অনূর্ধ্ব- ১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করলো বাংলার ১৯ না পেরুনো মেয়েরা। উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্যালারী ভর্তি দর্শকের আস্থার প্রতিদান রাখলো মেয়েরা।
বাংলাদেশ দলের অলআউট ফুটবলে শুরুতেই লিড পায় মেয়েরা। ১২ মিনিটেই স্বপ্নার বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আঁখির থ্রুতে ভালো জায়গায় বল পায়ে পান স্বপ্না। আমিরাতের গোলকিপার গোল বাঁচাতে সামনে এগিয়ে এলে তাকে পাশ কাটিয়ে দলকে লিড এনে দেন স্বপ্না। প্রথম থেকে চলা আক্রমনের গতি এতে আরও বেড়ে যায়।
এর ১৮ মিনিট পর লিড দ্বিগুণ করেন কৃষ্ণা। কর্নার কিক থেকে মাথায় পাওয়া বল ভালোভাবেই প্লেস করেন কৃষ্ণা। তবে শেষ মুহূর্তে অধিনায়ক মৌসুমি বলে মাথা ছোঁয়ালেও অফিসিয়ালি এটিকে কৃষ্ণার গোল হিসেবে স্কোর করা হয়। বাকী সময়ে আর কোন দলই গোল করতে পারেনি।
তবে গোল মিসের মহড়াও দিয়েছে বাংলাদেশ দল। অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষ পেলেও গোলের বন্যায় ভাসাতে পারেনি মৌসুমি-কৃষ্ণারা। তবে ঘরের মাঠে এত বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দল খুবই উজ্জীবিত। সামনের ম্যাচে ভুলগুলো আরও কমে যাবার প্রত্যাশা দর্শকের।
বাঙালীয়ানা/জেএইচ