ছাত্র ইউনিয়ন নেতাদের হত্যার হুমকি

Comments

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেলসহ ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

BSU_Threat Letter

ভোলার চরফ্যাশন পোস্ট অফিসের সিল দেয়া চিঠিটির প্রেরক ভোলার বোরহান উদ্দিন উপজেলার আব্দুল হালিম ৭ জুলাই, ২০১৯, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় চিঠিটি  পোস্ট করে। ২১ জুলাই সেটি ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির অফিসে আসে।

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, চিঠিটি হাতে পান ছাত্র ইউনিয়নের নেতারা। এ বিষয়ে মেহেদী হাসান নোবেল বলেন, “শুক্রবার সকালে পার্টি অফিস থেকে জানানো হয়, আমার নামে একটি চিঠি এসেছে। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ভাইয়ের সামনে খাম খুলে চিঠি বের করি। সেখানে হুমকির বিষয়টি উল্লেখ আছে”।

মেহেদী হাসান নোবেল ছাড়াও হত্যার হুমকি পাওয়া অন্যরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্ল্যাহ ফয়েজ, ঢাকা মহানগর সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহর লাল রায়, কেন্দ্রীয় সংসদের শিক্ষা গবেষণা সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজির আমিন চৌধুরী জয় এবং ঢাকা জেলা সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাব্বির।

BSU

এই পাঁচ নেতার নাম উল্লেখ করে চিঠিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ত্যাগ করুন, নয়তো আপনাদের হত্যা করা হবে। আমরা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করব।”

চিঠির বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, অধিকার আদায়সহ সকল ছাত্র কল্যাণমূলক সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করে যাবে। পূর্বের ন্যায় সকল হুমকি উপেক্ষা করে শিক্ষাঙ্গনে সাম্রাজ্যবাদ, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো।’

এ বিষয়ে শনিবার ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানিয়েছেন মেহেদী হাসান নোবেল।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.