১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির মামলায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযুক্ত ব্যক্তি চলচ্চিত্র প্রযোজক হিসেবেই সুপরিচিত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আজিজ মোহাম্মদ নামক এই ব্যবসায়ী অনেক দিন ধরেই বিদেশে অবস্থান করছে।
পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হওয়া মামলার প্রেক্ষিতে বুধবার অভিযোগ গঠন করে। একইসাথে, কোম্পানির কর্ণধার আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেয়।
১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ ভাই ও তার ছেলে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা হয়। ১৯৯৯ সালে জারি হওয়া মামলাটি ২০১৫ সালে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
উল্লেখ্য, উচ্চ আদালতের স্থগিতাদেশের ভিত্তিতে দীর্ঘদিন ধরে মামলাটির কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের ৩০ নভেম্বর হাই কোর্ট স্থগিতাদেশ তুলে নেয়। এর পরিপ্রেক্ষিতে, চলতি বছরের জুলাই মাস থেকে বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়।আজিজ মোহাম্মদ ভাইয়ের পিতা মৃত মোহাম্মদ ভাই মারা যাওয়াতে আজিজ মোহাম্মদ ভাই এখন মামলার একমাত্র আসামি। দেশের বাইরে অবস্থানের কারণে অভিযোগ গঠনের সময় অনুপস্থিত থাকলেও তার আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন করেছিলেন। তবে, ট্রাইবুন্যালের বিচারক মো. আকবর আলী শেখ সে আবেদন নাকচ করে অভিযোগ গঠন এবং পরোয়ানা জারির আদেশ দেন।
আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৮, উক্ত মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। মামলার বাদী এবং বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খান সাক্ষ্য দেবেন।
বাঙালিয়ানা/এ এ/এসএল