পরিকল্পনা ছিল।

তারা মেজর জেনারেল জিয়াউর রহমানকে তাদের পাশে চেয়েছিলেন। জাসদ মনে করত তখনকার সেনাবাহিনীর পাশাপাশি অনেকের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমানের একটি পরিচিতি ছিল। সে জন্য কর্নেল তাহের এবং জাসদ ভেবেছিল জিয়াউর রহমানকে মুক্ত করে তাদের পাশে আনতে পারলে সেটি ইতিবাচক ফল দেবে।

আনোয়ার হোসেন বলেন, জিয়াউর রহমান বন্দি হবার পর কর্নেল তাহেরকে একটি বার্তা পাঠিয়েছিলেন যেন তাকে উদ্ধার করা হয়। কারণ মুক্তিযুদ্ধের সময় থেকে কর্নেল তাহের ও জিয়াউর রহমান পরস্পরকে জানতেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান শীর্ষ সেনানায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর পক্ষে তিনি একটি স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। সে কারণে তার পরিচিত বেশি ছিল। কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াউর রহমানকে মুক্ত করা হলে তিনি আমাদের পাশে থাকবেন।

আনোয়ার হোসেনের দাবি, জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যে জিয়াউর রহমানকে পাশে পাওয়ার আশায় ছিলেন কর্নেল তাহের, সেই জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন। দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের।

জিয়াউর রহমানের সে আচরণকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে মনে করে জাসদ। ৭ নভেম্বরের অভ্যুত্থান কর্নেল তাহেরের নামে পরিচালিত হলেও তার কোনো বক্তব্য বা ভাষণ রেডিও-টিভিতে প্রচার হয়নি। সে কারণে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হয়ে উঠেন।

যেসব সৈন্য জিয়াউর রহমানকে মুক্ত করতে যাচ্ছিল তাদের কাছে কর্নেল তাহেরের নির্দেশনা ছিল যে জিয়াউর রহমানকে মুক্ত করে যেন ঢাকার এলিফেন্ট রোডে কর্নেল তাহেরের  বাসায় নিয়ে আসা হয়। কিন্তু জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে সঙ্গে না নিয়ে সৈন্যরা গুলি ছুড়তে ছুঁড়তে এলিফেন্ট রোডে ফিরে আসে। জিয়াউর রহমানকে না দেখে বিস্মিত হয়েছিলেন কর্নেল তাহের। তার মনে পাল্টা আশঙ্কা তৈরি হয়।

আনোয়ার হোসেনের বর্ণনায়, সৈন্যরা যখন ট্রাকে করে শূন্যে গুলি ছুড়তে ছুড়তে আমাদের বাসার সামনে এলো, তখন কর্নেল তাহের প্রশ্ন করলেন- হোয়্যার ইজ জিয়া (জিয়া কোথায়)? সৈন্যরা তখন বলল- স্যার তিনি বলেছেন- আপনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি বলেছিলেন, “আওয়ার আপরাইজিং প্ল্যান ইজ লস্ট (আমাদের বিপ্লবের পরিকল্পনা হারিয়ে গেছে”।

ঘটনা পরম্পরায় ৭ নভেম্বর সকালেই কর্নেল কে এন হুদার সাথে ঢাকায় রংপুর থেকে আসা ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশাররফ, কর্নেল কে এন হুদা এবং লেফটেনেন্ট কর্নেল এ টি এম হায়দারকে। খালেদ মোশাররফকে কার নির্দেশে এবং কেন হত্যা করা হয়েছিল তার কোন সুনির্দিষ্ট তদন্ত হয়নি এবং সেই হত্যার কোন বিচারও হয়নি এখনো পর্যন্ত।

এদিকে মুক্ত হওয়ার পর জিয়াউর রহমান ২য় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অফিসে গিয়ে অবস্থান নেন। ভোর ৬টার পর সেখানে উপস্থিত হন সেসময়ে ক্যান্টনমেন্টের ভেতরে থাকা তখনকার মেজর সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। তিনি মনে করেন, পরিস্থিতির কারণে জিয়াউর রহমানের পক্ষে কর্নেল তাহেরের কাছে যাওয়া সম্ভব ছিল না।

