নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রত্রিয়া হিসেবে নেপালের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। এই স্মারকে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও রয়েছে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির নেপালের বিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ।

শুক্রবার দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপালের জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত। চুক্তির জন্য নেপাল সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, “অনেক অপেক্ষার পর এই চুক্তি হল।”

নসরুল হামিদ বলেন, নেপালে ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এখানে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানিগুলো ভবিষ্যতে বিনিয়োগ করে সে বিদ্যুৎ দেশে নিতে পারবে। বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরোও বলেন, দুই দেশেরই উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো দরকার। বিদ্যুৎ, যোগাযোগসহ সব ক্ষেত্রেই এই সহযোগিতার প্রয়োজন।

বৃহস্পতিবার নেপালে পৌঁছানোর পর শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নসরুল হামিদ। এরপর জ্বালানি মন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বি-পক্ষীয় বৈঠকের পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক অনুযায়ী একটি ওয়ার্কিং গ্রুপ এবং একটি স্টিয়ারিং কমিটি কাজ করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে বহরমপুর হয়ে ৫০০ মেগাওয়াট এবং ত্রিপুরা থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভবিষ্যতে ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.