কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু আকাশের তারা হয়ে দূরে চলে গিয়েছেন গত বছর অক্টোবরের ১৮ তারিখে। সেই থেকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডটি রয়ে ছিলো কোন লিড ভোকালিস্ট ছাড়া। কিন্তু দর্শকের ভালোবাসায় নিজেদের ভাসাতে আবারো নতুন ভোকাল নিয়ে ফিরে এসেছে ভালোবাসার এলআরবি। আর ভোকাল হিসেবে এলআরবি’তে যুক্ত হয়েছেন ব্যান্ড তারকা বালাম।
ভক্তদের কাছে আইয়ুব বাচ্চুকে ছাড়া এলআরবি’কে কল্পনা করা ছিলো অনেক কঠিন ব্যাপার। দুই যুগেরও বেশি সময় ধরে কয়েকটি প্রজন্মকে মাতানো এলআরবি’কে প্রথম থেকেই দর্শকের সামনে উপস্থাপন করে গিয়েছেন আইয়ুব বাচ্চু। কিন্তু তার প্রয়াণে থমকে গিয়েছিলো সব কোলাহল। কিন্তু ভক্তরা মনে প্রাণে যে ধরে রেখেছিলো এলআরবি’কে।
১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে উঠেছিলো ব্যান্ড এলআরবি, আইয়ুব বাচ্চুর হাত ধরে। এ বছর ব্যান্ডটি পা দিলো ২৯ বছরে। আর এই দিনেই ব্যান্ডে ভোকাল হিসেবে যুক্ত হলেন ‘ওয়ারফেজ’ এর সাবেক তারকা বালাম। তবে, এলআরবি’তে এসে নিজেকে আইয়ুব বাচ্চুর জায়গায় দেখছেন না বালাম।
বালাম বলেন, “এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।”
এর আগে বালাম কাজ করেছেন ওয়ারফেজে। সেখানে যুক্ত হন ১৯৯৮ সালে। ২০০৩ সালে মুক্তি পাওয়া এ্যালবাম মহারাজে ভোকাল দিয়েছিলেন বালাম। তাছাড়া, একক এ্যালবামেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আর এবারে যুক্ত হলেন এলআরবি’তে।
বাঙালীয়ানা/জেএইচ