ইব্রাহিম বলেন, “মানুষের কাছ থেকে শুনছিলাম যে জেনারেল জিয়াউর রহমানকে শহরে নিয়ে যাওয়া হবে, রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হবে। উনি যেতে চাচ্ছেন না। একই সঙ্গে সৈনিকরা চিল্লাচ্ছেন- বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না।”

ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, কর্নেল তাহেরের কাছে যাওয়া উচিত হবে কিনা সে বিষয়টি নিয়ে জিয়াউর রহমানের মনে বেশ দ্বিধা ছিল। উপস্থিত সেনা অফিসারদের পরামর্শ গ্রহণ করে জিয়াউর রহমান শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

অভ্যুত্থানের পর খালেদ মোশাররফসহ সেনাবাহিনীর যে অফিসারদের হত্যা করা হয় তার দায় কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা এবং জাসদ বলেই মনে করে ইব্রাহীম।

যদিও ৭ নভেম্বর প্রথম প্রহরে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হলেও বেলা ১১টার দিকে মেজর জেনারেল খালেদ মোশারফকে তার দুই সহযোগী কর্নেল নাজমুল হুদা ও লে. কর্নেল এটিএম হায়দারকে হত্যা করা হয়।

খালেদ মোশারফ হত্যাকাণ্ডের বিবরণ ‘বাংলাদেশ রক্তাক্ত অধ্যায়: ১৯৭৫-৮১’ নামের বইতে তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, যিনি পরবর্তী নির্বাচন কমিশনার হয়েছিলেন।

বইটিতে জেনারেল সাখাওয়াত লিখেছেন:

“৭ নভেম্বর রাত ১২টার পর ঢাকা সেনানিবাস থেকে যখন সিপাহি বিপ্লবের সূচনা হয়, তখন খালেদ মোশারফ ও অন্যরা বঙ্গভবনেই ছিলেন।

এসব সংবাদ শুনে খালেদ মোশারফ কর্নেল হুদার মাধ্যমে ১০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নওয়াজেশের সঙ্গে যোগাযোগ করলে নওয়াজেশের ইউনিটে তাদের আসার জন্য বলে।

কিন্তু সেটি পরে রটে যায় যে তারা আরিচা হয়ে উত্তরবঙ্গের দিকে একটি বেসামরিক গাড়িতে যাওয়ার পথে আসাদ গেটের নিকট তাদের গাড়ি বিকল হয়ে পড়লে তারা নিকটস্থ একটি প্রাইভেট ক্লিনিকে কাপড় বদলিয়ে ১০ ইস্টবেঙ্গলের দিকে হেঁটে অধিনায়কের অফিসে পৌঁছে।

ভোরের দিকে জিয়াউর রহমান খালেদ মোশারফের অবস্থান জানার পর তার সঙ্গে কথা বলেন এবং দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে জিয়াউর রহমান নওয়াজেশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।

এ কথা মরহুম নওয়াজেশ নিজেই আমাকে বলেছিলেন। নওয়াজেশ সকালে তাদের জন্য নাশতার বন্দোবস্ত করে এবং তার বর্ণনা মতে, এ সময় খালেদ মোশারফ অত্যন্ত স্বাভাবিক ও শান্ত ছিলেন। তবে কর্নেল হুদা ও হায়দার কিছুটা শঙ্কিত হয়ে উঠলে খালেদ মোশারফ তাদের স্বাভাবিক সুরে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন।

ইতোমধ্যে সেনানিবাস থেকে কিছু বিপ্লবী সৈনিক ১০ ইস্টবেঙ্গলের লাইনে এসে সেখানকার সৈনিকদের বিপ্লবের স্বপক্ষে উত্তেজিত করতে থাকে এবং খালেদ মোশারফ ও তার সহযোগীদের হস্তান্তরের জন্য অধিনায়কের ওপর চাপ প্রয়োগ করতে থাকে।

নওয়াজেশ উত্তেজিত সৈনিকদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পর কিছুসংখ্যক সৈনিক অধিনায়কের অফিসের দরজা এক প্রকার ভেঙে তিনজনকেই বাইরে মাঠে নিয়ে এসে গুলি করে হত্যা করে।”

