মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে দুই দিনের সফরে কক্সবাজারে এসে পৌঁছেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
সোমবার ভোরে ঢাকা পৌঁছেই সকাল সাড়ে ১০টায় বেসরকারি বিমান নভোএয়ারের একটি ফ্লাইটে চড়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজার পৌঁছে এখন ইনানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন তিনি।

দুপুর ২টার দিকে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবির পরিদর্শন করার কথা রয়েছে তার। সেখানে নির্যাতিত ও ধর্ষণের শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের নির্যাতনের ঘটনা শুনবেন।
অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন জোলি। অবশেষে প্রায় দেড় বছর পর বাংলাদেশ সফরে আসলেন ৪৩ বছর বয়সী বিশ্বনন্দিত এই হলিউড অভিনেত্রী।
বাঙালীয়ানা/এসএস