জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর চলে গেলো প্রায় অর্ধযুগ! এখনো আমাদের দেশে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান হয়নি তাকে নিয়ে। তবে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এসেছে সাম্প্রতিক সময়ে।

এবার সেই তালিকায় আরেকটি নাম যোগ হলো। চলচ্চিত্রটি নির্মাণ করছেন নির্মাতা আশরাফ শিশির। তাঁর এই চলচ্চিত্রের নাম ‘৫৭০’।

চলচ্চিত্রটি’র বিষয়ে আশরাফ শিশির বলেন, “কোনও রাজনৈতিক অবস্থান থেকে নয়, বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকে এই ছবি নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছি। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালী এই মানুষটিকে ১৯৭৫ এর ১৫ আগস্ট যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই শোক আমার শিশুমনে ভয়ংকর প্রভাব ফেলে। সেই শৈশবে আমাদের মফস্বল শহরে নিয়মিতভাবে প্রত্যেক ১৫ আগস্টে ছবি আঁকা আর ফটোকপি করে পত্রিকা বের করা ছিল তারই বহিঃপ্রকাশ। তাই এই ছবির গল্প নির্মিত হয়েছে দিনের পর দিন, আমার ভেতরে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এটাই হবে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।”

গত ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধনের মাধ্যমে ছবিটির কার্যক্রম শুরু হয়। ‘৫৭০’ ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, “এটি মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টকে ঘিরে। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরবর্তী ২৪ ঘণ্টায় আসলে কী ঘটেছিল, তা সেলুলয়েডে তুলে আনার চেষ্টা থাকবে এতে।” তিনি আরও জানান, “২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর ১৫ আগস্ট দেশে ও দেশের বাইরে মুক্তি দেওয়া হবে ছবিটি।”

আশরাফ শিশির নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ ৩৬টি দেশের শতাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং জাতীয় পুরস্কারসহ ২৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। ২য় চলচ্চিত্র ‘গোপন’ এখন পর্যন্ত মোট ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত ‘২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ডিটেকটিভ ফেস্ট’-এ ফিচার ফিল্ম বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার এবং ‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘অ্যাক্রস দ্য বর্ডার’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার লাভ করে।

এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ২১ ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাব’ এ মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আশরাফ শিশির।

মন্তব্য করুন (Comments)

comments

Share.