সাবেক সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল হারুন-অর-রশীদ জেনারেল সাখাওয়াতের এই বক্তব্যের বিরোধীতা করে বাঙালীয়ানাকে বলেন, “১০ ইষ্টবেঙ্গল যুদ্ধের সময় খালেদ মোশাররফের হাতে তৈরি রেজিমেন্ট। তিনি ছিলেন ১০ ইস্টবেঙ্গলের সৈনিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জেনারেল খালেদ মোশাররফের আহ্বানেই শেরেবাংলানগরে অবস্থান নিয়েছিল এই রেজিমেন্ট। এসব কারণেই তিনি কর্নেল হুদা এবং লে. কর্নেল হায়দার সেখানে অবস্থান করছিলেন। সেই সৈনিকেরা তাকে মারতেই পারে না।” জেনারেল হারুণ বলেন, “১ বেঙ্গলের মেজর জলিলের কাছে যে ওয়ারলেস মেসেজ আসে তাতে খালেদ মোশাররফদের অবস্থান জানতে চাওয়া হলে মেজর জলিল বলেন ‘All 3 birds are in the cage’ তখন অপরপ্রান্ত থেকে হুকুম আসে ‘finish them, over & out’। সে সময়ে খালেদ মোশাররফ মেস কক্ষে চেয়ারে বসে ধুমপান করছিলেন, সাথে বসেছিলেন হুদা এবং পায়চারি করছিলেন হায়দার। ঐ অবস্থাতেই জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও লে. ক. হায়দারকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। আহত অবস্থায় কোন রকমের দেয়াল টপকে পালিয়ে যান কর্নেল শাফায়াত জামিল। এ হত্যাকাণ্ড কোন ‘বিপ্লব’এর অংশ ছিল না।”

তখন ঢাকা ক্যান্টনমেন্টে মেজর হিসেবে কর্মরত ছিলেন মাহবুবুর রহমান যিনি পরে সেনাপ্রধান হয়েছিলেন এবং অবসরগ্রহণের পরে তিনি বিএনপিতে যোগ দেন।

মাহবুবুর রহমান মনে করেন, জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে জাসদ যে ব্যাখ্যাই তুলে ধরুক না কেন, তিনি যে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন সেটি অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, ৭ নভেম্বরের কয়েকদিন পর জিয়াউর রহমান  সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সিদ্ধান্ত নেন। সেই মতো অনুষ্ঠানস্থলে উপস্থিত হবার সঙ্গে সঙ্গে একদল সৈনিক ‘জিয়া ভাই-জিয়া ভাই’ বলে স্লোগান দিতে থাকে। তখন জিয়াউর রহমান তাদের ধমক দিয়ে বলেন, তাকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করা যাবে না। সেনাবাহিনীর নিয়মানুযায়ী, তাকে ‘স্যার’ হিসেবে সম্বোধন করতে হবে।

জেনারেল মাহবুবুর রহমান বলেন, সে পরিস্থিতিতে সেনাবাহিনীতে কমান্ড প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের এ ধরনের অবস্থান নেয়া বেশ কঠিন এবং বিপজ্জনক ছিল। কারণ সৈনিকরা তখন বিশৃঙ্খল। কেউ কারো নির্দেশনা মানছে না। কে ঊর্ধ্বতন আর কে অধস্তন সে বিষয়টি কেউ আমলে নিচ্ছে না।

এমন পরিস্থিতি জিয়াউর রহমানের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল সামরিক বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সে কারণে যেখানে সৈনিকরা কেউ অস্ত্র জমা দিচ্ছিল না, কেউ ক্যান্টনমেন্টে আসছিল না, কেউ কাউকে মানছিল না, সেসব ক্যান্টনমেন্ট সফর করেন জিয়া এবং কমান্ড প্রতিষ্ঠা করেন বলে মনে করেন জেনারেল মাহবুব।

জেনারেল জিয়া পরিস্থিতি যতই তার নিয়ন্ত্রণে আনতে থাকেন, ততই দূরে সরে যান কর্নেল তাহের। ৭ নভেম্বরের পর দুই সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তখন থেকেই জিয়াউর রহমানের ইশারাতেই রাষ্ট্রক্ষমতা আবর্তিত হচ্ছিল। তখনই কর্নেল তাহেরের বিচারের উদ্যোগ নেয়া হয়।

