ইন্দুবালা’তে তিশার পরিবর্তে পপি

Comments
অনন্য মামুন পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’তে নামভূমিকায় নুসরাত ইমরোজ তিশা’র অভিনয় করার কথা ছিলো।। কিছুদিন আগে এমনটাই নিশ্চিত করেছিলেন অনন্য মামুন। শুটিং শুরু করতে এসে ইন্দুবালা টিম পড়লো জটিলতায়। আর সেই জটিলতার মারপ্যাঁচে ইন্দুবালা’তে তিশার পরিবর্তে  ইন্দুবালা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পপি।

এই ওয়েব সিরিজের পরিকল্পনার শুরু থেকে ‘ইন্দুবালা’ চরিত্রে তিশাকে নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন অনন্য মামুন। তিনি একাধিকবার বলেছেন, “ইন্দুবালা’ চরিত্রটির জন্য তিশা সবচেয়ে উপযুক্ত। তবে এই ধারণা থেকে এখনো সরে আসেননি তিনি। ২২ অক্টোবর, সোমবার, সাংবাদিকদের তিনি জানান, “তিশাকে নিয়ে ইন্দুবালা চরিত্রে যেভাবে ভেবেছিলাম, তা হয়তো দুর্দান্ত কিছু হতে পারত। কিন্তু এখন যেহেতু জটিলতা তৈরি হয়েছে, তাই কিছু করার নেই। পপি এখন সেই চরিত্রে কাজ করছেন। আমরা তিন দিন শুটিং করেছি। তিনি মনপ্রাণ উজাড় করে কাজ করেছেন। আশা করছি, দর্শক ইন্দুবালা হিসেবে তাঁকে পছন্দ করবেন।”

এই প্রসঙ্গে তিশার কাছে জানতে চাইলে তিশা বলেন, “শেষ দিকে এসে মনে হলো চিত্রনাট্য মনের মতো হয়নি, তাই সরে গেছি।”

কিন্তু অনন্য মামুন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, “ইন্দুবালা’র শুটিংয়ের জন্য ভারতে যেতে হবে। কিন্তু ঠিক সময়ে তিশার ভারতীয় ভিসা হয়নি। তাই তিশা এই ওয়েব সিরিজে কাজ করতে পারছেন না। তার পরিবর্তে ইন্দুবালা’তে কাজ করছেন চিত্রনায়িকা পপি।”

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে পপি বলেন, “ওয়েব সিরিজ এখন জনপ্রিয় হচ্ছে। বড় মাপের অভিনয়শিল্পীরা এদিকে ঝুঁকছেন। নতুন এই মাধ্যমে কাজ করতে আমারও আগ্রহ তৈরি হয়েছে। আমার কাছে কিন্তু দারুণ মনে হচ্ছে। গল্পটা দারুণ। বড় আয়োজন, তাই কাজটি করতে আর কিছু ভাবতে চাইনি। বাংলাদেশ আর ভারতের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং হবে।”

‘ইন্দুবালা’র গল্পে দেখা যায়, সমাজ জঞ্জালে ভরে গেছে। চারদিকে শুধু অন্যায় আর দুর্নীতি। তা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে। একজন এগিয়ে এসেছে। সে ইন্দুবালা। প্রতিবাদী একজন নারী। কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ। এমন গল্প নিয়েই এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। পরিচালনা করছেন অনন্য মামুন। এতে ‘ইন্দুবালা’ চরিত্রে অভিনয় করছেন পপি।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

আরও পড়ুন: দিল্লির সেরা ছবি বাংলাদেশের ভয়

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.