ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ভিসিসহ ৩ জনকে হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে। নোটিশপ্রাপ্ত তিনজন হলেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাবির প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী ও ট্রেজারার ড. কামাল উদ্দিন।
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর,২০১৮, রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ ডাকযোগে এই নোটিশ পাঠান।
চলতি বছরের ১৭ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এছাড়াও ডাকসু নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
এ প্রসঙ্গে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ জানান, আগামী ৭ দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন করার ব্যপারে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে নোটিশপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে।
বাঙ্গালীয়ানা/এএ/এসএল