যে কর্নেল তাহের জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন, সেই কর্নেল তাহেরকে কেন বিচারের আওতায় আনলেন জিয়াউর রহমান? এ নিয়ে জেনারেল মাহবুবুর রহমান বলেন, তখনকার সেনাবাহিনীতে অফিসাররা চেয়েছিলেন কর্নেল তাহেরের বিচার হোক। সামরিক অফিসারদের এ দাবি জিয়াউর রহমানের পক্ষে উপেক্ষা করা সম্ভব ছিল না বলে মনে করেন তিনি। কর্নেল তাহেরকে বিচারের আওতায় না আনলে সেনাবাহিনীর অবকাঠামো ‘ধ্বংস’ হয়ে যাবে বলে অনেক কর্মকর্তা মনে করতেন। তা ছাড়া কর্নেল তাহেরের দিক থেকে আরেকটি অভ্যুত্থানের আশঙ্কাও করছিলেন কেউ কেউ।

এ প্রসঙ্গে বাঙালীয়ানাকে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন-অর-রশীদ বলেন, “তখন সেনাবাহিনীতে দুটি গ্রুপিং খুব প্রকট আকার ধারণ করেছিল। একটা গ্রুপ ছিলো মুক্তিযোদ্ধাদের। আরেকটি গ্রুপ ছিলো পাকিস্তান থেকে ফিরে আসা সৈন্যদের। তাদের মাঝে একটা অসন্তোষ ছিলো যে মুক্তিযোদ্ধাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ১৫ আগষ্টের অভ্যুত্থান ছিল পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী অফিসারদের একটি চক্রান্ত।”

জেনারেল হারুন বলেন, “সেনাবাহিনীতে এই অভ্যুত্থানের একক সুবিধাভোগী ছিলেন জেনারেল জিয়াউর রহমান। ১৫ আগষ্ট থেকে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত জেনারেল জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা খন্দকার মোশতাককে নিয়ে বঙ্গভবন থেকে দেশ পরিচালনা করছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে মুক্তিযোদ্ধা অফিসাররা অভ্যুত্থান ঘটান। অভ্যুত্থানের প্রতিটি পর্যায়ে খালেদ মোশাররফ চেয়েছিলেন রক্তপাত এড়িয়ে চলতে। তাই তিনি আলোচনার মাধ্যমে মুজিব হত্যাকারীদের নিবৃত্ত করতে চেষ্টা করছিলেন। কিন্তু এই সুযোগের ব্যবহার করে মোশতাক, জেনারেল খলিল এবং সম্ভবত জিয়া জেলখানায় ৪ নেতাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কারণ তারা বুঝেছিল মুক্তিযোদ্ধা অফিসারদের অভ্যুত্থানের সাথে যদি ৪ নেতা সম্পৃক্ত হয়ে যান তাহলে তাদের ১৫ আগষ্টের মিশন ধুলিস্যাৎ হয়ে যাবে।”

জেনারেল হারুন মনে করেন, “১৫ আগষ্ট থেকে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত সময়কালে জেনারেল জিয়া তার পক্ষ-বিপক্ষ শক্তিকে চিহ্নিত করতে গিয়ে বুঝতে পারেন কর্নেল আবু তাহেরের একটি শক্ত অবস্থান আছে সেনাবাহিনীতে। তাই তিনি বন্দি হবার পরে কর্নেল তাহেরকে তাকে মুক্ত করতে অনুরোধ করেন। কর্নেল তাহের নিজস্ব রাজনৈতিক অবস্থানের কারণে খুব সহজেই এই সুযোগটি গ্রহণ করেন এবং বিপ্লবী সৈনিক সংস্থাকে কাজে লাগাতে তৎপর হন। ঘোলাজলে কর্নেল তাহের, বিপ্লবী সৈনিক সংস্থা, গণবাহিনী এবং জাসদ তাদের তথাকথিত ‘বিপ্লব’ ঘটায় এবং জিয়াকে মুক্ত করে।”

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “৭ নভেম্বরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে আনা এবং চেইন অফ কমান্ড পুনরুদ্ধার করা। জিয়া তখন সম্পূর্ণ কতৃত্ব নিজের হাতে নিতে সক্ষম হয়েছেন। এই বিশৃঙ্খল অবস্থার সাথে সাথে চ্যালেঞ্জ ছিলো যারা এসবের সাথে জড়িত ছিলো তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তখনই তাদেরকে শাস্তি দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করার প্রয়োজন অনুভব করেন জিয়া। তাই ২ সপ্তাহের মধ্যে কর্নেল তাহেরসহ অসংখ্য জাসদ নেতা ও কর্মীকে বন্দি করে তাদের বিচারের প্রক্রিয়া শুরু করেন।”

জেনারেল হারুন আক্ষেপ করে বলেন, “৭ নভেম্বর থেকে মুক্তিযোদ্ধা অফিসারদের নির্মূলের প্রক্রিয়া শুরু করেন জিয়া। তারই ফলে খালেদ মোশাররফ, হুদা, হায়দার হত্যা ও পরবর্তিতে প্রহসনের বিচারের নামে কর্নেল তাহেরকে ফাঁসি দেন জিয়া। যারা বলছেন ‘জিয়াকে বাধ্য করা হয়েছিল তাহেরের বিচারে’ তারা কি বলতে পারেন কারা জিয়াকে বাধ্য করেছিল? জেল হত্যাকান্ড ও ৩ নভেম্বরের অভ্যুত্থানের ব্যর্থতায় তখন সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসাররা। বিপ্লবী সৈনিক সংস্থাও ছিল মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিই ছিল যারা ৭ নভেম্বরে জিয়াকে মুক্ত করেছিল। তাহলে কারা জিয়াকে বাধ্য করল? জিয়া সাড়ে ৫ বছর ক্ষমতায় থাকাকালে কেন তাহলে খালেদ মোশাররফ, হুদা, হায়দার হত্যার বিচার এমন কি একটি তদন্ত পর্যন্ত করল না?”

সরকার ও সেনাবাহিনীতে মেজর জেনারেল জিয়াউর রহমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ও বিদ্রোহে নেতৃত্ব দেয়ার অপরাধে জিয়ার আদেশেই তার প্রাণরক্ষক কর্নেল তাহেরকে ২৪ নভেম্বর গ্রেফতার করা হয়। ১৯৭৬ সালের ১৫ জুন জিয়া সরকার গঠিত ১নং বিশেষ সামরিক আদালতে তাহেরকে প্রহসনের বিচারের মুখোমুখি করা হয়। ওই আদালত দ্রুততম সময়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সেনা বিদ্রোহের ঘটনায় নেতৃত্ব দেওয়া এবং চেইন অব কমান্ড ভাঙার দায়ে কর্নেল (অব.) আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে। আদালত ১৭ জুলাই কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড ও অন্যান্য ৩৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদি সাজার রায় ঘোষণা করে। রাষ্ট্রপতি ১৮ জুলাই এ মৃত্যুদণ্ডের রায় অনুমোদন করেন। ২১ জুলাই কর্নেল আবু তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর হয়। পরবর্তিতে ২০১১ সালের ২২ মার্চ হাইকোর্ট সামরিক আদালতে কর্নেল তাহেরের ফাঁসির রায়কে অবৈধ ঘোষণা করে।

৭ নভেম্বর অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না থেকেও এর পুরো কৃতিত্ব এবং সুফল পুরোপুরি কুক্ষিগত করেন জিয়াউর রহমান, ৭ নভেম্বরকে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পালন শুরু করেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ২১ বছর রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর দিনটিকে সরকারী ছুটির দিন ও “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবেই পালন করা হয়। ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ৭ নভেম্বরের সরকারী ছুটি বাতিল করে দেয়।

এ সময়ে ৭ নভেম্বরকে বিএনপি “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) “সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস” হিসেবে দিনটি পালন করে। আওয়ামী লীগ দিবসটিকে “মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস” হিসেবে স্মরণ করে।

৩ থেকে ৭ নভেম্বর সঙ্ঘটিত ঘটনাবলী অনেক প্রশ্নের জন্ম দেয়। যে প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। ১৯৭৫ এর ১৫ আগষ্ট থেকে সেনাবাহিনীতে শুরু হওয়া ষড়যন্ত্রের কোন তদন্ত হয়নি। তাই মুজিব হত্যা ও জেল হত্যার বিচার হলেও আজও ১৫ আগষ্ট, ৭ নভেম্বরসহ সেনাবাহিনীতে সঙ্ঘটিত পরবর্তি অসংখ্য সেনাসদস্যের হত্যাকাণ্ডের চক্রান্তের জাল অনুদ্ঘাটিতই রয়ে গেছে। এ সময়ের প্রতিটি ঘটনা সম্পর্কে পূর্ণাংগ তদন্ত হওয়া প্রয়োজন।

লেখক: সাগর লোহানী, সম্পাদক, বাঙালীয়ানা

মন্তব্য করুন (Comments)

comments

Share.